ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

ঝিনাইদহে পাচারকালে ৪২০ বস্তা সারসহ ট্রাক আটক


ঝিনাইদহে পাচারকালে ৪২০ বস্তা সারসহ ট্রাক আটক

ঝিনাইদহে অবৈধভাবে পাচারের চেষ্টাকালে ৪২০ বস্তা টিএসপি সারসহ একটি ট্রাক স্থানীয় জনতার হাতে আটক হয়েছে। পরে ঘটনাস্থলে পৌঁছানো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ট্রাকটি জব্দ করেন। তবে, এই ঘটনায় পুলিশ কাউকে আটক করতে সক্ষম হয়নি।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে ঝিনাইদহ ক্যাডেট কলেজের সামনে থেকে স্থানীয়রা ট্রাকটি আটক করেন।

প্রত্যক্ষদর্শীদের মতে, সারবোঝাই ট্রাকটি ঝিনাইদহ থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। পথিমধ্যে ক্যাডেট কলেজের সামনে স্থানীয়রা ট্রাকটি আটক করে চালককে সারের মালিক এবং চালান রশিদ দেখতে বলেন। এ সময় চালক অসংলগ্ন তথ্য প্রদান করায় সন্দেহজনকভাবে ট্রাকটি স্থানীয় জনতা আটক করে। পরে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা ট্রাকটি জব্দ করে আরাপপুর মোড়ে নিয়ে যান।

আরও পড়ুন: চট্টগ্রামে পুলিশ সুপারের মোবাইল ফোন জব্দ, নজরদারিতে রাখা হয়েছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অক্টোবরে খাদ্য মূল্যস্ফীতি ৬.৪০ শতাংশে, ৫৪ মাসের মধ্যে সর্বনিম্ন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

১১:০০ এম


অক্টোবরে খাদ্য মূল্যস্ফীতি ৬.৪০ শতাংশে, ৫৪ মাসের মধ্যে সর্বনিম্ন

দেশে খাদ্য মূল্যস্ফীতি উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। গত অক্টোবরে খাদ্য মূল্যস্ফীতি ৬ দশমিক ৪০ শতাংশে নেমে এসেছে, যা গত ৫৪ মাসের মধ্যে সর্বনিম্ন। নিত্যপ্রয়োজনীয় বেশ কিছু খাদ্যপণ্যের দাম কমে যাওয়ায় সাধারণ ভোক্তাদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ ভোক্তা মূল্যসূচকের (সিপিআই) তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে খাদ্য মূল্যস্ফীতি ছিল ৭ দশমিক ২২ শতাংশ। এক মাসের ব্যবধানে তা ০ দশমিক ৮২ শতাংশীয় পয়েন্ট কমেছে। একই সময়ে দেশের সার্বিক পয়েন্ট-টু-পয়েন্ট মূল্যস্ফীতিও কমে ৮ দশমিক ২৭ শতাংশে দাঁড়িয়েছে, যা সেপ্টেম্বরে ছিল ৮ দশমিক ৩৪ শতাংশ।

বিশেষ করে খাদ্যপণ্যের বাজারে ইতিবাচক প্রবণতা সার্বিক মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করেছে। অক্টোবরে খাদ্য মূল্যস্ফীতি কমার পাশাপাশি গ্রাম ও শহর—উভয় অঞ্চলে খাদ্যপণ্যের দাম নিম্নমুখী প্রবণতা দেখা গেছে।

বিবিএসের তথ্য অনুযায়ী, গ্রামাঞ্চলে খাদ্য মূল্যস্ফীতি সেপ্টেম্বরে ৭ দশমিক ১৮ শতাংশ থেকে কমে অক্টোবরে ৬ দশমিক ৩৭ শতাংশ হয়েছে। শহরাঞ্চলে এ হার ৭ দশমিক ২৫ শতাংশ থেকে কমে ৬ দশমিক ৪২ শতাংশে নেমে এসেছে। অর্থাৎ দেশের সব অঞ্চলেই খাদ্য মূল্যস্ফীতির চাপ কমেছে।

অক্টোবরে বোয়াল, আইড়, বেলে ও কই মাছ, তরল দুধ, বেগুন, লাউ, মিষ্টিকুমড়া, গাজর, শসা ও মুলার দাম কমেছে। পাশাপাশি পোশাক, স্বর্ণ ও রুপার দামও হ্রাস পেয়েছে। বিশেষ করে ২২ ক্যারেট স্বর্ণের দাম কমেছে।

এ বিষয়ে বিবিএসের ন্যাশনাল অ্যাকাউন্টিং উইংয়ের পরিচালক (চলতি দায়িত্ব) মো. শাহাবুদ্দিন সরকার মন্তব্য করেন, "বিবিএসের তথ্য অনুযায়ী মূল্যস্ফীতির যে প্রবণতা দেখা যাচ্ছে, তা বাজারের বর্তমান পরিস্থিতিরই প্রতিফলন।"

অক্টোবরে খাদ্য মূল্যস্ফীতি কমে এলেও খাদ্যবহির্ভূত খাতে কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। এ খাতে মূল্যস্ফীতি সেপ্টেম্বরে ৯ দশমিক ৩০ শতাংশ থেকে বেড়ে অক্টোবরে ৯ দশমিক ৮৯ শতাংশ হয়েছে। গ্রামাঞ্চলে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৫৭ শতাংশ থেকে বেড়ে ১০ দশমিক ২১ শতাংশ এবং শহরাঞ্চলে ৮ দশমিক ৯৪ শতাংশ থেকে বেড়ে ৯ দশমিক ৪৮ শতাংশ হয়েছে।

তবে খাদ্য মূল্যস্ফীতির উল্লেখযোগ্য হ্রাস সার্বিক মূল্যস্ফীতির ক্ষেত্রে ইতিবাচক অবদান রেখেছে। অক্টোবরে সাধারণ পয়েন্ট-টু-পয়েন্ট মূল্যস্ফীতি সেপ্টেম্বরে ৮ দশমিক ৩৪ শতাংশ থেকে কমে ৮ দশমিক ২৭ শতাংশ হয়েছে। গত বছরের অক্টোবরে এ হার ছিল ৮ দশমিক ১৭ শতাংশ।

মাসভিত্তিক হিসাবে অক্টোবরে সার্বিক ভোক্তা মূল্যসূচক (সিপিআই) ১৫৬ দশমিক ১৩ পয়েন্টে দাঁড়িয়েছে, যা সেপ্টেম্বরে ছিল ১৫৩ দশমিক ৩৩ পয়েন্ট। এ সময়ে মাসভিত্তিক মূল্যস্ফীতি ১ দশমিক ১২ শতাংশ থেকে বেড়ে ১ দশমিক ৮২ শতাংশ হয়েছে।

অন্যদিকে, অক্টোবরে সামুদ্রিক মাছ, বরবটি, পাকা পেঁপে, মসুর ডাল, মুগ ডাল, গৃহস্থালি প্রয়োজনীয় সামগ্রী, জ্বালানি তেল ও বোতলজাত গ্যাসের দাম বেড়েছে। এসব পণ্যের মধ্যে জ্বালানি তেলের দাম সবচেয়ে বেশি বেড়েছে।

বিবিএস ৩৮৩টি পণ্যের ৭৪৯টি ধরন বিবেচনায় নিয়ে ভোক্তা মূল্যসূচক (সিপিআই) তৈরি করে। এর মধ্যে ২৪২টি খাদ্যপণ্য এবং ৫০৭টি খাদ্যবহির্ভূত পণ্য রয়েছে।

প্রতি মাসের ১১ থেকে ১৯ তারিখের মধ্যে মহানগর, জেলা শহর ও গ্রামীণ এলাকার হাটবাজারসহ ১৫৪টি বাজার থেকে এসব পণ্যের দাম সংগ্রহ করা হয়েছে। এ কাজে ৪৬২টি দোকান ও বিক্রয়কেন্দ্রের তথ্য নেওয়া হয়। সংগৃহীত দামের গড় এবং নির্ধারিত ভার বিবেচনায় নিয়ে জাতীয় ভোক্তা মূল্যসূচক তৈরি করা হয়েছে। সূত্র: বাসস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোটরসাইকেলচালকদের জন্য নম্বরপ্লেট লাগানোর সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়াল বিআরটিএ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

১১:০১ এম


মোটরসাইকেলচালকদের জন্য নম্বরপ্লেট লাগানোর সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়াল বিআরটিএ

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর জন্য সময়সীমা বৃদ্ধি করেছে। পূর্বে ১৫ নভেম্বর পর্যন্ত নির্ধারিত সময়সীমা এখন ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) বিআরটিএর অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে মোটরসাইকেলের সম্মুখভাগে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা বৃদ্ধির বিষয়ে একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’ ও ‘সড়ক পরিবহন বিধিমালা, ২০২২’ অনুযায়ী মোটরসাইকেলের পেছনে এবং সম্মুখভাগে রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শনের বাধ্যবাধকতা রয়েছে। এই প্রেক্ষিতে মোটরসাইকেল মালিকদের নিজস্ব ব্যবস্থাপনায় সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।

নম্বরপ্লেটের মাপ ও শর্তাবলি

বিজ্ঞপ্তিতে মোটরসাইকেলের দুটি শ্রেণির জন্য নম্বরপ্লেটের নির্দিষ্ট মাপ ও নিয়ম উল্লেখ করা হয়েছে :

মোটরসাইকেল (স্কুটার) : ম্যানুয়াল নম্বরপ্লেটের দৈর্ঘ্য ২০০ মিলিমিটার এবং প্রস্থ ১০০ মিলিমিটার হতে হবে। অক্ষর ও সংখ্যার ফন্টের উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার হতে হবে।

স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের জন্য : নম্বরপ্লেটের দৈর্ঘ্য ২৮৫ মিলিমিটার এবং প্রস্থ ৫০ মিলিমিটার হতে হবে। এই ক্ষেত্রে অক্ষর ও সংখ্যার ফন্টের উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার হতে হবে।

বিআরটিএ কর্তৃক নির্ধারিত অন্যান্য আবশ্যিক শর্তাবলীও রয়েছে।

ম্যানুয়াল নম্বরপ্লেটটি অবশ্যই স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়ামের তৈরি হতে হবে।

সাদা পটভূমির ওপর কালো রঙের বাংলা অক্ষর ও সংখ্যায় রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে।

নম্বরপ্লেটের ওপর অন্য কোনো ধরনের শোভাবর্ধন বা নকশা করা যাবে না।

স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের ক্ষেত্রে রেজিস্ট্রেশন মার্কটি একটি আনুভূমিক রেখায় প্রদর্শন করতে হবে (যেমন : ঢাকা মেট্রো-ল-১১-১২২৯)।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রেলের ১৬৪ মিটার গেজ ইঞ্জিনের ১১৫টি মেয়াদোত্তীর্ণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

১১:০৩ এম


রেলের ১৬৪ মিটার গেজ ইঞ্জিনের ১১৫টি মেয়াদোত্তীর্ণ

রেলওয়ের মিটার গেজ ইঞ্জিনের বহরের প্রায় ৭০ শতাংশ আয়ুষ্কাল হারিয়েছে। ১৬৪টি ইঞ্জিনের মধ্যে ১১৫টির বয়স ২০ বছর পেরিয়ে গেছে। পুরনো এসব ইঞ্জিন সচল রাখতে রেলওয়ে হিমশিম খাচ্ছে। যন্ত্রাংশের অভাব, মেরামতে দীর্ঘসূত্রতা এবং বাড়তি পরিচালন ব্যয়ের কারণে যাত্রী ও মালামাল পরিবহন ব্যাহত হচ্ছে। এই পরিস্থিতিতে সংকট মোকাবেলার জন্য সরকার ২০২৯ সালের ডিসেম্বরের মধ্যে তিন আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীর অর্থায়নে ৮০টি নতুন ইঞ্জিন কেনার পরিকল্পনা গ্রহণ করেছে।

রেলওয়ের প্রকল্প প্রস্তাব অনুযায়ী, সংস্থাটির মোট ২৯২টি লোকোমোটিভের মধ্যে মিটার গেজ ১৬৪টি এবং ব্রড গেজ ১২৮টি। কোড-ম্যানুয়েল অনুসারে একটি ইঞ্জিনের অর্থনৈতিক আয়ু ২০ বছর। সেই হিসাবে মিটার গেজের ১১৫টি ইঞ্জিন মেয়াদ পার করেছে। বাকি ৪৯টির আয়ুষ্কাল রয়েছে। তবে, এসব ইঞ্জিনের কতটি নিয়মিত ব্যবহারের উপযোগী, তার পৃথক পরিসংখ্যান নেই।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পুরনো ইঞ্জিনের যন্ত্রাংশ সহজে পাওয়া যায় না। যদি পাওয়া যায়, তবে দাম বেশি। ফলে মেরামতের অপেক্ষায় দীর্ঘদিন পড়ে থাকে অনেক লোকোমোটিভ। জ্বালানি ও পরিচর্যা ব্যয় বাড়ছে। পর্যাপ্ত ইঞ্জিনের অভাবে নতুন ট্রেন চালু এবং পণ্য পরিবহন সম্প্রসারণও কঠিন হয়ে পড়েছে।

পরিকল্পনা অনুযায়ী, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে ৩০টি, এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের (এআইআইবি) সহায়তায় ৩০টি এবং বিশ্বব্যাংকের অর্থায়নে ২০টি ইঞ্জিন কেনা হবে। এডিবির ৩০টি ইঞ্জিন সংগ্রহের জন্য দরপত্র কার্যক্রম চলমান রয়েছে। এআইআইবির অর্থায়নে সমপরিমাণ ইঞ্জিন কেনার প্রকল্প একনেকে অনুমোদিত হয়েছে।

রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম বলেন, "২০২৯ সালের মধ্যে ৮০টি ইঞ্জিন পাওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে। এডিবির দরপত্র প্রক্রিয়া শুরু হয়েছে। এআইআইবির প্রকল্পও অনুমোদন পেয়েছে। বিশ্বব্যাংকের সহায়তায় বাকি ২০টি সংগ্রহের পরিকল্পনা রয়েছে।"

এআইআইবির ঋণসহায়তায় ৩০টি ডিজেল-ইলেকট্রিক লোকোমোটিভ কেনার ‘রেলওয়ের সক্ষমতা সম্প্রসারণ প্রকল্পে’ ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৭৬৯ কোটি ৮৫ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ৮১১ কোটি ৩৭ লাখ এবং ঋণ এক হাজার ৯৫৮ কোটি ৪৮ লাখ টাকা। ২০২৬ সালের ১ জুলাই শুরু হয়ে ২০২৯ সালের ৩১ ডিসেম্বর প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা। ইঞ্জিনের পাশাপাশি খুচরা যন্ত্রাংশ, টুলস এবং রক্ষণাবেক্ষণের সরঞ্জামও কেনা হবে।

প্রকল্প প্রস্তাবে বলা হয়েছে, নতুন লোকোমোটিভ যুক্ত হলে ঢাকা-চট্টগ্রাম করিডরসহ মিটার গেজ রুটগুলোতে ট্রেন চলাচল বাড়ানো সম্ভব হবে। এতে যাত্রী ও পণ্য পরিবহনে সক্ষমতা বৃদ্ধি পাবে। রেলওয়ের পরিকল্পনায় ২০৪০ সালের মধ্যে মিটার গেজ লাইন ডুয়েল গেজে রূপান্তরের লক্ষ্য থাকলেও বিলম্বের কারণে ২০৫৫ থেকে ২০৬০ সাল পর্যন্ত এ ধরনের ট্রেনের প্রয়োজন হতে পারে।

প্রকল্পটির সম্ভাব্যতা যাচাই করেছে আইআইএফসি বাংলাদেশ। গত ১৪ মে প্রকল্প মূল্যায়ন কমিটির সভায় কয়েকটি শর্ত পূরণের ভিত্তিতে অনুমোদনের সুপারিশ করা হয়। পরে সেগুলো অনুসারে ডিপিপি সংশোধন করা হয়েছে।

রেলওয়ের যুগ্ম মহাপরিচালক (লোকো) বোরহান উদ্দিন বলেন, "ইঞ্জিনের অভাবে ট্রেন পরিচালনায় সমস্যা হচ্ছে। সময়মতো উদ্যোগ না নেওয়ায় সংকট তৈরি হয়েছে। নতুন লোকোমোটিভ যুক্ত হলে এ পরিস্থিতির অবসান হবে বলে আশা করা হচ্ছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে দরপত্র, ক্রয়, উৎপাদন ও সরবরাহ শেষ করাই এখন বড় পরীক্ষা।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে ডা. জুবাইদা রহমানের বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

১১:০৭ এম


তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে ডা. জুবাইদা রহমানের বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন। উভয়েই জলবায়ু ন্যায়বিচার, টেকসই উন্নয়ন এবং ‘জিরো ওয়েস্ট’ (বর্জ্য শূন্য) লক্ষ্য অর্জনের জন্য বৈশ্বিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকটি মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত বিশ্ব জলবায়ু সম্মেলনের (কপ-৩১) সাইড লাইনে হয়।

বৈঠকের পর এমিনে এরদোয়ান সামাজিক যোগাযোগ মাধ্যম এনসোসিয়ালে একটি পোস্টে জানান, জলবায়ু ন্যায়বিচার, টেকসই উন্নয়ন এবং জিরো ওয়েস্ট লক্ষ্য এগিয়ে নিতে বৈশ্বিক সহযোগিতার গুরুত্ব নিয়ে আলোচনা হয়েছে।

এমিনে এরদোয়ান তুরস্কে এবং জাতিসংঘের বিভিন্ন উদ্যোগে জিরো ওয়েস্ট কার্যক্রমের নেতৃত্ব দিয়ে আসছেন, যা উল্লেখযোগ্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%