১০:৩৯ পি.এম
শেরপুরের শ্রীবরদী উপজেলার গড়জরিপা ইউনিয়নের বুকে দাঁড়িয়ে আছে ইতিহাসের এক নীরব সাক্ষী শাহী বারোদুয়ারী জামে মসজিদ। স্থাপত্যের অনন্য শৈল্পিক সৌন্দর্য এবং ধর্মীয় আবেগের মেলবন্ধনে শতবর্ষ প্রাচীন এই মসজিদটি আজও ধর্মপ্রাণ মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু। জানা যাচ্ছে, প্রাচীনকালীন গড়জরিপা ছিল শেরপুরের রাজধানী।
স্থানীয় ইতিহাসে উল্লেখ করা হয়েছে, ইংরেজ শাসনের পূর্বেই নির্মিত হয়েছিল এই মসজিদ। এর নামের রহস্যও লুকিয়ে আছে এর বারোটি দরজায়। পূর্ব ভাগে ৯টি, দক্ষিণে ২টি এবং উত্তরে ১টি দরজা রয়েছে। মসজিদের পাশেই অবস্থিত বিস্তৃত এক ‘পুকুর’ যা মসজিদটির সৌন্দর্যকে বহুগুণে বাড়িয়েছে। জনশ্রুতি আছে, এক সময় ভয়াবহ ভূমিকম্পে মসজিদটি মাটির নিচে চাপা পড়ে যায়। পরে ১৯৬০ সালে জামালপুরের মাওলানা আজিজুল হক স্বপ্নে মসজিদটির অবস্থান জানতে পারেন। এর পর প্রায় ১০ ফুট মাটি খননের পর বেরিয়ে আসে মসজিদটির দেয়াল। ১৯৬৩ সালে মসজিদটির পুনর্নিমাণের মাধ্যমে আবারও ফিরে আসে ইতিহাসের এই অমূল্য নিদর্শন।
মূল মসজিদটি একতলাবিশিষ্ট হওয়ার পরও বর্তমানে আধুনিক স্থাপত্যকলায় পাঁচতলার নির্মাণকাজ চলছে। প্রতিদিন দূর-দূরান্ত থেকে অনেক ধর্মপ্রাণ মানুষ এখানে আসেন অপরূপ নকশা ও কারুকার্য খচিত মসজিদটি দেখতে এবং নামাজ আদায় করতে। বিশেষ করে শুক্রবার নামাজের সময় মানুষের ঢল নামে। কেউ এখানে আসেন মানত পূরণের উদ্দেশ্যে, কেউবা রোগমুক্তির আশায়। শুধুমাত্র নামাজ নয়, এখানে মানুষের বিশ্বাস, আশা এবং কৃতজ্ঞতার সমবেত প্রকাশ ঘটে। এখানে এক সাথে প্রায় ৪-৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে সক্ষম হন।
আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪
মুসল্লি আকিফ আদনান বলেন, "অনেক দূর থেকে এসেছি শুধু এই মসজিদ দেখতে আর নামাজ আদায় করতে। ঐতিহাসিক জায়গায় নামাজ পড়তে পেরে খুবই ভালো লাগছে।" আরেক মুসল্লি আবরার আহমদ বলেন, "এখানে আসলে মনটা শান্ত হয়ে যায়।" মসজিদ কমিটির কোষাধ্যক্ষ মো. মাজহারুল ইসলাম জানান, "মসজিদটি আমাদের ইতিহাস ও ঐতিহ্যের প্রতীক। বর্তমানে সংস্কার ও উন্নয়নের কাজ চলছে, যাতে ভবিষ্যৎ প্রজন্মও এর গৌরব ও ঐতিহ্য অনুভব করতে পারে।" মসজিদটির খেদমতের জন্য রয়েছেন একজন খতিব, একজন স্থানীয় ইমাম, একজন মুয়াজ্জিন এবং একজন খাদেম। শাহী বারোদুয়ারী মসজিদ কেবল একটি স্থাপনা নয়, এটি একটি ঐতিহাসিক নিদর্শন এবং সংস্কৃতির প্রতিচ্ছবি। প্রজন্মের পর প্রজন্ম ধরে এটি মানুষকে একত্রিত করছে প্রার্থনার ছায়াতলে, জাগিয়ে তুলছে ঐতিহ্যের আবেগ এবং আধ্যাত্মিকতার মেলবন্ধন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন