০৪:৪৯ পি.এম
কর ফাঁকি দেওয়ার প্রচলিত পথ বন্ধ করতে কঠোর পদক্ষেপ গ্রহণের পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগামী অর্থবছর থেকে আয়কর রিটার্নে উত্তরাধিকার সূত্রে বা উপহার হিসেবে পাওয়া সম্পদের আর্থিক মূল্য প্রকাশ করা হবে বাধ্যতামূলক।
এনবিআর সূত্র থেকে জানা যায়, বহু বছর ধরে ধনী করদাতারা তাদের আয়কর রিটার্নে উত্তরাধিকার সূত্রে পাওয়া কোটি কোটি টাকার সম্পত্তি, জমি ও স্বর্ণ পাওয়ার পর সেই সকল সম্পদের ক্ষেত্রে জানিয়ে দেওয়া হয় ‘মূল্য অজানা’।
এর ফলে এ ধরনের করদাতাদের কাছে কোটি কোটি টাকার বাস্তব সম্পদ থাকলেও সরকারের পক্ষ থেকে এসব সম্পদের ওপর কোনো ধরনের রাজস্ব আদায় করা সম্ভব হচ্ছিল না। তবে এবার এই চর্চা বন্ধ হওয়ার পথে। নতুন উদ্যোগের আওতায় এ ধরনের সকল সম্পদের অর্থমূল্য করদাতার ট্যাক্স ফাইলে অন্তর্ভুক্ত করতে হবে রিটার্ন জমার সময়।
আরও পড়ুন: গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন জোরদারে সহযোগিতার প্রতিশ্রুতি
বাংলাদেশে সম্পদ কর নেই। তবে চার কোটি টাকার উপরে সম্পদ থাকা সাপেক্ষে প্রতি বছরের আয়ের ওপর একটি সারচার্জ দিতে হয়। নতুন করে ভ্যালুয়েশন করা হলে প্রায় চার হাজার নতুন করদাতা ওই সারচার্জের আওতায় আসবেন। পাশাপাশি সারচার্জের আওতায় আগে থেকেই থাকা করদাতাদেরও সম্পদের পরিমাণ বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
জানা যাচ্ছে, শিগগিরই এনবিআর দেশের ভূমি অফিস থেকে বিভিন্ন এলাকা অনুযায়ী বিগত ৪০ বছরের মৌজা মূল্যের তথ্য সংগ্রহ করবে। সম্পদের সঠিক মূল্য নির্ধারণের জন্য এই তথ্য অনলাইন ট্যাক্স রিটার্ন সিস্টেমে যুক্ত করা হবে। এর ফলে আগামী বছর যারা রিটার্ন জমা দিবেন, তারা জমি, ফ্ল্যাট কিংবা স্বর্ণালঙ্কারের মূল্য 'অজানা' দেখানোর সুযোগ আর পাবেন না বলে আশা করছে এনবিআর।
এনবিআর আশা করছে, এই নতুন পদ্ধতিতে ভ্যালুয়েশনের মাধ্যমে নতুন করে প্রায় ২ হাজার ব্যক্তি চার কোটি টাকার সম্পদের সীমা অতিক্রম করবেন। এবং যারা বর্তমানে এই সীমা অতিক্রম করেছেন, তাদেরও সম্পদের অর্থমূল্যের পরিমাণ বাড়বে।
এভাবে ২০২৭-২৮ অর্থবছরে বাড়তি প্রায় ১ হাজার কোটি টাকা আদায় করার সম্ভাবনা রয়েছে বলে জানান ওই কর্মকর্তা।
আরও পড়ুন: প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সহযোগিতায় ক্যান্সারের লড়াইয়ে জয়ী শিশু নিশা
অন্যদিকে, জুলাইয়ের মধ্যে আয়কর পরিপত্র প্রকাশ করার পরিকল্পনা রয়েছে এবং কীভাবে এ ভ্যালুয়েশন করা হবে, সে সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদানও করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন