সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৭:৪০ পি.এম
ঢাকা, ৭ সেপ্টেম্বর, ২০২৬ : মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বৃদ্ধি, বড় অবকাঠামো প্রকল্পে স্বচ্ছতা নিশ্চিত করা এবং বাণিজ্য পরিবেশকে আরও সহজতর করা।
এ বৈঠকটি সোমবার রাজধানীর এফবিসিসিআই কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, জ্বালানি খাতে অংশীদারিত্ব এবং সাম্প্রতিক নীতি সংস্কারসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
মার্কিন রাষ্ট্রদূত ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) প্রকল্পের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, "বড় অবকাঠামো প্রকল্পে স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক পরিবেশ বজায় রাখা গেলে বিদেশি উদ্যোক্তাদের আস্থা আরও বাড়বে।" তিনি আরও জানান, মার্কিন কোম্পানিগুলো বাংলাদেশে কাজ করতে অত্যন্ত আগ্রহী এবং উন্মুক্ত প্রতিযোগিতার সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির মার্কিন বিনিয়োগকারীদের স্বাগত জানিয়ে বলেন, "দ্রুততম সময়ে এফএসআরইউ সরবরাহের সক্ষমতা দেখাতে পারলে মার্কিন কোম্পানিগুলোর প্রস্তাব সর্বোচ্চ গুরুত্ব পাবে।" তিনি উল্লেখ করেন, স্বল্প সময়ে কার্যকর সরবরাহ পরিকল্পনা উপস্থাপন তাদের অবস্থানকে আরও শক্তিশালী করবে।
রাষ্ট্রদূত আমদানি নীতি প্রসঙ্গে বলেন, "নতুন নীতিতে বেশ কিছু ইতিবাচক পরিবর্তন এসেছে, যা প্রশংসনীয়।" তবে তিনি কিছু ধারা আরও ব্যবসাবান্ধব করার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
বাণিজ্যমন্ত্রী এ বিষয়ে স্পষ্ট করে বলেন, "আমদানি নীতি একটি চলমান প্রক্রিয়া।" তিনি জানান, বাজার ও অর্থনীতির বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম নিয়মিত পর্যালোচনা করা হচ্ছে।
মন্ত্রী কৌশলগত সরঞ্জাম ক্রয়ের ক্ষেত্রে বিদেশি প্রতিষ্ঠানের জন্য স্থানীয় এজেন্ট নিয়োগের পুরনো বাধ্যবাধকতা বাতিলের বিষয়টি তুলে ধরে জানান, সরাসরি প্রস্তুতকারক প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার সুযোগ তৈরি হওয়ায় প্রক্রিয়ায় স্বচ্ছতা ফিরেছে এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধ হয়েছে।
জ্বালানি সহযোগিতা নিয়ে রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন আন্তর্জাতিক সরবরাহকারী প্রতিষ্ঠান ‘গানভর’-এর সঙ্গে চুক্তিকে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে অভিহিত করেন। বাণিজ্যমন্ত্রী আশ্বস্ত করে বলেন, "সরকার প্রতিটি ক্ষেত্রে জাতীয় স্বার্থ সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে এবং ভবিষ্যতেও তা বজায় থাকবে।"
বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান, বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মুস্তাফিজুর রহমান এবং মার্কিন দূতাবাসের ইকোনমিক চিফ এঞ্জেলো পালাজ্জেলো উপস্থিত ছিলেন।
উভয় পক্ষই আশাবাদ ব্যক্ত করেন যে, নিয়মিত এমন আলোচনার মধ্য দিয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক আগামী দিনে আরও এক ধাপ এগিয়ে যাবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার ২০২৭–২০২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে এবং শপথ গ্রহণের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
গত ৫ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখে সংগঠনের নাগেশ্বরী উপজেলা শাখার নতুন কমিটি গঠনের কাজ সম্পন্ন হয়। নবগঠিত কমিটিতে আলহাজ্ব হারিসুল বারী রনি সভাপতি হিসেবে এবং মাওলানা মুহাম্মাদ রফিকুল ইসলাম সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন।
নবগঠিত কমিটির অন্যান্য দায়িত্বশীলদের মধ্যে রয়েছেন—
সহ-সভাপতি: মাওলানা আজহারুল ইসলাম, মুহাম্মাদ গোলাম আজম ও মাওলানা মোতালেব হোসাইন মুক্তিবাদী।
জয়েন্ট সেক্রেটারি: মাওলানা মুহাম্মাদ ইয়াছিন আলী।
অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি: মুহাম্মাদ বজলুর রশিদ প্রিয়।
সাংগঠনিক সম্পাদক: মুহাম্মাদ মোকছেদুর রহমান।
প্রচার সম্পাদক: মাওলানা মুহাম্মাদ আবুল হাসান।
দপ্তর সম্পাদক: হাফেজ মুহাম্মাদ ফজলুল করিম।
অর্থ ও প্রকাশনা সম্পাদক: মুহাম্মাদ গোলাম সরোয়ার লিটন।
প্রশিক্ষণ সম্পাদক: মাওলানা আমিনুল ইসলাম।
দাওয়াহ ও জনশক্তি সম্পাদক: মুহাম্মাদ হায়দার আলম।
আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক: মুহাম্মাদ আব্দুল গফুর পুলিশ।
ছাত্র ও মহিলা ইউনিট সম্পাদক: মুহাম্মাদ সাইফুর রহমান রাজু।
ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক: মুহাম্মাদ এমদাদুল হক।
শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক: মুহাম্মাদ আব্দুল আউয়াল।
নির্বাচন ও জনপ্রতিনিধি সম্পাদক: মুহাম্মাদ নবীরুর রহমান।
এছাড়া কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন— মুহাম্মাদ সাখাওয়াত হোসেন, মুহাম্মাদ হাফিজুর রহমান মন্ডল, মুফতি এটিএম সিরাজুল ইসলাম রতন, মুহাম্মাদ ইব্রাহীম হক, নূর মুহাম্মাদ বাচ্চু, মুহাম্মাদ সজীব হাসান তন্ময় এবং মুহাম্মাদ আজাদ আলী।
নবগঠিত কমিটির দায়িত্বশীলদের শপথ গ্রহণ অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ, নাগেশ্বরী উপজেলা শাখার অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির দায়িত্বশীলরা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি সাংগঠনিক দায়িত্ব যথাযথভাবে পালনের প্রত্যয় ব্যক্ত করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ফেনীর ফুলগাজীতে চলন্ত ক্রাশিং মেশিনে আটকা পড়ে নুর ইসলাম (৬০) নামের এক মিল মালিকের মৃত্যু হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার মুক্তবাজার এলাকার হযরত শাহজালাল ক্রাশিং মেশিনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুর ইসলাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের কালিরহাট গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি মুক্তবাজারে অবস্থিত হযরত শাহজালাল ক্রাশিং মেশিনের মালিক। এক যুগেরও বেশি সময় ধরে তিনি ওই মিল পরিচালনা করে আসছিলেন।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার বিকেলে এক ব্যক্তি গম ভাঙাতে ওই মিলে আসেন।
এ সময় নুর ইসলাম নিজেই মেশিন চালু করতে যান। মেশিন চালু করার সঙ্গে সঙ্গে তার পরনের লুঙ্গি বেল্টের সঙ্গে আটকে যায়। মুহূর্তের মধ্যে তিনি মেশিনের ভেতরে ঢুকে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় ঘটনাস্থল থেকে নুর ইসলামের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী অ্যাডভোকেট খুরশীদ আলম বলেন, ‘আমার চেম্বার মিলের পাশে এ ঘটনা ঘটেছে। পরে স্থানীয়রা সবাই ছুটে আসেন। আমরাও সেখানে গিয়ে নুর ইসলামের মরদেহ দেখতে পাই। তিনি খুব ভালো মানুষ ছিলেন।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফেনী মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রব বলেন, ‘আমরা মিল মালিক নুর ইসলামের মরদেহ উদ্ধার করেছি।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাদুশিল্পী আলীরাজ বাংলাদেশের জাদুশিল্পকে আন্তর্জাতিক স্তরে আরো পরিচিত করার লক্ষ্যে দীর্ঘকাল ধরে কাজ করে আসছেন। তিনি ইতিমধ্যে ইউরোপ, আমেরিকা এবং এশিয়ার বিভিন্ন দেশে একক জাদু প্রদর্শনীর মাধ্যমে নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন।আন্তর্জাতিক একটি সংস্থার আমন্ত্রণে, আলীরাজ জাপানে মাসব্যাপী একক জাদু প্রদর্শনীতে অংশগ্রহণ করতে যাচ্ছেন। সেখানে তিনি দেশের বিভিন্ন মঞ্চে তাঁর উদ্ভাবনী জাদু পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করবেন।
দেশের শীর্ষস্থানীয় উৎসব ও আয়োজনে নিয়মিত জাদু পরিবেশন করার পাশাপাশি, আন্তর্জাতিক মঞ্চেও তিনি দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। ইতিমধ্যে, আলীরাজ ইউরোপ, আমেরিকা এবং এশিয়ার প্রায় ১৯টি দেশে একক জাদু প্রদর্শনী সম্পন্ন করেছেন।এবার জাপানে মাসব্যাপী একক প্রদর্শনীর জন্য তিনি একমাত্র মনোনীত শিল্পী হিসেবে আমন্ত্রণ পেয়েছেন। সেখানে ধারাবাহিকভাবে তাঁর জাদু পরিবেশনাগুলি অনুষ্ঠিত হবে।তিনি মনে করেন, এমন আন্তর্জাতিক আয়োজনের মাধ্যমে বাংলাদেশের জাদুশিল্পের বৈচিত্র্য ও সম্ভাবনাকে বিশ্বদরবারে তুলে ধরার সুযোগ সৃষ্টি হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নেপালের প্রতি সমর্থন জানাতে উয়েফা। ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ভয়াবহ বন্যায় নিহতদের স্মরণে নীরবতা পালন করবে।এই বিষয়টি একটি বিবৃতির মাধ্যমে নিশ্চিত করেছে উয়েফা।২০২৬-২৭ মৌসুমের চ্যাম্পিয়নস লিগ আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে। চলতি সপ্তাহের সকল ম্যাচে এক মিনিটের নীরবতা পালন করবে উয়েফা। নীরবতার সময় ব্যানারে লেখা থাকবে, ‘নেপাল, তুমি একা নও’।
বিবৃতিতে উয়েফা সভাপতি আলেক্সান্ডার সেফরিন উল্লেখ করেছেন, ‘চলতি সপ্তাহের ম্যাচগুলো শুরুর আগে একত্রে দাঁড়িয়ে নেপালের মানুষের প্রতি গভীর সমবেদনা ও সমর্থন জানাবে পুরো ইউরোপীয় ফুটবল পরিবার। এই ভয়াবহ বিপর্যয় এবং পরবর্তী পরিস্থিতি থেকে পুনরুদ্ধারে নেপালের মানুষের শক্তি ও মানসিক দৃঢ়তা কামনা করছি।’
গত ২৬ আগস্ট চীনের সঙ্গে নেপালের সীমান্তবর্তী অঞ্চলে হিমবাহ ধসে ত্রিশূলী নদীতে বরফ, পাথর ও কাদার ভয়াবহ ঢল নেমেছিল। এর ফলে তীরবর্তী শহর ও গ্রামের ব্যাপক ক্ষতি হয়
হাজারো মানুষের প্রাণহানি ঘটে। নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ১ হাজার ২৯৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছে আরো ৫ হাজার ৫৩ জন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