ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

প্রেমিকার সঙ্গে দ্বন্দ্বের পর সাস্ট শিক্ষার্থীর বিষপানে মৃত্যু


প্রেমিকার সঙ্গে দ্বন্দ্বের পর সাস্ট শিক্ষার্থীর বিষপানে মৃত্যু

মোবাইল ফোনে প্রেমিকার সঙ্গে কথোপকথনের সময় দ্বন্দ্বের কারণে সিলেট শাহ্জালাল বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রিতে অনার্স পড়ুয়া শিক্ষার্থী শাহরিয়ার বাঁধন রাতুল (১৯) বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। পরে ৯ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু ঘটে। তিনি চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর এলাকার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের নইমুদ্দিন পল্টুর ছেলে এবং সিলেট শাহ্জালাল বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি ২য় বর্ষের ১ম সেমিস্টারের ছাত্র ছিলেন।

মঙ্গলবার বাদ আসর সিলেট শাহ্জালাল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার পর তার বন্ধুরা লাশ নিয়ে বাড়ি ফিরে যায় দর্শনার ঈশ্বরচন্দ্রপুরে। এই ছাত্রের মৃত্যুতে দর্শনা পৌর শহরে শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন: ইসরাইল নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, সরকার গঠনে একক সংখ্যাগরিষ্ঠতা অধরাই

শাহরিয়ার বাঁধন রাতুলের পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি অংকুর কেজি স্কুল থেকে পঞ্চম শ্রেণীতে বৃত্তি লাভ করেন। বৃত্তি পেয়ে কেরু উচ্চ বিদ্যালয়ে এসএসসিতে গোল্ডেন এ পাস করেন এবং দর্শনা সরকারি কলেজ থেকে গোল্ডেন এ প্লাস পেয়ে এইচএসসি সম্পন্ন করেন। শিক্ষাবৃত্তিতে সিলেট শাহ্জালাল বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রিতে ভর্তি হন। তিনি দর্শনা পৌর এলাকার শ্যামপুর গ্রামের এক ছাত্রীর সঙ্গে দীর্ঘ তিন বছর প্রেমের সম্পর্ক স্থাপন করেছিলেন।

গত ৪ তারিখ রোববার আনুমানিক রাত ১০ টার দিকে শাহরিয়া বাঁধন রাতুলের সঙ্গে মোবাইল ফোনে তার প্রেমিকার কথোপকথনের এক পর্যায়ে ঝগড়া হয়। একপর্যায়ে রাতুল ঘাস মারা বিষ পান করেন। কিছুক্ষণ পর অসুস্থ হয়ে পড়লে তার বন্ধুরা দ্রুত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। কর্তব্যরত ডাক্তার তার পেট থেকে বিষ উত্তোলনের প্রক্রিয়া শেষে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখেন। দুদিন পর তার কিডনির সমস্যায় ডায়ালাইসিস করা হয়। একপর্যায়ে তাকে আইসিউতে স্থানান্তর করা হয়। দীর্ঘ নয় দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মঙ্গলবার দুপুরে তার মৃত্যু ঘটে।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষসহ শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। এ ধরনের ঘটনায় মৃত্যু তার বন্ধুরা কোনোভাবেই মেনে নিতে পারছে না। পরিবার পক্ষ থেকে ওই মেয়ের নামে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত না করার জন্য আবেদন করা হয়।

এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন অধীনস্থ জালালাবাদ থানার ওসি মোহাম্মদ শামসুল হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শাহরিয়ার বাঁধনের মা মোছা. শাহিনা আক্তার তার ছেলের মৃত্যুতে কোনো অভিযোগ করেননি এবং তার ছেলেকে পোস্টমর্টেম না করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে তার মায়ের আবেদন মঞ্জুর করে ময়নাতদন্ত না করে লাশ হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন: ইসরায়েলে পার্লামেন্ট নির্বাচনের ভোট গণনা চলছে, লিকুদ পার্টি এগিয়ে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার চেষ্টা, আটক এক তরুণী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:১১ এম


মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার চেষ্টা, আটক এক তরুণী

ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার চেষ্টার অভিযোগ উঠেছে। পুলিশ হামলার চেষ্টার অভিযোগে এক তরুণীকে আটক করেছে।

ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় কলকাতার কালীঘাটে নিজের বাসভবনের কাছে স্থানীয় একটি পূজামণ্ডপ উদ্বোধন করতে যাচ্ছিলেন মমতা। এ সময় তন্নিষ্ঠা সাহা নামের এক তরুণী আত্মীয় (মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাগ্নি) পরিচয়ে মমতার নিরাপত্তাবলয়ের কাছে পৌঁছান।

তৃণমূল নেতাদের অভিযোগ, ওই তরুণী মমতার শাড়ি টেনে ধরেন এবং তাকে ঘুসি মারার চেষ্টা করেন। এক পর্যায়, নিরাপত্তাবলয়ে প্রবেশের চেষ্টায় ব্যর্থ হলে ওই তরুণী গালিগালাজ শুরু করেন এবং রাস্তায় শুয়ে পড়েন। এ সময় তার কাছে ছুরি দেখতে পাওয়া যায়।

এরপর নিরাপত্তাকর্মীরা ওই তরুণীকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। পুরো ঘটনার কারণ জানতে কালীঘাট থানার পুলিশ ওই তরুণীকে জিজ্ঞাসাবাদ করছে।

এদিকে ওই ঘটনার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল নেতারা। জেড-প্লাস নিরাপত্তা থাকা সত্ত্বেও কীভাবে ওই তরুণী মমতার এত কাছে পৌঁছালেন, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন তারা।

অভিযুক্ত তরুণীর মানসিক অবস্থা নিয়ে এখনও কোনো নির্ভরযোগ্য নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, হামলার অভিযোগ, ছুরি উদ্ধারের বিষয় এবং ঘটনার পেছনের উদ্দেশ্য সম্পর্কে জানতে তদন্তে নেমেছে কলকাতার পুলিশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৪ অক্টোবর: ইতিহাসের পাতায় উল্লেখযোগ্য ঘটনা ও বিশ্ব মান দিবসের স্মরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:১২ এম


১৪ অক্টোবর: ইতিহাসের পাতায় উল্লেখযোগ্য ঘটনা ও বিশ্ব মান দিবসের স্মরণ

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনাগুলো কালক্রমে ইতিহাসের অংশ হয়ে ওঠে। ইতিহাসের সাক্ষী হয়ে থাকে ভালো-মন্দ, সাফল্য-ব্যর্থতা, প্রথম অর্জন কিংবা মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। ইতিহাসই আমাদের নতুন নতুন দিগন্তের দিকে পরিচালিত করে।

আজ বুধবার (১৪ অক্টোবর), ২০২৬। বিভিন্ন উল্লেখযোগ্য ঘটনার কারণে ইতিহাসের এই দিনটি গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। আসুন, একনজরে জানি ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুদিনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো।

ঘটনাবলি:

১৮০৬ সালে ফ্রান্স ও রাশিয়ার মধ্যে ইয়েনার যুদ্ধ সংঘটিত হয়।

১৮৮২ সালে পাকিস্তানের লাহোরে ভারতীয় উপমহাদেশের চতুর্থ পুরনো সর্বোচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান পাঞ্জাব বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়, যা পাকিস্তানে প্রথম।

১৯২৬ সালে অ্যালেন আলেকজান্ডার মিলনি রচিত জনপ্রিয় শিশুতোষ বই উইননি-দি-পু প্রথমবারের মতো প্রকাশিত হয়।

১৯৩৩ সালে জার্মানি লিগ অব ন্যাশনস ত্যাগ করে।

১৯৪৪ সালে জার্মানীর নাৎসি বাহিনীর বিখ্যাত সেনাকমান্ডার এরউইন রোমেল হিটলারের আদেশে আত্মহত্যা করেন।

১৯৪৬ সালে লন্ডনে বিশ্বের ২৫টি দেশের প্রতিনিধিরা বিশ্বব্যাপী পণ্যসেবার মান বজায় রাখতে মান নির্ধারক সংস্থা গঠনের বিষয়ে একমত হন। সংস্থাটি পরের বছর কার্যক্রম শুরু করে এবং সে হিসাবে ১৪ অক্টোবর বিশ্ব মান দিবস পালিত হয়।

১৯৫৩ সালে জর্দান নদীর পশ্চিম উপকূলীয় কাবিহ গ্রামে সশস্ত্র ইহুদিবাদীরা নির্যাতনের নতুন অধ্যায়ের সূচনা করে। এই গ্রামে ইহুদিবাদীরা টানা দুই দিন আগ্রাসী হামলার মাধ্যমে নিরীহ ফিলিস্তিনীদের ওপর নির্বিচার গণহত্যা চালায় এবং তাদের ঘরবাড়ি ধ্বংস করে।

১৯৫৫ সালে পূর্ববাংলার নাম পরিবর্তন করে পূর্ব পাকিস্তান রাখা হয়।

১৯৫৬ সালে ড. ভিমরাও আম্বেদকর বিপুলসংখ্যক অনুসারীসহ সনাতন ধর্ম ত্যাগ করে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন।

১৯৬৪ সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টির মহাসচিব নিকিতা ক্রুশচেভ বহিস্কৃত হন।

১৯৭১ সালে মার্কিন নভোযান মেরিনার-৯ প্রথম খুব কাছে থেকে নেওয়া মঙ্গলের ছবি পৃথিবীতে পাঠায়।

১৯৮৬ সালে আফগানিস্তান থেকে সোভিয়েত সৈন্য প্রত্যাহার শুরু হয়।

১৯৯৩ সালে হাইতির বিরুদ্ধে পুনর্বার যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে।

১৯৯৭ সালে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও যুক্তরাষ্ট্রের মেসার্স স্মিথ কো-জেনারেল (বাংলাদেশ) লিমিটেডের মধ্যে বেসরকারি খাতে বার্জ মাউন্টেড বিদ্যুৎ প্লান্ট স্থাপনের চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হয়।

জন্ম :

১৫৪২ সালে মুঘল সম্রাট জালাল উদ্দিন মোহাম্মদ আকবর জন্মগ্রহণ করেন।

১৬৪৪ সালে পেনসিলভানিয়ার প্রতিষ্ঠাতা উইলিয়াম পেন জন্মগ্রহণ করেন।

১৭৭২ সালে বাউল কবি লালন শাহ জন্মগ্রহণ করেন।

১৮৪০ সালে বস্তুবাদী রুশ দার্শনিক ও সাহিত্য সমালোচক দমিত্রি পিসারিয়েভ জন্মগ্রহণ করেন।

১৮৮২ সালে আয়ারল্যান্ডের স্বাধীনতা সংগ্রামী নেতা ডি ভ্যালেরা জন্মগ্রহণ করেন।

১৮৮৮ সালে ইংরেজ লেখক ক্যাথারিন ম্যাসফিল্ড জন্মগ্রহণ করেন।

১৮৯০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৪তম প্রেসিডেন্ট আইজেন হাওয়ার জন্মগ্রহণ করেন।

১৮৯৪ সালে মার্কিন কবি ই ই কামিংস জন্মগ্রহণ করেন।

১৯২৭ সালে জেমসবন্ডখ্যাত অভিনেতা রজার মুর জন্মগ্রহণ করেন।

১৯৭১ সালে ইংরেজ ফুটবলার অ্যান্ডি কোল জন্মগ্রহণ করেন।

১৯৯১ সালে বাংলাদেশী মডেল এবং অভিনেত্রী, মিস বাংলাদেশ শিরোপাধারী জান্নাতুল ফেরদৌস পিয়া জন্মগ্রহণ করেন।

মৃত্যু :

১৫১৪ সালে পণ্ডিত কবি এবং সম্রাট আকবরের সভাশিক্ষক ফয়েজি মৃত্যুবরণ করেন।

১৯৮৪ সালে রবীন্দ্রবিশারদ পুলিনবিহারী সেন মৃত্যুবরণ করেন।

১৯৮৩ সালে বাঙালি নাট্যকার ও অভিনেতা অজিতেশ বন্দ্যোপাধ্যায় মৃত্যুবরণ করেন।

১৯৮৯ সালে বিশিষ্ট কার্টুনিস্ট ও চিত্রশিল্পী শৈল চক্রবর্তী মৃত্যুবরণ করেন।

১৯৯৯ সালে তাঞ্জানিয়ার জাতির জনক জুলিয়াস নায়ার মৃত্যুবরণ করেন।

দিবস :

বিশ্ব মান দিবস।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সংসারের খরচ সহজেই কমাতে পারেন ৭ উপায়ে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:২৫ এম


সংসারের খরচ সহজেই কমাতে পারেন ৭ উপায়ে

নিত্যপণ্যের দাম, বিদ্যুৎ-গ্যাসের বিলসহ বিভিন্ন খরচ সামলাতে অনেক পরিবারকে সমস্যা মোকাবেলা করতে হয়। মাসের শুরুতে আয় এবং ব্যয়ের পরিকল্পনা থাকলেও মাসের শেষে দেখা যায়, বাজেটের তুলনায় খরচ বেড়ে গেছে। তবে কিছু অভ্যাসে পরিবর্তন আনলে দৈনন্দিন প্রয়োজন মেটানোর পাশাপাশি সঞ্চয় করাও সম্ভব। সংসারের খরচ নিয়ন্ত্রণে রাখতে কিছু কৌশল অনুসরণ করা যেতে পারে। আসুন জেনে নিই ৭ কৌশল—

কেনাকাটার আগে প্রয়োজন বুঝুন

দোকানে পছন্দের কিছু দেখলেই কিনে ফেলার অভ্যাস অনেক সময় বাড়তি খরচের কারণ হয়ে দাঁড়ায়। কোনো জিনিস কেনার আগে ভাবুন, সেটি এখনই প্রয়োজন কিনা। যদি জরুরি না হয়, তাহলে কেনার সিদ্ধান্ত কিছুদিন পিছিয়ে দিতে পারেন। এতে অপ্রয়োজনীয় খরচ এড়ানো সহজ হবে।

বাজারের তালিকা তৈরি করুন

বাজারে যাওয়ার আগে কী কী প্রয়োজন, তার একটি তালিকা তৈরি করুন। ঘরে চাল, ডাল, তেল বা অন্যান্য নিত্যপণ্যের মজুত কতটুকু আছে, সেটিও খেয়াল করুন। তালিকা ধরে কেনাকাটা করলে প্রয়োজনের বাইরে পণ্য কেনার প্রবণতা কমে যাবে।

সংসারের মোট আয় কত, এবং কোন খাতে কত টাকা ব্যয় হচ্ছে—তা হিসাব করে মাসিক বাজেট তৈরি করুন। খাবার, বাসাভাড়া, যাতায়াত, শিক্ষা ও চিকিৎসার মতো প্রয়োজনীয় খরচকে অগ্রাধিকার দিন। পাশাপাশি সামর্থ্য অনুযায়ী সঞ্চয় এবং জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য কিছু টাকা আলাদা রাখুন।

প্রতিদিনের খরচ লিখে রাখুন

ছোট ছোট খরচের হিসাব না রাখলে মাস শেষে বড় অঙ্কের টাকা কোথায় ব্যয় হলো, তা বোঝা কঠিন হয়ে পড়ে। তাই প্রতিদিনের কেনাকাটা ও অন্যান্য ব্যয়ের হিসাব খাতায় বা মোবাইলে লিখে রাখুন। মাস শেষে হিসাব পর্যালোচনা করলে কোন খাতে খরচ কমানো সম্ভব, তা সহজেই বুঝতে পারবেন।

বিদ্যুৎ, গ্যাস ও পানির অপচয় বন্ধ করুন।

অপ্রয়োজনে বাতি, পাখা ও বৈদ্যুতিক যন্ত্র চালু রাখবেন না। রান্নার সময় গ্যাসের ব্যবহারেও সচেতন থাকুন। পানির কল ব্যবহারের পর ভালোভাবে বন্ধ করুন। এসব ছোট অভ্যাস একদিকে সম্পদের অপচয় কমাবে, অন্যদিকে মাসিক বিলের চাপও কমাতে সাহায্য করবে।

ছাড়ের প্রলোভনে অতিরিক্ত কিনবেন না

বিভিন্ন দোকান ও সুপারশপে প্রায়ই বিশেষ ছাড় বা একটির সঙ্গে আরেকটি পণ্য বিনা মূল্যে দেওয়ার অফার থাকে। তবে শুধুমাত্র ছাড় পাওয়ার জন্য প্রয়োজনের অতিরিক্ত পণ্য কেনা ঠিক নয়। পণ্যটি সত্যিই কাজে লাগবে কিনা, মেয়াদ কত দিন আছে এবং ছাড়ের পর দাম যুক্তিসংগত কিনা—এসব যাচাই করে কিনুন।

বাজার করার সময় ও স্থান বুঝে নিন।

একই পণ্যের দাম দোকান বা বাজারভেদে আলাদা হতে পারে। তাই কেনাকাটার আগে কয়েকটি জায়গার দাম তুলনা করে দেখতে পারেন। কিছু বাজারে দিনের শেষ দিকে নির্দিষ্ট পণ্যে ছাড় পাওয়া যায়। তবে সব পণ্যের দাম তখন কমবে, এমন নিশ্চয়তা নেই। পণ্যের মান ও সতেজতা বিবেচনায় রেখেই কেনার সিদ্ধান্ত নিন।

অভ্যাসের পরিবর্তনেই মিলতে পারে সাশ্রয়।

সংসারের খরচ কমানোর জন্য সব সময় বড় ধরনের পরিবর্তনের প্রয়োজন হয় না। পরিকল্পিত কেনাকাটা, নিয়মিত হিসাব রাখা এবং অপচয় এড়িয়ে চলার মতো অভ্যাসই দীর্ঘ মেয়াদে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। আয় বাড়ানো সব সময় সম্ভব না হলেও ব্যয়ের ওপর নিয়ন্ত্রণ রাখা সম্ভব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসরাইলে শিক্ষাসফরে বিস্ফোরণে নিহত ১, আহত ২৪

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:২৬ এম


ইসরাইলে শিক্ষাসফরে বিস্ফোরণে নিহত ১, আহত ২৪

বছরের পর বছর ধরে চলা যুদ্ধের ফলে ইসরাইলজুড়ে অবিস্ফোরিত বোমা ও গোলাবারুদ ছড়িয়ে রয়েছে। এই বিস্ফোরকগুলোর প্রাণঘাতী প্রকৃতি আবারও প্রমাণিত হয়েছে দেশের উত্তরাঞ্চলে একটি শিক্ষাসফরের ঘটনায়।

সোমবার (১২ অক্টোবর) লেবানন সীমান্তের কাছে একটি বনাঞ্চলে হিজবুল্লাহর নিক্ষিপ্ত ক্লাস্টার বোমার অবিস্ফোরিত অংশ বিস্ফোরিত হয়ে এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৪ জন শিক্ষার্থী ও শিক্ষক, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইসরাইলের নিরাপত্তা সংস্থাগুলোর ধারণা, দেশের বিভিন্ন অঞ্চলে সংঘর্ষের ফলে পড়ে থাকা শত শত, এমনকি হাজার হাজার অবিস্ফোরিত অস্ত্র রয়েছে।

ইরানের সঙ্গে সাম্প্রতিক সংঘর্ষের সময় হিজবুল্লাহ উত্তর ইসরাইলে বেশ কয়েকটি বিআরবি১ (এ-০৯ নামেও পরিচিত) সাবমিউনিশন বহনকারী গ্র্যাড রকেট নিক্ষেপ করেছে। এই রকেটগুলো বিস্তীর্ণ এলাকায় ক্লাস্টার বোমার অংশ ছড়িয়ে দেয়, যা অনেক সময় মাটিতে আঘাত করার পরও বিস্ফোরিত হয় না।

সোমবারের ঘটনার ছবি দেখে ধারণা করা হচ্ছে, লেবানন সীমান্তের কাছে রামিম রিজ এলাকায় নাফতালি মাউন্টেনস ফরেস্টের একটি প্রাকৃতিক পথ ধরে হাঁটার সময় ওআরটি মাআলত স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকদের একটি দল এমন একটি বোমার মুখোমুখি হয়েছিল। কর্তৃপক্ষ এ পথটি ব্যবহারের অনুমতি দিয়েছিল।

হাঁটার সময় এক শিক্ষার্থী পথের ওপর বা কাছাকাছি পড়ে থাকা হিজবুল্লাহর একটি সাবমিউনিশন দেখতে পায় এবং সেটি তুলে নেয়। একপর্যায়ে বোমার ছোট অংশটি বিস্ফোরিত হয়, যার ফলে নবম শ্রেণির ১৩ বছর বয়সি শিক্ষার্থী নিহত হন এবং আরও ২৪ জন আহত হন, তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

হিজবুল্লাহ ছাড়াও ইরান ও তাদের ইয়েমেনভিত্তিক মিত্রগোষ্ঠী হুথি সাম্প্রতিক বছরগুলোতে ক্লাস্টার বোমার ওয়ারহেডযুক্ত শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরাইলে নিক্ষেপ করেছে। এসব বোমার কিছু অংশ মাটিতে পড়ার পরও বিস্ফোরিত হয়নি, ফলে সেগুলোর সামনে পড়ে যাওয়া মানুষের জন্য বিপদ থেকে যায়। তবে সোমবারের মতো প্রাণঘাতী বিস্ফোরণের ঘটনা বিরল।

স্থলমাইনের মতো না হলেও এসব বোমা গোলান মালভূমি ও পশ্চিম তীরে এখনো বিপদ সৃষ্টি করছে। অবিস্ফোরিত ক্লাস্টার বোমার ওয়ারহেড পড়ে থাকতে পারে এমন এলাকা কর্তৃপক্ষের পক্ষে বেড়া দিয়েও ঘিরে রাখা সম্ভব নয়। এসব অস্ত্র বছরের পর বছর অচেনা অবস্থায় পড়ে থাকতে পারে, পরে কোনো ব্যক্তি অসতর্কভাবে সেগুলোর সংস্পর্শে এলে বিপদ ঘটতে পারে। এই হুমকি কতটা বিস্তৃত, তা নির্ভরযোগ্যভাবে নিরূপণের কোনো উপায় নেই।

অবিস্ফোরিত অস্ত্রের বিভিন্ন ধরনের হতে পারে। কিছু অস্ত্রকে রকেট, গ্রেনেড বা শঙ্কু আকৃতির ওয়ারহেড হিসেবে চেনা গেলেও অন্যগুলো বিভিন্ন আকৃতির ছোট ধাতব পাত্রের মতো অতি সাধারণ দেখাতে পারে। অস্ত্রের ধরন অনুযায়ী বিস্ফোরণের শক্তি ব্যাপকভাবে ভিন্ন হয়। তবে ক্লাস্টার বোমার ওয়ারহেড থেকে বের হওয়া ছোট বোমার অংশও প্রাণঘাতী আঘাত হানতে সক্ষম।

এমন ঘটনা নতুন নয়

সাম্প্রতিক বছরগুলোতে অবিস্ফোরিত অস্ত্রের কারণে বেসামরিক মানুষের নিহত বা আহত হওয়ার ঘটনা সোমবারের বিস্ফোরণই প্রথম নয়। আগস্টে উত্তরাঞ্চলীয় শহর মেতুলার কাছে একটি কৃষিজমিতে পুরোনো বিস্ফোরক বিস্ফোরিত হলে ছয় বিদেশি শ্রমিক আহত হন। গত তিন বছরে ওই এলাকায় ব্যাপক সংঘর্ষ হয়েছে।

একইভাবে, ২০২৪ সালের অক্টোবরে উত্তরাঞ্চলীয় কিবুতজ ইরোনের কাছে একটি বাগানে হিজবুল্লাহর আগে নিক্ষেপ করা একটি অস্ত্র বিস্ফোরিত হলে থাইল্যান্ডের ২৭ বছর বয়সি এক শ্রমিক নিহত হন এবং আরেকজন আহত হন। এ বছরের ফেব্রুয়ারিতে জর্ডান উপত্যকায় একটি সামরিক প্রশিক্ষণক্ষেত্রের কাছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) আগে নিক্ষেপ করা অবিস্ফোরিত অস্ত্রের বিস্ফোরণে এক ফিলিস্তিনি শিশু নিহত এবং আরও দুই শিশু আহত হন।

ইসরাইলে অবিস্ফোরিত অস্ত্র অপসারণের দায়িত্ব তিনটি সংস্থার মধ্যে ভাগ করা হয়েছে। সেগুলো হলো- প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ন্যাশনাল মাইন অ্যাকশন অথরিটি, সামরিক বাহিনী ও পুলিশ। ২০১১ সালের মাইনফিল্ড ও অবিস্ফোরিত অস্ত্র অপসারণ আইন অনুযায়ী, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই সংস্থার দায়িত্ব হলো মাইনফিল্ড ও অবিস্ফোরিত অস্ত্র থাকা এলাকা অপসারণের পরিকল্পনা করা এবং অপসারণ কার্যক্রম পরিচালনা করা।

পাশাপাশি নিরাপদ আচরণ সম্পর্কে সচেতনতা বাড়ানো ও ঝুঁকি কমাতে জনসচেতনতামূলক কার্যক্রম এগিয়ে নেয়া, পরিকল্পনা করা ও পরিচালনা করা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রমের বিষয়ে পরামর্শ দেওয়া তাদের দায়িত্ব।

সংস্থাটির নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত একটি নথিতে এর উদ্দেশ্য বলা হয়েছে। তা সত্ত্বেও, মঙ্গলবার আর্মি রেডিও জানায়, প্রাণঘাতী এই ঘটনার দায় নিতে অস্বীকার করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের বক্তব্য, ‘শত্রুপক্ষের গোলাবর্ষণের ফলে পড়ে থাকা অবিস্ফোরিত অস্ত্র অপসারণ করা এই কর্তৃপক্ষের দায়িত্ব নয়- এটি পুলিশের কাজ।’

সোমবারের প্রাণঘাতী বিস্ফোরণের ঘটনাস্থলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইসরাইল পুলিশের কমিশনার ড্যানি লেভি। তবে অবিস্ফোরিত অস্ত্র অপসারণে পুলিশের দায়িত্বের বিষয়টি তিনি এড়িয়ে যান। তিনি বলেন, শিক্ষা সফরটির জন্য সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের অনুমোদন নেয়া হয়েছিল।

