০৯:১৭ পি.এম
ভারত থেকে আবারও রেল কোচ (বগি) আমদানি শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। আগামী জুলাই মাসে প্রায় ২০টি রেল কোচের একটি চালান রপ্তানির জন্য প্রস্তুত করা হচ্ছে, এ তথ্য জানিয়েছেন ভারতীয় কর্মকর্তারা।
বুধবার ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার পর এটি হবে বাংলাদেশের প্রথম রেল কোচ রপ্তানি।
এর আগে বাংলাদেশকে ১২০টি ব্রড-গেজ যাত্রীবাহী কোচ, ৩৬টি ব্রড-গেজ লোকোমোটিভ এবং ১০টি মিটার-গেজ লোকোমোটিভ সরবরাহ করেছে নয়াদিল্লি।
আরও পড়ুন: বাংলাদেশের পোশাকশিল্প: সংকট ও উত্তরণের জন্য জাতীয় কর্মপরিকল্পনার প্রয়োজন
ভারতীয় রেলওয়ের রপ্তানি সংস্থা (আরআইটিইএস) বর্তমানে বাংলাদেশ রেলওয়ের জন্য ২০০টি ব্রড-গেজ যাত্রীবাহী কোচ সরবরাহের একটি চুক্তি বাস্তবায়ন করছে। এ কোচগুলো ভারতের পাঞ্জাবের কাপুরথালার রেল কোচ ফ্যাক্টরিতে নির্মাণ করা হচ্ছে বলেও জানানো হয়েছে প্রতিবেদনে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের অর্থায়নে ৯১৫ কোটি রুপির এই প্রকল্পটি ২০২৪ সালের মে মাসে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে দেওয়া হয়। ওই প্রকল্পের আওতায় ঢাকাকে নতুন চালান সরবরাহ করবে নয়াদিল্লি।
প্রকল্পসংশ্লিষ্ট ভারতের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, ‘নতুন চুক্তির আওতায় প্রথম রেকটি জুলাই মাসে প্রস্তুত হবে। কোচগুলো হস্তান্তরের জন্য বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।’
চুক্তি অনুযায়ী, শুধু কোচ সরবরাহই নয়, আরআইটিইএস নকশা সহায়তা, যন্ত্রাংশ সরবরাহ এবং প্রশিক্ষণও দেবে। পুরো প্রকল্পে ৩৬ মাসের সরবরাহ ও কমিশনিং সময়সীমা থাকবে, এরপর ২৪ মাসের ওয়ারেন্টি অন্তর্ভুক্ত থাকবে।
আরও পড়ুন: মধ্যপ্রাচ্য বদলাতে গিয়ে বদলে যাচ্ছে যুক্তরাষ্ট্র-ইসরাইল: ইরান
আরআইটিইএসের ব্যবস্থাপনা পরিচালক রাহুল মিথাল জানিয়েছেন, ‘নতুন অর্থবছরে বাংলাদেশে রেল কোচের সরবরাহ শুরু হলে আমাদের রাজস্ব আরো বাড়বে।’
এদিকে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের কারণে প্রকল্পে কিছু বিলম্ব হয়েছে, তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এখন তা আবার স্বাভাবিক পথে ফিরে এসেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন