০২:৩৭ পি.এম
চট্টগ্রামের ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালিত হয়েছে। অভিযানের সময় কুতুবছড়ি খাল থেকে উত্তোলন করে মজুত রাখা সাড়ে ১১ হাজার ঘনফুট বালু এবং বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার মেশিনসহ অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়েছে। পরবর্তীতে জব্দ করা বালু তাৎক্ষণিক নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) সকালে লেলাং ইউনিয়নের কর্ণফুলী চা-বাগানসংলগ্ন কুতুবছড়ি খালে এই অভিযান পরিচালনা করা হয়। ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীমের নেতৃত্বে অভিযানে ফটিকছড়ি থানার পুলিশের একটি দল এবং আনসার সদস্যরা অংশগ্রহণ করেন।
প্রশাসন সূত্রে জানা গেছে, একটি চক্র দীর্ঘদিন ধরে কুতুবছড়ি খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এই অভিযোগের ভিত্তিতে প্রশাসন অভিযান পরিচালনা করে। অভিযানের সময় খাল থেকে উত্তোলন করে মজুত রাখা বিপুল পরিমাণ বালু এবং বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ড্রেজার মেশিনসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
আরও পড়ুন: দুমকিতে রাজনৈতিক বিরোধের জেরে নির্যাতন ও প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তা চান বিএনপি নেতা
ইউএনও সাঈদ মোহাম্মদ ইব্রাহীম বলেন, "কুতুবছড়ি খালে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে অভিযান চালিয়ে সাড়ে ১১ হাজার ঘনফুট বালু ও একটি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে।" তিনি আরও জানান, পরে জব্দ করা বালু নিলামে বিক্রি করে ৪৭ হাজার ৫০০ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে। জনস্বার্থে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন