১১:৫৫ এম
ইসলাম কৃষি ও খাদ্য উৎপাদনকে বিশেষ মর্যাদা প্রদান করেছে। আনাস (রা.) থেকে বর্ণিত মহানবী (সা.) বলেছেন, ‘যেকোনো মুসলমান ফলবান গাছ রোপণ করে কিংবা কোনো ফসল ফলায় আর তা থেকে পাখি কিংবা মানুষ বা চতুষ্পদ জন্তু খায়, তবে তা তার পক্ষ থেকে সদকা বলে গণ্য হবে।’ (বুখারি, হাদিস : ২৩২০)
এই হাদিস কৃষিকাজের অসাধারণ ফজিলতকে তুলে ধরে। একজন কৃষক তার জীবিকা অর্জনের পাশাপাশি মানুষের খাদ্যের জোগান দেন, প্রাণীর আহারের ব্যবস্থা করেন এবং পরিবেশের উপকার করেন। যতদিন তার উৎপাদিত ফসল মানুষ ও প্রাণীর উপকারে আসে, ততদিন তিনি সদকার সওয়াব লাভের আশা করতে পারেন। কৃষিকাজ শুধুমাত্র একটি পেশা নয়; সঠিক নিয়ত ও কল্যাণকর উদ্দেশ্যে এটি ইবাদতেও পরিণত হতে পারে।
ফসল ফলানোর পাশাপাশি পশু পালনের মাধ্যমে খাদ্য উৎপাদনের আরও অনেক উপকার ভোগ করা সম্ভব। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেছেন, ‘আর চতুষ্পদ জন্তুগুলো তিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন, তাতে রয়েছে উষ্ণতার উপকরণ ও বিবিধ উপকার। আর তা থেকে তোমরা আহার গ্রহণ করো।’ (সুরা : নাহাল, আয়াত : ৫)
আরও পড়ুন: ফাজিল ও কামিল মাদ্রাসার গভর্নিং বডি বাতিলের আদেশ সুপ্রিম কোর্টে বহাল
চতুষ্পদ জন্তু (যেমন উট, গরু, ছাগল ইত্যাদি) মহান আল্লাহর সৃষ্টি, যার লোম ও পশম থেকে আমরা গরম কাপড় তৈরি করে নিজেদের শীত থেকে রক্ষা করি। তাদের মাধ্যমে অন্যান্য উপকারও লাভ করা যায়, যেমন—তাদের দুধ পান করা, বাহনরূপে ব্যবহার করা, মালপত্র বহন করা, চাষ করা ইত্যাদি।
অন্য একটি আয়াতে ইরশাদ হয়েছে, ‘আর নিশ্চয়ই গবাদি পশুর মধ্যে তোমাদের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে। তাদের পেটে যা আছে তা থেকে আমি তোমাদের পান করাই। আর এতে তোমাদের জন্য প্রচুর উপকারিতা রয়েছে এবং তা থেকে তোমরা খাও।’ (সুরা : মুমিনুন, আয়াত : ২১)
এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় যে জন্তুদের দেহের প্রতিটি অংশ মানুষের কাজে আসে এবং এর দ্বারা মানুষের জীবনধারণের অসংখ্য সরঞ্জাম তৈরি হয়। জন্তুদের পশম, অস্থি, অন্ত্র ইত্যাদি প্রতিটি অংশ দ্বারা মানুষ জীবিকার কত যে সাজসরঞ্জাম তৈরি করে তা গণনা করা কঠিন। এসব উপকার ছাড়াও একটি বড় উপকার হলো, হালাল জন্তুগুলোর গোশত মানুষের সর্বোত্কৃষ্ট খাদ্য। (তাফসিরে ইবনে কাসির)
তবে এটাও মনে রাখতে হবে, ইসলাম শুধু খাদ্যের প্রাচুর্য চায় না; খাদ্যের পবিত্রতা ও উৎকর্ষকেও গুরুত্ব দেয়। আল্লাহ বলেন, ‘হে মানুষ, জমিনে যা আছে, তা থেকে হালাল পবিত্র বস্তু আহার করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ কোরো না। নিশ্চয়ই সে তোমাদের জন্য সুস্পষ্ট শত্রু।’ (সুরা : আল-বাকারাহ, আয়াত : ১৬৮)
আরও পড়ুন: দাম্পত্য জীবনে সুখের মূলমন্ত্র জানালেন শায়খ আহমাদুল্লাহ
এখানে হালাল হওয়ার পাশাপাশি ‘তাইয়্যিব’ বা পবিত্র, উত্তম ও ক্ষতিকর উপাদানমুক্ত হওয়ার নির্দেশনাও রয়েছে। সুতরাং ফসলের নামে নিষিদ্ধ মাদক উৎপাদন, খাদ্যে ভেজাল মেশানো, ক্ষতিকর রাসায়নিকের অপব্যবহার, দূষিত পানি দিয়ে উৎপাদন এবং ক্রেতার অজান্তে ক্ষতিকর উপাদান মেশানো ইসলামের নৈতিক শিক্ষার পরিপন্থী।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন