ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

মার্ক উড আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা


মার্ক উড আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা

ইংল্যান্ডের তারকা ফাস্ট বোলার মার্ক উড আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, বারবার আক্রান্ত বাম হাঁটুর গুরুতর ইনজুরির কারণে ৩৬ বছর বয়সী এই গতিদানব তার আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন। যদিও তিনি আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ছেন, তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এবং ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন।

ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে উড জানিয়েছেন, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তার পক্ষে টেস্ট এবং ওয়ানডে ক্রিকেট খেলা সম্ভব নয়, এই কারণে তিনি আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের সমাপ্তি ঘটাচ্ছেন।

২০১৫ সালে অভিষেকের পর থেকে উড তার ১১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ইংল্যান্ডের পেস আক্রমণের অন্যতম প্রধান শক্তি ছিলেন। দীর্ঘ ক্যারিয়ারে তিনি চোটের সাথে অবিরাম লড়াই করেও বল হাতে গতির ঝড় তুলেছেন এবং ইংল্যান্ডের বড় বড় সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

আরও পড়ুন: সাফ চ্যাম্পিয়নশিপে প্রথমবার ভিএআর প্রযুক্তির ব্যবহার

তিনি ইংল্যান্ডের হয়ে সব ফরম্যাটেই অসাধারণ অবদান রেখেছেন। টেস্ট ক্রিকেটে ৩৮ ম্যাচে ১১৯ উইকেট এবং ওয়ানডেতে ৭০ ম্যাচে ৮০ উইকেট নিয়েছেন। এছাড়া, টি-টোয়েন্টিতে ৩৮ ম্যাচ খেলে নিয়েছেন ৫৪ উইকেট।

আরো পড়ুন

অঘটনের শঙ্কা জাগিয়ে ভারতের কাছে হারল জাপান।

মার্ক উড শুধুমাত্র গতির জন্যই পরিচিত ছিলেন না, বরং তিনি ইংল্যান্ডের আধুনিক ক্রিকেটের বেশ কিছু বড় সাফল্যের নেপথ্য কারিগরও ছিলেন। ২০১৫ সালের ঐতিহাসিক অ্যাশেজ জয়ে ট্রেন্ট ব্রিজে দলের জয়সূচক শেষ উইকেটটি নিয়েছিলেন তিনি।

আরও পড়ুন: আর্সেনালকে বিদায় দিয়ে শেষ আটে চতুর্থ স্তরের ফ্লিটউড টাউন

এছাড়া, ইংল্যান্ডের ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের অন্যতম প্রধান শক্তি ছিলেন এই পেসার।

আরো পড়ুন

ফিফা সংস্কারের প্রস্তাব ইনফান্তিনোর

বিদায়বেলায় উড আবেগঘন কণ্ঠে বলেন, ‘পরিসংখ্যান হয়তো বলবে না যে আমি ইতিহাসের সেরা বোলার ছিলাম, তবে আমি আশা করি আমার সতীর্থরা মনে রাখবে যে আমি প্রতিবার মাঠে নিজের শতভাগ উজার করে দিয়েছিলাম।’

আরও পড়ুন: ২৮ অক্টোবর বাংলাদেশের ম্যাচসহ খেলার সূচি প্রকাশ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেহবাজ শরিফের জামায়াতকে লং মার্চ স্থগিতের অনুরোধ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:০১ পি.এম


শেহবাজ শরিফের জামায়াতকে লং মার্চ স্থগিতের অনুরোধ

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জামায়াতে ইসলামীর আমির হাফিজ নাঈমুর রহমানকে পেট্রোলিয়াম লেভির বিরুদ্ধে রাজধানী ইসলামাবাদমুখী লং মার্চ স্থগিত রাখতে অনুরোধ করেছেন।

এছাড়া, তিনি জ্বালানি কর নিয়ে জামায়াতের সঙ্গে অর্থবহ আলোচনায় বসার প্রস্তাবও দিয়েছেন। তবে জামায়াতের আমির জানিয়েছেন, লং মার্চ স্থগিত হলেও প্রতিবাদ করার অধিকার তারা ছাড়বে না।

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনালের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, জামায়াতে ইসলামী পাকিস্তানের এক মুখপাত্রের বরাত দিয়ে এ তথ্য প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ইসলামাবাদমুখী মার্চের সময় জামায়াতের আমির মুলতানে পৌঁছানোর পর শেহবাজ তাকে ফোন করেন। এই ফোনালাপে প্রধানমন্ত্রী জামায়াতের ইসলামাবাদমুখী মার্চ স্থগিত রাখার অনুরোধ করেন।

হাফিজ নাঈম প্রধানমন্ত্রীর অনুরোধের জবাবে বলেন, জামায়াতের উদ্দেশ্য সরকারকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির দিকে ঠেলে দেয়া নয়। তারা জনগণের বিভিন্ন সমস্যা তুলে ধরতেই রাস্তায় নেমেছেন এবং প্রতিবাদ করার অধিকার সরকারের সম্মান করা উচিত।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রী শেহবাজের অনুরোধের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার আগে দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত গ্রহণকারী পরিষদ শুরার সঙ্গে আলোচনা করা হবে। তিনি বলেন, সরকারের অনুরোধে মার্চ স্থগিত করা হলেও প্রতিবাদ করার অধিকার জামায়াত ছাড়বে না।

পাকিস্তানি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, হাফিজ নাঈমের নেতৃত্বে জামায়াতের ট্রেন মার্চ সোমবার (২১ সেপ্টেম্বর) গভীর রাতে মুলতানে পৌঁছায়। সেখানে রেলস্টেশনে সমর্থকদের উদ্দেশে বক্তব্য রাখেন জামায়াতের আমির।

তিনি জানান, ট্রেনটি চার ঘণ্টা দেরিতে মুলতানে পৌঁছেছে। তবে এই বিলম্বও সমর্থকদের মার্চকে স্বাগত জানাতে আসা ঠেকাতে পারেনি। হাফিজ নাঈম বলেন, ‘যারা ষড়যন্ত্র করেছিল, তারা মুলতানে আমাদের স্বাগত জানাতে কত মানুষ বেরিয়ে এসেছে, তা দেখুক।’

বেলুচিস্তান ও খাইবার পাখতুনখাওয়ার বিভিন্ন শহর ও জনপদেও একইভাবে মানুষ জামায়াতের এই মার্চকে স্বাগত জানাচ্ছে বলে দাবি করেন তিনি। তিনি জানান, এই মার্চ দক্ষিণ পাঞ্জাব হয়ে মধ্য পাঞ্জাবে যাবে।

সরকারের উদ্দেশে পাকিস্তান জামায়াতের আমির বলেন, রাস্তায় কনটেইনার ফেলে, বাধা দিয়ে এই মার্চ থামানো যাবে না। তিনি পেট্রোলিয়াম লেভির মধ্যে থাকা কথিত ‘চাঁদাবাজির কর’ প্রত্যাহার এবং জনগণকে স্বস্তি দেয়ার দাবি জানান।

জামায়াতের আমির বলেন, তারা দরিদ্র ও মধ্যবিত্ত মানুষের সমস্যাগুলো তুলে ধরছেন। তার অভিযোগ, সাধারণ মানুষের সমস্যাগুলো রাজনৈতিক দলগুলো যথাযথভাবে গুরুত্ব দিচ্ছে না। ভোক্তাদের ওপর অর্থনৈতিক চাপের উদাহরণ হিসেবে গম, আটা ও চিনির দাম বৃদ্ধির কথা উল্লেখ করেন তিনি।

হাফিজ নাঈম অভিযোগ করেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে আটা ও চিনি ব্যবসায়ীদের প্রভাব রয়েছে। তিনি সরকারের নীতিতে চিনি আমদানি ও রপ্তানির ক্ষেত্রে অসঙ্গতির বিষয়েও সমালোচনা করেন।

স্বাধীন বিদ্যুৎ উৎপাদনকারীদের সঙ্গে সরকারের চুক্তি নিয়ে জামায়াতের আগের আন্দোলনের কথাও তুলে ধরেন তিনি। ওই ক্ষেত্রেও দলটি জনগণের স্বার্থ তুলে ধরেছিল বলে দাবি করেন জামায়াতের আমির।

সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গত রোববার পেট্রোলিয়াম লেভির বিরুদ্ধে করাচি থেকে লং মার্চ শুরু করে জামায়াতে ইসলামী। পরে ট্রেন ও সড়কপথে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সেই আন্দোলন ইসলামাবাদের দিকে এগিয়ে নেয়া হচ্ছে।

সম্প্রতি দলটি দেশের বিভিন্ন শহরে বিক্ষোভও করেছে। এর আগে দাবিগুলো নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে কয়েক দফা আলোচনাও করেছে জামায়াত।

এদিকে মুলতানে পৌঁছানোর পর জামায়াতের এই বহর লাহোরের দিকে যাওয়ার পরিকল্পনা রয়েছে। এরপর লং মার্চের শেষ ধাপে ইসলামাবাদের দিকে অগ্রসর হবেন জামায়াতের নেতাকর্মীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুনামগঞ্জে মারামারি: নিরপেক্ষ তদন্ত চায় শ্রাবণের পরিবার

আন্তর্জাতিক ডেস্ক

‎সুনামগঞ্জ প্রতিনিধি

মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:০৭ পি.এম


সুনামগঞ্জে মারামারি: নিরপেক্ষ তদন্ত চায় শ্রাবণের পরিবার

‎সুনামগঞ্জ শহরের প্রিয়াঙ্গন মার্কেটের পূর্ব পাশে পালস ডায়াগনস্টিক সেন্টারের সামনে গত ১৫ সেপ্টেম্বর সংঘটিত মারামারির ঘটনাকে কেন্দ্র করে গ্রেপ্তারকৃত শিক্ষার্থী শ্রাবণের পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে। সংবাদ সম্মেলনে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের পাশাপাশি সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্য-প্রমাণ যাচাইয়ের দাবি জানানো হয়।
‎
‎মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় শহরের নতুন হাসন নগর এলাকার একটি অফিসে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে শ্রাবণের পরিবারের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন মো. সেজুল মিয়া।
‎
‎লিখিত বক্তব্যে বলা হয়, গত ১৫ সেপ্টেম্বর বিকেল আনুমানিক ৫টা ৪০ মিনিটে প্রিয়াঙ্গন মার্কেটের পূর্ব পাশে পালস ডায়াগনস্টিক সেন্টারের সামনে প্রধান সড়কে একটি ঘটনা ঘটে। ওই ঘটনাকে কেন্দ্র করে থানায় এজাহার দায়ের করা হয়েছে এবং এতে শ্রাবণসহ কয়েকজনকে আসামি করা হয়েছে।
‎
‎সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত পুরো বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করা প্রয়োজন। এ ক্ষেত্রে ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য গ্রহণ এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্য-প্রমাণ যাচাই করা উচিত।
‎
‎পরিবারের পক্ষ থেকে আরও বলা হয়, ঘটনার সূত্রপাত কীভাবে হয়েছিল, কে প্রথম হামলা করেছিল এবং শ্রাবণ কী পরিস্থিতিতে ঘটনাস্থলে জড়িয়েছিল—এসব বিষয় তদন্তে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। তাদের দাবি, শুধু কোনো এক পক্ষের বক্তব্যের ভিত্তিতে নয়, ঘটনার পুরো ধারাবাহিকতা যাচাই করেই প্রকৃত ঘটনা উদঘাটন করা উচিত।
‎
‎লিখিত বক্তব্যে আরও বলা হয়, শ্রাবণ একজন শিক্ষার্থী। অভিযোগ প্রমাণিত হওয়ার আগেই তাকে সামাজিকভাবে অপরাধী হিসেবে চিহ্নিত না করে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাই করা প্রয়োজন। একই সঙ্গে শিক্ষার্থী বা অপ্রাপ্তবয়স্কের ছবি ও পরিচয় প্রকাশের ক্ষেত্রে সংশ্লিষ্ট আইন ও অধিকার যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কি না, সেটিও খতিয়ে দেখার দাবি জানানো হয়। এছাড়া  শ্রাবণের বাবা জুবাব আলীকে মামলায় আসামি করার বিষয়েও আপত্তি জানানো হয়। পরিবারের পক্ষ থেকে বলা হয়, জুবাব আলী নতুন হাসননগর এলাকার একজন পরিচিত ব্যবসায়ী ও সামাজিক ব্যক্তিত্ব। ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার বিষয়টি যথাযথভাবে যাচাই না করে তাকে মামলায় আসামি করা হয়েছে বলে তারা দাবি করেন। এ ঘটনায় তারা তীব্র নিন্দা জানিয়ে তার সম্পৃক্ততার বিষয়টি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যাচাইয়ের দাবি জানান।
‎
‎পরিবারের পক্ষ থেকে আরও বলা হয়, ১৫ সেপ্টেম্বরের ঘটনার প্রকৃত চিত্র তুলে ধরতে সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য এবং সংশ্লিষ্ট অন্যান্য তথ্য-প্রমাণ গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা প্রয়োজন। একই সঙ্গে শ্রাবণ ও তার পরিবারের বক্তব্যও তদন্ত প্রক্রিয়ায় যথাযথভাবে অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়।
‎সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, একপাক্ষিক বয়ান নয়, পুরো ঘটনা সামনে আসুক। অভিযোগ নয়—তদন্তের মাধ্যমে সত্য বেরিয়ে আসুক।
‎
‎সংবাদ সম্মেলনে তহুর আলী,আন্জব আলী, তহির মিয়া, তফিক মিয়া, ময়না মিয়া, মাহমুদ আলী, রেজুয়ান, ফরিদ মিয়া, সাঈদুল ইসলাম, আকিনুর, আমিন, ফরিদ আলী, জামাল, ও মাহিবুরসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরাও উপস্থিত ছিলেন।
‎
‎পরিবারের পক্ষ থেকে ১৫ সেপ্টেম্বরের ঘটনার নিরপেক্ষ তদন্ত, সিসিটিভি ফুটেজ যাচাই, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য গ্রহণ এবং শ্রাবণ ও তার পরিবারের বক্তব্য যথাযথভাবে তদন্তে অন্তর্ভুক্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।
‎
‎
‎এ ব্যাপারে সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি তদন্ত মোঃ আরিফ উল্ল্যাহ জানান,পুলিশ কখনো পক্ষপাতিত্ব তদন্ত করেনা। মামলা যেহেতু হয়েছে প্রকৃত সত্যি উদঘাটনে পুলিশ কাজ করছে।
‎

