০১:৫৫ এম
বৈরী আবহাওয়ার কারণে সেন্টমার্টিন দ্বীপে আটকে পড়া ৩৮০ জন পর্যটক ও স্থানীয় বাসিন্দা টেকনাফের শাহপরীর দ্বীপে ফিরে এসেছেন। আজ শনিবার সকালে সার্ভিস ট্রলারে করে তাঁরা দ্বীপ ত্যাগ করেন। তবে, এখনো বেশ কয়েক শ পর্যটক সেন্টমার্টিনে অবস্থান করছেন।
শনিবার সকাল থেকে মোট ১০টি সার্ভিস ট্রলার দ্বীপ থেকে শাহপরীর দ্বীপের দিকে যাত্রা করে। এর মধ্যে নয়টি ট্রলার গন্তব্যে পৌঁছেছে, অন্য একটি ট্রলার এখনও পথে রয়েছে। ফিরে আসা ব্যক্তিদের মধ্যে পর্যটক এবং স্থানীয় বাসিন্দা উভয়েই অন্তর্ভুক্ত রয়েছেন।
সেন্টমার্টিন সার্ভিস ট্রলার মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ জানিয়েছেন, সাগরের পরিস্থিতি কিছুটা উন্নতি হওয়ায় সকালে ট্রলার চলাচল শুরু হয়েছে। জরুরি প্রয়োজন রয়েছে, এমন পর্যটক ও স্থানীয় বাসিন্দারা এসব ট্রলারে করে টেকনাফে ফিরছেন।
আরও পড়ুন: কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের ৬৪ সদস্যসহ ২৮৮ জন আটক
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, দ্বীপে আটকে পড়া পর্যটকদের মধ্যে যাঁরা দ্রুত ফিরতে চেয়েছেন, তাঁদের সার্ভিস ট্রলারে করে শাহপরীর দ্বীপে পাঠানো হয়েছে। এখনো কিছু পর্যটক দ্বীপে রয়েছেন। আবহাওয়া অনুকূলে এলে এবং পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হলে তাঁরা নিরাপদে ফিরতে পারবেন।
টেকনাফ উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মো. আতিকুর রহমান জানান, দ্বীপে অবস্থানরত পর্যটকদের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি প্রশাসন নজরদারিতে রেখেছে। সাগরের অবস্থা পুরোপুরি স্বাভাবিক হলে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হবে।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল হয়ে ওঠে। আবহাওয়া অধিদপ্তরের সতর্কসংকেত থাকায় গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে কক্সবাজার-সেন্টমার্টিন ও টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়। এতে দ্বীপে বেড়াতে যাওয়া প্রায় দেড় হাজার পর্যটক আটকা পড়েন।
শনিবার সাগরের পরিস্থিতি কিছুটা উন্নতি হওয়ায় জরুরি প্রয়োজনে ফিরতে ইচ্ছুক ব্যক্তিদের নিয়ে সার্ভিস ট্রলার চলাচল শুরু হয়। তবে নিয়মিত পর্যটকবাহী জাহাজের চলাচল এখনও শুরু হয়নি।
আরও পড়ুন: শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন