ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

গভর্নরের সঙ্গে মিৎসুই অ্যান্ড কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ


গভর্নরের সঙ্গে মিৎসুই অ্যান্ড কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে মিৎসুই অ্যান্ড কোম্পানির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে।

এই সাক্ষাতে মিৎসুই অ্যান্ড কোম্পানির ঢাকা ও টোকিও কার্যালয়ের ঊর্ধ্বতন প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন। এ সময় বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সাক্ষাতে বাংলাদেশের আর্থিক খাতের সাম্প্রতিক নীতিগত অগ্রগতি, বিনিয়োগ ও ব্যবসা-সহায়ক পরিবেশ, মুনাফা প্রত্যাবাসন প্রক্রিয়া, ডিজিটাল ব্যাংকিং, পেমেন্ট অবকাঠামো এবং প্রযুক্তিনির্ভর আর্থিক সেবার সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়েছে।

আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে

বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, প্রযোজ্য আইন, বিধিবিধান ও নিয়ন্ত্রক কাঠামোর আওতাধীন বিদেশি বিনিয়োগ ও উদ্ভাবনমুখী আর্থিক উদ্যোগসমূহকে সময়োপযোগী ও কার্যকরভাবে সহায়তা প্রদান করা হবে।

গভর্নর বলেছেন, বাংলাদেশের আর্থিক খাতে নিরাপদ, স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল সেবা সম্প্রসারণে বাংলাদেশ ব্যাংক ইতিবাচক ও সহায়ক ভূমিকা পালন করে যাবে।

মিৎসুই অ্যান্ড কোম্পানির গঠনমূলক যেকোনো উদ্যোগ প্রযোজ্য নিয়ন্ত্রক প্রক্রিয়া অনুসরণ সাপেক্ষে যথাযথভাবে বিবেচনা করা হবে।

সভায় পারস্পরিক যোগাযোগ অব্যাহত রেখে সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রসমূহ নিয়ে পরবর্তী পর্যায়ে আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে মতবিনিময় করা হয়েছে।

আরও পড়ুন: কুমিল্লায় রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হঠাৎ স্কুলের সামনে তুমুল মারামারি, ৯৯৯-এ ফোনকল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

১০:১১ পি.এম


হঠাৎ স্কুলের সামনে তুমুল মারামারি, ৯৯৯-এ ফোনকল

পূর্ব বিরোধের কারণে গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মারামারিতে জড়িয়ে পড়েছে দুই পক্ষের লোকজন। এই সময় বিদ্যালয়ের ভেতরে আটকা পড়েন শিক্ষক ও শিক্ষার্থীরা। পরে খবর পেয়ে তাদেরকে উদ্ধার করে নিরাপদ স্থানে যাওয়ার সুযোগ করে দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।

বুধবার (১ জুলাই) বিকেলে সুনামগঞ্জ-সিলেট সড়কের আহসানমারা সেতুর উত্তরপাড়ে সদর উপজেলার কাঠইর ইউনিয়নের জগজীবনপুর গ্রামে এই মারামারির ঘটনা ঘটে।

সংঘর্ষের ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ সাত জনকে আটক করেছে। এ তথ্য জানিয়েছেন সদর মডেল থানার ওসি রতন শেখ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জগজীবনপুর গ্রামের মাওলানা গোষ্ঠীর কাসেম আলী লোকজনের সাথে দ্বন্দ্ব রয়েছে একই গ্রামের বাদশা গোষ্ঠীর দুলাল মিয়ার লোকজনের। কাসেম আলী ও দুলাল মিয়ার লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ এবং মামলা মোকদ্দমা চলছে। পূর্ব বিরোধের জের ধরে বুধবার বিকেল ৪টার দিকে দুই পক্ষের লোকজন গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে বিদ্যালয় ভবনের ছাদে অবস্থান নেয়।

এ সময় বিদ্যালয়ের মধ্যে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সংঘর্ষের ঘটনাটি সুনামগঞ্জ সদর উপজেলা সহকারী শিক্ষক সমিতির সভাপতি হারুনুর রশিদকে জানান। শিক্ষক হারুনুর রশিদ ৯৯৯ ফোন করার জন্য পরামর্শ দেন এবং বিষয়টি নিজে সদর থানার পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে চলে আসে। পরে আটকে পড়া শিক্ষক শিক্ষার্থীদের উদ্ধার করে নিরাপদে বাড়ি যাওয়ার সুযোগ করে দেয় পুলিশ।

সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। তবে আহত এবং পুলিশের হাতে আটককৃতদের নাম জানা যায়নি।

জগজীবনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জয়শ্রী ভট্টাচার্য্য মন্তব্য করেন, গ্রামের দুই পক্ষের লোকজনের মধ্যে অনেক দিন ধরে বিরোধ চলছে। বিকেলে হঠাৎ করে স্কুলের সামনে মারামারি শুরু হয়। আমরা ৯৯৯ ফোন করলে পুলিশ স্কুলে আসে এবং পরিস্থিতি শান্ত হয়।

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, গোষ্ঠীগত দ্বন্দ্বের কারণে দুই পক্ষের মারামারিতে অনেকে আহত হয়েছে। স্কুলের ক্লাস চলাকালীন স্কুলের সামনেই মারামারির ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ যাওয়ার পর শতাধিক শিশু ও শিক্ষক উদ্ধার হন। ঘটনাস্থল থেকে ৭ জনকে আটক করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানের পারমাণবিক অস্ত্র নিয়ে নেতানিয়াহু মিথ্যা বলছেন: ইসরাইলের সাবেক সেনাপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

১০:২৩ পি.এম


ইরানের পারমাণবিক অস্ত্র নিয়ে নেতানিয়াহু মিথ্যা বলছেন: ইসরাইলের সাবেক সেনাপ্রধান

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দেশটির সাবেক সেনাপ্রধান ও আসন্ন নির্বাচনে প্রধানমন্ত্রীপ্রার্থী গাদি আইজেনকোট রীতিমতো তোপ দেগেছেন। তিনি এ বিষয়ে বলেছেন, ইরানের কাছে পরমাণু অস্ত্র রয়েছে বলে নেতানিয়াহু যে দাবি করেছেন, তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। নেতানিয়াহুর এ বক্তব্য ইসরাইলিদের আতঙ্কিত করার উদ্দেশ্যে করা হয়েছে। খবরটি আলজাজিরার।

গাদি আইজেনকোট গত মঙ্গলবার (৩০ জুন) আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেন। এই সময়, বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরিয়ে দেশের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করবেন বলেও প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

ইসরাইলি দৈনিক ইয়েদিওথ আহরোনথ-এর বরাত দিয়ে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আজ বুধবার (১ জুলাই) মধ্য ইসরাইলে আয়োজিত এক সম্মেলনে বিরোধী দল ইয়াশার পার্টির প্রধান আইজেনকোট বলেছেন, ‘নেতানিয়াহু অত্যন্ত জঘন্য কথা বলেছেন। ইরানের কাছে কোনো পরমাণু বোমা ছিলই না। ইসরাইলি জনগণকে ভয় দেখাতে তিনি বাস্তবতাকে বিকৃত করছেন।’

আইজেনকোট ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত ইসরাইলের সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট, যিনি টুগেদার রাজনৈতিক জোটের নেতৃত্ব দেন, তিনিও নেতানিয়াহুর বক্তব্যের বিরোধিতা করেছেন।

একই সম্মেলনে বেনেট বলেন, ‘গতকাল বলা হয়েছিল যে ইরানের কাছে ইতিমধ্যেই পারমাণবিক বোমা রয়েছে। এটা একটা ডাহা মিথ্যা। এটা ইতিহাসকে নতুন করে লেখার চেষ্টা।’ তিনি নেতানিয়াহুর ইরানের পারমাণবিক কর্মসূচি পরিচালনারও সমালোচনা করেছেন।

নেতানিয়াহু বহু বছর ধরেই দাবি করে আসছেন যে, ইরান পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করছে এবং যেকোনো মূল্যে দেশের পরমাণু অস্ত্র তৈরি ঠেকানোর কথা বলেছেন। তবে তেহরান বরাবরই এ দাবি নাকচ করে এসেছে। ইরানের দাবি, তাদের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ।

এই পরমাণু ইস্যুতেই ওয়াশিংটন-তেহরানের চলমান আলোচনার মধ্যে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে ইরানে সামরিক আগ্রাসন চালায় ইসরাইল। জবাবে, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক স্থাপনার পাশাপাশি ইসরাইলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান।

কয়েক সপ্তাহের তীব্র রক্তক্ষয়ী সংঘাতের পর গত এপ্রিল মাসের শুরুর দিকে যুদ্ধবিরতি কার্যকর হয় যা এখনও বহাল রয়েছে। এর মধ্যেই সংঘাতের অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। তবে, লেবাননে ইসরাইলি হামলার জেরে পরিস্থিতি মাঝে মাঝে উত্তপ্ত হয়ে উঠছে।

তবে সেই সমঝোতা স্মারককে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আবারও তেহরানে হামলার হুঁশিয়ারি দিয়েছেন নেতানিয়াহু। তিনি বলেছেন, ইরানকে কোনোভাবেই পরমাণু অস্ত্রের অধিকারী হতে দেওয়া হবে না এবং প্রয়োজনে আবারও দেশটিতে সামরিক অভিযান চালাবে ইসরাইল।

মঙ্গলবার (৩০ জুন) ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল ১৪-কে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু দাবি করেন, ‘ইরানের পরমাণু বোমা থেকে আমরা নিজেদের রক্ষা করেছি এবং আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট—তেহরানকে কখনোই পারমাণবিক শক্তিধর হতে দেওয়া হবে না।’

নেতানিয়াহু প্রশাসনের দাবি, আলোচনার আড়ালে ইরান মূলত তাদের পরমাণু কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এর আগেও ইসরাইল কয়েক দফায় ইরানে হামলা চালানোর কথা স্বীকার করেছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের বাধা সত্ত্বেও তারা পুনরায় হামলার হুমকি দিয়ে আসছে। বিশ্লেষকদের মতে, নেতানিয়াহুর এই সর্বশেষ মন্তব্য মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার পারদ বাড়িয়ে দিতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চলচ্চিত্র শিল্পী সমিতি এখন পর্যন্ত কী কাজে লেগেছে : মিষ্টি জান্নাত

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

১০:২৯ পি.এম


চলচ্চিত্র শিল্পী সমিতি এখন পর্যন্ত কী কাজে লেগেছে : মিষ্টি জান্নাত

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নিয়ে চিত্রনায়িকা মিষ্টি জান্নাত বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি প্রশ্ন তুলেছেন, শিল্পী সমিতি এখন পর্যন্ত কী কাজে লেগেছে।

বুধবার তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাসে এই কথা বলেন। ফেসবুকে তিনি লেখেন, চলচ্চিত্র শিল্পী সমিতি এই পর্যন্ত কী কাজে লেগেছে, আমি জানি না। তবে তিনি উল্লেখ করেন, যে সমিতির থাকার পরও মিডিয়ার লোকজন সিনেমাতে কাজ করে এবং চলচ্চিত্রের লোকজন না খেয়ে মরে, সে সমিতিতে তিনি শেষবার ভোট দিতে পারবেন।

তিনি আরও বলেন, এরপর যদি একই রকম দেখেন, তাহলে আশা করবেন তার নাম স্ব-সম্মানে কেটে দিবেন।

পরিচালক ও প্রযোজক সমিতিকে নিয়ে মিষ্টি জান্নাত বলেন, শুধু চলচ্চিত্র শিল্পী সমিতি নয়, পরিচালক এবং প্রযোজক সমিতিকেও একই প্রশ্ন তার রয়ে যাবে। তিনি সকলকে ভালো থাকতে বলেন।

তিনি আরও বলেন, প্রতিবাদ করার জন্য তাকে খারাপ বলতে হয়। তিনি তার বাবা-মার কথা উল্লেখ করে বলেন, বেঁচে থাকলে বীরের মতো বেঁচে থাকতে হবে। কাপুরুষের মতো বেঁচে থাকার লাভ নেই, কারণ মৃত্যু চরম সত্য।

উল্লেখ্য, শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের নির্বাচন আগামী ৩ জুলাই (শুক্রবার) অনুষ্ঠিত হবে। বরাবরের মতো এফডিসিতে ভোটগ্রহণ হবে। এবারের নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফেনীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

১০:৩৫ পি.এম


ফেনীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

 সোনাগাজী জেলা থেকে খবর এসেছে যে, পুকুরের পানিতে ডুবে আড়াই বছরের মো. ইব্রাহীম খলিল নামক এক শিশুর মৃত্যু ঘটেছে।

আজ বুধবার বিকালের দিকে, উপজেলার উত্তর চর চান্দিয়া এলাকায় অবস্থিত এক বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

গত এক সপ্তাহের মধ্যে, উপজেলার বিভিন্ন স্থানে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হওয়ার পর এই মৃত্যুর খবর সামনে আসে।

মো. ইব্রাহীম খলিল চর চান্দিয়া ইউনিয়নের উত্তর চর চান্দিয়া জমাদার বাজার এলাকার ইকবাল হোসেনের ছেলে।

শিশুটির চাচা জামাল উদ্দিন জানান, বুধবার বিকেলে শিশুটিকে নাস্তা খাইয়ে তার মা ঘরের সামনে উঠানে অন্যান্যদের সঙ্গে খেলতে দিয়ে রান্নাঘরে কাজ করছিলেন।

এসময় মায়ের অজ্ঞাতসারে শিশু ইব্রাহীম ঘরের পাশে অবস্থিত পুকুরে চলে যায়। কাজ শেষে যখন মা ইব্রাহীমের কোনো সাড়া শব্দ পাননি, তখন তিনি তাকে আশেপাশে খুঁজতে শুরু করেন।

শিশুটিকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা ঘরের পাশে পুকুরে যান। সেখানে গিয়ে তারা শিশুটিকে পুকুরের পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্মরত স্যাকমো মো. আবদুল কুদ্দুস বলেন, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়ে গেছে।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হাসিম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%