সামরিক বাহিনীর পক্ষ থেকে ২০২৪ সালের ডিসেম্বরে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায়, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির মধ্যে বাস্তুচ্যুত বেসামরিক মানুষকে বাড়িতে ফিরতে দেয়ার জন্য উত্তর ইসরায়েলের প্রায় ৪০টি জনপদে বিস্তৃত অভিযান চালানো হয়েছে। এর লক্ষ্য ছিল- সামরিক সরঞ্জাম সরানো, বর্জ্য পরিষ্কার করা এবং অবিস্ফোরিত অস্ত্র অপসারণ করা। তবে এ বছর লেবাননের এই গোষ্ঠীর সঙ্গে সর্বশেষ দফার লড়াইয়ের পর একই ধরনের কোনো অভিযান চালানোর ঘোষণা দেয়নি আইডিএফ।

ইসরাইল ট্রেইল ধরে তিন দিনের শিক্ষা সফরটির অনুমোদন দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। অথচ ওই এলাকায় ইহুদি জাতীয় তহবিল কেকেএল-জেএনএফের টাঙানো একটি সাইনবোর্ডে যুদ্ধের ক্ষতি সম্পর্কে সতর্ক করে বন ও ক্যাম্পসাইটে প্রবেশে সম্পূর্ণ নিষেধাজ্ঞার কথা বলা হয়েছিল। ২০২৫ সালের মে মাসে কেকেএল-জেএনএফের ওয়েবসাইটেও একই ধরনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

মঙ্গলবার আর্মি রেডিওকে কেকেএল-জেএনএফের চেয়ারম্যান আইয়াল অস্ট্রিনস্কি বলেন, পথটি বন্ধ ছিল। শিক্ষা মন্ত্রণালয় কেন সেখানে শিক্ষা সফরের অনুমোদন দিয়েছিল, তা তিনি বুঝতে পারছেন না। তিনি বলেন, ইসরাইল সোসাইটি ফর দ্য প্রোটেকশন অব নেচারের পরিচালিত শিক্ষা মন্ত্রণালয়ের অপারেশনস রুমকে আগেই জানানো হয়েছিল যে এলাকাটি বন্ধ।

এক বিবৃতিতে শিক্ষা মন্ত্রণালয় জানায়, শিক্ষা সফরের অনুমোদিত পথটি কোনো নিষিদ্ধ এলাকায় প্রবেশ করেনি। এতে ইঙ্গিত দেওয়া হয়, দলটি হয়তো নির্ধারিত পথ থেকে সরে গিয়েছিল।

মন্ত্রণালয় আরও বলেছে, সফরের অনুমোদন প্রক্রিয়ার অংশ হিসেবে স্পষ্ট নিরাপত্তা নির্দেশনা দেওয়া হয়েছিল। এর মধ্যে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ বা অবিস্ফোরিত অস্ত্র স্পর্শ করার ওপর কঠোর নিষেধাজ্ঞা এবং এ ধরনের কোনো বস্তু দেখামাত্র তা জানানোর নির্দেশনাও ছিল।

অবিস্ফোরিত অস্ত্রের প্রকৃত সংখ্যা অজানা। বিশেষ করে জনসাধারণের হাঁটাচলার জন্য উন্মুক্ত বনাঞ্চল কিংবা কৃষিশ্রমিকদের কাজের মাঠে এসব অস্ত্রের উপস্থিতি এবং সীমিত অপসারণ কার্যক্রমের কারণে একই ধরনের ট্র্যাজেডি ঠেকাতে হিমশিম খাচ্ছে ইসরাইল। এছাড়া বহুদিন পড়ে থাকার কারণে মাটির নিচে চলে যাওয়ায় অনেক সময় হাঁটাচলায় চোখে পড়ে না অস্ত্রগুলো। ফলে বড় ধরনের প্রাণঘাতী ঝুঁকির মধ্যে দিয়েই দিন পার করছে ঝুঁকিপূর্ণ এলাকার ইসরাইলিরা।

সূত্র: টাইমস অব ইসরাই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%