০৮:৪২ পি.এম
গাজীপুর, ১ নভেম্বর, ২০২৬ : উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ, অ্যাক্রেডিটেশন কার্যক্রমের প্রসার এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) এবং বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (বিএসি)।
আজ রোববার, বাউবির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আখতার হোসেন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেছে।
এই সময় দুই প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহযোগিতা, অভিজ্ঞতা বিনিময় এবং যৌথ উদ্যোগে বিভিন্ন কার্যক্রম পরিচালনার সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।
আরও পড়ুন: পাস করলেও পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে অনিশ্চয়তা
বাউবি প্রতিনিধিদলে ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আনিসুর রহমান এবং ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জহির রায়হান।
অন্যদিকে, বিএসির পক্ষে উপস্থিত ছিলেন পূর্ণকালীন সদস্য (প্রশাসন, অর্থ ও পরিকল্পনা) মো. এমদাদুল হক, পূর্ণকালীন সদস্য (বহিঃসম্পর্ক ও আইসিটি) অধ্যাপক ড. আহমেদ আব্দুল্লাহ জামাল, পূর্ণকালীন সদস্য (অ্যাক্রেডিটেশন ও কিউএ অ্যান্ড এনকিউএফ) অধ্যাপক ড. মো. শাহ এমরান এবং পূর্ণকালীন সদস্য (কাউন্সিল, গবেষণা ও প্রকাশনা) অধ্যাপক ড. মো. ওয়াকিলুর রহমান।
এ সময় বাউবির উপাচার্য বিএসির চেয়ারম্যান ও পূর্ণকালীন সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান। পরে দুই প্রতিষ্ঠানের মধ্যে উচ্চশিক্ষার মানোন্নয়ন ও অ্যাক্রেডিটেশন কার্যক্রম এগিয়ে নিতে সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
এ মতবিনিময় সভায় উপাচার্য বলেন, ‘উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিতকরণে অ্যাক্রেডিটেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় শিক্ষার মানোন্নয়ন, আন্তর্জাতিক মান অনুসরণ এবং প্রাতিষ্ঠানিক উৎকর্ষ সাধনে নিরলসভাবে কাজ করছে।'
আরও পড়ুন: প্রতিবন্ধীদের বন্ধু শিক্ষক আলী তানভীরের মানবিক উদ্যোগ
তিনি আরও বলেন, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের দিকনির্দেশনা ও সহযোগিতা আমাদের কার্যক্রমকে আরও গতিশীল করবে। উভয় প্রতিষ্ঠান পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় ও যৌথ উদ্যোগের মাধ্যমে দেশের উচ্চশিক্ষার গুণগত মান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে চায়।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এই সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা দেশের উচ্চশিক্ষার গুণগত মান উন্নয়নের পাশাপাশি দুই প্রতিষ্ঠানের মধ্যে ভবিষ্যৎ সহযোগিতার নতুন সম্ভাবনা তৈরি করবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন