০২:৫৪ পি.এম
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দায়িত্ব পালনের এক বছরে উদ্ধার করা হয়েছে সরকারি প্রায় ১ হাজার ১৫০ শতাংশ (সাড়ে ১১ একর) খাস জমি। তিনি জানিয়েছেন, প্রায় ১৫ হাজার নামজারি আবেদন নিষ্পত্তি করা হয়েছে এবং ৪৩২টি মিসকেইসের আদেশ ও নিষ্পত্তি করা হয়েছে। এই তথ্য জানিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) ও কাঁচপুর সার্কেলের এসিল্যান্ড ফাইরুজ তাসনিম। তিনি একই সঙ্গে সোনারগাঁ ভূমি অফিস এবং কাঁচপুর সার্কেলকে দালালমুক্ত ও জনবান্ধব ভূমি সেবা নিশ্চিত করার অঙ্গীকার করেছেন।
মঙ্গলবার (১১ আগস্ট) সকালে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে নিজের কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি গত এক বছরের ভূমি ব্যবস্থাপনা ও প্রশাসনিক কার্যক্রমের চিত্র তুলে ধরেন। এসিল্যান্ড ফাইরুজ তাসনিম বলেন, ভূমি অফিসে সেবা নিতে এসে যাতে কোনো মানুষ হয়রানির শিকার না হন এবং দালালের আশ্রয় নিতে বাধ্য না হন, সেই বিষয়টি নিশ্চিত করতে প্রশাসন সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। সাধারণ মানুষের উদ্দেশে তিনি বলেন, ‘যে কোনো সেবাগ্রহীতার জন্য আমার দরজা সবসময় খোলা থাকবে।’
তিনি জানান, গত এক বছরে সরকারি প্রায় ১ হাজার ১৫০ শতাংশ খাস জমি উদ্ধার করা হয়েছে। অবৈধ দখল থেকে সরকারি সম্পত্তি রক্ষা এবং দখলমুক্ত করার জন্য নিয়মিত অভিযান পরিচালনা করা হয়েছে। সরকারি সম্পত্তি রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
আরও পড়ুন: টেকনাফের নয়াপাড়া পাহাড়ে সশস্ত্র ডাকাতদের গুলিতে সেনাসদস্য নি-হ-তের খবর
এছাড়া গত এক বছরে প্রায় ৪০টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে বিভিন্ন অনিয়মের কারণে ৭ লাখ টাকার বেশি জরিমানা আদায় করা হয়েছে বলে জানান এসিল্যান্ড।
ভূমি-সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির বিষয়েও ফাইরুজ তাসনিম বলেন, গত এক বছরে ৪৩২টি মিসকেইসের আদেশ ও নিষ্পত্তি করা হয়েছে। একই সময়ে প্রায় ১৫ হাজার নামজারি আবেদন নিষ্পত্তি করা হয়েছে। দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত ভূমি সেবা নিশ্চিত করতেই এসব কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।
মতবিনিময় সভায় দায়িত্ব পালনকালে বিভিন্ন ইতিবাচক ও চ্যালেঞ্জিং অভিজ্ঞতা সাংবাদিকদের সামনে তুলে ধরেন তিনি। ভূমি অফিসের সেবার মান আরও উন্নত করা, সাধারণ মানুষের ভোগান্তি কমানো এবং সরকারি সম্পত্তি রক্ষায় প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন এসিল্যান্ড।
মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা ভূমি অফিসের কার্যক্রমের স্বচ্ছতা এবং জবাবদিহি আরও বাড়ানোর প্রতি গুরুত্বারোপ করেন।
আরও পড়ুন: জরায়ুমুখের ক্যান্সার (Cervical Cancer) প্রতিরোধে, নওগাঁ জেলা পুলিশের, পুলিশ নারী কল্যাণ (পুনাক) এর উদ্যোগে ভ্যাকসিনেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন