০৫:১৮ পি.এম
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা মেয়র পদ থেকে ফিরহাদ হাকিম পদত্যাগ করেছেন। শুক্রবার (৫ জুন) কলকাতা পৌরসভায় সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা তিনি জানান।
২০১৮ সালের ৩ ডিসেম্বর থেকে প্রায় সাড়ে সাত বছর মেয়র পদে ছিলেন কলকাতা বন্দরের তৃণমূল বিধায়ক ফিরহাদ হাকিম, যিনি রাজ্যের সাবেক মন্ত্রী। কলকাতা পৌরসভার চেয়ারম্যান মালা রায়ের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন।
ফিরহাদ কলকাতা পৌরসভার ৮২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০০০, ২০০৫ এবং ২০১০ সালে এই ওয়ার্ড থেকেই তৃণমূলের টিকিটে কাউন্সিলর নির্বাচিত হন তিনি। ২০১৫ সালে ফিরহাদ পৌরভোটে অংশ নেননি। সেই বছর ৮২ নম্বর ওয়ার্ড থেকে নির্বাচিত হন প্রণব বিশ্বাস। ২০১৮ সালে শোভন চট্টোপাধ্যায়ের পর কলকাতার মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর ওই ওয়ার্ড থেকেই উপনির্বাচনে জয়লাভ করেন ফিরহাদ। ২০২১ সালে তিনি ৮২ নম্বর ওয়ার্ড থেকেই পুনর্নির্বাচিত হয়েছেন।
আরও পড়ুন: পদ্মা সেতু হয়ে রূপপুরে ইউরেনিয়াম পরিবহন, শ্রমিক আন্দোলনের শঙ্কা
মেয়র হিসেবে মেয়াদ শেষ হওয়ার মাত্র ছয় মাস আগে পদত্যাগ করলেন ফিরহাদ। তাঁর পদত্যাগের মাধ্যমে লালবাড়িতে তৃণমূল শাসনের আনুষ্ঠানিক অবসান বলে মনে করা হচ্ছে।
গত কিছুদিন ধরেই ফিরহাদের পদত্যাগ সংক্রান্ত গুঞ্জন ছিল। বুধবার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ দাবি করেন, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফিরহাদের আলোচনা হয়েছে। কুণাল বলেন, 'ফিরহাদ হাকিম আগে একাধিক বার নেত্রীকে মেয়র পদ থেকে সরে দাঁড়ানোর ইচ্ছার কথা জানিয়েছেন। নেত্রী তাতে সম্মতি দিয়েছেন।'
কুণালের এই বক্তব্যের কিছুক্ষণ পর ফিরহাদ নিজে জানান, পদত্যাগের বিষয়ে এখনও আমি কোনো সিদ্ধান্ত নিইনি। তবে শুক্রবার পদত্যাগের ঘোষণার মাধ্যমে ফিরহাদ হাকিম সব জল্পনার অবসান ঘটালেন।
সূত্র: আনন্দবাজার
আরও পড়ুন: ত্রিশাল ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে ২০ বছরেও নিয়োগ হয়নি জনবল
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন