ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

বিয়েতে ‘উকিল বাবা’ থাকা কি জরুরি, তাকে বাবা বলা যাবে?


বিয়েতে ‘উকিল বাবা’ থাকা কি জরুরি, তাকে বাবা বলা যাবে?

বিয়েতে বর বা কনের পক্ষ থেকে সাধারণত একজনকে ‘উকিল বাবা’ হিসেবে নিযুক্ত করা হয়ে থাকে, যিনি ওই বিয়ের অভিভাবক হিসেবে বিবেচিত হন। বিয়ের আনুষ্ঠানিকতা, দোয়া, উপহার এবং সামাজিক মর্যাদায় তাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। তবে প্রশ্ন হলো, ইসলামের দৃষ্টিতে এই ধারণাটি কতটা সঠিক?

এক ব্যক্তি প্রশ্ন করেছেন, বিয়েতে উকিল বাবা থাকা কি আবশ্যক, উকিল বাবার সঙ্গে দেখা করা জায়েজ কি, এবং তাকে বাবা বলা যাবে কি?

এই বিষয়ে গুরুত্বপূর্ণ ব্যাখ্যা প্রদান করেছেন প্রখ্যাত ইসলামি আলোচক ও আস-সুন্নাহ ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা শায়খ আহমাদুল্লাহ।

আরও পড়ুন: ফাজিল ও কামিল মাদ্রাসার গভর্নিং বডি বাতিলের আদেশ সুপ্রিম কোর্টে বহাল

তিনি উল্লেখ করেন, ইসলামে বিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। এটি শুধুমাত্র পারিবারিক বন্ধনের বিষয় নয়, বরং এটি একটি সামাজিক ও ধর্মীয় দায়িত্বও। ইসলামের নির্দেশিত পদ্ধতি অনুযায়ী বিয়ে সম্পাদন করা প্রত্যেক মুসলমানের কর্তব্য। কিন্তু আমাদের সমাজে বিয়ের সঙ্গে সম্পর্কিত কিছু রেওয়াজ গড়ে উঠেছে, যেগুলোর কোনো ভিত্তি নেই এবং অনেক সময় বিদাতের পর্যায়ে পড়ে। এর মধ্যে একটি উল্লেখযোগ্য উদাহরণ হলো উকিল বাবা রাখা।

শায়খ আহমাদুল্লাহ আরও বলেন, ইসলামি শরিয়তে বিয়েতে উকিল বাবা রাখা কোনো জরুরি বিষয় বা আবশ্যকীয় শর্ত নয়, বরং এটি আমাদের সমাজে প্রচলিত একটি সংস্কৃতি বা কুসংস্কার। বিয়ে পড়ানোর জন্য বা ইজাব-কবুল করানোর জন্য মেয়ের অভিভাবক বা তার অনুমতি নিয়ে কোনো প্রতিনিধি (উকিল) থাকতে পারেন, কিন্তু প্রচলিত অর্থে যাকে উকিল বাবা বানানো হয়, তার কোনো ভিত্তি শরিয়তে নেই। নিজের বাবা বা শরিয়ত নির্ধারিত অভিভাবক থাকা অবস্থায় এ ধরনের আলাদা উকিল বাবার প্রয়োজন নেই।

শায়খ আহমাদুল্লাহ বলেন, যদি উকিল বাবা ব্যক্তিটি আগে থেকেই ওই মেয়ের জন্য মাহরাম না হন, তবে বিয়েতে উকিল হওয়ার কারণে তিনি মাহরাম হয়ে যান না। তিনি আগের মতোই গায়রে মাহরাম থাকবেন। ফলে একজন সাধারণ পরপুরুষের সঙ্গে যেভাবে পর্দা করতে হয়, উকিল বাবার সঙ্গেও তেমনভাবেই পর্দা করতে হবে এবং তার সঙ্গে অবাধে দেখা করা বা মেলামেশা করা জায়েজ নয়।

তিনি আরও বলেন, না, তাকে বাবা বা বাপ বলে ডাকা শরিয়তের দৃষ্টিতে সঠিক নয়। ইসলামে পালক বা অন্য কাউকে বিনা কারণে বাবা ডাকার ক্ষেত্রে এবং বংশের পরিচয় পালটে দেওয়ার ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। উকিল হওয়ার কারণে কেউ কারও বাবা হয়ে যায় না।

আরও পড়ুন: দাম্পত্য জীবনে সুখের মূলমন্ত্র জানালেন শায়খ আহমাদুল্লাহ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালিয়াকৈরের শ্রমিকের হাটে হাহাকার, হাজার টাকায় ঘাম ঝরানো মানুষ মিলছে না

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৫২ এম


কালিয়াকৈরের শ্রমিকের হাটে হাহাকার, হাজার টাকায় ঘাম ঝরানো মানুষ মিলছে না

ভোরের আগে থেকেই যখন চারপাশ কুয়াশায় ঢাকা থাকে, তখন গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার সদর বাজার এক অদ্ভুত মানবমেলায় পরিণত হয়। তবে এই হাট সাধারণ কেনাবেচার জন্য নয়- এখানে জীবিকার তাড়নায় প্রতিদিন ভোরে আসে মানুষের হাড়ভাঙা শ্রম, ঘাম এবং বুকভাঙা দীর্ঘশ্বাস। ইরি মৌসুমের শুরুতে কালিয়াকৈরের কৃষি অর্থনীতিতে বর্তমানে চরম অস্থিরতা বিরাজ করছে, যেখানে ৮০০ থেকে ১০০০ টাকা মজুরি দিয়েও কাঙ্ক্ষিত শ্রমিক পাওয়া যাচ্ছে না। একদিকে কৃষকের সোনালী ফসল ক্ষেতে পচে নষ্ট হচ্ছে, অন্যদিকে শ্রমিক পরিবারগুলো কাজের সন্ধানে খালি হাতে ফিরছে, ফলে তাদের ঘরে জ্বলছে না চুলার আগুন। কালিয়াকৈরের মাটির এই অন্তহীন দুঃখ-দুর্দশার চিত্র এখন এক মানবেতর সংকটে রূপ নিয়েছে।

কালিয়াকৈর সদর বাজারে প্রবেশ করলেই হৃদয়বিদারক দৃশ্য চোখে পড়ে। শীত কিংবা বর্ষা, ভোরে আলো ফোটার আগেই শত শত খেটে খাওয়া মানুষ এখানে ভিড় জমান। কারো পরনে মলিন লুঙ্গি, কাঁধে ফ্যাকাশে গামছা, হাতে প্লাস্টিকের ব্যাগ কিংবা পিঠে ঝোলানো ঝোলা। কারও হাতে কাস্তে, কারও বা কোদাল। বাস, অটোরিকশা ও রিকশার ভিড়ের মাঝে তারা অপলক তাকিয়ে থাকেন রাস্তার দিকে- কখন কৃষকের ট্রাক্টর, ভ্যান বা মোটরসাইকেল এসে থামবে, আর ডাক পড়বে, চল, আমার ক্ষেতে চল। কালিয়াকৈর সদর বাজারে শ্রমিকের হাটে শত শত শ্রমিকের ভিড়। পাশে দাঁড়িয়ে আছে বাস, অটোরিকশা। লুঙ্গি পরা শ্রমিকরা কৃষকের অপেক্ষায় দাঁড়িয়ে আছেন। বর্তমানে ইরি মৌসুম পুরোদমে শুরু হওয়ায় উপজেলার প্রতিটি মাঠে কাজের পাহাড় জমেছে। কোথাও জমির কচুরিপানা পরিষ্কার করতে হবে, কোথাও কপি ক্ষেতের পরিচর্যা, আবার কোথাও টমেটো ও পাকা মরিচ তোলার চূড়ান্ত সময়।

কৃষকদের মতে, যেখানে আগে প্রতিদিনের সাধারণ কাজে ২ জন শ্রমিক যথেষ্ট ছিল, সেখানে এখন কাজের চাপে ৫ জনও যথেষ্ট হচ্ছে না। সকাল ৬টা থেকে শুরু হওয়া এই হাটে কৃষকরা এসে আকুতি জানান, কপি ক্ষেতে লোক লাগবে, টমেটো ক্ষেতে লোক লাগবে। কিন্তু চাহিদার তুলনায় জোগান এতই কম যে, হাটে শুরু হয় তীব্র টানাটানি। ৮০০ টাকা থেকে ১০০০ টাকা পর্যন্ত দৈনিক হাজিরা হাঁকিয়েও শ্রমিক পাওয়া যাচ্ছে না। মাঠের ফসল ঘরে তোলার সময় এমন শ্রমিক সংকটে দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয় কৃষকরা। কালিয়াকৈরের এক প্রবীণ কৃষক বুকফাটা কান্নায় বলেন, "আমি টানা তিন দিন ধরে এই হাটে ঘুরছি, একটাও শ্রমিক পাইতাছি না। আমার টমেটো ক্ষেতে বৃষ্টির পানি জমে কচুরিপানায় ভরে গেছে। শ্রমিক না পেলে সব সোনালী ফসল নষ্ট হয়ে যাবে। এক হাজার টাকা দিতে চাইলেও মানুষ পাই না, আমরা কৃষকরা এখন কোথায় দাঁড়াবো?"

মরিচ ক্ষেতের এক মালিক আক্ষেপ করে জানান, "গাছে প্রচুর মরিচ। অথচ তোলার লোক না থাকায় তা ক্ষেতেই পচে ঝরে পড়ছে। চোখের সামনে সাধের ফসল নষ্ট হওয়ার এই বেদনা মেনে নেওয়া যায় না।" একই দশা কপি চাষিদেরও; সময়মতো সার দেওয়া ও আগাছা পরিষ্কার করা না গেলে পুরো মৌসুমের পুঁজিটাই পানিতে ডুববে।

অন্যদিকে, বাজারের অন্য প্রান্তে দাঁড়িয়ে থাকা শ্রমিকদের হৃদয়ে রয়েছে আরও গভীরে লুকিয়ে থাকা দীর্ঘশ্বাস। ভোর ৫টায় বাড়ি থেকে বের হওয়া এক বয়স্ক শ্রমিক চোখ মুছতে মুছতে বলেন, "ভোরে বাইর হইছি, এখনো কাম জোটে নাই। আজ যদি কাম না পাই, বউ-পোলাপানরে রাইতে কী খাওয়ামু? চুলার চালের পট একেবারে শূন্য।" আরেক শ্রমিক ক্ষোভ ও আশার মিশ্রণে বলেন, "সারাদিন রোদে পুড়ে, কাদাপানিতে নেমে কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে হাত-পা কেটে যায়। জোঁক ধরে, বিষাক্ত পোকা কামড়ায়। সন্ধ্যায় শরীরটা অবশ হয়ে আসে। ৮০০-১০০০ টাকা শুনলে অনেক মনে হয়, কিন্তু বাজারে চাল-তেল আর বাচ্চার পড়ার খরচ মেটাতে গেলে কিছুই থাকে না। সপ্তাহে তিন দিন কাজ পেলে বাকি তিন দিন না খেয়ে থাকতে হয়।"

আরেক শ্রমিকের স্ত্রী বাড়িতে বসে প্রতি মুহূর্তে পথ চেয়ে থাকেন - স্বামী কখন ফিরবেন, কাজ জোটেছে কি না। কাজ না মিললে সেদিনও দরিদ্র পরিবারগুলোর ঘরে এক মুঠো ভাতও ফোটে না।

হাটের ভিড়ে এক প্রবীণ শ্রমিককে দেখা গেল মলিন মুখে মাটিতে ব্যাগ রেখে বসে থাকতে। তার কণ্ঠে ঝরে পড়ে চরম অপমান ও অসহায়ত্ব, "বয়স হইছে দেইখ্যা কেউ নিতে চায় না। কয় বুড়া মানুষ দিয়া কাম হইবো না! কিন্তু আমার পেট তো বুড়া হয় নাই, আমারও তো ক্ষুধা লাগে!"

স্থানীয়দের মতে, কেবল স্থানীয় কৃষিকাজ নয়, বর্তমানে গ্রামীণ এলাকার যুবসমাজ ও কর্মক্ষম শ্রমিকদের অনেকেই জীবিকার টানে ইটভাটা, গার্মেন্টস কিংবা শহরের নানা পেশায় চলে গেছেন। ফলে গ্রামাঞ্চলে কৃষি শ্রমিকের মারাত্মক ঘাটতি তৈরি হয়েছে। তাছাড়া ইরি মৌসুমে সব কৃষকের জমির কাজ একসঙ্গে চলে আসায় চাহিদার সঙ্গে শ্রমিকের সরবরাহের এই আকাশ-পাতাল ব্যবধান তৈরি হয়েছে।

কৃষকদের দাবি, সরকারিভাবে যদি কৃষি শ্রমিকদের জন্য নির্দিষ্ট কোনো মজুরি কাঠামো ও সহায়তা প্রদান করা হতো, তবে হয়তো এই সংকট কিছুটা লাঘব হতো। অন্যদিকে শ্রমিকদের দাবি, নামমাত্র ৮০০-১০০০ টাকা মজুরির পাশাপাশি কাজের নিশ্চয়তা এবং দুবেলা খাবারের সুব্যবস্থা করা হোক। কালিয়াকৈর সদর বাজারের এই শ্রমিকের হাট কেবল সাধারণ কোনো বাজার নয়; এটি হাজারো কৃষকের ক্ষেতের বাঁচা-মরার লড়াই এবং হাজারো শ্রমিকের পেটের ভাত জোগানের একমাত্র মাধ্যম। ভোরের এই হাটে যদি কৃষক শ্রমিক না পায়, তবে মাঠের ফসল মাঠে পচবে। আর যদি শ্রমিকের কপালে কাজ না জোটে, তবে নিভে যাবে দরিদ্রের চুলার আগুন। মাটির এই কালিয়াকৈরে শ্রমিকের ঘাম এবং কৃষকের চোখের জলের এই হাহাকার যেন এক চিরন্তন বেদনার উপাখ্যান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মানুষের কাছে নয়, আল্লাহর কাছে কাঁদা উত্তম: সানিয়া মির্জা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৫২ এম


মানুষের কাছে নয়, আল্লাহর কাছে কাঁদা উত্তম: সানিয়া মির্জা

ভারতের সাবেক টেনিস তারকা সানিয়া মির্জা কঠিন সময়ে মানুষের কাছে সান্ত্বনা খোঁজার পরিবর্তে মহান আল্লাহর কাছে নিজের কষ্ট ও বেদনা প্রকাশ করার গুরুত্ব সম্পর্কে একটি বার্তা দিয়েছেন। নামাজের মসজিদে বসে আল্লাহর কাছে কান্না করার বিষয়টি তিনি তুলে ধরেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করে।

সানিয়া তার ইনস্টাগ্রাম স্টোরিতে উল্লেখ করেন, ‘আল্লাহর সামনে নামাজের মাদুরে বসে কান্না করা কোনো মানুষের সামনে কান্না করার চেয়ে কোটি গুণ উত্তম।’ এই বার্তায় ঈমান, দোয়া এবং আল্লাহর ওপর ভরসা রাখার গুরুত্ব ফুটে ওঠে। ব্যক্তিগত জীবনের নানা চ্যালেঞ্জের মধ্যেও আধ্যাত্মিক প্রশান্তি খুঁজে নেওয়ার বিষয়টি তার অনুসারীদের দৃষ্টি আকর্ষণ করে।

হজ পালনের পর আধ্যাত্মিক অনুভূতি

২০২৪ সালের জুনে সানিয়া পরিবারের সদস্যদের সঙ্গে পবিত্র হজ পালন করেন। হজের অভিজ্ঞতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, এটি তার শরীর ও আত্মার জন্য অসাধারণ এক অভিজ্ঞতা ছিল। আলহামদুলিল্লাহ ও সুবহানাল্লাহ বলেও তিনি নিজের অনুভূতি প্রকাশ করেন। হজ পালন শেষে তার এই আধ্যাত্মিক অনুভূতি এবং আল্লাহর কাছে নিজের কষ্ট প্রকাশের বার্তা বিশেষভাবে আলোচিত হয়।

তিনি এর আগেও কঠিন সময়ে ধৈর্য ধারণ এবং আল্লাহর ওপর বিশ্বাস রাখার বিষয়ে একাধিক বার্তা শেয়ার করেছেন। ইনস্টাগ্রাম স্টোরিতে ‘সবর’ বা ধৈর্যের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি লিখেছেন, ভেতরে কষ্ট থাকলেও মানুষের সামনে হাসিমুখে থাকা, চোখের পানি আড়াল করা, যারা কষ্ট দিয়েছে তাদের ক্ষমা করা এবং আল্লাহর পরিকল্পনার ওপর পূর্ণ ঈমান রাখাই ধৈর্যের অংশ।

বার্তাটিতে তিনি আরো উল্লেখ করেন, সবকিছু ঠিক হয়ে যাবে—এমন বিশ্বাস নিয়ে আল্লাহর ওপর ভরসা রাখাই প্রকৃত সবরের পরিচয়। আল্লাহর কাছে সঠিক পথনির্দেশ চেয়ে তিনি আরেকটি বার্তা শেয়ার করেন। সেখানে লেখা ছিল, ‘হে আল্লাহ, আমি ভুল হলে আমাকে সংশোধন করে দিন। পথ হারিয়ে ফেললে আমাকে পথ দেখান। হাল ছেড়ে দিতে চাইলে আমাকে পথ দেখিয়ে সামনে এগিয়ে নিন।’

সানিয়া মির্জা ২০১০ সালে পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০২৪ সালের জানুয়ারিতে তাদের বিচ্ছেদের বিষয়টি প্রকাশ্যে আসে। তাদের একটি ছেলে রয়েছে। বিচ্ছেদের পর ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি কথা না বললেও সামাজিক যোগাযোগমাধ্যমে মাঝে মাঝে আবেগ, ধৈর্য, আত্মবিশ্বাস ও আধ্যাত্মিকতা নিয়ে বিভিন্ন বার্তা শেয়ার করেছেন এই সাবেক টেনিস তারকা।

সানিয়ার এসব বার্তার মূল সুর হলো—জীবনের কঠিন সময়ে হতাশ না হয়ে আল্লাহর কাছে ফিরে যাওয়া, দোয়া করা, ধৈর্য ধারণ করা এবং তার ওপর ভরসা রাখা।

সূত্র: সিয়াসাত, এআরওয়াই নিউজ ও দুনিয়া নিউজ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাহেলা জয়াবর্ধনেকে ‘নালন্দা কীর্তি শ্রী’ খেতাবে ভূষিত

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৫৩ এম


মাহেলা জয়াবর্ধনেকে ‘নালন্দা কীর্তি শ্রী’ খেতাবে ভূষিত

শ্রীলঙ্কা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি ব্যাটার মাহেলা জয়াবর্ধনেকে তার অসামান্য ক্রীড়ানৈপুণ্য এবং আন্তর্জাতিক ক্রিকেটে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ মর্যাদাপূর্ণ ‘নালন্দা কীর্তি শ্রী’ খেতাবে ভূষিত করা হয়েছে।

এই সম্মাননা প্রদান করেছে কলম্বোর বিখ্যাত নালন্দা কলেজ, যা তার অলমেটার। জাতীয় দলের হয়ে দীর্ঘ ও বর্ণাঢ্য ক্যারিয়ারের মাধ্যমে বিশ্বমঞ্চে নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের সুনাম কুড়ানোর স্বীকৃতি হিসেবেই তাকে এই বিরল সম্মান দেওয়া হলো।

শ্রীলঙ্কার আন্তর্জাতিক ক্রিকেটের অন্যতম সফল এই ব্যাটার দেশের হয়ে ১৪৯টি টেস্ট ও ৪৪৮টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেটের সব সংস্করণ মিলিয়ে ২৫ হাজারের বেশি রান সংগ্রাহক এই তারকা শ্রীলঙ্কাকে সমানে থেকে নেতৃত্ব দিয়েছেন এবং ঐতিহাসিক বহু জয়ে মূল ভূমিকা পালন করেছেন।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণের পরও কোচিং ও মেন্টরিংয়ের মাধ্যমে ক্রিকেটের উন্নয়নে অব্যাহত অবদান রেখে চলেছেন জয়াবর্ধনে। নালন্দা কলেজের পক্ষে এই খেতাব অত্যন্ত বিশেষ ও দুর্লভ এক সম্মাননা। এটি শুধুমাত্র সেসব কৃতী সন্তানদেরই দেওয়া হয় যারা তাদের সাফল্যের মাধ্যমে প্রতিষ্ঠানের জন্য গৌরব বয়ে এনেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ ১১ নভেম্বর আন্তর্জাতিক সিঙ্গেল দিবস পালিত হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৫৪ এম


আজ ১১ নভেম্বর আন্তর্জাতিক সিঙ্গেল দিবস পালিত হচ্ছে

আজ ১১ নভেম্বর, আন্তর্জাতিক সিঙ্গেল দিবস। অবিবাহিত এবং একা থাকা ব্যক্তিরা সারা বিশ্বে এই দিনটি উদযাপন করেন। একা থাকা মানে নিঃসঙ্গতা নয়, বরং এটি নিজের মতো করে জীবন উপভোগ, স্বাধীনতা এবং আত্মনির্ভরতার আনন্দ উদযাপনের বার্তা প্রদান করে।

প্রতিবছর ১১ নভেম্বর দিবসটি পালন করা হয়। এই তারিখের বিশেষত্বও বেশ আকর্ষণীয়। ১১/১১ সংখ্যাটিতে চারটি একক সংখ্যা রয়েছে, যা সিঙ্গেল বা একা থাকার প্রতিনিধিত্ব করে।

দিবসটির উৎপত্তি চীনে। প্রচলিত তথ্য অনুযায়ী, ১৯৯০-এর দশকে নানজিং বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী অবিবাহিত জীবনের আনন্দ উদযাপন করার জন্য এই দিনটি পালন করার উদ্যোগ নেন। ধীরে ধীরে এটি চীনের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে দিবসটি আন্তর্জাতিকভাবে পরিচিতি লাভ করে।

শুরুতে অবিবাহিতরা দিনটি নিজেদের মতো করে উদযাপন করলেও সময়ের সঙ্গে এর ধরন পরিবর্তিত হয়েছে। কেউ বন্ধুদের সঙ্গে আড্ডা দেন, কেউ ঘুরতে যান, আবার কেউ নিজের পছন্দের জিনিস কিনে বা প্রিয় কাজে সময় কাটিয়ে দিনটি উপভোগ করেন।

২০০৯ সালে চীনা ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবা ১১ নভেম্বরকে বড় পরিসরে কেনাকাটার উৎসবে পরিণত করে। এরপর দিনটি বিশ্বের অন্যতম বৃহৎ অনলাইন কেনাকাটার আয়োজন হয়ে ওঠে।

তবে সিঙ্গেল দিবসের গুরুত্ব কেবল অবিবাহিত জীবনের উদযাপনে সীমাবদ্ধ নয়। এটি নিজের প্রতি ভালোবাসা, আত্মবিশ্বাস, ব্যক্তিস্বাধীনতা এবং নিজের সিদ্ধান্তকে সম্মান করার বার্তা প্রদান করে।

সমাজে বিয়ে কিংবা প্রেমের সম্পর্ককে অনেক সময় জীবনের পূর্ণতার মাপকাঠি হিসেবে দেখা হয়। কিন্তু সুখী ও পরিপূর্ণ জীবন কাটাতে যে সম্পর্কে থাকতে হবে, এমন কোনো কথা নেই। নিজের স্বপ্ন পূরণ, পছন্দের কাজ এবং প্রিয়জনদের সঙ্গে সময় কাটিয়েও জীবন হতে পারে আনন্দময়।

এই ভাবনাকে সামনে রেখে আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক সিঙ্গেল দিবস।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%