০৪:৫২ পি.এম
গত রাতে মার্কিন হামলার পর ইরান পাল্টা হামলা চালিয়েছে। উপসাগরীয় অঞ্চলের ছয় দেশে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা ও অন্যান্য লক্ষ্যবস্তুতে ধারাবাহিক আক্রমণ হয়েছে। এসব হামলায় ইরানি সামরিক বাহিনী এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) বিভিন্ন তথ্য প্রকাশ করেছে।
সম্প্রতি, যুক্তরাষ্ট্র অব্যাহতভাবে ইরানে হামলা চালিয়ে যাচ্ছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে বিমান হামলা হয়েছে। মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত সাড়ে ৯টার (পূর্বাঞ্চলীয় সময় দুপুর ২টা) দিকে এই বিমান হামলা শুরু হয়। হামলার লক্ষ্যে ইরানের সামরিক সক্ষমতাকে দুর্বল করার চেষ্টা চলছে।
সেন্টকমের ভাষ্যে বলা হয়েছে, ‘ফাইটার জেট, ড্রোন এবং একাধিক যুদ্ধজাহাজ নিয়ে মার্কিন বাহিনী নির্ভূল অস্ত্র ব্যবহার করে হামলা চালায়, যা ইরানের উপকূলীয় নজরদারি, বিমান প্রতিরক্ষা কেন্দ্র এবং সামরিক অবকাঠামোতে আঘাত হানে।’
আরও পড়ুন: ইরান: মার্কিন যুদ্ধজাহাজ সাগরে পেলেই ডুবিয়ে দেওয়া হবে
ইরানি গণমাধ্যমের খবর অনুযায়ী, হামলার সময় কেশম দ্বীপ, বন্দর আব্বাস, চাবাহার, ইরানশাহর এবং বন্দর-ই খামিরে একাধিক বিস্ফোরণ ঘটে। দক্ষিণ ইরানের অন্তত ছয়টি সেতু, একটি রেলস্টেশন ও অন্যান্য স্থানে হামলা হয়। এই হামলায় অন্তত ৮ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং আহত হন আরও বেশ কয়েকজন।
এছাড়া, ইরানের ফার্স নিউজ এজেন্সির তথ্য মতে, হরমোজগান প্রদেশের বন্দর-ই খামির সড়ক সেতুতে মার্কিন হামলায় সাতজন নিহত এবং আরো নয়জন আহত হন। গুরুত্বপূর্ণ সড়ক সেতুটি বন্দর আব্বাসকে দেশের অভ্যন্তরের অন্যান্য শহরের সাথে সংযুক্ত করতো।
দক্ষিণ ইরানের বন্দর আব্বাসে হামলায় এক নারী মারা যান এবং তার এক বছরের শিশু গুরুতর আহত হন। ইরানের সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, এই হামলায় আল্লাহু আকবর এলাকায় এক মা মারা যান এবং আটজন আহত হন।
ইরানের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় বন্দর আব্বাস ও তার পার্শ্ববর্তী গ্রামগুলোতে বিদ্যুৎ লাইনের ক্ষতি হয় এবং বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে।
আরও পড়ুন: কানাডায় অভিবাসন জালিয়াতির অভিযোগে পাঁচ বাংলাদেশির বিরুদ্ধে মামলা
আজ শুক্রবার সকালে আইআরজিসি দাবি করেছে, সংঘাত শুরু হওয়ার পর থেকে তারা যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোর বিরুদ্ধে ১৩তম দফার প্রতিশোধমূলক হামলা চালিয়েছে।
বাহরাইন: আজ সকালে বাহরাইনে বিমান হামলার সতর্কতামূলক সাইরেন বাজানো হয়। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জনগণকে শান্ত থাকার আহ্বান জানায়।
কাতার: আজ ভোরে কাতারের ওপর অন্তত একটি ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে, ফলে দেশটির কর্তৃপক্ষ প্রায় এক ঘণ্টার মধ্যে দুটি পৃথক সতর্কবার্তা জারি করে। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সব প্রক্ষেপণাস্ত্রই প্রতিহত করা হয়েছে। তবে দোহার আকাশে হামলা প্রতিহত করার সময় ছিটকে পড়া ধাতব টুকরোর আঘাতে এক শিশু আহত হয়।
ওমান: আইআরজিসি দাবি করেছে তারা ওমানের ঘানিম অঞ্চলে একটি মার্কিন বিমান নিয়ন্ত্রণ রাডার এবং ইরান ও ওমানের মধ্যবর্তী হরমুজ প্রণালির শিলাখণ্ডে নির্মিত একটি সামুদ্রিক নিয়ন্ত্রণ রাডার ধ্বংস করে।
আরও পড়ুন: জার্মান ভাইস মিনিস্টার ড. বারবেল কফলার আগামীকাল ঢাকায় আসছেন
যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, ওমানের খাসাব থেকে প্রায় ১৯ নটিক্যাল মাইল পূর্বে একটি তেলবাহী জাহাজ অজ্ঞাত একটি প্রক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে।
কুয়েত: ইরানের বার্তা সংস্থা মেহরের খবরে বলা হয়েছে, আইআরজিসি বলেছে, তারা কুয়েতে একটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়ে একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা রাডার এবং একাধিক গুরুত্বপূর্ণ অস্ত্রগুদামের ওপর আক্রমণ করেছে।
জর্ডান: জর্ডানের সেনাবাহিনী জানিয়েছে, দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের তিনটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। সেনাবাহিনী জানায়, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সিরিয়া: তাসনিম বার্তা সংস্থার খবরে আইআরজিসি দাবি করেছে, তারা সিরিয়ার আল-তানফ সামরিক ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের বিশেষ অভিযান বাহিনীর কেন্দ্রকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। আইআরজিসি দাবি করছে, ইরানশাহরে ইরানি সেনাদের নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে এটি করা হয়েছে।
আরও পড়ুন: ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদের পূর্ণ প্যানেলের জয়
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন