ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

রাজধানীতে গোঙানির শব্দ শুনে চোখ-মুখ বাঁধা অপহৃত চিকিৎসককে উদ্ধার


রাজধানীতে গোঙানির শব্দ শুনে চোখ-মুখ বাঁধা অপহৃত চিকিৎসককে উদ্ধার

রাজধানীর পূর্বাচল থেকে হাসিবুর হাসান নামে ৪৩ বছরের এক চিকিৎসককে উদ্ধার করা হয়েছে, যার হাত-পা ও চোখ-মুখ বাঁধা অবস্থায় ছিল।

বুধবার (১৯ আগস্ট) রাতে পূর্বাচলের ১৯ নম্বর সেক্টর থেকে ঢাকা মহানগর উত্তর জোনের রাজউক আনসার ভিডিপি গার্ডের একটি টহল দল তাকে উদ্ধার করে।

আনসার ভিডিপি একটি বিবৃতিতে জানিয়েছে, গতকাল বুধবার সন্ধ্যায় জলসিঁড়ি এলাকার মাস্টার ফার্মেসিতে রোগী দেখতে যাওয়ার জন্য কুড়িল বিশ্বরোডে যানবাহনের জন্য অপেক্ষা করছিলেন চিকিৎসক হাসিবুর। সে সময়, এক চালক তাকে জলসিঁড়িতে নামিয়ে দেওয়ার কথা বলে একটি সাদা রঙের মাইক্রোবাসে তুলে নেয়। গাড়িতে উঠার পরপরই, সেখানে উপস্থিত সংঘবদ্ধ অপরাধী চক্রটি তার ওপর আক্রমণ করে এবং জোরপূর্বক তার হাত-পা ও চোখ-মুখ বেঁধে ফেলে।

আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে

আনসার ভিডিপি জানিয়েছে, পরে অপহরণকারীরা তার পরিবারের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং তার সঙ্গে থাকা মোবাইল ফোনটিও ছিনিয়ে নিয়ে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে তাৎক্ষণিক ১২ হাজার টাকা হাতিয়ে নেয়।

পরে রাতে, অপহরণকারীরা তাকে পূর্বাচলের নির্জন জঙ্গলে ওই অবস্থাতেই ফেলে রেখে পালিয়ে যায়। সেই সময়, এলাকাটিতে টহল ডিউটিতে থাকা রাজউক আনসার ভিডিপি গার্ডের একটি দল ঝোপঝাড়ের ভিতর থেকে একজনের গোঙানির শব্দ শুনে সেখানে গিয়ে হাত-পা বাঁধা অবস্থায় ওই চিকিৎসককে উদ্ধার করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসরায়েলে ভারতীয় নাগরিকের রহস্যজনক মৃত্যু, নানা প্রশ্ন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২০ই আগস্ট, ২০২৬ ইং

০৯:৫৭ এম


ইসরায়েলে ভারতীয় নাগরিকের রহস্যজনক মৃত্যু, নানা প্রশ্ন

ইসরায়েলে অবস্থিত ভারতীয় নাগরিক রাজীব আচার্য নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার (১৯ আগস্ট) তেল আবিবে অবস্থিত ভারতীয় দূতাবাস এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে এবং নিহতের পরিবারকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে।

ভারতীয় দূতাবাস এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় জানিয়েছে, তারা রাজীব আচার্যের অকালমৃত্যুতে গভীরভাবে শোকাহত এবং তারা ইসরায়েলি কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। এই ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে এবং মৃত্যুর প্রকৃত কারণ ও পরিস্থিতি উদ্ঘাটনে পূর্ণাঙ্গ তদন্ত চলছে। তবে, দূতাবাস এখনো রাজীব আচার্যের মৃত্যুর সুনির্দিষ্ট কারণ প্রকাশ করেনি।

পশ্চিম এশিয়ায় চলমান আঞ্চলিক উত্তেজনার মধ্যেই এই ঘটনায় ঘটে যাওয়ার বিষয়টি সামনে এসেছে।

এ ঘটনার পাশাপাশি ভারত ও ইসরায়েলের মধ্যকার কূটনৈতিক এবং কৌশলগত দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন গতি পেয়েছে। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফোনে কথোপকথন করেছেন, যেখানে দুই দেশের সম্পর্ক ও বন্ধুত্বকে আরো শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির দ্বিতীয় দফার আলোচনা সম্পন্ন হয়েছে। এই দ্বিপক্ষীয় সম্পর্কের শক্তিশালী কাঠামোর মধ্যে, ইসরায়েলে অবস্থানরত ভারতীয় নাগরিকের মৃত্যুর পর দূতাবাস নিশ্চিত করেছে যে তারা পুরো প্রক্রিয়ার ওপর কড়া নজরদারি বজায় রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাকিস্তানকে হকি বিশ্বকাপ থেকে ছিটকে দিল ভারত

