০৪:৪৮ পি.এম
কুমিল্লার দেবিদ্বারে রোহিঙ্গা তিন নাগরিককে জন্মনিবন্ধন সনদ দেওয়ার সত্যতা প্রমাণিত হওয়ায় এক ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি, ২৩ জন বিদেশি নাগরিকের জন্মসনদ প্রদানের বিষয়টিও তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে।
বরখাস্ত হওয়া প্যানেল চেয়ারম্যান হলেন দেবিদ্বার উপজেলার ৬ নম্বর ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন। তদন্তে রোহিঙ্গা তিন নাগরিককে জন্মসনদ দেওয়ার সত্যতা পাওয়ার পর তার বিরুদ্ধে এই প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়। এর আগে, ৩ সেপ্টেম্বর, ওই ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) মো. নজরুল ইসলামকেও একই অভিযোগে বরখাস্ত করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা রবিবার (১৫ নভেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, ১১ নভেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ইউপি-১ শাখার সিনিয়র সহকারী সচিব আতিকুল ইসলাম স্বাক্ষরিত চিঠির মাধ্যমে বরখাস্তের আদেশ প্রদান করা হয়।
আরও পড়ুন: দেশজুড়ে এসআরবির অভিযানে এক সপ্তাহে গ্রেফতার ৩৯২ জন
আদেশে উল্লেখ করা হয়েছে যে, ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. সালাহ উদ্দিনের বিরুদ্ধে রোহিঙ্গা তিন নাগরিকের অনুকূলে জন্মনিবন্ধন সনদে ইস্যুকৃত স্থায়ী ঠিকানার সত্যতা পাওয়া যায়নি এবং সনদধারীরা সংশ্লিষ্ট ইউনিয়নের স্থায়ী বাসিন্দা নয় মর্মে তদন্তে প্রমাণিত হয়েছে। এছাড়া, নিজের ইউজার আইডি ও পাসওয়ার্ড অন্য ব্যক্তির কাছে হস্তান্তর, সচেতনতার অভাব এবং দায়িত্ব পালনে অবহেলার অভিযোগও তদন্তে প্রমাণিত হওয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯-এর ৩৪ (৪) (খ) (ঘ) ধারা অনুযায়ী রেজিস্টার জেনারেল, জন্ম ও মৃত্যু নিবন্ধন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে।
প্যানেল চেয়ারম্যান সালাহ উদ্দিন কর্তৃক সংগঠিত অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন অনুযায়ী প্যানেল চেয়ারম্যান সালাহ উদ্দিনকে স্বীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মো. কামরুজ্জামান মাসুদের অনুপস্থিতিতে ইউপি সদস্য সালাহ উদ্দিন প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন।
পরে, ২০২৫ সালের ৪ জানুয়ারি কক্সবাজার সদর উপজেলার উত্তর রুমালিয়াছড়া পূর্বাংশ এলাকার রোহিঙ্গা নাগরিক সাইমুন ইসলাম সাজ্জাদ, মুবিনা খাতুন ও হাফিছার নামে বাংলাদেশি জন্মনিবন্ধন সনদ দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এই ঘটনা জানাজানি হলে চলতি বছরের ২ আগস্ট স্থানীয় এক বাসিন্দা বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের বরাবর পৃথক তিনটি লিখিত অভিযোগ দেন। পরবর্তীতে, ৬ আগস্ট কুমিল্লা জেলা প্রশাসক রোজী আক্তারের নির্দেশনায় অতিরিক্ত জেলা প্রশাসক আলী রাজিব মাহমুদ মিঠুনকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি প্রায় তিন মাস তদন্ত শেষে অভিযোগের সত্যতা পায়। এরপর, ১১ নভেম্বর একটি প্রজ্ঞাপন জারীর মাধ্যমে প্যানেল চেয়ারম্যান সালাহ উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়।
আরও পড়ুন: ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন শুরু
বরখাস্ত প্যানেল চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন বলেন, ‘আমি এমনিতেই চেয়ারম্যান অফিসে যাইনা। তবে বরখাস্তের কোনো আদেশ এখনো পায়নি। এর বেশি কিছু জানি না।’
দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অশোক বিক্রম চাকমা কালের কণ্ঠকে বলেন, ‘প্যানেল চেয়ারম্যান সালাহ উদ্দিনের বরখাস্ত হওয়ার বিষয়টি আমি বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি। তবে এখনো অফিসিয়াল কোন আদেশ পায়নি।’
তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলী রাজিব মাহমুদ মিঠুন কালের কণ্ঠকে জানান, ‘প্যানেল চেয়ারম্যান সালাহ উদ্দিন বরখাস্তের এখনও কোন আদেশ হাতে আসেনি। তবে আমি তদন্ত প্রতিবেদন জমা দিয়েছি। আমার কাছে ২৩ জনের জন্মনিবন্ধনের তালিকা দেওয়া হয়েছিল। সরেজমিনে তদন্তে গিয়ে এসবের কারও স্থায়ী ঠিকানা পাওয়া যায়নি। এই কারণে প্রতিবেদনে আমি জন্মনিয়ন্ত্রণগুলো বাতিলের সুপারিশ করেছি।
আরও পড়ুন: নগরকান্দায় সাংবাদিক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন, গ্রেপ্তার ও ডিলারশিপ বাতিলের দাবি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন