ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

আজ ১১ নভেম্বর আন্তর্জাতিক সিঙ্গেল দিবস পালিত হচ্ছে


আজ ১১ নভেম্বর আন্তর্জাতিক সিঙ্গেল দিবস পালিত হচ্ছে

আজ ১১ নভেম্বর, আন্তর্জাতিক সিঙ্গেল দিবস। অবিবাহিত এবং একা থাকা ব্যক্তিরা সারা বিশ্বে এই দিনটি উদযাপন করেন। একা থাকা মানে নিঃসঙ্গতা নয়, বরং এটি নিজের মতো করে জীবন উপভোগ, স্বাধীনতা এবং আত্মনির্ভরতার আনন্দ উদযাপনের বার্তা প্রদান করে।

প্রতিবছর ১১ নভেম্বর দিবসটি পালন করা হয়। এই তারিখের বিশেষত্বও বেশ আকর্ষণীয়। ১১/১১ সংখ্যাটিতে চারটি একক সংখ্যা রয়েছে, যা সিঙ্গেল বা একা থাকার প্রতিনিধিত্ব করে।

দিবসটির উৎপত্তি চীনে। প্রচলিত তথ্য অনুযায়ী, ১৯৯০-এর দশকে নানজিং বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী অবিবাহিত জীবনের আনন্দ উদযাপন করার জন্য এই দিনটি পালন করার উদ্যোগ নেন। ধীরে ধীরে এটি চীনের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে দিবসটি আন্তর্জাতিকভাবে পরিচিতি লাভ করে।

আরও পড়ুন: মেয়েরা আবু বকরের মতো আদর্শ স্বামী চান, সতর্কবার্তা ভীণার

শুরুতে অবিবাহিতরা দিনটি নিজেদের মতো করে উদযাপন করলেও সময়ের সঙ্গে এর ধরন পরিবর্তিত হয়েছে। কেউ বন্ধুদের সঙ্গে আড্ডা দেন, কেউ ঘুরতে যান, আবার কেউ নিজের পছন্দের জিনিস কিনে বা প্রিয় কাজে সময় কাটিয়ে দিনটি উপভোগ করেন।

২০০৯ সালে চীনা ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবা ১১ নভেম্বরকে বড় পরিসরে কেনাকাটার উৎসবে পরিণত করে। এরপর দিনটি বিশ্বের অন্যতম বৃহৎ অনলাইন কেনাকাটার আয়োজন হয়ে ওঠে।

তবে সিঙ্গেল দিবসের গুরুত্ব কেবল অবিবাহিত জীবনের উদযাপনে সীমাবদ্ধ নয়। এটি নিজের প্রতি ভালোবাসা, আত্মবিশ্বাস, ব্যক্তিস্বাধীনতা এবং নিজের সিদ্ধান্তকে সম্মান করার বার্তা প্রদান করে।

সমাজে বিয়ে কিংবা প্রেমের সম্পর্ককে অনেক সময় জীবনের পূর্ণতার মাপকাঠি হিসেবে দেখা হয়। কিন্তু সুখী ও পরিপূর্ণ জীবন কাটাতে যে সম্পর্কে থাকতে হবে, এমন কোনো কথা নেই। নিজের স্বপ্ন পূরণ, পছন্দের কাজ এবং প্রিয়জনদের সঙ্গে সময় কাটিয়েও জীবন হতে পারে আনন্দময়।

আরও পড়ুন: পেটের গ্যাস ও ফাঁপায় অস্বস্তি? ৯ উপাদানেই মিলতে পারে স্বস্তি

এই ভাবনাকে সামনে রেখে আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক সিঙ্গেল দিবস।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রে ইরান-সংশ্লিষ্ট তিনজনের বিরুদ্ধে হামলার ষড়যন্ত্রের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৫৪ এম


যুক্তরাষ্ট্রে ইরান-সংশ্লিষ্ট তিনজনের বিরুদ্ধে হামলার ষড়যন্ত্রের অভিযোগ

যুক্তরাষ্ট্রে ইরান সংশ্লিষ্ট তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। ওয়াশিংটন দাবি করেছে, তাদের বিরুদ্ধে যুক্তরাজ্যের ফেয়ারফোর্ড বিমানঘাঁটিতে হামলার ষড়যন্ত্রসহ যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন স্থানে প্রায় ২০টি হামলা এবং হামলার চেষ্টা করার অভিযোগ রয়েছে। মার্কিন বিচার বিভাগ মঙ্গলবার এই তথ্য জানায়। অভিযুক্ত ব্যক্তিরা ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এবং ইরাকের কাতাইব হিজবুল্লাহর পক্ষে কাজ করতেন।

অভিযুক্তদের মধ্যে রয়েছেন মোহাম্মদ বাকার সাদ দাউদ আল-সাদি, মোহসেন মোহাজেরি এবং মোহাম্মদ আলি আল-হাসানি। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট অপরাধের অভিযোগ আনা হয়েছে। বর্তমানে আল-সাদি নিউইয়র্কের কারাগারে বন্দি রয়েছেন। অন্য দুই অভিযুক্তের অবস্থান সম্পর্কে মার্কিন কর্তৃপক্ষ কোনো তথ্য দেয়নি।

অভিযোগপত্র অনুযায়ী, গত সেপ্টেম্বরে দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের রয়্যাল এয়ার ফোর্সের (আরএএফ) ফেয়ারফোর্ড ঘাঁটিতে হামলার পরিকল্পনা করা হয়েছিল। হামলার উদ্দেশ্যে কয়েকটি সাদা ভ্যানে জ্বালানির ব্যারেল ও ধাতব বস্তু নেওয়া হয়েছিল। ভ্যানগুলোকে জ্বালানি সরবরাহের গাড়ি হিসেবে সাজানোর পরিকল্পনাও ছিল।

মার্কিন প্রসিকিউটররা দাবি করেছেন, ৩৫ বছর বয়সি আল-হাসানি অন্যদের ঘাঁটিতে যাওয়ার নির্দেশ দেন। ৩২ বছর বয়সি আল-সাদি ফোনে তার মা ও বোনের সঙ্গে সাংকেতিক ভাষায় কথা বলে আল-হাসানি ও ৪৮ বছর বয়সি মোহাজেরির সঙ্গে ষড়যন্ত্রের সমন্বয় করেন।

ঘটনার পর ব্রিটিশ পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করেছিল, কিন্তু পরে তাদের জামিনে মুক্তি দেওয়া হয়। তাদের মধ্যে দুজনকে ইরানের গোয়েন্দা সংস্থাকে সহায়তার সন্দেহে পুনরায় গ্রেপ্তার করা হয় এবং যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা আইনে অভিযুক্ত করা হয়। তবে ইরান এই ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে।

ফেয়ারফোর্ড ঘাঁটিতে ঘটনার কয়েক দিন পর যুক্তরাষ্ট্র সেখান থেকে সব বি-১ বোমারু বিমান সরিয়ে নেয়। এর আগে গত মে মাসে আল-সাদির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইহুদি সম্প্রদায়ের বিভিন্ন স্থাপনায় হামলার নির্দেশ দেওয়ার অভিযোগ আনা হয়েছিল। এসব হামলার মধ্যে এপ্রিলে লন্ডনে দুই ইহুদি ব্যক্তিকে ছুরিকাঘাত এবং ইউরোপের বিভিন্ন স্থানে সিনাগগ, ইসরাইলি ব্যবসাপ্রতিষ্ঠান ও ইহুদি স্কুলে অগ্নিসংযোগের ঘটনা অন্তর্ভুক্ত ছিল। আল-সাদি এসব অভিযোগ অস্বীকার করে নিজেকে ‘যুদ্ধবন্দি’ দাবি করেছেন।

এদিকে, ইরানের সম্ভাব্য হুমকির খবর প্রকাশের পর যুক্তরাষ্ট্র মঙ্গলবার যুক্তরাজ্যের আরেকটি বিমানঘাঁটি আরএএফ মিলডেনহল থেকেও অন্তত ১২টি সামরিক বিমান সরিয়ে নিয়েছে বলে ফ্লাইট ট্র্যাকিংয়ের তথ্যে জানা গেছে।

সূত্র: আলজাজিরা

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসলামে নিরাপদ খাদ্য উৎপাদনের গুরুত্ব তুলে ধরা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৫৫ এম


ইসলামে নিরাপদ খাদ্য উৎপাদনের গুরুত্ব তুলে ধরা হয়েছে

ইসলাম কৃষি ও খাদ্য উৎপাদনকে বিশেষ মর্যাদা প্রদান করেছে। আনাস (রা.) থেকে বর্ণিত মহানবী (সা.) বলেছেন, ‘যেকোনো মুসলমান ফলবান গাছ রোপণ করে কিংবা কোনো ফসল ফলায় আর তা থেকে পাখি কিংবা মানুষ বা চতুষ্পদ জন্তু খায়, তবে তা তার পক্ষ থেকে সদকা বলে গণ্য হবে।’ (বুখারি, হাদিস : ২৩২০)

এই হাদিস কৃষিকাজের অসাধারণ ফজিলতকে তুলে ধরে। একজন কৃষক তার জীবিকা অর্জনের পাশাপাশি মানুষের খাদ্যের জোগান দেন, প্রাণীর আহারের ব্যবস্থা করেন এবং পরিবেশের উপকার করেন। যতদিন তার উৎপাদিত ফসল মানুষ ও প্রাণীর উপকারে আসে, ততদিন তিনি সদকার সওয়াব লাভের আশা করতে পারেন। কৃষিকাজ শুধুমাত্র একটি পেশা নয়; সঠিক নিয়ত ও কল্যাণকর উদ্দেশ্যে এটি ইবাদতেও পরিণত হতে পারে।

ফসল ফলানোর পাশাপাশি পশু পালনের মাধ্যমে খাদ্য উৎপাদনের আরও অনেক উপকার ভোগ করা সম্ভব। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেছেন, ‘আর চতুষ্পদ জন্তুগুলো তিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন, তাতে রয়েছে উষ্ণতার উপকরণ ও বিবিধ উপকার। আর তা থেকে তোমরা আহার গ্রহণ করো।’ (সুরা : নাহাল, আয়াত : ৫)

চতুষ্পদ জন্তু (যেমন উট, গরু, ছাগল ইত্যাদি) মহান আল্লাহর সৃষ্টি, যার লোম ও পশম থেকে আমরা গরম কাপড় তৈরি করে নিজেদের শীত থেকে রক্ষা করি। তাদের মাধ্যমে অন্যান্য উপকারও লাভ করা যায়, যেমন—তাদের দুধ পান করা, বাহনরূপে ব্যবহার করা, মালপত্র বহন করা, চাষ করা ইত্যাদি।

অন্য একটি আয়াতে ইরশাদ হয়েছে, ‘আর নিশ্চয়ই গবাদি পশুর মধ্যে তোমাদের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে। তাদের পেটে যা আছে তা থেকে আমি তোমাদের পান করাই। আর এতে তোমাদের জন্য প্রচুর উপকারিতা রয়েছে এবং তা থেকে তোমরা খাও।’ (সুরা : মুমিনুন, আয়াত : ২১)

এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় যে জন্তুদের দেহের প্রতিটি অংশ মানুষের কাজে আসে এবং এর দ্বারা মানুষের জীবনধারণের অসংখ্য সরঞ্জাম তৈরি হয়। জন্তুদের পশম, অস্থি, অন্ত্র ইত্যাদি প্রতিটি অংশ দ্বারা মানুষ জীবিকার কত যে সাজসরঞ্জাম তৈরি করে তা গণনা করা কঠিন। এসব উপকার ছাড়াও একটি বড় উপকার হলো, হালাল জন্তুগুলোর গোশত মানুষের সর্বোত্কৃষ্ট খাদ্য। (তাফসিরে ইবনে কাসির)

তবে এটাও মনে রাখতে হবে, ইসলাম শুধু খাদ্যের প্রাচুর্য চায় না; খাদ্যের পবিত্রতা ও উৎকর্ষকেও গুরুত্ব দেয়। আল্লাহ বলেন, ‘হে মানুষ, জমিনে যা আছে, তা থেকে হালাল পবিত্র বস্তু আহার করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ কোরো না। নিশ্চয়ই সে তোমাদের জন্য সুস্পষ্ট শত্রু।’ (সুরা : আল-বাকারাহ, আয়াত : ১৬৮)

এখানে হালাল হওয়ার পাশাপাশি ‘তাইয়্যিব’ বা পবিত্র, উত্তম ও ক্ষতিকর উপাদানমুক্ত হওয়ার নির্দেশনাও রয়েছে। সুতরাং ফসলের নামে নিষিদ্ধ মাদক উৎপাদন, খাদ্যে ভেজাল মেশানো, ক্ষতিকর রাসায়নিকের অপব্যবহার, দূষিত পানি দিয়ে উৎপাদন এবং ক্রেতার অজান্তে ক্ষতিকর উপাদান মেশানো ইসলামের নৈতিক শিক্ষার পরিপন্থী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিবিসির বিরুদ্ধে ট্রাম্পের ১০ বিলিয়ন ডলারের মানহানির মামলা চলার অনুমতি আদালতের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৫৬ এম


বিবিসির বিরুদ্ধে ট্রাম্পের ১০ বিলিয়ন ডলারের মানহানির মামলা চলার অনুমতি আদালতের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ১০ বিলিয়ন ডলারের মানহানির মামলা চলতে পারবে। বার্তাসংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, মঙ্গলবার এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন দেশটির এক ফেডারেল বিচারক। তবে ট্রাম্পের মামলাটি, যা বিবিসির বিরুদ্ধে অন্যায্য বাণিজ্যচর্চার অভিযোগে দায়ের করা হয়েছিল, তা খারিজ করে দেওয়া হয়েছে। বিবিসি একটি ভিডিও সম্পাদনা করে বিভ্রান্তিকরভাবে প্রচার করেছে, যা ট্রাম্পের বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করেছে।

২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে হামলার আগে ট্রাম্প সমর্থকদের সেখানে যেতে নির্দেশ দিয়েছিলেন, এমন একটি ধারণা তৈরি হয়েছিল বিবিসির সম্পাদিত ভিডিওতে। এই ঘটনার পর ট্রাম্প বিবিসির বিরুদ্ধে অন্তত ১০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ চেয়ে মামলা করেন।

এটি ট্রাম্পের বিরুদ্ধে সংবাদমাধ্যমগুলোর করা বেশ কয়েকটি মামলার মধ্যে একটি। এসব মামলা তার পছন্দের বিরুদ্ধে সংবাদ প্রকাশ ঠেকানোর চেষ্টা হিসেবে দেখা হচ্ছে। ফ্লোরিডার ফেডারেল বিচারক জেফরি কুন্টজ বিবিসির বিরুদ্ধে ট্রাম্পের মানহানির মামলাটি খারিজ করতে রাজি হননি। বিচারক বলেন, ট্রাম্পের অভিযোগের পক্ষে যুক্তিসংগত ভিত্তি রয়েছে। ট্রাম্প দাবি করেছেন, বিবিসির সম্পাদনার ফলে তার সুনাম ক্ষুণ্ন হয়েছে এবং তারা জানত বা জানার কথা ছিল যে ভিডিওটি বিভ্রান্তিকর।

তবে বিচারকের এই সিদ্ধান্তের মাধ্যমে ট্রাম্পের অভিযোগ প্রমাণিত হয়নি। আদালত এখনো এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত দেননি। সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প আদালতের এই সিদ্ধান্তকে ‘বড় বিজয়’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, যারা মার্কিন জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করে, তাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন এবং তাদের পরাজিত করবেন।

বিবিসির এক মুখপাত্র আদালতের এই সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছেন। তবে তারা আদালতের প্রতি শ্রদ্ধাশীল। নিজেদের অবস্থান নিয়ে তারা আত্মবিশ্বাসী। এর আগে বিবিসি স্বীকার করেছিল যে, ট্রাম্পের ভাষণের ভিডিওটি যেভাবে সম্পাদনা করা হয়েছিল, তা বিভ্রান্তিকর ছিল এবং এজন্য তারা ট্রাম্পের কাছে ক্ষমাও চেয়েছিল। তবে তারা মানহানির অভিযোগ মেনে নেয়নি।

গত ডিসেম্বরে ফ্লোরিডার একটি ফেডারেল আদালতে মামলাটি দায়ের করেন ট্রাম্প। তার অভিযোগ, বিবিসি তার ভাষণের বিভিন্ন অংশ জুড়ে দিয়ে বিভ্রান্তিকর ভিডিও তৈরি করেছে। ভাষণের একটি অংশে তিনি সমর্থকদের ক্যাপিটল ভবনের দিকে যেতে বলেছিলেন, অন্য অংশে তিনি বলেছিলেন, ‘সর্বশক্তি দিয়ে লড়াই করো।’

তবে ওই ভাষণের একটি গুরুত্বপূর্ণ অংশ ভিডিওতে অন্তর্ভুক্ত করা হয়নি, যেখানে ট্রাম্প সমর্থকদের শান্তিপূর্ণ প্রতিবাদ করার আহ্বান জানিয়েছিলেন। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের কয়েক দিন আগে বিবিসির ‘প্যানোরামা’ অনুষ্ঠানে সম্পাদনা করা ভিডিওটি প্রচার করা হয়। ওই নির্বাচনে ট্রাম্প জয়ী হন।

পরে বিবিসির একটি অভ্যন্তরীণ স্মারকলিপি ফাঁস হয়, যেখানে ভিডিও সম্পাদনার ঘটনাকে সংবাদমাধ্যমটির সম্ভাব্য রাজনৈতিক পক্ষপাতের প্রমাণ হিসেবে উল্লেখ করা হয়। এই ঘটনা বিবিসিকে বড় ধরনের ভাবমূর্তি সংকটে ফেলে এবং এর ফলে প্রতিষ্ঠানটির শীর্ষ পর্যায়ের কয়েকজন কর্মকর্তা পদত্যাগ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ড্যাফোডিলে সাংবাদিকতায় মানসিক চাপ ও ট্রমা ব্যবস্থাপনা কোর্সের উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৫৬ এম


ড্যাফোডিলে সাংবাদিকতায় মানসিক চাপ ও ট্রমা ব্যবস্থাপনা কোর্সের উদ্বোধন

সাংবাদিকদের মানসিক সুরক্ষা নিশ্চিত করার উদ্দেশ্যে, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) সাংবাদিকতা, মিডিয়া এবং যোগাযোগ বিভাগের উদ্যোগে ‘ম্যানেজিং স্ট্রেস অ্যান্ড ট্রমা ইন জার্নালিজম’ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন বুধবার (১১ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এই কোর্সের উদ্বোধনী ক্লাসটি দুপুর ২টায় ড্যাফোডিল স্মার্ট সিটির ইরাসমাস+ সিবিএইচই হারমনি প্রজেক্ট ল্যাবে অনুষ্ঠিত হবে।

কোর্সটি ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে পরিচালিত বৈশ্বিক কনসোর্টিয়াম 'AGILE'-এর একটি উদ্যোগ হিসেবে পরিচালিত হচ্ছে। এই কোর্সের বাস্তবায়নে সুইডেনের লিনিয়াস ইউনিভার্সিটির ফোয়ো মিডিয়া ইনস্টিটিউট এবং কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম এডুকেটরস নেটওয়ার্ক বাংলাদেশ সার্বিক সহযোগিতা প্রদান করছে।

বিশ্বের ৯টি দেশের সাংবাদিকতা বিভাগের অভিজ্ঞতার আলোকে এবং বাংলাদেশের স্থানীয় সংবাদমাধ্যমের বাস্তবতার সাথে মিল রেখে ১২ ঘণ্টাব্যাপী ও ৬টি মডিউলের এই বিশেষ কোর্সের পাঠ্যক্রম তৈরি করা হয়েছে।

এই আয়োজনের মূল লক্ষ্য হলো সাংবাদিকতা পেশার কঠিন ও ট্রমাটিক পরিস্থিতিতে শিক্ষার্থীদের মানসিক চাপ মোকাবিলার বৈজ্ঞানিক ও ব্যবহারিক কৌশল শেখানো।

উদ্বোধনী ক্লাসে মাঠপর্যায়ের বাস্তব অভিজ্ঞতা ও মানসিক প্রশান্তি ধরে রাখার কৌশল নিয়ে শিক্ষার্থীদের দিক নির্দেশনা দেবেন ডিআইইউ'র সাংবাদিকতা, মিডিয়া এবং যোগাযোগ বিভাগের প্রধান ড. মো. আব্দুল কাবিল খান।

প্রশিক্ষক হিসেবে উপস্থিত থাকবেন মাছরাঙা টেলিভিশনের স্পেশাল করেসপন্ডেন্ট কাওসার সোহেলী, লিভিং উইথ ওয়েলনেসের প্রতিষ্ঠাতা ও সিইও এবং মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ মাহমুদা, অক্সফ্যাম ইন বাংলাদেশের আইক্যাম স্পেশালিস্ট আব্দুল্লাহ আল হোসাইন আলিফ, দি ইরাবতীর বাংলাদেশ করেসপন্ডেন্ট মুক্তাদির রশিদ এবং বাংলানিউজ২৪-এর সিনিয়র নিউজরুম এডিটর শারমিন আজাদ শান্তা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%