১১:৫১ পি.এম
জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু মন্তব্য করেছেন যে, স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের আক্রমণের ফলে জনপ্রিয় নেতা উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ নুর বাবুকে হারাতে হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বাবু হত্যাকাণ্ড ছিল প্রথম রাজনৈতিক হত্যার ঘটনা। তারা শুধু প্রকাশ্যে বাবুকে হত্যা করেই থেমে থাকেনি, খুনিদের বিচার বাধাগ্রস্ত করতে যা কিছু প্রয়োজন তা তারা করেছে। এই কারণে ১৬ বছর পরেও বাবু হত্যা মামলার বিচার হয়নি। বরং শেখ হাসিনা বাবুর খুনিদের বিনা ভোটে মেয়র ও চেয়ারম্যান বানিয়ে পুরস্কৃত করেছেন। শুধু বাবু নয়, বিএনপিকে দুর্বল করার জন্য অসংখ্য নেতাকর্মীকে তারা হত্যা ও গুম করেছে। এতদিন তারা ক্ষমতার জোরে বিচারকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে। কিন্তু এখন গণতান্ত্রিক সরকার ক্ষমতায় রয়েছে, আজ এই জনতার মহাসমাবেশে আমি ঘোষণা করছি যে, এ সরকারের আমলে আন্তর্জাতিক আদালতে বাবুর খুনিদের বিচার হবে ইনশাল্লাহ।
শনিবার (৯ অক্টোবর) বিকেলে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় নিহত নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বনপাড়া পৌর বিএনপির সভাপতি সানাউল্লাহ নুর বাবুর ১৬তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বনপাড়া বাজারে শহীদ বাবু চত্বরে জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এম লুৎফর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ।
আরও পড়ুন: সংসদ নির্বাচনে ভোট রক্ষায় দুর্বলতা ছিল, স্থানীয় নির্বাচনে ভুল হবে না: জামায়াত আমির
স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাব, সানাউল্লাহ নুর বাবুর সহধর্মিণী মহুয়া নুর কচি, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, জেলা বিএনপির সদস্য ও পিপি অ্যাডভোকেট আব্দুল কাদের মিয়া, সাবেক মেয়র ইসাহাক আলী, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট শরীফুল হক, অধ্যক্ষ আশরাফ আলী ও নাসিম উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব ইউপি চেয়ারম্যান আলী আকবর, বিএনপি নেতা জামাল উদ্দিন আলী, বনপাড়া পৌর বিএনপির সাবেক সম্পাদক সরদার রফিকুল ইসলাম, সাবেক যুগ্ম আহ্বায়ক এ বি এম ইকবাল হোসেন রাজু, উপজেলা যুবদলের সভাপতি মোস্তাফিজুর রহমান পারভেজ ও সম্পাদক মোস্তাফিজুল হক বকুল বক্তব্য রাখেন।
উল্লেখ্য, ২০১০ সালের ৮ অক্টোবর বনপাড়া বাজারে দলীয় কর্মসূচি পালনকালে আওয়ামী লীগ নেতাকর্মীদের নির্মম হামলায় প্রকাশ্যে দিবালোকে উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ নুর বাবু খুন হন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন