ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

মানুষের কাছে নয়, আল্লাহর কাছে কাঁদা উত্তম: সানিয়া মির্জা


মানুষের কাছে নয়, আল্লাহর কাছে কাঁদা উত্তম: সানিয়া মির্জা

ভারতের সাবেক টেনিস তারকা সানিয়া মির্জা কঠিন সময়ে মানুষের কাছে সান্ত্বনা খোঁজার পরিবর্তে মহান আল্লাহর কাছে নিজের কষ্ট ও বেদনা প্রকাশ করার গুরুত্ব সম্পর্কে একটি বার্তা দিয়েছেন। নামাজের মসজিদে বসে আল্লাহর কাছে কান্না করার বিষয়টি তিনি তুলে ধরেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করে।

সানিয়া তার ইনস্টাগ্রাম স্টোরিতে উল্লেখ করেন, ‘আল্লাহর সামনে নামাজের মাদুরে বসে কান্না করা কোনো মানুষের সামনে কান্না করার চেয়ে কোটি গুণ উত্তম।’ এই বার্তায় ঈমান, দোয়া এবং আল্লাহর ওপর ভরসা রাখার গুরুত্ব ফুটে ওঠে। ব্যক্তিগত জীবনের নানা চ্যালেঞ্জের মধ্যেও আধ্যাত্মিক প্রশান্তি খুঁজে নেওয়ার বিষয়টি তার অনুসারীদের দৃষ্টি আকর্ষণ করে।

হজ পালনের পর আধ্যাত্মিক অনুভূতি

আরও পড়ুন: ফাজিল ও কামিল মাদ্রাসার গভর্নিং বডি বাতিলের আদেশ সুপ্রিম কোর্টে বহাল

২০২৪ সালের জুনে সানিয়া পরিবারের সদস্যদের সঙ্গে পবিত্র হজ পালন করেন। হজের অভিজ্ঞতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, এটি তার শরীর ও আত্মার জন্য অসাধারণ এক অভিজ্ঞতা ছিল। আলহামদুলিল্লাহ ও সুবহানাল্লাহ বলেও তিনি নিজের অনুভূতি প্রকাশ করেন। হজ পালন শেষে তার এই আধ্যাত্মিক অনুভূতি এবং আল্লাহর কাছে নিজের কষ্ট প্রকাশের বার্তা বিশেষভাবে আলোচিত হয়।

তিনি এর আগেও কঠিন সময়ে ধৈর্য ধারণ এবং আল্লাহর ওপর বিশ্বাস রাখার বিষয়ে একাধিক বার্তা শেয়ার করেছেন। ইনস্টাগ্রাম স্টোরিতে ‘সবর’ বা ধৈর্যের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি লিখেছেন, ভেতরে কষ্ট থাকলেও মানুষের সামনে হাসিমুখে থাকা, চোখের পানি আড়াল করা, যারা কষ্ট দিয়েছে তাদের ক্ষমা করা এবং আল্লাহর পরিকল্পনার ওপর পূর্ণ ঈমান রাখাই ধৈর্যের অংশ।

বার্তাটিতে তিনি আরো উল্লেখ করেন, সবকিছু ঠিক হয়ে যাবে—এমন বিশ্বাস নিয়ে আল্লাহর ওপর ভরসা রাখাই প্রকৃত সবরের পরিচয়। আল্লাহর কাছে সঠিক পথনির্দেশ চেয়ে তিনি আরেকটি বার্তা শেয়ার করেন। সেখানে লেখা ছিল, ‘হে আল্লাহ, আমি ভুল হলে আমাকে সংশোধন করে দিন। পথ হারিয়ে ফেললে আমাকে পথ দেখান। হাল ছেড়ে দিতে চাইলে আমাকে পথ দেখিয়ে সামনে এগিয়ে নিন।’

সানিয়া মির্জা ২০১০ সালে পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০২৪ সালের জানুয়ারিতে তাদের বিচ্ছেদের বিষয়টি প্রকাশ্যে আসে। তাদের একটি ছেলে রয়েছে। বিচ্ছেদের পর ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি কথা না বললেও সামাজিক যোগাযোগমাধ্যমে মাঝে মাঝে আবেগ, ধৈর্য, আত্মবিশ্বাস ও আধ্যাত্মিকতা নিয়ে বিভিন্ন বার্তা শেয়ার করেছেন এই সাবেক টেনিস তারকা।

আরও পড়ুন: দাম্পত্য জীবনে সুখের মূলমন্ত্র জানালেন শায়খ আহমাদুল্লাহ

সানিয়ার এসব বার্তার মূল সুর হলো—জীবনের কঠিন সময়ে হতাশ না হয়ে আল্লাহর কাছে ফিরে যাওয়া, দোয়া করা, ধৈর্য ধারণ করা এবং তার ওপর ভরসা রাখা।

সূত্র: সিয়াসাত, এআরওয়াই নিউজ ও দুনিয়া নিউজ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাহেলা জয়াবর্ধনেকে ‘নালন্দা কীর্তি শ্রী’ খেতাবে ভূষিত

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৫৩ এম


মাহেলা জয়াবর্ধনেকে ‘নালন্দা কীর্তি শ্রী’ খেতাবে ভূষিত

শ্রীলঙ্কা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি ব্যাটার মাহেলা জয়াবর্ধনেকে তার অসামান্য ক্রীড়ানৈপুণ্য এবং আন্তর্জাতিক ক্রিকেটে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ মর্যাদাপূর্ণ ‘নালন্দা কীর্তি শ্রী’ খেতাবে ভূষিত করা হয়েছে।

এই সম্মাননা প্রদান করেছে কলম্বোর বিখ্যাত নালন্দা কলেজ, যা তার অলমেটার। জাতীয় দলের হয়ে দীর্ঘ ও বর্ণাঢ্য ক্যারিয়ারের মাধ্যমে বিশ্বমঞ্চে নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের সুনাম কুড়ানোর স্বীকৃতি হিসেবেই তাকে এই বিরল সম্মান দেওয়া হলো।

শ্রীলঙ্কার আন্তর্জাতিক ক্রিকেটের অন্যতম সফল এই ব্যাটার দেশের হয়ে ১৪৯টি টেস্ট ও ৪৪৮টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেটের সব সংস্করণ মিলিয়ে ২৫ হাজারের বেশি রান সংগ্রাহক এই তারকা শ্রীলঙ্কাকে সমানে থেকে নেতৃত্ব দিয়েছেন এবং ঐতিহাসিক বহু জয়ে মূল ভূমিকা পালন করেছেন।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণের পরও কোচিং ও মেন্টরিংয়ের মাধ্যমে ক্রিকেটের উন্নয়নে অব্যাহত অবদান রেখে চলেছেন জয়াবর্ধনে। নালন্দা কলেজের পক্ষে এই খেতাব অত্যন্ত বিশেষ ও দুর্লভ এক সম্মাননা। এটি শুধুমাত্র সেসব কৃতী সন্তানদেরই দেওয়া হয় যারা তাদের সাফল্যের মাধ্যমে প্রতিষ্ঠানের জন্য গৌরব বয়ে এনেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ ১১ নভেম্বর আন্তর্জাতিক সিঙ্গেল দিবস পালিত হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৫৪ এম


আজ ১১ নভেম্বর আন্তর্জাতিক সিঙ্গেল দিবস পালিত হচ্ছে

আজ ১১ নভেম্বর, আন্তর্জাতিক সিঙ্গেল দিবস। অবিবাহিত এবং একা থাকা ব্যক্তিরা সারা বিশ্বে এই দিনটি উদযাপন করেন। একা থাকা মানে নিঃসঙ্গতা নয়, বরং এটি নিজের মতো করে জীবন উপভোগ, স্বাধীনতা এবং আত্মনির্ভরতার আনন্দ উদযাপনের বার্তা প্রদান করে।

প্রতিবছর ১১ নভেম্বর দিবসটি পালন করা হয়। এই তারিখের বিশেষত্বও বেশ আকর্ষণীয়। ১১/১১ সংখ্যাটিতে চারটি একক সংখ্যা রয়েছে, যা সিঙ্গেল বা একা থাকার প্রতিনিধিত্ব করে।

দিবসটির উৎপত্তি চীনে। প্রচলিত তথ্য অনুযায়ী, ১৯৯০-এর দশকে নানজিং বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী অবিবাহিত জীবনের আনন্দ উদযাপন করার জন্য এই দিনটি পালন করার উদ্যোগ নেন। ধীরে ধীরে এটি চীনের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে দিবসটি আন্তর্জাতিকভাবে পরিচিতি লাভ করে।

শুরুতে অবিবাহিতরা দিনটি নিজেদের মতো করে উদযাপন করলেও সময়ের সঙ্গে এর ধরন পরিবর্তিত হয়েছে। কেউ বন্ধুদের সঙ্গে আড্ডা দেন, কেউ ঘুরতে যান, আবার কেউ নিজের পছন্দের জিনিস কিনে বা প্রিয় কাজে সময় কাটিয়ে দিনটি উপভোগ করেন।

২০০৯ সালে চীনা ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবা ১১ নভেম্বরকে বড় পরিসরে কেনাকাটার উৎসবে পরিণত করে। এরপর দিনটি বিশ্বের অন্যতম বৃহৎ অনলাইন কেনাকাটার আয়োজন হয়ে ওঠে।

তবে সিঙ্গেল দিবসের গুরুত্ব কেবল অবিবাহিত জীবনের উদযাপনে সীমাবদ্ধ নয়। এটি নিজের প্রতি ভালোবাসা, আত্মবিশ্বাস, ব্যক্তিস্বাধীনতা এবং নিজের সিদ্ধান্তকে সম্মান করার বার্তা প্রদান করে।

সমাজে বিয়ে কিংবা প্রেমের সম্পর্ককে অনেক সময় জীবনের পূর্ণতার মাপকাঠি হিসেবে দেখা হয়। কিন্তু সুখী ও পরিপূর্ণ জীবন কাটাতে যে সম্পর্কে থাকতে হবে, এমন কোনো কথা নেই। নিজের স্বপ্ন পূরণ, পছন্দের কাজ এবং প্রিয়জনদের সঙ্গে সময় কাটিয়েও জীবন হতে পারে আনন্দময়।

এই ভাবনাকে সামনে রেখে আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক সিঙ্গেল দিবস।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রে ইরান-সংশ্লিষ্ট তিনজনের বিরুদ্ধে হামলার ষড়যন্ত্রের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৫৪ এম


যুক্তরাষ্ট্রে ইরান-সংশ্লিষ্ট তিনজনের বিরুদ্ধে হামলার ষড়যন্ত্রের অভিযোগ

যুক্তরাষ্ট্রে ইরান সংশ্লিষ্ট তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। ওয়াশিংটন দাবি করেছে, তাদের বিরুদ্ধে যুক্তরাজ্যের ফেয়ারফোর্ড বিমানঘাঁটিতে হামলার ষড়যন্ত্রসহ যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন স্থানে প্রায় ২০টি হামলা এবং হামলার চেষ্টা করার অভিযোগ রয়েছে। মার্কিন বিচার বিভাগ মঙ্গলবার এই তথ্য জানায়। অভিযুক্ত ব্যক্তিরা ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এবং ইরাকের কাতাইব হিজবুল্লাহর পক্ষে কাজ করতেন।

অভিযুক্তদের মধ্যে রয়েছেন মোহাম্মদ বাকার সাদ দাউদ আল-সাদি, মোহসেন মোহাজেরি এবং মোহাম্মদ আলি আল-হাসানি। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট অপরাধের অভিযোগ আনা হয়েছে। বর্তমানে আল-সাদি নিউইয়র্কের কারাগারে বন্দি রয়েছেন। অন্য দুই অভিযুক্তের অবস্থান সম্পর্কে মার্কিন কর্তৃপক্ষ কোনো তথ্য দেয়নি।

অভিযোগপত্র অনুযায়ী, গত সেপ্টেম্বরে দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের রয়্যাল এয়ার ফোর্সের (আরএএফ) ফেয়ারফোর্ড ঘাঁটিতে হামলার পরিকল্পনা করা হয়েছিল। হামলার উদ্দেশ্যে কয়েকটি সাদা ভ্যানে জ্বালানির ব্যারেল ও ধাতব বস্তু নেওয়া হয়েছিল। ভ্যানগুলোকে জ্বালানি সরবরাহের গাড়ি হিসেবে সাজানোর পরিকল্পনাও ছিল।

মার্কিন প্রসিকিউটররা দাবি করেছেন, ৩৫ বছর বয়সি আল-হাসানি অন্যদের ঘাঁটিতে যাওয়ার নির্দেশ দেন। ৩২ বছর বয়সি আল-সাদি ফোনে তার মা ও বোনের সঙ্গে সাংকেতিক ভাষায় কথা বলে আল-হাসানি ও ৪৮ বছর বয়সি মোহাজেরির সঙ্গে ষড়যন্ত্রের সমন্বয় করেন।

ঘটনার পর ব্রিটিশ পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করেছিল, কিন্তু পরে তাদের জামিনে মুক্তি দেওয়া হয়। তাদের মধ্যে দুজনকে ইরানের গোয়েন্দা সংস্থাকে সহায়তার সন্দেহে পুনরায় গ্রেপ্তার করা হয় এবং যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা আইনে অভিযুক্ত করা হয়। তবে ইরান এই ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে।

ফেয়ারফোর্ড ঘাঁটিতে ঘটনার কয়েক দিন পর যুক্তরাষ্ট্র সেখান থেকে সব বি-১ বোমারু বিমান সরিয়ে নেয়। এর আগে গত মে মাসে আল-সাদির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইহুদি সম্প্রদায়ের বিভিন্ন স্থাপনায় হামলার নির্দেশ দেওয়ার অভিযোগ আনা হয়েছিল। এসব হামলার মধ্যে এপ্রিলে লন্ডনে দুই ইহুদি ব্যক্তিকে ছুরিকাঘাত এবং ইউরোপের বিভিন্ন স্থানে সিনাগগ, ইসরাইলি ব্যবসাপ্রতিষ্ঠান ও ইহুদি স্কুলে অগ্নিসংযোগের ঘটনা অন্তর্ভুক্ত ছিল। আল-সাদি এসব অভিযোগ অস্বীকার করে নিজেকে ‘যুদ্ধবন্দি’ দাবি করেছেন।

এদিকে, ইরানের সম্ভাব্য হুমকির খবর প্রকাশের পর যুক্তরাষ্ট্র মঙ্গলবার যুক্তরাজ্যের আরেকটি বিমানঘাঁটি আরএএফ মিলডেনহল থেকেও অন্তত ১২টি সামরিক বিমান সরিয়ে নিয়েছে বলে ফ্লাইট ট্র্যাকিংয়ের তথ্যে জানা গেছে।

সূত্র: আলজাজিরা

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসলামে নিরাপদ খাদ্য উৎপাদনের গুরুত্ব তুলে ধরা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৫৫ এম


ইসলামে নিরাপদ খাদ্য উৎপাদনের গুরুত্ব তুলে ধরা হয়েছে

ইসলাম কৃষি ও খাদ্য উৎপাদনকে বিশেষ মর্যাদা প্রদান করেছে। আনাস (রা.) থেকে বর্ণিত মহানবী (সা.) বলেছেন, ‘যেকোনো মুসলমান ফলবান গাছ রোপণ করে কিংবা কোনো ফসল ফলায় আর তা থেকে পাখি কিংবা মানুষ বা চতুষ্পদ জন্তু খায়, তবে তা তার পক্ষ থেকে সদকা বলে গণ্য হবে।’ (বুখারি, হাদিস : ২৩২০)

এই হাদিস কৃষিকাজের অসাধারণ ফজিলতকে তুলে ধরে। একজন কৃষক তার জীবিকা অর্জনের পাশাপাশি মানুষের খাদ্যের জোগান দেন, প্রাণীর আহারের ব্যবস্থা করেন এবং পরিবেশের উপকার করেন। যতদিন তার উৎপাদিত ফসল মানুষ ও প্রাণীর উপকারে আসে, ততদিন তিনি সদকার সওয়াব লাভের আশা করতে পারেন। কৃষিকাজ শুধুমাত্র একটি পেশা নয়; সঠিক নিয়ত ও কল্যাণকর উদ্দেশ্যে এটি ইবাদতেও পরিণত হতে পারে।

ফসল ফলানোর পাশাপাশি পশু পালনের মাধ্যমে খাদ্য উৎপাদনের আরও অনেক উপকার ভোগ করা সম্ভব। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেছেন, ‘আর চতুষ্পদ জন্তুগুলো তিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন, তাতে রয়েছে উষ্ণতার উপকরণ ও বিবিধ উপকার। আর তা থেকে তোমরা আহার গ্রহণ করো।’ (সুরা : নাহাল, আয়াত : ৫)

চতুষ্পদ জন্তু (যেমন উট, গরু, ছাগল ইত্যাদি) মহান আল্লাহর সৃষ্টি, যার লোম ও পশম থেকে আমরা গরম কাপড় তৈরি করে নিজেদের শীত থেকে রক্ষা করি। তাদের মাধ্যমে অন্যান্য উপকারও লাভ করা যায়, যেমন—তাদের দুধ পান করা, বাহনরূপে ব্যবহার করা, মালপত্র বহন করা, চাষ করা ইত্যাদি।

অন্য একটি আয়াতে ইরশাদ হয়েছে, ‘আর নিশ্চয়ই গবাদি পশুর মধ্যে তোমাদের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে। তাদের পেটে যা আছে তা থেকে আমি তোমাদের পান করাই। আর এতে তোমাদের জন্য প্রচুর উপকারিতা রয়েছে এবং তা থেকে তোমরা খাও।’ (সুরা : মুমিনুন, আয়াত : ২১)

এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় যে জন্তুদের দেহের প্রতিটি অংশ মানুষের কাজে আসে এবং এর দ্বারা মানুষের জীবনধারণের অসংখ্য সরঞ্জাম তৈরি হয়। জন্তুদের পশম, অস্থি, অন্ত্র ইত্যাদি প্রতিটি অংশ দ্বারা মানুষ জীবিকার কত যে সাজসরঞ্জাম তৈরি করে তা গণনা করা কঠিন। এসব উপকার ছাড়াও একটি বড় উপকার হলো, হালাল জন্তুগুলোর গোশত মানুষের সর্বোত্কৃষ্ট খাদ্য। (তাফসিরে ইবনে কাসির)

তবে এটাও মনে রাখতে হবে, ইসলাম শুধু খাদ্যের প্রাচুর্য চায় না; খাদ্যের পবিত্রতা ও উৎকর্ষকেও গুরুত্ব দেয়। আল্লাহ বলেন, ‘হে মানুষ, জমিনে যা আছে, তা থেকে হালাল পবিত্র বস্তু আহার করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ কোরো না। নিশ্চয়ই সে তোমাদের জন্য সুস্পষ্ট শত্রু।’ (সুরা : আল-বাকারাহ, আয়াত : ১৬৮)

এখানে হালাল হওয়ার পাশাপাশি ‘তাইয়্যিব’ বা পবিত্র, উত্তম ও ক্ষতিকর উপাদানমুক্ত হওয়ার নির্দেশনাও রয়েছে। সুতরাং ফসলের নামে নিষিদ্ধ মাদক উৎপাদন, খাদ্যে ভেজাল মেশানো, ক্ষতিকর রাসায়নিকের অপব্যবহার, দূষিত পানি দিয়ে উৎপাদন এবং ক্রেতার অজান্তে ক্ষতিকর উপাদান মেশানো ইসলামের নৈতিক শিক্ষার পরিপন্থী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%