ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের জরুরি নির্দেশনা শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য


মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের জরুরি নির্দেশনা শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য

দেশের সব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে মাদকের কুফল, কিশোর গ্যাং রোধ, ইভটিজিং এবং ‘র্যাগ ডে’র নামে বিশৃঙ্খলা বন্ধ করার জন্য বিশেষ সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশনা প্রদান করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)৷

শিক্ষার্থীদের রাতে পড়াশোনায় মনোযোগী করতে এই নির্দেশনা জারি করা হয়েছে। আঞ্চলিক পরিচালক ও উপপরিচালকদের এই সিদ্ধান্তের বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন কম্পাইল করে আগামী ২৬ অক্টোবরের মধ্যে পাঠানোর জন্য বলা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) মাউশির ওয়েবসাইটে প্রকাশিত এক অফিস আদেশে মাঠপর্যায়ের কর্মকর্তাদের জন্য এই নির্দেশনা উল্লেখ করা হয়।

আরও পড়ুন: সদরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবসে যানজট ও সড়ক নিরাপত্তা নিয়ে আলোচনা সভা

নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক নির্মিত মাদকবিরোধী ডকুমেন্টারি ও থিম সং প্রদর্শন করতে হবে এবং মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানসমূহে ইভটিজিং প্রতিরোধ এবং র্যাগ ডে’র নামে যেকোনো বিশৃঙ্খলা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি নিয়মিত অভিভাবক সমাবেশ, সভা-সেমিনার ও প্রচারণাপত্র বিতরণের মাধ্যমে রাতে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করার জন্য সচেতনতা বাড়াতে হবে।

আঞ্চলিক অফিসে পাঠানো নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, আওতাধীন জেলার মোট প্রতিষ্ঠান সংখ্যা, মাদকবিরোধী ডকুমেন্টারি প্রদর্শনের হার, ইভটিজিং প্রতিরোধ কমিটি গঠন, অভিভাবক সমাবেশ এবং রাতে পড়াশোনায় মনোযোগ বাড়াতে গৃহীত কার্যক্রমের সার্বিক অগ্রগতি একটি ছক আকারে নির্ধারিত সময়ের মধ্যে ই-মেইলে পাঠাতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অপরাধ নিয়ন্ত্রণে শ্রেষ্ঠ বিভাগ ও কর্মকর্তাদের পুরস্কৃত করল ডিএমপি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৫৪ এম


অপরাধ নিয়ন্ত্রণে শ্রেষ্ঠ বিভাগ ও কর্মকর্তাদের পুরস্কৃত করল ডিএমপি

ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিধানসহ উত্তম কাজের স্বীকৃতি হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত করেছেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সের ৬ষ্ঠ তলার সম্মেলন কক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ডিএমপি কমিশনার বিভিন্ন ক্যাটাগরিতে পুলিশ কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম), অতিরিক্ত দায়িত্বে যুগ্ম পুলিশ কমিশনার (হেডকোয়ার্টার্স) মো. ফারুক হোসেন। তিনি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় যারা শ্রেষ্ঠ হয়েছেন তাদের নাম উপস্থাপন করেন।

সেপ্টেম্বর-২০২৬ মাসে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অপরাধ বিভাগের মধ্যে শ্রেষ্ঠ বিভাগ হিসেবে মিরপুর বিভাগ নির্বাচিত হয়েছে। মূল্যায়নে শ্রেষ্ঠ থানার স্বীকৃতি অর্জন করেছে মিরপুর মডেল থানা। দ্বিতীয় স্থানে রয়েছে আদাবর থানা এবং তৃতীয় স্থানে উত্তরা-পশ্চিম থানা।

অপরদিকে, সহকারী পুলিশ কমিশনারদের মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আবদুল্লাহ আল মামুন। মিরপুর জোনের সহকারী পুলিশ কমিশনার আবুল বাসার মোল্যা দ্বিতীয় স্থানে রয়েছেন।

শ্রেষ্ঠ এসআই ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেছেন মিরপুর থানার এসআই তারেক রহমান। দ্বিতীয় স্থানে রয়েছেন ডেমরা থানার এসআই কাকন মিয়া এবং তৃতীয় স্থানে আছেন কদমতলী থানার এসআই অশোক কুমার সরকার। এএসআইদের মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন মোহাম্মদপুর থানার এএসআই মো. ইমদাদুল হক। দ্বিতীয় স্থানে রয়েছেন পল্টন থানার এএসআই দুর্জয় বড়ুয়া এবং তৃতীয় স্থানে আছেন যাত্রাবাড়ী থানার এএসআই মোহাম্মদ মজলিশ মিয়া।

গোয়েন্দা বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে গোয়েন্দা-লালবাগ বিভাগ। শ্রেষ্ঠ টিম লিডার নির্বাচিত হয়েছেন গোয়েন্দা-লালবাগ বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ী চুরি প্রতিরোধ টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আব্দুল্লাহ আল মামুন।

ট্রাফিক বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে ট্রাফিক-মিরপুর বিভাগ। শ্রেষ্ঠ ট্রাফিক সার্জেন্টদের মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন মহাখালী-ট্রাফিক জোনের সার্জেন্ট আঞ্জুম আল হাসিব এবং দ্বিতীয় স্থানে রয়েছেন এয়ারপোর্ট-ট্রাফিক জোনের মো. মারুফ রহমান ভূইয়া।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রটেকশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি) মো. আবুল বাশার তালুকদার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট), অতিরিক্ত দায়িত্বে অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মো. মাসুদ করিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মোহাম্মদ শামসুল হক, অতিরিক্ত পুলিশ কমিশনার (এস্টেট, ডেভেলপমেন্ট ও আইসিটি), অতিরিক্ত দায়িত্বে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ ওসমান গণি, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান, যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, ডিএমপির সকল থানার অফিসার ইনচার্জ ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রেমিকার সঙ্গে দ্বন্দ্বের পর সাস্ট শিক্ষার্থীর বিষপানে মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:০৮ এম


প্রেমিকার সঙ্গে দ্বন্দ্বের পর সাস্ট শিক্ষার্থীর বিষপানে মৃত্যু

মোবাইল ফোনে প্রেমিকার সঙ্গে কথোপকথনের সময় দ্বন্দ্বের কারণে সিলেট শাহ্জালাল বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রিতে অনার্স পড়ুয়া শিক্ষার্থী শাহরিয়ার বাঁধন রাতুল (১৯) বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। পরে ৯ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু ঘটে। তিনি চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর এলাকার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের নইমুদ্দিন পল্টুর ছেলে এবং সিলেট শাহ্জালাল বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি ২য় বর্ষের ১ম সেমিস্টারের ছাত্র ছিলেন।

মঙ্গলবার বাদ আসর সিলেট শাহ্জালাল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার পর তার বন্ধুরা লাশ নিয়ে বাড়ি ফিরে যায় দর্শনার ঈশ্বরচন্দ্রপুরে। এই ছাত্রের মৃত্যুতে দর্শনা পৌর শহরে শোকের ছায়া নেমে এসেছে।

শাহরিয়ার বাঁধন রাতুলের পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি অংকুর কেজি স্কুল থেকে পঞ্চম শ্রেণীতে বৃত্তি লাভ করেন। বৃত্তি পেয়ে কেরু উচ্চ বিদ্যালয়ে এসএসসিতে গোল্ডেন এ পাস করেন এবং দর্শনা সরকারি কলেজ থেকে গোল্ডেন এ প্লাস পেয়ে এইচএসসি সম্পন্ন করেন। শিক্ষাবৃত্তিতে সিলেট শাহ্জালাল বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রিতে ভর্তি হন। তিনি দর্শনা পৌর এলাকার শ্যামপুর গ্রামের এক ছাত্রীর সঙ্গে দীর্ঘ তিন বছর প্রেমের সম্পর্ক স্থাপন করেছিলেন।

গত ৪ তারিখ রোববার আনুমানিক রাত ১০ টার দিকে শাহরিয়া বাঁধন রাতুলের সঙ্গে মোবাইল ফোনে তার প্রেমিকার কথোপকথনের এক পর্যায়ে ঝগড়া হয়। একপর্যায়ে রাতুল ঘাস মারা বিষ পান করেন। কিছুক্ষণ পর অসুস্থ হয়ে পড়লে তার বন্ধুরা দ্রুত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। কর্তব্যরত ডাক্তার তার পেট থেকে বিষ উত্তোলনের প্রক্রিয়া শেষে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখেন। দুদিন পর তার কিডনির সমস্যায় ডায়ালাইসিস করা হয়। একপর্যায়ে তাকে আইসিউতে স্থানান্তর করা হয়। দীর্ঘ নয় দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মঙ্গলবার দুপুরে তার মৃত্যু ঘটে।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষসহ শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। এ ধরনের ঘটনায় মৃত্যু তার বন্ধুরা কোনোভাবেই মেনে নিতে পারছে না। পরিবার পক্ষ থেকে ওই মেয়ের নামে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত না করার জন্য আবেদন করা হয়।

এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন অধীনস্থ জালালাবাদ থানার ওসি মোহাম্মদ শামসুল হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শাহরিয়ার বাঁধনের মা মোছা. শাহিনা আক্তার তার ছেলের মৃত্যুতে কোনো অভিযোগ করেননি এবং তার ছেলেকে পোস্টমর্টেম না করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে তার মায়ের আবেদন মঞ্জুর করে ময়নাতদন্ত না করে লাশ হস্তান্তর করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার চেষ্টা, আটক এক তরুণী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:১১ এম


মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার চেষ্টা, আটক এক তরুণী

ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার চেষ্টার অভিযোগ উঠেছে। পুলিশ হামলার চেষ্টার অভিযোগে এক তরুণীকে আটক করেছে।

ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় কলকাতার কালীঘাটে নিজের বাসভবনের কাছে স্থানীয় একটি পূজামণ্ডপ উদ্বোধন করতে যাচ্ছিলেন মমতা। এ সময় তন্নিষ্ঠা সাহা নামের এক তরুণী আত্মীয় (মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাগ্নি) পরিচয়ে মমতার নিরাপত্তাবলয়ের কাছে পৌঁছান।

তৃণমূল নেতাদের অভিযোগ, ওই তরুণী মমতার শাড়ি টেনে ধরেন এবং তাকে ঘুসি মারার চেষ্টা করেন। এক পর্যায়, নিরাপত্তাবলয়ে প্রবেশের চেষ্টায় ব্যর্থ হলে ওই তরুণী গালিগালাজ শুরু করেন এবং রাস্তায় শুয়ে পড়েন। এ সময় তার কাছে ছুরি দেখতে পাওয়া যায়।

এরপর নিরাপত্তাকর্মীরা ওই তরুণীকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। পুরো ঘটনার কারণ জানতে কালীঘাট থানার পুলিশ ওই তরুণীকে জিজ্ঞাসাবাদ করছে।

এদিকে ওই ঘটনার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল নেতারা। জেড-প্লাস নিরাপত্তা থাকা সত্ত্বেও কীভাবে ওই তরুণী মমতার এত কাছে পৌঁছালেন, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন তারা।

অভিযুক্ত তরুণীর মানসিক অবস্থা নিয়ে এখনও কোনো নির্ভরযোগ্য নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, হামলার অভিযোগ, ছুরি উদ্ধারের বিষয় এবং ঘটনার পেছনের উদ্দেশ্য সম্পর্কে জানতে তদন্তে নেমেছে কলকাতার পুলিশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৪ অক্টোবর: ইতিহাসের পাতায় উল্লেখযোগ্য ঘটনা ও বিশ্ব মান দিবসের স্মরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:১২ এম


১৪ অক্টোবর: ইতিহাসের পাতায় উল্লেখযোগ্য ঘটনা ও বিশ্ব মান দিবসের স্মরণ

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনাগুলো কালক্রমে ইতিহাসের অংশ হয়ে ওঠে। ইতিহাসের সাক্ষী হয়ে থাকে ভালো-মন্দ, সাফল্য-ব্যর্থতা, প্রথম অর্জন কিংবা মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। ইতিহাসই আমাদের নতুন নতুন দিগন্তের দিকে পরিচালিত করে।

আজ বুধবার (১৪ অক্টোবর), ২০২৬। বিভিন্ন উল্লেখযোগ্য ঘটনার কারণে ইতিহাসের এই দিনটি গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। আসুন, একনজরে জানি ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুদিনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো।

ঘটনাবলি:

১৮০৬ সালে ফ্রান্স ও রাশিয়ার মধ্যে ইয়েনার যুদ্ধ সংঘটিত হয়।

১৮৮২ সালে পাকিস্তানের লাহোরে ভারতীয় উপমহাদেশের চতুর্থ পুরনো সর্বোচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান পাঞ্জাব বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়, যা পাকিস্তানে প্রথম।

১৯২৬ সালে অ্যালেন আলেকজান্ডার মিলনি রচিত জনপ্রিয় শিশুতোষ বই উইননি-দি-পু প্রথমবারের মতো প্রকাশিত হয়।

১৯৩৩ সালে জার্মানি লিগ অব ন্যাশনস ত্যাগ করে।

১৯৪৪ সালে জার্মানীর নাৎসি বাহিনীর বিখ্যাত সেনাকমান্ডার এরউইন রোমেল হিটলারের আদেশে আত্মহত্যা করেন।

১৯৪৬ সালে লন্ডনে বিশ্বের ২৫টি দেশের প্রতিনিধিরা বিশ্বব্যাপী পণ্যসেবার মান বজায় রাখতে মান নির্ধারক সংস্থা গঠনের বিষয়ে একমত হন। সংস্থাটি পরের বছর কার্যক্রম শুরু করে এবং সে হিসাবে ১৪ অক্টোবর বিশ্ব মান দিবস পালিত হয়।

১৯৫৩ সালে জর্দান নদীর পশ্চিম উপকূলীয় কাবিহ গ্রামে সশস্ত্র ইহুদিবাদীরা নির্যাতনের নতুন অধ্যায়ের সূচনা করে। এই গ্রামে ইহুদিবাদীরা টানা দুই দিন আগ্রাসী হামলার মাধ্যমে নিরীহ ফিলিস্তিনীদের ওপর নির্বিচার গণহত্যা চালায় এবং তাদের ঘরবাড়ি ধ্বংস করে।

১৯৫৫ সালে পূর্ববাংলার নাম পরিবর্তন করে পূর্ব পাকিস্তান রাখা হয়।

১৯৫৬ সালে ড. ভিমরাও আম্বেদকর বিপুলসংখ্যক অনুসারীসহ সনাতন ধর্ম ত্যাগ করে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন।

১৯৬৪ সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টির মহাসচিব নিকিতা ক্রুশচেভ বহিস্কৃত হন।

১৯৭১ সালে মার্কিন নভোযান মেরিনার-৯ প্রথম খুব কাছে থেকে নেওয়া মঙ্গলের ছবি পৃথিবীতে পাঠায়।

১৯৮৬ সালে আফগানিস্তান থেকে সোভিয়েত সৈন্য প্রত্যাহার শুরু হয়।

১৯৯৩ সালে হাইতির বিরুদ্ধে পুনর্বার যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে।

১৯৯৭ সালে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও যুক্তরাষ্ট্রের মেসার্স স্মিথ কো-জেনারেল (বাংলাদেশ) লিমিটেডের মধ্যে বেসরকারি খাতে বার্জ মাউন্টেড বিদ্যুৎ প্লান্ট স্থাপনের চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হয়।

জন্ম :

১৫৪২ সালে মুঘল সম্রাট জালাল উদ্দিন মোহাম্মদ আকবর জন্মগ্রহণ করেন।

১৬৪৪ সালে পেনসিলভানিয়ার প্রতিষ্ঠাতা উইলিয়াম পেন জন্মগ্রহণ করেন।

১৭৭২ সালে বাউল কবি লালন শাহ জন্মগ্রহণ করেন।

১৮৪০ সালে বস্তুবাদী রুশ দার্শনিক ও সাহিত্য সমালোচক দমিত্রি পিসারিয়েভ জন্মগ্রহণ করেন।

১৮৮২ সালে আয়ারল্যান্ডের স্বাধীনতা সংগ্রামী নেতা ডি ভ্যালেরা জন্মগ্রহণ করেন।

১৮৮৮ সালে ইংরেজ লেখক ক্যাথারিন ম্যাসফিল্ড জন্মগ্রহণ করেন।

১৮৯০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৪তম প্রেসিডেন্ট আইজেন হাওয়ার জন্মগ্রহণ করেন।

১৮৯৪ সালে মার্কিন কবি ই ই কামিংস জন্মগ্রহণ করেন।

১৯২৭ সালে জেমসবন্ডখ্যাত অভিনেতা রজার মুর জন্মগ্রহণ করেন।

১৯৭১ সালে ইংরেজ ফুটবলার অ্যান্ডি কোল জন্মগ্রহণ করেন।

১৯৯১ সালে বাংলাদেশী মডেল এবং অভিনেত্রী, মিস বাংলাদেশ শিরোপাধারী জান্নাতুল ফেরদৌস পিয়া জন্মগ্রহণ করেন।

মৃত্যু :

১৫১৪ সালে পণ্ডিত কবি এবং সম্রাট আকবরের সভাশিক্ষক ফয়েজি মৃত্যুবরণ করেন।

১৯৮৪ সালে রবীন্দ্রবিশারদ পুলিনবিহারী সেন মৃত্যুবরণ করেন।

১৯৮৩ সালে বাঙালি নাট্যকার ও অভিনেতা অজিতেশ বন্দ্যোপাধ্যায় মৃত্যুবরণ করেন।

১৯৮৯ সালে বিশিষ্ট কার্টুনিস্ট ও চিত্রশিল্পী শৈল চক্রবর্তী মৃত্যুবরণ করেন।

১৯৯৯ সালে তাঞ্জানিয়ার জাতির জনক জুলিয়াস নায়ার মৃত্যুবরণ করেন।

দিবস :

বিশ্ব মান দিবস।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%