ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

ফেনীর সিভিল সার্জন ডা. রুবাইয়াত ওএসডি


ফেনীর সিভিল সার্জন ডা. রুবাইয়াত ওএসডি

ফেনীর সিভিল সার্জন এবং ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিমকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। কিন্তু প্রজ্ঞাপনে ওএসডির সুনির্দিষ্ট কারণ উল্লেখ না করা থাকায় বিষয়টি ইউক্ত অঞ্চলে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) স্বাস্থ্য সেবা বিভাগের প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপে তাকে মহাখালীর স্বাস্থ্য অধিদফতরের সাথে সংযুক্ত করার নির্দেশনা দেয়া হয়েছে। এদিকে, জেলার দুটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য প্রশাসনিক পদে দায়িত্ব পালনকারী এই কর্মকর্তার আকস্মিক ওএসডির ঘটনায় ফেনী এলাকায় বিভিন্ন মহলে আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে।

আরও পড়ুন: নেছারাবাদের বলদিয়া ইউনিয়নে গণসংযোগ ও বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে আহমেদ

সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী, ডা. রুবাইয়াত বিন করিম দীর্ঘদিন ধরে ফেনীর সিভিল সার্জন ও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। স্থানীয় স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং প্রশাসনিক কার্যক্রমে তার ভূমিকা প্রশংসিত হয়েছে বলে অনেকেই দাবি করেছেন।

স্থানীয় সচেতন নাগরিকদের মধ্যে মতামত তৈরি হয়েছে যে, জেলার স্বাস্থ্য খাতের দুটি গুরুত্বপূর্ণ পদে একযোগে পরিবর্তন আনা হলে স্বাস্থ্যসেবা কার্যক্রমে সাময়িক প্রভাব পড়তে পারে। তারা দ্রুত পদগুলোতে যোগ্য কর্মকর্তার পদায়নের দাবি জানিয়েছেন।

এদিকে, ওএসডির পেছনের কারণ সম্পর্কে বিভিন্ন মহলে আলোচনা থাকলেও স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম বলেছেন, ‘আমাকে কেন ওএসডি করা হলো বা এর পেছনে কী কারণ রয়েছে, আমি এটাও জানি না। সরকারি চাকরিজীবী হিসেবে বদলি হওয়া স্বাভাবিক বিষয়। তবে, কোনো কারণ ছাড়া কেন এই সিদ্ধান্ত নেয়া হলো, সে বিষয়ে আমি অবগত নই।’

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় গরুবাহী ট্রলি খাদে পড়ে নিহত ১, আহত ২

সাম্প্রতিক পরিস্থিতিতে, জেলার স্বাস্থ্যসেবা কার্যক্রম স্বাভাবিক রাখতে দ্রুত প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য এবং তাকে পুনর্বহাল করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি স্থানীয় জনগণ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা আহ্বান জানিয়ে বলেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আর্জেন্টিনাকে ২০০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০৪:২৫ পি.এম


আর্জেন্টিনাকে ২০০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

আর্জেন্টিনাকে ২০০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। আন্তর্জাতিক আর্থিক সংস্থাটি এই অর্থায়ন প্যাকেজ অনুমোদন করেছে, যা দেশটির অর্থায়ন ব্যয় কমানো এবং সরকারি ঋণ ব্যবস্থাপনা আরও শক্তিশালী করতে সহায়তা করবে।

মঙ্গলবার এক বিবৃতিতে বিশ্বব্যাংক জানিয়েছে, এই উদ্যোগের মাধ্যমে বাণিজ্যিক ঋণ হিসেবে ২০০ কোটি মার্কিন ডলার অর্থায়ন প্যাকেজ অনুমোদন করা হয়েছে।

বিশ্বব্যাংকের মতে, এই অর্থায়ন পরিকল্পনায় দুটি গ্যারান্টি একত্র করা হয়েছে। এর মধ্যে প্রথমটি হলো আন্তর্জাতিক পুনর্গঠন ও উন্নয়ন ব্যাংকের (আইবিআরডি) একটি নীতিভিত্তিক গ্যারান্টি এবং দ্বিতীয়টি বহুপক্ষীয় বিনিয়োগ গ্যারান্টি সংস্থার (মিগা) গ্যারান্টি।

সংস্থাটি জানিয়েছে, এই গ্যারান্টির আওতায় নেওয়া বাণিজ্যিক ঋণের মেয়াদ হবে ছয় বছর। এর মধ্যে থাকছে প্রথম তিন বছর গ্রেস পিরিয়ড বা ঋণ পরিশোধে ছাড়ের সময়। বিশ্বব্যাংকের ভাষ্য অনুযায়ী, এই অর্থায়ন প্যাকেজ আর্জেন্টিনাকে আন্তর্জাতিক আর্থিক বাজার থেকে তুলনামূলক কম খরচে অর্থ সংগ্রহে সহায়তা করবে এবং সরকারি ঋণ ব্যবস্থাপনাকে আরও কার্যকর করতে ভূমিকা রাখবে।

প্রসঙ্গত, ডলারের মজুত তলানিতে ঠেকে যাওয়ায় করোনা মহামারির পর থেকে মূল্যস্ফীতি বাড়ছে আর্জেন্টিনায়। ২০২৪ সালে দেশটির ইতিহাসে প্রথমবারের মতো মূল্যস্ফীতির হার ছুঁয়েছে ১০০-র কোঠা। ফলে খাদ্য-ওষুধ-জ্বালানিসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যের লাগামহীন আকাশছোঁয়া মূল্যে নাভিশ্বাস উঠছে দেশটিতে থাকা মানুষদের। সূত্র: রয়টার্স

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পুলিশ নয়, এবার সাংবাদিক হয়ে ফিরে আসছেন অপূর্ব

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০৪:২৬ পি.এম


পুলিশ নয়, এবার সাংবাদিক হয়ে ফিরে আসছেন অপূর্ব

দীর্ঘ দুই বছর পর ওটিটিতে আবার ফিরছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। এবার দর্শকের সামনে তিনি একজন অনুসন্ধানী সাংবাদিকের ভূমিকায় হাজির হবেন।

নতুন ওয়েব সিরিজ ‘হেডলাইন’-এ কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তিনি, যার পরিচালনা করেছেন সালেহ সোবহান অনীম।

মুক্তির প্রাক্কালে ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে সিরিজটির ট্রেলার। ট্রেলারে সাংবাদিকতার একাধিক চ্যালেঞ্জ, ক্ষমতার আড়ালে লুকিয়ে থাকা অনিয়ম-দুর্নীতি, ব্যক্তিগত সংকট, এবং পারিবারিক সম্পর্কের টানাপোড়েনের দৃশ্যাবলিও নজর কাড়ছে। থ্রিলারধর্মী এই গল্পটিতে সমসাময়িক বাস্তবতার প্রতিফলনও ঘটানো হয়েছে।

সিরিজটিতে ‘জহির’ নামের এক সাংবাদিকের চরিত্রে অপূর্বকে দেখা যাবে। এই চরিত্র নিয়ে তিনি বলেন, ‘জহির চরিত্রটার একটা দারুণ গ্রাফ আছে। গল্পের বিভিন্ন পর্যায়ে তাকে ভিন্ন ভিন্ন রূপে দেখা যায়। কখনো সে খুবই আবেগপ্রবণ, আবার কখনো বাস্তবতার কঠিন মুখোমুখি দাঁড়িয়ে সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। একজন অভিনেতা হিসেবে এই ধরনের বহুস্তরীয় চরিত্র সবসময়ই আমাকে আকৃষ্ট করে।’

এর আগে ২০২৪ সালে ‘গোলাম মামুন’ ওয়েব সিরিজে পুলিশের চরিত্রে দেখা গেছে অপূর্বকে। এরপর থেকে আর ওটিটিতে তাকে দেখা যায়নি। সিরিজটির সিক্যুয়াল দিয়েও আবার ফেরার কথা ছিল তার। কিন্তু প্রকল্পটি পিছিয়ে যাওয়ায় এবার তিনি সাংবাদিকের চরিত্রে ফিরছেন।

এদিকে, এই সিরিজের মাধ্যমে তিন বছর পর আবারও ওটিটিতে ফিরছেন আফসান আরা বিন্দু। নতুন এই কাজ নিয়ে তিনি বেশ আশাবাদী এবং দর্শকদের প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছেন।

আট পর্বের ‘হেডলাইন’-এ অপূর্ব ছাড়াও অভিনয় করেছেন ইয়াশ রোহান, আফসান আরা বিন্দু, সারিকা সাবরিন, ফারহানা হামিদ, শ্যামল মাওলা, রাই রাজন্যা, অর্নিল বিরল, মনিরুল ইসলাম রুবেল, আমিনুর রহমান মুকুল, এ কে আজাদ সেতু, সাহানা রহমান সুমি, আরিফিন জিলানী, জাহাঙ্গীর আলমসহ আরও অনেকে।

জানা গেছে, সিরিজটি আগামী ২৫ জুন ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তীব্র শারীরিক যন্ত্রণা উপেক্ষা করেই মঞ্চে সোনু নিগম, কী হয়েছে গায়কের

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০৪:২৭ পি.এম


তীব্র শারীরিক যন্ত্রণা উপেক্ষা করেই মঞ্চে সোনু নিগম, কী হয়েছে গায়কের

জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সোনু নিগম মারাত্মক স্নায়ুর সমস্যায় ভুগছেন। তীব্র শারীরিক কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন তিনি এবং একের পর এক স্বাস্থ্য পরীক্ষা চললেও নিজের পেশাগত দায়িত্ব থেকে সরে দাঁড়াতে নারাজ এই তারকা। সম্প্রতি মুম্বাইয়ে একটি লাইভ কনসার্টে অংশ নেওয়ার আগে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করে ভক্তদের সাথে নিজের এই অসুস্থতার কথা ভাগ করেছেন।

ভিডিওতে সোনু নিগম জানিয়েছেন, গত এক সপ্তাহ ধরে তিনি ‘পিনচড নার্ভ’ বা স্নায়ু চেপে যাওয়ার সমস্যায় ভুগছেন। এই তীব্র ব্যথার উৎস ও কারণ নিশ্চিত করতে গত কয়েক দিন ধরে তাকে এমআরআই এবং সিটি স্ক্যানসহ নানা ধরনের জটিল মেডিকেল পরীক্ষার মধ্যে যেতে হয়েছে। এক্ষেত্রে, নিয়মিত প্রচুর ওষুধ সেবন করতেই হচ্ছে তাকে।

চিকিৎসা প্রক্রিয়ার অংশ হিসেবে ফিজিওথেরাপির অভিজ্ঞতাকে অত্যন্ত কষ্টদায়ক বলে উল্লেখ করেছেন এই সংগীতশিল্পী। বর্তমানে ব্যথানাশক বা পেইনকিলারের ওপর নির্ভর করে দৈনন্দিন কাজ ও চলাচল করতে হচ্ছে তাকে। তবে এই ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে তার গला কিছুটা ভারী হয়ে গেছে, যা একজন পেশাদার গায়কের জন্য লাইভ পারফরম্যান্সের আগে উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

এত বড় শারীরিক প্রতিবন্ধকতার পরেও তিনি ভক্তদের হতাশ করতে চাননি সোনু নিগম। দীর্ঘ বিরতির পর মুম্বাইয়ের মঞ্চে ফিরে আসার কথা জানিয়ে তিনি পরিষ্কার করেছেন যে, যত কষ্টই সাধ্য হোক না কেন, পূর্বনির্ধারিত কনসার্টটি বাতিল করার কোনো পরিকল্পনা তার নেই। যেকোনো মূল্যে তিনি মঞ্চে উঠবেন এবং দর্শকদের গান শোনাবেন।

ভিডিওটি প্রকাশ পাওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে লাখো ভক্ত-অনুরাগী সোনু নিগমের দ্রুত আরোগ্য কামনা করে বার্তা পাঠাতে শুরু করেছেন। অসুস্থতার মধ্যেও শ্রোতাদের প্রতি তার সততা, নিবেদন এবং অদম্য পেশাদারত্ব দেখে নেটিজেনরা এই কিংবদন্তি শিল্পীর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।

সূত্র: এনডিটিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজ প্রণালীতে ‘টোল’ নয়, ‘ফি’—এর অর্থ কী?

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০৪:২৮ পি.এম


হরমুজ প্রণালীতে ‘টোল’ নয়, ‘ফি’—এর অর্থ কী?

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালী এই সপ্তাহের মধ্যেই ‘স্থায়ীভাবে টোলমুক্ত’ এবং ‘সম্পূর্ণ উন্মুক্ত’ হবে। কিন্তু ইরান একই সময়ে সংকেত দিয়েছে যে, প্রণালীটি অতিক্রমকারী বাণিজ্যিক ট্যাঙ্কারগুলোর কাছ থেকে নির্দিষ্ট কিছু সেবার বিনিময়ে ‘ফি’ আদায় করা হতে পারে।

এই ‘সেবা ফি’ বাণিজ্যিক নৌপরিবহনে অতিরিক্ত ব্যয় ও জটিলতা সৃষ্টি করতে সক্ষম হতে পারে এবং এটি এমন পরিস্থিতি তৈরি করতে পারে যা যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পূর্বে ভাবেনি। বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ এই সংকীর্ণ নৌপথ দিয়ে পরিবাহিত হচ্ছে। কিন্তু যদি তেহরান এই ফি নেওয়ার পদক্ষেপ বাস্তবায়িত করে, তবে এটি আন্তর্জাতিক নৌপথ ব্যবহারের ক্ষেত্রে একটি নতুন ও বিতর্কিত দৃষ্টান্ত স্থাপন করবে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, তেহরান হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোর উপর নিরাপত্তা, পরিবেশ সুরক্ষা ও অন্যান্য সামুদ্রিক সেবার সঙ্গে সম্পর্কিত ফি আরোপের বিষয়টি বিবেচনা করছে।

এদিকে সাংবাদিকদের তিনি বলেন, 'হরমুজ প্রণালী আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক আইনের আলোকে ইরানের জাতীয় নিরাপত্তা ও ইসলামি প্রজাতন্ত্রের স্বার্থ রক্ষায় আমরা কিছু নির্দিষ্ট প্রক্রিয়া গ্রহণ করেছি।'

বাঘাই আরও বলেন, 'আমরা ট্রানজিট টোল আরোপ করতে চাই না। তবে যেসব সেবা প্রদান করা হবে, তার বিনিময়ে ফি নেয়া হবে।'

কিন্তু কী ধরনের সেবা দেওয়া হবে, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি। তিনি জানান, এ প্রস্তাব নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আরও আলোচনা দরকার।

বিশ্লেষকদের মতে, এই গুরুত্বপূর্ণ নৌপথের ওপর নিজেদের প্রভাবকে অর্থনৈতিকভাবে কাজে লাগানোর প্রচেষ্টার অংশ হতে পারে ইরানের এই নতুন উদ্যোগ।

আইনগতভাবে টোল ও সেবা ফি- এর মধ্যে পার্থক্য রয়েছে। টোল হচ্ছে কোনো পথ ব্যবহারের জন্য সরাসরি অর্থ প্রদান। আর সেবা ফি হচ্ছে বাস্তব কোনো সেবা প্রদানের বিনিময়ে নেয়া অর্থ, যেমন– ট্রানজিটের সময় বন্দরে বর্জ্য নিষ্কাশনের ব্যবস্থা করা।

আন্তর্জাতিক সামুদ্রিক আইন নিয়ন্ত্রণকারী ইউনাইটেড নেশনস করভেনশন অন দ্য ল অব দ্য সি (ইউএনসিএলওএস)-এর তথ্য অনুযায়ী, প্রণালীর সীমান্তবর্তী দেশগুলো শুধুমাত্র যাতায়াতের অনুমতির জন্য অর্থ দাবি করতে পারে না।

তবে পাইলটিং, টাগিং বা বন্দরসেবার মতো নির্দিষ্ট কিছু সেবা দেওয়ার ক্ষেত্রে সীমিত ফি আরোপ করা যেতে পারে। তবে এসব ফি কোনো নির্দিষ্ট দেশের জাহাজের বিরুদ্ধে বৈষম্যমূলকভাবে চাপানো যাবে না।

বিশেষজ্ঞদের মতে, কিছু ক্ষেত্রে ইরান ফি নিতে পারলেও, দীর্ঘদিন ধরে উন্মুক্ত থাকা একটি প্রাকৃতিক নৌপথ দিয়ে চলাচলের জন্য সরাসরি টোল আরোপ আইনসম্মত হবে না।

নেভাল ওয়ার কলেজের সামুদ্রিক কৌশল বিভাগের প্রধান জেমস আর হোমস নিউইয়র্ক টাইমসকে বলেন, 'আন্তর্জাতিক আইনে কোনো উপকূলীয় রাষ্ট্রের প্রাকৃতিক জলপথ দিয়ে যাতায়াতের জন্য মাশুল আদায়ের কোনো বিধান নেই, আপনি একে টোল বা ফি বা অন্য যা-ই বলুন না কেন।'

তিনি উদাহরণ হিসেবে মালাক্কা ও তাইওয়ান প্রণালীর কথা উল্লেখ করেন। তবে তিনি উল্লেখ করেছেন যে, পানামা বা সুয়েজ খালের মতো কৃত্রিম নৌপথের ক্ষেত্রে সংশ্লিষ্ট রাষ্ট্রগুলো নানা ধরনের অবকাঠামো ও সেবা দিয়ে থাকে, যার জন্য অর্থ নেওয়া হয়।

হোমসের মতে, 'হরমুজ একটি প্রাকৃতিক নৌপথ। আমার বিবেচনায়, ইরান যদি কোনো সেবার জন্য অর্থ নিতে চায়, তবে সেটি সম্ভবত জাহাজে হামলা না করার বিনিময়ে। কিন্তু শুধু হামলা না করাকে কোনো প্রকৃত সেবা হিসেবে গণ্য করা যায় না।'

হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজ কাছ থেকে অর্থ আদায়ের ধারণাটি প্রথম সামনে আসে ফেব্রুয়ারির শেষ দিকে যুদ্ধ শুরু হওয়ার পর।

ইরান আঞ্চলিক জলসীমায় নিয়ন্ত্রণ বাড়ানোর পদক্ষেপ নেয়ার পর মার্চ মাসে ঘোষণা দেয় যে, প্রণালীটি ব্যবহারকারী জাহাজগুলোর কাছ থেকে অর্থ নেয়া হতে পারে।

পরবর্তীতে মে মাসে 'নিরাপদ যাতায়াত অনুমতিপত্র' ব্যবস্থাপনার জন্য পারস্য উপসাগরীয় প্রণালী কর্তৃপক্ষ গঠন করা হয়।

একই মাসে ইরান ও হরমুজ প্রণালীর অপর পাড়ের প্রতিবেশী দেশ ওমান জাহাজ চলাচলের জন্য সেবা-ভিত্তিক অর্থপ্রদানের একটি সম্ভাব্য ব্যবস্থা নিয়েও আলোচনা করে।

এদিকে হরমুজ প্রণালী ব্যবহারকারী জাহাজের ওপর সম্ভাব্য ফি আরোপের ধারণা বিশ্বনেতাদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। তারা আশঙ্কা করছেন যে, গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক রুট হয়তো আর কখনো যুদ্ধপূর্ব অবস্থায় ফিরবে না।

সূত্র: এনডিটিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%