ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

নেপালের পররাষ্ট্রমন্ত্রীকে ফোন করে শোক জানালেন ড. খলিলুর রহমান


নেপালের পররাষ্ট্রমন্ত্রীকে ফোন করে শোক জানালেন ড. খলিলুর রহমান

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান নেপালের সাম্প্রতিক মর্মান্তিক বন্যার প্রেক্ষিতে নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানালকে ফোন করেছেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে তিনি বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে বিধ্বংসী বন্যা ও ভূমিধসের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।

ভয়াবহ এই বন্যা ও ভূমিধসকে ‘ট্র্যাজেডি’ হিসেবে অভিহিত করে তিনি বলেন, ‘যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের পরিবারের প্রতি বাংলাদেশের সমবেদনা ও প্রার্থনা রয়েছে।’

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জানান, ‘ফোনালাপে নেপালের মন্ত্রী বলেছেন—তারা এখন অ্যাসেস করছেন যে কী কী ড্যামেজ হয়েছে এবং কী ধরনের সহায়তা তাদের প্রয়োজন। আজকে সন্ধ্যা কিংবা কালকের ভেতরে উনি বিষয়টি আমাদেরকে জানাবেন।’

আরও পড়ুন: রপ্তানি বৃদ্ধি ও নতুন বিনিয়োগে জাপানের সঙ্গে ইপিএ দ্রুত বাস্তবায়ন জরুরি: দূতাবাস

নেপালের সহায়তার জন্য বাংলাদেশের কোনো ফ্লাইট রেডি করা হচ্ছে কি না, জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সেটা হচ্ছে ওনারা যখন বলবেন তখনই।

 

আমরা প্রস্তুত আছি।’

তিনি উল্লেখ করেন, এখনো পর্যন্ত কোনো বাংলাদেশি নাগরিকের হতাহতের খবর পাওয়া যায়নি এবং এই ধরনের দুর্ভাগ্যজনক ঘটনার সন্ধান পাওয়া গেলে নেপাল সরকারের সহায়তা কামনা করেন।

আরও পড়ুন: নাটোরে ছাত্রদল নেতা শাকিল হত্যার ন্যায়বিচারের নিশ্চয়তা দিলেন প্রতিমন্ত্রী পুতুল

পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী এই কঠিন সময়ে নেপালের সরকার ও জনগণের সঙ্গে পূর্ণ সংহতি প্রকাশ করেছেন এবং বাংলাদেশ নেপালের প্রয়োজনে যেকোনো সহায়তা দিতে প্রস্তুত রয়েছে।’

নেপালের পররাষ্ট্রমন্ত্রী এই কঠিন সময়ে বাংলাদেশের পক্ষ থেকে সংহতির উষ্ণ অঙ্গভঙ্গির জন্য ধন্যবাদ জানান।

 

নেপালি কর্তৃপক্ষ এখনো ক্ষয়ক্ষতির মূল্যায়ন করছে এবং গুরুতর পরিস্থিতির পূর্ণাঙ্গ মূল্যায়নের পর তাদের কোনো সহায়তার প্রয়োজন হলে সুনির্দিষ্ট প্রয়োজনে সহযোগিতা নেবেন বলেও জানান তিনি।

আরও পড়ুন: চীনের হুবেই প্রদেশের শিক্ষা বিভাগের সাথে সচিবের বৈঠকে শিক্ষা সহযোগিতা বাড়ানোর আলোচনা

একই সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহের কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত শোকবার্তা পৌঁছে দেন।

 

 

আরও পড়ুন: পুতুলের সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দের নির্দেশ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুবলীগের পরশ ও তার স্ত্রীসহ ৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং

০৪:৩০ পি.এম


যুবলীগের পরশ ও তার স্ত্রীসহ ৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, তার স্ত্রী নাহিদ সুলতানা এবং তানজীন ওহাব বৃষ্টিসহ তিনজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগের ভিত্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এই আদেশ প্রদান করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন। দুদকের উপপরিচালক (পর্যবেক্ষণ ও বিচার) ও অনুসন্ধানকারী কর্মকর্তা এ কে এম মাহবুবুর রহমান আদালতে অভিযুক্তদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

দুদকের আবেদনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ তার নিজের নামে এবং তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের মাধ্যমে মানিলন্ডারিং করে অবৈধ সম্পদ অর্জন করেছেন। এ বিষয়ে বর্তমানে দুদকে অনুসন্ধান চলছে।

 

আবেদনে আরো বলা হয়েছে, অনুসন্ধানকালে গোপন সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তিরা বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তাদের বিদেশে চলে গেলে অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হতে পারে। তাই সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন রোধ করা প্রয়োজন।

দুদক কর্মকর্তা আবেদনে উল্লেখ করেন, দুদকের প্রধান কার্যালয় থেকে ইতিমধ্যে অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তিদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারির অনুমোদন দেওয়া হয়েছে।

 

আবেদনের ওপর শুনানি শেষে আদালত তিনজনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারির আবেদন মঞ্জুর করেন।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশনের জন্য সভাপতিমণ্ডলীর মনোনয়ন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং

০৪:৩৩ পি.এম


ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশনের জন্য সভাপতিমণ্ডলীর মনোনয়ন

সংসদ ভবন, ২৭ আগস্ট, ২০২৬ : ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের জন্য পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলীর মনোনয়ন দেওয়া হয়েছে।

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম আজ কার্যপ্রণালী বিধির ১২-এর ১ বিধি অনুযায়ী এ মনোনয়ন দেন।

সভাপতিমণ্ডলীর সদস্যগণ হলেন- ঢাকা-৩ আসনের সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, চট্টগ্রাম-১৩ আসনের সদস্য সরোয়ার জামাল নিজাম, পঞ্চগড়-১ আসনের সদস্য মোহাম্মদ নওশের জামির, মহিলা আসন-১০-এর সদস্য নিলুফার চৌধুরী মনি এবং রাজশাহী-১ আসনের সদস্য মোহাম্মদ মুজিবুর রহমান।

স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিমণ্ডলীর সদস্যদের মধ্যে তালিকায় যাঁর নাম অগ্রবর্তিতায় শীর্ষে থাকবে, তিনি স্পিকারের আসন গ্রহণ করে সংসদের কার্যক্রম পরিচালনা করবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশাল সিটি কর্পোরেশনের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং

০৪:৩৪ পি.এম


বরিশাল সিটি কর্পোরেশনের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

বরিশাল, ২৭ আগস্ট, ২০২৬ : স্থানীয় সরকার কর্তৃক গঠিত বরিশাল সিটি করপোরেশনের কমিটির মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় বরিশাল সিটি কর্পোরেশনের নগর ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাড. বিলকিস আক্তার জাহান শিরীন।

এসময় উপস্থিত ছিলেন, বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল বারী, সচিব রুম্পা শিকদার, প্রধান রাজস্ব কর্মকর্তা রায়হান উজ জামান, প্রধান প্রকৌশলী মো. হুমায়ুন কবির, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আবুল বাশার, নির্বাহী প্রকৌশলী মো. মকসুমুল হাকিম রেজাসহ সিটি কর্পোরেশনের বিভিন্ন শাখার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সভায় বরিশাল সিটি কর্পোরেশনের চলমান কার্যক্রম, উন্নয়ন পরিকল্পনা এবং নাগরিক সেবার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি নগরবাসীর সেবা আরও সহজ, দ্রুত ও কার্যকর করতে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করা হয়।

নাগরিক সেবাকে আরও গতিশীল ও সেবাবান্ধব করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেয়া হয়। নগরীর উন্নয়ন কার্যক্রম ও সেবার মান আরও উন্নত করতে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সম্মিলিত ইসলামী ব্যাংকের ঋণ আদায় ও পুনর্গঠন পর্যালোচনা করছে বাংলাদেশ ব্যাংক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং

০৪:৩৬ পি.এম


সম্মিলিত ইসলামী ব্যাংকের ঋণ আদায় ও পুনর্গঠন পর্যালোচনা করছে বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংকের ঋণ আদায় ও পুনর্গঠন কার্যক্রম পর্যালোচনা করছে।

বাংলাদেশ ব্যাংক আজ সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির ঋণ আদায়, পুনর্গঠন এবং সার্বিক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করার জন্য গভর্নরের নেতৃত্বে একটি সভা আয়োজন করেছে।

 

সভায় ব্যাংকটির একীভূতকরণ ও পুনর্গঠন, পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা পুনর্বিন্যাস, মানবসম্পদ সমন্বয়, শাখা একীভূতকরণ এবং তথ্যপ্রযুক্তি ও পরিচালন কার্যক্রমের সমন্বয়ের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।

সভায় উল্লেখ করা হয়, খেলাপি ঋণ আদায়কে সর্বাধিক গুরুত্ব দিয়ে ব্যাংকটি ইতিমধ্যে প্রায় ১০ হাজার মামলা দায়ের করেছে এবং কিছু মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ঋণ আদায়ে প্রচলিত আইনি ব্যবস্থার পাশাপাশি এক্সিট পলিসি ও বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর)-সহ বিভিন্ন সমঝোতাভিত্তিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

 

এছাড়া, ব্যাংকটির পূর্ববর্তী মালিকানা ও ব্যবস্থাপনার সময় সংঘটিত অনিয়ম, দুর্নীতি, ঋণ জালিয়াতি এবং সম্পদ অপব্যবহারের সঙ্গে জড়িতদের চিহ্নিত করার জন্য পরিচালিত ফরেনসিক অডিট বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে সভায় জানানো হয়।

গত ছয় মাসে ব্যাংকটির পুনর্গঠন ও কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি লক্ষ্য করা গেছে। এর মধ্যে স্বতন্ত্র পরিচালকদের প্রাধান্য দিয়ে পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়েছে এবং গত ১৬ জুলাই থেকে নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ দেওয়া হয়েছে।

প্রায় ১৬ হাজার কর্মকর্তা-কর্মচারীর পদমর্যাদা, দায়িত্ব ও সাংগঠনিক কাঠামোর প্রয়োজনীয় সমন্বয়ের কাজও সম্পন্ন হয়েছে।

 

পাঁচটি ব্যাংকের কার্যক্রমকে একটি সমন্বিত কাঠামোর আওতায় আনতে কোর ব্যাংকিং সিস্টেম (সিবিএস), সুইফট ও আরএমএ-সহ বিভিন্ন তথ্যপ্রযুক্তি অবকাঠামো একীভূত করার কাজ চলছে। একই সঙ্গে, আমানতকারীরা যাতে পাঁচটি ব্যাংকের যেকোনো শাখা থেকে আমানতের অর্থ উত্তোলন করতে পারেন, সে লক্ষ্যে একটি কমন ইন্টারফেস চালুর কাজও সম্পন্ন হয়েছে।

শাখার অবস্থান, ব্যবসায়িক সম্ভাবনা, গ্রাহকসেবা ও পরিচালন ব্যয় বিবেচনায় ৭৮০টি শাখা এবং ১ হাজার ৫০০টি বিজনেস ইউনিটের একীভূতকরণ, যৌক্তিকীকরণ ও পরিচালন সমন্বয়ের কার্যক্রম চলমান রয়েছে।

বাংলাদেশ ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংকের পুনর্গঠন, ঋণ আদায়, মামলা নিষ্পত্তি, মানবসম্পদ ব্যবস্থাপনা, শাখা ও বিজনেস ইউনিট একীভূতকরণ এবং প্রযুক্তিগত সমন্বয় কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। বিআরডি নিয়মিতভাবে এসব কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও ফলোআপ করছে।

 

বাংলাদেশ ব্যাংক আশা করছে, এসব সমন্বিত উদ্যোগের ফলে ব্যাংকটির সুশাসন, পরিচালন দক্ষতা ও আর্থিক সক্ষমতা বৃদ্ধি পাবে, ঋণ আদায় ত্বরান্বিত হবে এবং পরিচালন ব্যয় কমবে। একই সঙ্গে ব্যাংকটির আটকে থাকা অর্থ উৎপাদনশীল খাতে পুনঃপ্রবাহিত করা সম্ভব হবে।

৩৫ হাজার কোটি টাকা মূলধন সমৃদ্ধ রাষ্ট্র-মালিকানাধীন বাংলাদেশের বৃহত্তম শরিয়াহভিত্তিক ইসলামী ব্যাংক হিসেবে যাত্রা শুরু করা সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির সম্পদ ও আমানত ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন নিশ্চিত করাকে বাংলাদেশ ব্যাংক অন্যতম অগ্রাধিকার হিসেবে বিবেচনা করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%