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ২০ই আগস্ট, ২০২৬ ইং

০৯:৫৯ এম


পাকিস্তানকে হকি বিশ্বকাপ থেকে ছিটকে দিল ভারত

হকি বিশ্বকাপে ভারত ও পাকিস্তানের মধ্যে অনুষ্ঠিত ম্যাচের একটি মুহূর্তে ধরা পড়েছে। 

ভারত ৫-৩ গোলে পাকিস্তানকে পরাজিত করেছে।

এই হাইভোল্টেজ ম্যাচে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫-৩ গোলে হারিয়ে ভারত হকি বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে উন্নীত হয়েছে। এই হারের মাধ্যমে পাকিস্তান বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে।

হকি বিশ্বকাপে দুই দলের এটি ছিল ১৬ বছর পর পুনঃমুখোমুখি লড়াই। এই জয়ে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের অপরাজিত থাকার ধারাও এক দশকে পৌঁছাল।

নেদারল্যান্ডসের আমস্টেলভিনের ওয়াগেনার হকি স্টেডিয়ামে কাল রাতে ‘ডি’ পুলের ম্যাচে শুরু থেকেই ভারত দাপট দেখাতে থাকে। অধিনায়ক হারমানপ্রীত সিং পেনাল্টি কর্নার থেকে পঞ্চম মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন।

এরপর ১১ মিনিটে অভিষেক ফিল্ড গোল করে। ২১ মিনিটে পেনাল্টি কর্নার থেকে নিজের দ্বিতীয় গোল করে ভারতকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন হারমানপ্রীত।

তবে ৩ গোল হজম করার পরও পাকিস্তান খেলা থেকে বিচ্যুত হয়নি। হান্নান শহীদ এবং সুফিয়ান খান গোল করে ব্যবধান কমান।

এদিকে ২৪ মিনিটে আবার গোল করেন ভারতের অভিষেক।

তৃতীয় কোয়ার্টারে হার্দিক সিং পেনাল্টি স্ট্রোক থেকে ভারতের পঞ্চম গোলটি করেন। পাকিস্তান একটি গোল শোধ করলেও এটি ম্যাচের ফলাফলে কোনো প্রভাব ফেলেনি।

এই জয়ের ফলে ‘ডি’ পুলে ভারত তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে এবং পরবর্তী রাউন্ডে উন্নীত হয়েছে। ইংল্যান্ড ৯ পয়েন্ট নিয়ে পুলের শীর্ষে রয়েছে।

অন্যদিকে, পাকিস্তানের বিশ্বকাপ অভিযান ১ পয়েন্ট নিয়ে পুল পর্বেই শেষ হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্যালন ডি’অর জিততে সবকিছু করেছেন, দাবি হ্যারি কেইনের

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ২০ই আগস্ট, ২০২৬ ইং

১০:০০ এম


ব্যালন ডি’অর জিততে সবকিছু করেছেন, দাবি হ্যারি কেইনের

গত মৌসুমে অসাধারণ পারফরম্যান্সের পর ২০২৬ সালের ব্যালন ডি’অর জয়ের স্বপ্ন দেখছেন হ্যারি কেইন। কাল রাতে ইউরোপের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন শু হাতে তুলে নেওয়ার পর নিজের দাবিটাও স্পষ্ট করেছেন বায়ার্ন মিউনিখের এই ইংলিশ তারকা।

২০২৫-২৬ মৌসুমে ক্লাব ও জাতীয় দলের হয়ে মোট ৭৩ গোল করেছেন হ্যারি কেইন। বায়ার্নের হয়ে বুন্দেসলিগায় ৩৬ গোল করে জিতেছেন গোল্ডেন শু। জার্মান লিগ ও কাপ—দুটিই জিতেছে তার দল। উয়েফা চ্যাম্পিয়নস লিগেও বায়ার্ন উঠেছিল সেমিফাইনালে।

ইংল্যান্ডকে বিশ্বকাপের সেমিফাইনালে তোলার পথে করেছেন ৬ গোল।

নিজের ব্যালন ডি’অর জয়ের সম্ভাবনা নিয়ে কেইন বলেছেন, ‘অক্টোবর পর্যন্ত এ নিয়ে অনেক আলোচনা হবে, সেটা আমি জানি। তবে এটা আমার নিয়ন্ত্রণে নেই। গত মৌসুমে আমি যা করতে পেরেছি, সবই করেছি।

এটা আমার সেরা মৌসুম ছিল, সন্দেহ নেই। আমি যে দলগুলোর হয়ে খেলেছি, তাদের সঙ্গে অনেক কিছু অর্জন করেছি।’

গোল্ডেন শু হাতে হ্যারি কেইন। 

বিশ্বকাপ সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে ২-১ গোলে হেরে বিদায় নেয় হ্যারি কেইনের ইংল্যান্ড। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালেও তার দল বায়ার্ন হার দেখেছে পিএসজির কাছে।

এরপরও হ্যারি কেইনের জন্য আশার জায়গা দেখছেন সাবেক ইংলিশ ফুটবলার ড্যানি মিলস। তার মতে, এবারের ব্যালন ডি’অরের লড়াই অন্যবারের তুলনায় অনেক বেশি উন্মুক্ত।

মিলস বলেছেন, ‘ব্যালন ডি’অরের কথা বললে, এ বছর এখন পর্যন্ত হ্যারি কেইনই সম্ভবত সবচেয়ে ধারাবাহিক খেলোয়াড়। সে অসাধারণ ছিল। তবে ক্লাব ও জাতীয় দল—দুই জায়গাতেই মৌসুমজুড়ে একজনকে আলাদা করে সেরা বলা কঠিন। আমার মনে হয়, অনেক দিন পর এবার ব্যালন ডি’অরের লড়াই সবচেয়ে উন্মুক্ত।’

মিলস মনে করেন, আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে লিওনেল মেসি বড় সুবিধা পেতেন। কিন্তু আর্জেন্টিনা রানার্স আপ হওয়ায় মেসির ব্যালন ডি’অর জয়ের সম্ভাবনা ফিকে হয়ে গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দুপুরে, শুক্রবার বঙ্গভবনে শপথ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২০ই আগস্ট, ২০২৬ ইং

১০:০১ এম


রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দুপুরে, শুক্রবার বঙ্গভবনে শপথ

বাংলাদেশে ৩৫ বছর পর আবারও প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন অনুষ্ঠানের আয়োজন হচ্ছে রাষ্ট্রের প্রধান ব্যক্তি বেছে নেয়ার জন্য। সংসদে সংখ্যাগরিষ্ঠতার কারণে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জয় অনেকটাই নিশ্চিত বলে মনে হচ্ছে। তবে বিরোধী জোট এখনো ভোটের মাঠ ছাড়েনি। জামায়াত নেতৃত্বাধীণ ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী এলডিপি সভাপতি অলি আহমদ। এই নির্বাচন দেশের রাজনীতিতে একটি নতুন মাত্রা যোগ করেছে।

আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্ধারিত সময়ে প্রার্থিতা প্রত্যাহার না হওয়ায় রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে ৩৫ বছর পর আবারও উত্তাপ ছড়িয়েছে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ক্ষমতাসীন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিরোধী জোটের প্রার্থী এলডিপি সভাপতি অলি আহমদ।

রাষ্ট্রপতি পদে সর্বশেষ প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হয়েছিল ১৯৯১ সালে। তার পর থেকে সাতজন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। কারণ, সব সময় ক্ষমতাসীন দলের একক প্রার্থী থাকায় বিরোধী দল কোনো প্রার্থী দেয়নি।

সাড়ে তিন দশক পর এবারের চিত্র একদম ভিন্ন। সংসদে দুই-তৃতীয়াংশ আসন নিয়ে একক সংখ্যাগরিষ্ঠ বিএনপি সরকারের। সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, সংসদ সদস্যদের দলের সিদ্ধান্তের বিপরীতে ভোট দেয়ার কোনো সুযোগ নেই। যদি কেউ দলের সিদ্ধান্তের বাইরে ভোট দেন তবে তাঁর সংসদ সদস্যপদ শূন্য হয়ে যাবে।

এই বিবেচনায় সংসদের ৩৪৯ আসনের মধ্যে ২৪৭টি আসনই ক্ষমতাসীন দলের নিয়ন্ত্রণে রয়েছে। তাই বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জয় অনেকটাই নিশ্চিত। তথাপি নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে বিরোধী জোট পিছু হটেনি। জামায়াত জোটের ৯০ জন সংসদ সদস্য অলি আহমদকে প্রার্থী করে ভোটের মাঠে থাকার সিদ্ধান্ত নিয়েছে, যা নির্বাচনে বাড়তি উষ্ণতা সৃষ্টি করেছে।

দুপুর ২টা থেকে বিকেল ৫টার মধ্যে জাতীয় সংসদের সংসদ কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট প্রদান শুরুর আগে নির্বাচনকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার সংসদ সদস্যদের ভোট দেয়ার পদ্ধতি সম্পর্কে অবহিত করবেন। এরপর ভোট গ্রহণ শুরু হবে।

একই স্থানে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে। ফলাফল ঘোষণা করার পর প্রকাশ করা হবে গেজেট। আর শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে শপথগ্রহণ করবেন নতুন রাষ্ট্রপতি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%