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নড়াইলে ৫ দিনব্যাপী বইমেলার উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

নড়াইল প্রতিনিধি

মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:২০ পি.এম


নড়াইলে ৫ দিনব্যাপী বইমেলার উদ্বোধন
নড়াইলে বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় পাঁচদিনব্যাপী বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নড়াইল জেলা শিল্পকলা একাডেমি চত্বরে বইমেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ আব্দুল ছালাম।

এ সময় উপস্থিত ছিলেন-অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহসান মাহমুদ রাসেল, জেলা শিক্ষা অফিসার জামাল উদ্দীন, গবেষণা কর্মকর্তা বিকাশ কুসুম চক্রবর্তী, জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান মনিরুজ্জামান, বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরির নড়াইল ইউনিটের ইনচার্জ প্রদীপ কুমার সরকার, ভ্রাম্যমাণ বইমেলার ইনচার্জ এনাম হোসেন মোড়ল, সংগঠক সোহেল সরকারসহ অনেকে।

বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরির নড়াইল ইউনিটের ইনচার্জ প্রদীপ কুমার সরকার জানান, প্রতিদিন দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ বইমেলা চলবে। সাহিত্য, জ্ঞান, বিজ্ঞান, ইতিহাস-ঐহিত্যসহ বিভিন্ন ধরণের বই এখানে পাওয়া যাচ্ছে। মেলার প্রথমদিনে শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষ বইমেলায় ভিড় করেন। মেলায় বিভিন্ন প্রকাশনীর প্রায় ১৫ হাজার বই স্থান পেয়েছে। এখানে ২৫ থেকে ৩০% ছাড়ে বিভিন্ন প্রকাশনীর বই বিক্রি হচ্ছে।

এদিকে, বইমেলা উপলক্ষে আগামি ২৫ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে (৪টা থেকে ৫টা) শিশু থেকে উন্মুক্ত পর্যায়ে চারটি গ্রæপে চিত্রাঙ্কন এবং বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তিনটি গ্রæপে আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। #
 
 
 
 
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আলফাডাঙ্গার পানিপাড়া বিলে নৌকা বাইচ, বসেছিল বিশাল মেলা

আন্তর্জাতিক ডেস্ক

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:২৬ পি.এম


আলফাডাঙ্গার পানিপাড়া বিলে নৌকা বাইচ, বসেছিল বিশাল মেলা

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পানিপাড়া বিলে জমজমাট নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বিলে বসে হরেক রকম পণ্যের বিশাল মেলা। নৌকা বাইচ ও মেলাকে ঘিরে পানিপাড়া বিল ও আশপাশের এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে যুব সমাজের উদ্যোগে এ নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রতিযোগিতা দেখতে বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষ পানিপাড়া বিলে জড়ো হন। মেলায় বিভিন্ন ধরনের পণ্য ও খাবারের দোকান বসে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের সহ-সভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম নাসির।

মেলা আয়োজন কমিটির সহ-সভাপতি মো. নিয়ামত হোসেন পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নৌকা বাইচ প্রতিযোগিতা শেষে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%