০৪:৪২ পি.এম
বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে ভারতীয় গরু, ঘোড়া, কয়লা ও জিরা জব্দ করেছে।
রোববার (১৫ নভেম্বর) ভোরে সুনামগঞ্জের তাহিরপুর ও দোয়ারাবাজার উপজেলার সীমান্ত থেকে চারটি ভারতীয় ঘোড়া, একটি গরু, কয়লা ও জিরা জব্দ করা হয়, যার মোট মূল্য ৫ লাখ টাকার বেশি।
বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন জানায়, তাহিরপুর উপজেলার চাঁনপুর বিওপির সদস্যরা গোপন তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধভাবে আনা ৪টি ঘোড়া জব্দ করে। একই উপজেলার বালিয়াঘাট বিওপির সদস্যরা ১৬ বস্তা ভারতীয় কয়লা উদ্ধার করে, লাউড়েরগড় বিওপির সদস্যরা তিন বস্তা ভারতীয় জিরা জব্দ করে এবং দোয়ারাবাজার উপজেলা প্যাকপাড়া বিওপির সদস্যরা সীমান্ত এলাকা থেকে একটি ভারতীয় গরু আটক করে। আটককৃত ভারতীয় ঘোড়া, গরু ও অন্যান্য মালামালের আনুমানিক মূল্য ৫ লাখ ১০ হাজার টাকা। তবে, বিজিবি চোরাচালানের সঙ্গে জড়িত কাউকে আটক করতে সক্ষম হয়নি। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।
আরও পড়ুন: কুমিল্লায় রোহিঙ্গা তিন নাগরিককে জন্মসনদ প্রদান, প্যানেল চেয়ারম্যান বরখাস্ত
বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল একে এম জাকারিয়া কাদির জানান, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় গরু, ঘোড়া আটক ও অন্যান্য মালামাল জব্দ করা হয়েছে। সীমান্তে নিরাপত্তা রক্ষা, অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। আটককৃত গরু, ঘোড়া ও জব্দকৃত মালামাল সুনামগঞ্জে শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন