০৮:২৯ পি.এম
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ১২ ও ১৪ বছর বয়সি দুই কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে পুলিশের একজন কথিত সোর্স, যিনি সাগর নামে পরিচিত, গ্রেফতার করা হয়েছে।
এই ঘটনায় সাগর এবং লামিয়াসহ অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার হওয়া সাগরকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
মামলার এজাহার থেকে জানা যায়, ভুক্তভোগী দুই কিশোরী প্রতিবেশী। তারা ২৮ সেপ্টেম্বর নিখোঁজ হয়। এক কিশোরীর মা দক্ষিণ কেরানীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে ১৬ অক্টোবর তারা বাড়িতে ফিরে আসলে স্বজনদের কাছে নির্যাতনের বিষয়টি জানান।
আরও পড়ুন: নওগাঁয়ে ঘরে মাটির নিচে ২৪৫ কেজির কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধার, আটক ১
এজাহারে অভিযোগ করা হয়েছে, কালীগঞ্জ বাজারের হারুন মিয়ার মার্কেটের ষষ্ঠ তলায় সাগরের নাচের স্কুলে দুই কিশোরীকে আটকে রেখে নির্যাতন করা হয়। এরপর সাগর ও লামিয়া তাদের রাজধানীর বসুন্ধরা এলাকার একটি বাড়িতে নিয়ে যান। সেখানে ২২ দিন আটকে রেখে অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনের সহযোগিতায় তাদের পালাক্রমে ধর্ষণ করা হয় বলে উল্লেখ করা হয়েছে।
এজাহার অনুযায়ী, কিশোরীদের পরিবারের সদস্যরা তাদের খুঁজতে থাকায় অভিযুক্তরা তাদের বসুন্ধরা এলাকায় নিয়ে যায়। পরে দুই কিশোরী অসুস্থ হয়ে পড়লে অভিযুক্তরা পালিয়ে যায় এবং তাদের সেখানে রেখে চলে যায়।
পরে ওই দুই কিশোরী বসুন্ধরা থেকে কেরানীগঞ্জের উদ্দেশে রওনা দেয়। কদমতলী এলাকায় সাগর অবস্থান করছেন এবং তাদের আবার ধরে নিয়ে যেতে পারেন—এমন খবর পেয়ে তারা সেখানে না নেমে বিক্রমপুরে নানার বাড়িতে চলে যায়। পরে তাদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।
চিকিৎসা শেষে গত মঙ্গলবার (২৭ অক্টোবর) ভুক্তভোগী এক কিশোরীর মা বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করেন। মামলায় সাগর ও লামিয়ার নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনকে আসামি করা হয়েছে।
আরও পড়ুন: দিনাজপুর বোর্ডের ১ কোটি ২৬ লাখ টাকার দুর্নীতির তদন্তের নির্দেশ
দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আজগর হোসেন জানান, মামলা দায়েরের পর সাগরকে গ্রেফতার করা হয়েছে। অন্য অভিযুক্তদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। সাগরকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন