বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং
০৪:২৮ পি.এম
সংসদ ভবন, ২৭ আগস্ট, ২০২৬ : সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, স্পিকার, মন্ত্রী ও সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকার ও ১৪ জন সাবেক সংসদ সদস্যের মৃত্যুতে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম আজ ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম কার্য দিবসে এ শোক প্রস্তাব উত্থাপন করেন।
যাদের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়েছে তারা হলেন- সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, স্পিকার, মন্ত্রী ও সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকার; মো. রুস্তম আলী মোল্লা, সাবেক সংসদ-সদস্য; ফরিদ উদ্দিন চৌধুরী, সাবেক সংসদ-সদস্য; অ্যাড, হারুন আল রশীদ, সাবেক চিফ হুইপ, প্রতিমন্ত্রী ও সংসদ-সদস্য; মোশারফ হোসেন মিয়া, সাবেক সংসদ-সদস্য; সেলিমা আহমাদ, সাবেক সংসদ-সদস্য; শরফউদ্দিন খসরু, সাবেক সংসদ-সদস্য; নজরুল ইসলাম চৌধুরী, প্রতিমন্ত্রী ও সাবেক সংসদ-সদস্য; গোলাম সরোয়ার হিরু, সাবেক সংসদ-সদস্য; বীর মুক্তিযোদ্ধা সতীশ চন্দ্র রায়, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য; মুহাম্মদ রফিকুল ইসলাম, সাবেক সংসদ-সদস্য; মেজর জেনারেল (অব.) মহব্বত জান চৌধুরী, সাবেক সংসদ-সদস্য ও মন্ত্রী; আবু সাদত মোহাম্মদ আবু সাঈদ, সাবেক সংসদ সদস্য; মাওলানা আব্দুল আজিজ; ও সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমান।
এছাড়া একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী, একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী; মুস্তফা মনোয়ার; বিশিষ্ট রাজনৈতিক চিন্তাবিদ, লেখক ও গবেষক, শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, বিশিষ্ট শিক্ষাবিদ ডা. মকবুল হোসেনের মৃত্যুতে জাতীয় সংসদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করে।
এছাড়াও নেপালের আকষ্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে জাতীয় সংসদে গভীর শোক প্রকাশ, নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করা হয়। এছাড়াও দেশ ও বিদেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় প্রাণহানিতে জাতীয় সংসদ গভীর শোক প্রকাশ, নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করে।
পরে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাবটি গ্রহণ করা হয়।
মৃত্যুবরণকারীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন ও তাদের আত্মার শান্তি কামনা করে সংসদে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সৌদি আরবে পাঠানোর নামে ৫ লাখ ১০ হাজার টাকা গ্রহণের পর আকামা প্রদান না করার অভিযোগ উঠেছে একটি প্রতিষ্ঠানের কিছু ব্যক্তির বিরুদ্ধে। আকামা না পাওয়ার কারণে সৌদি আরবে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন ভুক্তভোগী প্রবাসী মোঃ মতিউর রহমান। এই ঘটনার প্রেক্ষিতে তার স্বজন মোঃ মাহাবুব হোসেন ঢাকার ভাটারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, ধামরাইয়ের বাসিন্দা মোঃ মাহাবুব হোসেনের আত্মীয় মোঃ মতিউর রহমানকে সৌদি আরবে পাঠানোর জন্য অভিযুক্তরা দুই বছরের আকামাসহ পাঠানোর প্রতিশ্রুতি দেন। এই প্রতিশ্রুতির ভিত্তিতে তাদের কাছে ৫ লাখ ১০ হাজার টাকা পরিশোধ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগকারী জানান, টাকা গ্রহণের পর প্রায় তিন মাসের মধ্যে মতিউর রহমানকে সৌদি আরবে পাঠানো হলেও সেখানে পৌঁছানোর পর তার আকামা প্রদান করা হয়নি। ফলে বৈধ কাগজপত্র ছাড়া তিনি সেখানে অবস্থান করছেন বলে অভিযোগ করা হয়েছে। বর্তমানে খাবার এবং দৈনন্দিন খরচ মেটানোর জন্য তাকে দেশে থাকা স্বজনদের কাছ থেকে টাকা নিতে হচ্ছে।
অভিযোগে আরও বলা হয়েছে, বিদেশ যাওয়ার জন্য ধারদেনা করে বিপুল পরিমাণ টাকা খরচ করেছেন মতিউর রহমান। সৌদি আরবে যাওয়ার পর আকামা প্রদান করার জন্য অভিযুক্তদের সঙ্গে বারবার যোগাযোগ করা হলেও তারা নানা তালবাহানা করে সময়ক্ষেপণ করছেন। এর ফলে প্রবাসী একদিকে অনিশ্চয়তার মধ্যে পড়েছেন, অন্যদিকে পরিবারের ওপর বাড়ছে আর্থিক চাপ।
অভিযোগকারী মোঃ মাহাবুব হোসেন বলেন, চুক্তি অনুযায়ী আকামা প্রদান করার কথা থাকলেও দীর্ঘ সময় পার হওয়ার পরও তা করা হয়নি। বিষয়টি সমাধানের জন্য বারবার যোগাযোগ করেও কোনো কার্যকর ব্যবস্থা পাওয়া যায়নি। এর ফলে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত ও হয়রানির শিকার হচ্ছেন।
এ ঘটনায় প্রতিশ্রুতি ভঙ্গ, প্রতারণা ও আর্থিক ক্ষতির অভিযোগ এনে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন অভিযোগকারী। একই সঙ্গে ভুক্তভোগী প্রবাসীকে চুক্তি অনুযায়ী বৈধ আকামা প্রদান করারও দাবি জানানো হয়েছে।
এ বিষয়ে ভাটারা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে অভিযুক্তদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা ও ঘটনার প্রকৃত কারণ তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান নেপালের সাম্প্রতিক মর্মান্তিক বন্যার প্রেক্ষিতে নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানালকে ফোন করেছেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে তিনি বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে বিধ্বংসী বন্যা ও ভূমিধসের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।
ভয়াবহ এই বন্যা ও ভূমিধসকে ‘ট্র্যাজেডি’ হিসেবে অভিহিত করে তিনি বলেন, ‘যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের পরিবারের প্রতি বাংলাদেশের সমবেদনা ও প্রার্থনা রয়েছে।’
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জানান, ‘ফোনালাপে নেপালের মন্ত্রী বলেছেন—তারা এখন অ্যাসেস করছেন যে কী কী ড্যামেজ হয়েছে এবং কী ধরনের সহায়তা তাদের প্রয়োজন। আজকে সন্ধ্যা কিংবা কালকের ভেতরে উনি বিষয়টি আমাদেরকে জানাবেন।’
নেপালের সহায়তার জন্য বাংলাদেশের কোনো ফ্লাইট রেডি করা হচ্ছে কি না, জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সেটা হচ্ছে ওনারা যখন বলবেন তখনই।
আমরা প্রস্তুত আছি।’
তিনি উল্লেখ করেন, এখনো পর্যন্ত কোনো বাংলাদেশি নাগরিকের হতাহতের খবর পাওয়া যায়নি এবং এই ধরনের দুর্ভাগ্যজনক ঘটনার সন্ধান পাওয়া গেলে নেপাল সরকারের সহায়তা কামনা করেন।
পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী এই কঠিন সময়ে নেপালের সরকার ও জনগণের সঙ্গে পূর্ণ সংহতি প্রকাশ করেছেন এবং বাংলাদেশ নেপালের প্রয়োজনে যেকোনো সহায়তা দিতে প্রস্তুত রয়েছে।’
নেপালের পররাষ্ট্রমন্ত্রী এই কঠিন সময়ে বাংলাদেশের পক্ষ থেকে সংহতির উষ্ণ অঙ্গভঙ্গির জন্য ধন্যবাদ জানান।
নেপালি কর্তৃপক্ষ এখনো ক্ষয়ক্ষতির মূল্যায়ন করছে এবং গুরুতর পরিস্থিতির পূর্ণাঙ্গ মূল্যায়নের পর তাদের কোনো সহায়তার প্রয়োজন হলে সুনির্দিষ্ট প্রয়োজনে সহযোগিতা নেবেন বলেও জানান তিনি।
একই সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহের কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত শোকবার্তা পৌঁছে দেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, তার স্ত্রী নাহিদ সুলতানা এবং তানজীন ওহাব বৃষ্টিসহ তিনজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগের ভিত্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এই আদেশ প্রদান করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন। দুদকের উপপরিচালক (পর্যবেক্ষণ ও বিচার) ও অনুসন্ধানকারী কর্মকর্তা এ কে এম মাহবুবুর রহমান আদালতে অভিযুক্তদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।
দুদকের আবেদনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ তার নিজের নামে এবং তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের মাধ্যমে মানিলন্ডারিং করে অবৈধ সম্পদ অর্জন করেছেন। এ বিষয়ে বর্তমানে দুদকে অনুসন্ধান চলছে।
আবেদনে আরো বলা হয়েছে, অনুসন্ধানকালে গোপন সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তিরা বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তাদের বিদেশে চলে গেলে অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হতে পারে। তাই সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন রোধ করা প্রয়োজন।
দুদক কর্মকর্তা আবেদনে উল্লেখ করেন, দুদকের প্রধান কার্যালয় থেকে ইতিমধ্যে অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তিদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারির অনুমোদন দেওয়া হয়েছে।
আবেদনের ওপর শুনানি শেষে আদালত তিনজনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারির আবেদন মঞ্জুর করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সংসদ ভবন, ২৭ আগস্ট, ২০২৬ : ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের জন্য পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলীর মনোনয়ন দেওয়া হয়েছে।
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম আজ কার্যপ্রণালী বিধির ১২-এর ১ বিধি অনুযায়ী এ মনোনয়ন দেন।
সভাপতিমণ্ডলীর সদস্যগণ হলেন- ঢাকা-৩ আসনের সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, চট্টগ্রাম-১৩ আসনের সদস্য সরোয়ার জামাল নিজাম, পঞ্চগড়-১ আসনের সদস্য মোহাম্মদ নওশের জামির, মহিলা আসন-১০-এর সদস্য নিলুফার চৌধুরী মনি এবং রাজশাহী-১ আসনের সদস্য মোহাম্মদ মুজিবুর রহমান।
স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিমণ্ডলীর সদস্যদের মধ্যে তালিকায় যাঁর নাম অগ্রবর্তিতায় শীর্ষে থাকবে, তিনি স্পিকারের আসন গ্রহণ করে সংসদের কার্যক্রম পরিচালনা করবেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