০৪:০২ পি.এম
ময়মনসিংহে ভেটেরিনারি চিকিৎসক ডা. মো. আশিকুর রহমান ও ডা. মো. আব্দুল হান্নানের ওপর হামলা, মারধর ও চেম্বার ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের শিক্ষক এবং শিক্ষার্থীরা। রোববার (২৩ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সংলগ্ন গ্রন্থাগারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান, সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের অধ্যাপক ড. মো. মোশাররফ উদ্দীন ভূঞা এবং অধ্যাপক ড. মো. মাহমুদুল আলম, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক ড. মো. আবদুল আলীমসহ ভেটেরিনারি অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।
জানা গেছে, গত ২১ আগস্ট সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর জিলা স্কুলের পাশে অবস্থিত ‘ডক্টরস পেট কেয়ার’ নামের ভেটেরিনারি চেম্বারে ডা. মো. আশিকুর রহমানের ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় তার ওপর মারধরের পাশাপাশি চেম্বারে ভাঙচুর করা হয়। এর আগে ২০ আগস্ট কেওয়াটখালি বাজারে অবস্থিত ডা. মো. আব্দুল হান্নানের ‘ভেট এন্ড পেট কেয়ার ময়মনসিংহ’ এ একই ব্যক্তিরা হামলা করেন। উল্লেখ্য, ডা. আশিকুর রহমান ও ডা. মো আব্দুল হান্নান উভয়েই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের প্রাক্তন শিক্ষার্থী।
আরও পড়ুন: মুসলিম পরিচয়ে প্রেম-বিয়ের আসরে জানা গেল হিন্দু, অতঃপর নাজমা খাতুনের আত্মহত্যা
মানববন্ধনে বক্তারা উল্লেখ করেন, একজন ভেটেরিনারি চিকিৎসকের কর্মস্থলে প্রবেশ করে তার ওপর হামলা ও মারধর দ্বারা কোনোভাবেই পরিস্থিতি গ্রহণযোগ্য নয়। এই ধরনের ঘটনা চিকিৎসকদের নিরাপত্তা এবং পেশাগত পরিবেশের জন্য হুমকিস্বরূপ। তারা ঘটনার সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্তে হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে জনসমক্ষে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। এক্ষেত্রে ভবিষ্যতে কোনো চিকিৎসক যেন কর্মস্থলে এ ধরনের হামলার শিকার না হন, সেই জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
এ সময় অধ্যাপক ড. মো. মোশাররফ উদ্দীন ভূঞা বলেন, ডা. আশিকুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় আমি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, একজন শিক্ষক এবং ভেটেরিনারি পেশার কর্মী হিসেবে তীব্র নিন্দা জানাচ্ছি। মানববন্ধনের মাধ্যমে প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।
অধ্যাপক ড. মো. মাহমুদুল আলম বলেন, ডা. আশিকুর রহমান ও ডা. আব্দুল হান্নানের ওপর হামলার এই সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের অতিসত্বর গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা উচিত।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম বলেন, একজন ভেটেরিনারিয়ান হিসেবে আমি এ ঘটনার কারণে অত্যন্ত ব্যথিত। এ ঘটনার সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি দাবি করছি।
আরও পড়ুন: চট্টগ্রাম হবে সব ধর্মের মানুষের নিরাপদ ও সম্প্রীতির নগরী: মেয়র ডা. শাহাদাত হোসেন
ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. বাহানুর রহমান বলেন, ডা. আশিকুর রহমান ও ডা. আব্দুল হান্নানের ওপর যে সন্ত্রাসী হামলা হয়েছে, তার প্রতিবাদ জানাচ্ছি। আমি আশা করছি, সরকার এ ঘটনার বিরুদ্ধে ব্যবস্থা নেবে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন