০৪:৪৭ পি.এম
ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের শান্তিচুক্তিকে একপ্রকার উড়িয়েই দিয়েছেন।
সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বেন-গভির সাফ উল্লেখ করেন, ইসরায়েলের নিরাপত্তাসংক্রান্ত সিদ্ধান্ত ওয়াশিংটনে নয়, জেরুজালেমেই নেওয়া হবে।
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের শান্তিচুক্তির আলোচনার মধ্যে ইসরায়েল না থাকলেও দেশটিকে কিছু নিয়ম মেনে চলতে হবে। উদাহরণস্বরূপ, চুক্তি অনুযায়ী লেবাননে হামলা বন্ধ করতে হবে এবং লেবাননের ভূখণ্ড থেকে সম্পূর্ণভাবে সেনা প্রত্যাহার করতে হবে।
আরও পড়ুন: খাদ্যমন্ত্রী: দেশে ১৭ লাখ মেট্রিক টন চাল মজুদ রয়েছে
তবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে বেন-গভির লিখেছেন, "ট্রাম্পের এই চুক্তি আমাদের ওপর বাধ্যতামূলক নয়। ইসরায়েল যুক্তরাষ্ট্রের অধীন নয়, বরং আমরা একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। আমরা যুক্তরাষ্ট্রকে ভালোবাসি এবং প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি কৃতজ্ঞ। তবুও ইসরায়েল কোনও বানানা রিপাবলিক নয়।"
দীর্ঘ বিবৃতিতে কট্টর ডানপন্থী এই মন্ত্রী আরও লিখেছেন, "ইসরায়েলের নাগরিক, আইডিএফের (ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী) সৈন্য এবং ইহুদি জনগণের প্রতি আমাদের দায়িত্ব রয়েছে। একই সঙ্গে, হাজার বছরের নির্বাসনকালে নির্যাতিত ও নিহত ইহুদিদের প্রতি আমাদের ঐতিহাসিক দায়িত্ব হলো ইসরায়েলের ভূখণ্ডে ইহুদিদের নিরাপত্তা নিশ্চিত করা।"
আন্তর্জাতিক চাপের কাছে নতি স্বীকার না করার আহ্বান জানিয়ে বেন-গভির দাবি করেন, অতীতের বিভিন্ন কূটনৈতিক সমঝোতা ইসরায়েলের নিরাপত্তা অবস্থানকে দুর্বল করেছে। তার ভাষায়, "প্রতিবারই যখন আমরা ইসরায়েলের নিরাপত্তার বিনিময়ে আন্তর্জাতিক চাপের কাছে নতি স্বীকার করেছি, তখন সুদে-আসলে রক্তের মূল্য দিতে হয়েছে।"
এই সময় তিনি অসলো চুক্তি, ২০০৬ সালের লেবানন চুক্তি এবং গাজায় অতীতের ‘সংযম নীতির’ উদাহরণ তুলে ধরেন।
আরও পড়ুন: আরামকো ভবনে হুতিদের ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ, সৌদি প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করেছে
যদি এটি ইসরায়েল সরকারের আনুষ্ঠানিক অবস্থান হয়ে থাকে, তাহলে আগামীর ধারাবাহিকতা ট্রাম্পের সঙ্গে তাদের বৈরিতা অবশ্যম্ভাবী। কারণ ইরান যুদ্ধের অবসান ঘটাতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট এবং বারবার ইসরায়েলকে লেবাননে হামলা বন্ধ করতে বলেছেন। ইরানের সঙ্গে শান্তিচুক্তির আলোচনার শেষ পর্যায়ে ইসরায়েল বৈরুতে হামলা চালানোর কারণে ক্ষিপ্ত হয়ে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচার-বিবেচনাহীন মানুষ’ আখ্যা দেন ট্রাম্প।
সূত্র: সিএনএন, ইন্ডিয়া টুডে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন