ঢাকা রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ইং ৩০শে কার্তিক, ১৪৩২বাং

ভূমিদস্যুতার সহযোগী মজিবরের বিরুদ্ধে দুদকের অভিযান দাবি ভুক্তভোগীদের


ভূমিদস্যুতার সহযোগী মজিবরের বিরুদ্ধে দুদকের অভিযান দাবি ভুক্তভোগীদের

আড়াইহাজার উপজেলার দিঘির পাড়। সফরআলী সরকারি কলেজের পাশে অবস্থিত আবাসিক এলাকা। এখানে সারি সারি ভবন রয়েছে। গলির ভেতরে ঢুকলেই কর্ণারে দেখা যায় বেশ কয়েকটি অট্টালিকা। একটি ভবনের তৃতীয় তলায় ঝুলছে ‘ইনফরমেশন টেকনিক্যাল ভিশন সোসাইটি (আইটিভিএস)’ সাইনবোর্ড। নিচতলায় রয়েছে ‘জাতীয় মহিলা সংস্থা’র সাইনবোর্ড। এসব ভবন ভাড়া দেওয়া হয়েছে।

‘ভবনগুলো কার?’ এই প্রশ্ন করলে যে কেউ সহজেই জানিয়ে দেয়, এগুলো মজিবরের বাড়ি। তবে নিছক ‘মজিবরের বাড়ি’ বললে পাড়া-প্রতিবেশীরা বিভ্রান্ত হয়ে পড়েন। সহজে চেনার জন্য একটি বিশেষণ রয়েছে তার, সেটি হচ্ছে ‘মাইগ্যা’। ‘মাইগ্যা মজিব’ বললে মানুষ দ্রুত চেনে। একসময় মেয়েদের মতোই ছিলো তার হাঁটা-চলা, লাইফস্টাইল। স্থানীয় বিত্তশালীরা তাকে দিয়ে ফুট-ফরমায়েশ খাটাতো। সেই মজিবরের হাতে এখন ‘আলাদীনের চেরাগ’। রূপগঞ্জ (নারায়ণগঞ্জ-১ আসন) এর আ’লীগ নেতা গাজী গোলাম দস্তগীর তার হাতে তুলে দেন এই চেরাগ। মাত্র এক দশকের মধ্যে দরিদ্র পরিবারের ‘মাইগ্যা মজিব’ হয়ে ওঠেন ‘মজিবর সাহেব’। বর্তমানে তিনি নারায়ণগঞ্জ, কাচপুর সার্কেলস্থ সাদীপুর ইউনিয়ন ভূমি অফিসের সহকারি ভূমি কর্মকর্তা বা ‘নায়েব’। এর আগে তিনি রূপগঞ্জ ভূমি অফিসে কর্মরত ছিলেন। তার মূল কাজ ছিল আওয়ামী এমপি গাজী গোলাম দস্তগীরের জবরদখলকৃত সম্পত্তি ও গ্রাসকৃত সরকারি সম্পত্তির বৈধতা দেওয়া। শিল্পএলাকা হওয়ায় রূপগঞ্জের এক শতক জমি যেন হীরার টুকরো। সে হিসেবে সেখানে মজিবরের ‘রেট’ও অনেক বেশি। মূলত: রূপগঞ্জে দায়িত্ব পালনকালেই তিনি নামে-বেনামে গড়ে তোলেন শত কোটি টাকার সম্পদ। গাড়ি-বাড়ি, ফ্ল্যাট ও প্লটের মালিক হয়েছেন।

কিন্তু ভূমি অফিসে আসা ভুক্তভোগীদের জন্য এসবের মধ্যে কোনো আপত্তি নেই। কষ্ট হচ্ছে, নিষ্কটক এক শতাংশ জমির নামজারি করতে এসে সার্ভে রিপোর্টে তিনি যখন লিখে দেন-‘আবেদনকারীর জমির অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি!’ কিংবা ‘জমিটিতে ওয়ারিশ দাবিদার রয়েছে!’ তখন ভুক্তভোগীদের মাথায় বাজ পড়ে। মজিবর এ ধরনের প্রতিবেদন এসি (ল্যান্ড) অফিসে পাঠান কোনো ধরনের নজরানা না দিলেই। ঘুষ না দেওয়া পর্যন্ত সাধারণ একটি নামজারিতে অকারণ হয়রানি, দুর্ব্যবহারসহ সৃষ্টি করেন কৃত্রিম জটিলতা। ফলে তার হয়রানি, জালিয়াতি আর দুর্নীতিতে অতিষ্ঠ স্থানীয় ভুক্তভোগীদের দুর্ভোগের অন্ত থাকে না।

আরও পড়ুন: দেশজুড়ে এসআরবির অভিযানে এক সপ্তাহে গ্রেফতার ৩৯২ জন

একাধিক ভুক্তভোগী অভিযোগ করেন, জমির নাম জারি ও খাজনা পরিশোধসহ ভূমি সংক্রান্ত কোনো প্রয়োজনে তার কাছে গেলে টাকা ছাড়া মজিবরের কাছ থেকে কোনো সেবা পাওয়া যায় না। টাকা না দিয়ে তার সঙ্গে কথা বললে দুর্ব্যবহার করেন। অনলাইনে নামজারির আবেদন করা হলেও মেলে না প্রতিকার। আবেদন দীর্ঘদিন ‘পেন্ডিং’ থাকার কারণে ভুক্তভোগীদের সশরীরে তার সামনে হাজির হতে হয়। মজিবরের লোকের সঙ্গে যোগাযোগ করে চাহিদামাফিক টাকা না দিলে নামজারির আবেদন নামঞ্জুরের প্রার্থনা করে এসি (ল্যান্ড) বরাবর নেতিবাচক মন্তব্য লিখে প্রতিবেদন পাঠিয়ে দেন।

মজিবর ভাতের চেয়ে বেশি খান ঘুষ। তিনি ঘুষ গ্রহণ করেন অত্যন্ত সতর্কতার সঙ্গে। ঘুষের দরদাম করে টাকা বুঝে নেওয়ার জন্য রয়েছেন তার এক ভাতিজা। এ ছাড়া বিশ্বস্ত কয়েকজন বহিরাগতও রয়েছেন, যাদের দেখলে মনে হয়, এরা এই ভূমি অফিসেরই হর্তাকর্তা।

ভুক্তভোগীরা অভিযোগ করেন, নিষ্কন্টক ১ থেকে ৩০ শতাংশ জমির নাম জারির আবেদন উপজেলা ভূমি অফিসে প্রস্তাব পাঠানোর শতাংশপ্রতি ১০ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত মজিবরকে দিতে হয়। জমির পরিমাণ বেশি হলে বাড়ে ঘুষের পরিমাণও। ‘খ’ তফসিল ভুক্ত জমির নাম জারির আবেদনের জন্য শতাংশ প্রতি তাকে দিতে হয় কমপক্ষে ৫ হাজার টাকা।

কাচপুর ইউনিয়নের বাঘুরি গ্রামের আব্দুল মালেকের আবেদনের (নং-৫৮০৮৩৭৮) নামজারি মামলা নং-৭৫৬৮/২২-২৩, খতিয়ান নম্বর ১৪২৮ এ ভুল করার কারণে পরপর তিনবার প্রতিবেদন পাঠাতে হয়। বিনিময়ে তাকে প্রতিবার গুনতে হয় ৬ হাজার করে মোট ১৮ হাজার টাকা।

আরও পড়ুন: ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন শুরু

সাদিপুর ইউনিয়নের নানাখি গ্রামের আব্দুল মতিন, পিতা ক্বারী দীন মুহাম্মদ, নামজারি আবেদন নাম্বার ১১৬৮৮০৬৩৭, মিউটেশন নং- ৩১১৬/২৫-২৬-এর প্রতিবেদন পাঠাতে মজিবরকে দিতে হয় ২২ হাজার টাকা।

চলতি বছর জানুয়ারিতে নামজারি মামলা নং- ৮৩৭৮/২৫-২৬ , ৮৩৮২/২৫-২৬, এবং ৮৩৮৩/২৫-২৬ নামজারি প্রস্তাব পাঠানোর জন্য মজিবরের চাহিদামাফিক টাকা না দেয়ায় প্রস্তাবে নেতিবাচক মন্তব্য লিখে আবেদন নামঞ্জুরের সুপারিশ করেন। পরবর্তীতে অভিন্ন ভুক্তভোগীগণ গত ১২ সেপ্টেম্বর পুনরায় নামজারির আবেদন করেন। মামলা নম্বর যথাক্রমে: ৩৪৭৭/২৬-২৭, ৩৪৫৬/২৬-২৭, ৩৪৬৪/২৬২৭। মজিবর রহমান সেগুলোও ‘নামঞ্জুর’ করে এসি(ল্যান্ড) অফিসে প্রতিবেদন পাঠান। ভুক্তভোগীরা সরাসরি এসি(ল্যান্ড)র সঙ্গে যোগাযোগ করলে তিনি ওই প্রস্তাব মজিবরের কাছে ফেরত পাঠান। মজিবর যথারীতি ‘আর এস ১৬২৪ দাগে কোনো জমি খালি নাই’ মর্মে নেতিবাচক মন্তব্য লিখে এসিল্যান্ড’র কাছে পাঠিয়ে দেন। পরবর্তীতে ভুক্তভোগীরা এই দাগের সমস্ত নামজারির খসড়া কপি উত্তোলন করে দেখতে পান যে, জমির পরিমাণ সঠিক রয়েছে। বালাম বহিতে অতিরিক্ত ‘মাইনাস’ দেখিয়ে ‘জমি নাই’ উল্লেখ করা হয়েছে। এটি মজিবরের পয়সা হাতিয়ে নেয়ার কৌশল। খতিয়ান থেকে অতিরিক্ত জমি ‘মাইনাস’ দেখিয়ে বলা হয়, এই খতিয়ানে কোনো খালি জমি নাই। এসব বিষয়ে এসি (ল্যান্ড)কে জানালে তিনি আবারো আবেদন ফেরত পাঠান। এতে আরো বেশি ক্ষিপ্ত হন মজিবুর। আর তখন একদাগের জমি অন্যজনের নামে সুপারিশ দিয়ে প্রতিবেদন পাঠান। সেটির ভিত্তিতে এসি(ল্যান্ড) নামজারি করে দেন। এ ধরণের ঘটনায় ভুক্তভোগী শহিদুল ইসলাম জানান, গত ১২/০৯/২৬ তারিখের আবেদন নং ১৬৯৫১৬২৫, মিউটেশন মামলা নং-৩৪৭৭/২৬-২৭ নামজারি খতিয়ান নং ২০২৬১০০৩৭০ এর নামজারি সম্পন্ন হয় গত ১২/১১/২৬ তারিখ। কপি হাতে পেয়ে দেখতে পাই যে, নামজারির আবেদনে আমার (শহিদুল ইসলাম) নামে ৪৯.০৯ শতাংশ এবং আমার আম্মা লুৎফুন নাহারের নামে ৫ শতাংশ, চারটি দাগ মোট ৫৪.০৯ শতাংশ জমির জন্য আবেদন করি। আবেদনকৃত আর এস ১৬২৪ দাগের ১৯.৩৪ শতাংশ জমি নামজারি থেকে বাদ দেয়া হয়। অথচ বন্টননামা দলিল অনুযায়ী লুৎফুন্নাহারের ৫ শতাংশ জমি আর এস ১৬২৪ নং দাগে। যে ৩টি দাগের নাম জারি দেয়া হয়েছে, সেখানে লুৎফুন নাহারের কোনো অংশ নেই। উল্লেখিত নাম জারিতে লুৎফুন নাহারের নাম থাকলেও প্রকৃতপক্ষে এখানে তার কোনো মালিকানা নেই। অপরদিকে নামজারি আবেদন নং ১৬৯৪৬২৮৯ তারিখ ১১/০৯/২৬ মিউটেশন মামলা (নং ৩৪৫৬/২৬-২৭) এ আবেদন করা হয় ১৪ শতাংশ জমির নামজারির জন্য। কিন্তু নামজারি করা হয়েছে ১৩.২২ শতাংশ। এখানেও দশমিক ৭৮ শতাংশ কম দেয়া হয়েছে। নায়েব মজিবরকে ঘুষ না দেয়ায় উল্টাপাল্টা প্রতিবেদন দিয়ে আমার নামজারি আরো জটিল করে দিয়েছেন। জানি না এই সমস্যার কীভাবে সমাধান হবে!

তথ্যানুসন্ধানে জানা যায়, এভাবে একজনের জমি অন্যজনকে দিয়ে কৃত্রিম জটিলতা সৃষ্টি করে নায়েব মজিবর দু’হাতে লুটে নিচ্ছেন অর্থ। তিনি নামে-বেনামে গড়ে তুলেছেন সম্পদের পাহাড়। গ্রামের বাড়িতে গড়ে তুলেছেন বহুতল ভবন। আত্মীয়-স্বজনের নামেও গড়েছেন সম্পত্তি। অর্থ-সম্পদের তথ্য গোপন করতে নিজের সম্পত্তির ওপর লাগিয়ে রাখছেন নিকটাত্মীয় অন্য কারো সাইনবোর্ড। তবে স্থানীয় সবাই জানেন, এটি মজিবরেরই সম্পত্তি। নারায়ণগঞ্জের আড়াই হাজার সরকারি সফর আলী কলেজের পাশে দিঘির পাড়ে রয়েছে ৩টি পাঁচ তলা বাড়ি। নারায়ণগঞ্জ শহরে আছে একাধিক বাড়ি। ঢাকার গুলশানে রয়েছে ফ্ল্যাট। ভগ্নিপতির নাম সামনে রেখে চালিয়ে যাচ্ছেন গার্মেন্টস ব্যবসা। মজিবুর যে ব্যক্তিগত গাড়িটিতে চড়ে ভূমি অফিসে আসেন, এটির রেজিস্ট্রেশনও তার এক আত্মীয়ের নামে। ফলে ধূর্ত মজিবরকে কাগজ-কলমে প্রমাণ করা দু:সাধ্য।

টাকা ছাড়া একটি নামজারি প্রস্তাবও মজিবর এসি (ল্যান্ড) অফিসে পাঠান না। এই নীতি তার চাকরির সূচনালগ্ন থেকেই। ঘুষ গ্রহণের সর্বোচ্চ শাস্তি এই দেশে কি হতে পারে, মজিবরের সেটি জানা। সর্বোচ্চ কাছাকাছি অন্য আরেকটি ইউনিয়ন ভূমি অফিসে বদলি। টাকার কাছে সবাই পদানত। জায়গা মতো টাকা ঢাললে চাকরিচ্যুতির আদেশ দানের কলমও ভোতা হয়ে যায় এই দেশে। এসবই জানেন ‘ম্যানেজ মাস্টার’ মজিবর। আর এ কারণেই তিনি ঘুষ গ্রহণে এতোটা অকুতোভয় আর নির্ভীক। রূপগঞ্জ মুড়াপাড়া ভূমি অফিসে থাকতে সেখানকার তৎকালিন আ’লীগ এমপি ও ভূমিদস্যু গোলাম দস্তগীর গাজীর (তৎকালিন পাট ও বস্ত্রমন্ত্রী) ভূমি সংক্রান্ত জাল-জালিয়াতি মজিবর ‘জায়েজ’ করে দিতেন। এ কারণে গাজীর সঙ্গে তার গড়ে ওঠে ব্যক্তিগত সম্পর্ক। গাজীর ঢাকার বাসায়ও ছিলো অবাধ যাতায়াত। ফলে সাধারণ কোনো ভুক্তভোগী তাকে ফোনে না পাওয়ার কথা জানালে মজিবরের ঝাঁঝালো উত্তর, ‘রাখেন মিয়া! মন্ত্রী-এমপি’র ফোন ধরারই টাইম পাই না..!’ আর কাউরে গোনার টাইম আছে?

আরও পড়ুন: নগরকান্দায় সাংবাদিক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন, গ্রেপ্তার ও ডিলারশিপ বাতিলের দাবি

নারায়ণগঞ্জ জেলাধীন কাঁচপুর সার্কেল একটি শিল্পাঞ্চল। যারা নতুন শিল্প স্থাপন করেন তাদের কাছে ঘুষের এই টাকা ‘হাতের ময়লা’। কিন্তু যারা নিম্ন আয়ের শ্রমজীবী ও পৈত্রিকসূত্রে প্রাপ্ত সম্পত্তির মালিক, তাদের কাছে অন্যায্য এ অর্থ পাহাড় সমান বোঝা। তারা এই বোঝা আর বহন করতে পারছেন না। কিন্তু জমির মালিকমাত্রই তার কাছে ‘ধরা’-এই বিবেচনায় অনেক ভুক্তভোগী নাম প্রকাশও করতে চান না। মজিবরের পোষা দালালচক্রের মাধ্যমে কাজ না করালে আরো বেশি অর্থ খরচ, আরো বেশি হয়রানিতে পড়ার ঝুঁকি রয়েছে। রূপগঞ্জে দায়িত্ব পালনকালেই তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) একাধিকবার অভিযোগ দায়ের করা হয়। কিন্তু অজ্ঞাতকারণে ওই অভিযোগের কোনো অনুসন্ধান হয়নি। দুদকে অভিযোগ করেও কোনো কাজ হয় না-এমন একটি ধারণা থেকে নতুন করে হয়রানির ভয়ে এখন আর কেউ সনামে মজিবরের বিরুদ্ধে অভিযোগ দিতে চান না। তবে মজিবুরের দুর্নীতিতে অতিষ্ঠ ভুক্তভোগীরা মনে-প্রাণে চান কাচপুর সার্কেল সাদীপুর ভূমি অফিসটিতে দুদক টাস্কফোর্স ঝটিকা অভিযান পরিচালনা করুক। সেই সঙ্গে মজিবরের দুর্নীতি এবং নামে-বেনামে গড়ে তোলা অবৈধ সম্পদের তদন্ত করে তাকে আইনে আওতায় আনা হোক।

এদিকে ঘুষ, দুর্নীতি ও কৃত্রিম জটিলতা সৃষ্টি করে ভুক্তভোগীদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ সম্পর্কে জানতে আজ (রোববার) যোগাযোগ করা হয় সাদীপুর ভূমি অফিসের সহকারি ভূমি কর্মকর্তা মজিবরের সঙ্গে। তাকে একাধিকবার কল করা হয়। যোগাযোগের জন্য এসএমএস দেয়া হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার কোনো সাড়া পাওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভাত খাওয়ার পরপরই চা পান করা কতটা নিরাপদ?

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪৩ পি.এম


ভাত খাওয়ার পরপরই চা পান করা কতটা নিরাপদ?

দুপুর কিংবা রাতে ভাত খাওয়ার পর এক কাপ চা পান করা অনেকের জন্য একটি অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। কিছু মানুষ খাবার শেষ করার সঙ্গে সঙ্গে চায়ের কাপে চুমুক দেন, আবার কেউ খাওয়ার পরপরই দুধ চা পান করতে পছন্দ করেন। তবে ভাত খাওয়ার পর চা পান করা শরীরের জন্য কতটা নিরাপদ? এতে কি খাবারের পুষ্টিগুণ গ্রহণে কোনো প্রভাব পড়ে?

পুষ্টিবিষয়ক বিশেষজ্ঞদের মতে, খাবারের পরপর চা পান করলে শরীরে আয়রন শোষণের পরিমাণ কমে যেতে পারে। চায়ে থাকা ট্যানিন ও অন্যান্য পলিফেনল খাবারের আয়রনের সঙ্গে যুক্ত হয়ে তা শোষণে বাধা সৃষ্টি করে। বিশেষ করে উদ্ভিজ্জ খাবার থেকে পাওয়া আয়রনের ক্ষেত্রে এই প্রভাব বেশি দেখা যায়।

ভাতের সঙ্গে চা পান করলে কী হয়? সাধারণত ভাতের সঙ্গে ডাল, শাকসবজি, মাছ কিংবা মাংস খাওয়া হয়ে থাকে। এসব খাবারের মধ্যে ডাল ও শাকসবজি থেকে শরীর নন-হিম আয়রন পায়। খাবারের পরপর চা পান করলে চায়ের পলিফেনল এই আয়রন শোষণ কমিয়ে দিতে পারে।

অন্যদিকে, মাছ ও মাংসে থাকা হিম আয়রনের শোষণে চায়ের প্রভাব তুলনামূলক কম। তবে একই খাবারে উদ্ভিজ্জ ও প্রাণিজ—দুই ধরনের আয়রনই থাকতে পারে। তাই ভাতের সঙ্গে কী খাওয়া হচ্ছে, সেটিও গুরুত্বপূর্ণ।

দুধ চায়ের ক্ষেত্রেও কি একই নিয়ম?

হ্যাঁ, দুধ চায়ের ক্ষেত্রেও সতর্ক থাকা প্রয়োজন। কারণ, দুধ চায়ের মূল উপাদান চায়ে থাকা পলিফেনল। দুধে থাকা ক্যালসিয়ামও একসঙ্গে গ্রহণ করলে সাময়িকভাবে আয়রন শোষণে প্রভাব ফেলতে পারে। তবে স্বাভাবিক পরিমাণে দুধ পান করলেই দীর্ঘমেয়াদে আয়রনের ঘাটতি তৈরি হয়, এমন প্রমাণ নেই।

ভাত খাওয়ার কতক্ষণ পর চা পান করবেন? খাবার খাওয়ার পর চা পান করতে চাইলে অন্তত এক ঘণ্টা অপেক্ষা করা ভালো। যাদের শরীরে আয়রনের ঘাটতি বা রক্তস্বল্পতা রয়েছে, তাদের ক্ষেত্রে এক থেকে দুই ঘণ্টা বিরতি রাখা যেতে পারে। আয়রন সাপ্লিমেন্ট গ্রহণের সময়ও চা-কফি এড়িয়ে চলা উচিত। এ বিষয়ে চিকিৎসকের পরামর্শ অনুসরণ করা ভালো।

আয়রন শোষণ বাড়াতে কী করবেন?

প্রতিদিনের খাবারে আয়রনসমৃদ্ধ উপাদান রাখার পাশাপাশি ভিটামিন সি-সমৃদ্ধ ফল ও সবজি খাওয়া যেতে পারে। লেবু, পেয়ারা, কমলা ও টমেটোতে থাকা ভিটামিন সি উদ্ভিজ্জ খাবার থেকে আয়রন শোষণে সহায়তা করে। ভাতের সঙ্গে ডাল ও শাকসবজি খেলে খাবারের সঙ্গে লেবু বা অন্য ভিটামিন সি-সমৃদ্ধ উপাদান রাখতে পারেন।

তাহলে কি খাবারের পর চা পান পুরোপুরি বন্ধ করতে হবে? না, খাবারের পর চা পান করলেই শরীরের ক্ষতি হবে, এমন নয়। সুস্থ মানুষের ক্ষেত্রে মাঝে মাঝে ভাত খাওয়ার পর চা পান করার বিষয়ে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। তবে প্রতিদিনের অভ্যাস হলে খাবারের সঙ্গে বা খাওয়ার ঠিক পরপর চা না খেয়ে কিছুটা বিরতি রাখা ভালো। বিশেষ করে যাদের আয়রনের ঘাটতি রয়েছে, তাদের এ বিষয়ে বাড়তি সতর্ক থাকা প্রয়োজন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ইউনুস মণ্ডলকে মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪৪ পি.এম


টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ইউনুস মণ্ডলকে মৃত্যুদণ্ড

টাঙ্গাইলের মির্জাপুরে বৃদ্ধা মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে মো. ইউনুস মণ্ডলকে মৃত্যুদণ্ড এবং ১ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেছে আদালত। রোববার (১৫ নভেম্বর) টাঙ্গাইলের সিনিয়র দায়রা জজ মো. হাফিজুর রহমান এই রায় প্রকাশ করেন।

দণ্ডিত ব্যক্তির নাম মো. ইউনুস মণ্ডল (২৫)। তিনি টাঙ্গাইল সদর উপজেলার মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের মশাজান গ্রামের মৃত সিরাজ উদ্দিন এবং নিহত ফুলমালা বেগমের পুত্র।

টাঙ্গাইলের সরকারি কৌশুলি (পিপি) মো: শফিকুল ইসলাম রিপন জানিয়েছেন, নিহত ফুলমালা বেগম তার ছোট ছেলে ইউনুস মণ্ডলের সঙ্গে একই বাড়িতে বসবাস করতেন এবং তিনি কৃষি কাজ করতেন। আসামি প্রায়শই তার মাকে বিভিন্ন কারণে অকথ্য ভাষায় গালিগালাজ করতেন। ঘটনার দিন (২৫ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যায় আসামি তার মাকে গালিগালাজ করেন। এক পর্যায়ে ঘর থেকে বাঁশের লাঠি এনে মায়ের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মা অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যুবরণ করেন।

ঘটনার পর নিহত ফুলমালা বেগমের মেয়ে সেলিনা বেগম বাদী হয়ে মির্জাপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পরদিন পুলিশ আসামিকে গ্রেপ্তার করে এবং তিনি ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। হত্যাকাণ্ডে ব্যবহৃত বাঁশের লাঠিটি উদ্ধার করা হয়। বিচার চলাকালীন অভিযোগ গঠনের সময়ও তিনি আদালতে দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন।

তিনি আরও জানান, সাক্ষ্যপ্রমাণ, ময়নাতদন্তের রিপোর্ট এবং আসামির দোষ স্বীকারোক্তি পর্যালোচনা করে আদালত আসামি ইউনুস মণ্ডলকে মৃত্যুদণ্ড এবং ১ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অনুমোদন সাপেক্ষে রশিতে ঝুলিয়ে ফাঁসি কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অবহেলায় হারাচ্ছে ৩০০ বছরের ইতিহাস: দেয়ালে একাত্তরের গুলির ক্ষত, ছাদে ধস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪৫ পি.এম


অবহেলায় হারাচ্ছে ৩০০ বছরের ইতিহাস: দেয়ালে একাত্তরের গুলির ক্ষত, ছাদে ধস

দেয়ালে গুলির ক্ষত রয়েছে। ছাদের ওপর আগাছা জন্মেছে। কোথাও পলেস্তারা খসে পড়ছে, আবার কোথাও ফাটল ধরেছে। একসময় যে বাড়িটি জমিদারি প্রতিপত্তির প্রতীক ছিল, এখন সেটি ধ্বংসের প্রহর গুনছে। প্রায় ৩০০ বছরের ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে থাকা বাড়িটির দিকে তাকানোর যেন কেউ নেই। কিন্তু এর দেয়ালে এখনো মুক্তিযুদ্ধের রক্তাক্ত স্মৃতি লেগে আছে।

খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের শেওড়া গ্রামে কপোতাক্ষ নদের তীরে অবস্থিত প্রায় ৩০০ বছরের পুরোনো এই স্থাপনাটি স্থানীয়ভাবে কান্তরাম জমিদারবাড়ি নামে পরিচিত। একসময় এটি জমিদারি প্রতিপত্তির প্রতীক ছিল, বর্তমানে সেখানে নিঃসঙ্গতা ও অবহেলার চিহ্ন ঘুরে বেড়াচ্ছে।

স্থানীয় ইতিহাস ও জমিদার পরিবারের বংশধরদের কাছ থেকে জানা যায়, অষ্টাদশ শতকের শুরুর দিকে কান্তরাম মণ্ডল গহিন সুন্দরবন পরিষ্কার করে সেখানে জমিদারি প্রতিষ্ঠা করেন। তার জমিদারি প্রায় দুই হাজার বিঘা জমি নিয়ে বিস্তৃত ছিল। সে সময় কপোতাক্ষ নদে জলদস্যুদের উৎপাত ছিল লক্ষণীয়। কান্তরাম মণ্ডল ও তার বংশধরেরা দস্যুদের দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। নদী ও জনপদ ঘিরে তাদের ক্ষমতার ইতিহাস আজও টিকে আছে জরাজীর্ণ বাড়িটির অস্তিত্বে।

বাড়িটির ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অধ্যায় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ। ওই সময় স্থাপনাটি ব্যাপক লুটপাটের শিকার হয়। বাড়ির দেয়ালে এখনো অসংখ্য গুলির চিহ্ন ছড়িয়ে আছে। দেয়ালের সেই ক্ষত যেন একাত্তরের সহিংসতার নীরব দলিল। অথচ মুক্তিযুদ্ধের স্মৃতিবাহী এই স্থাপনাটিও আজ সংরক্ষণের বাইরে রয়েছে।

জমিদার পরিবারের চতুর্থ প্রজন্মের প্রতিনিধি অশ্বিনী মণ্ডল বর্তমানে প্রায় ৯০ বছর বয়সী। তিনি কান্তরাম মণ্ডলের একমাত্র জীবিত নাতি। বার্ধক্যের কারণে তার স্মৃতিশক্তি কিছুটা কমে এলেও পরিবারের অতীত ইতিহাসের নানা তথ্য জানিয়েছেন তিনি। প্রত্নতত্ত্ব অধিদপ্তর বাড়িটির দায়িত্ব নিয়ে সংরক্ষণের উদ্যোগ নিলে তার কোনো আপত্তি নেই বলেও জানান।

সরেজমিনে দেখা যায়, ভবনের চারপাশে আগাছা জন্মেছে। দ্বিতল ভবনের ১০টি কক্ষের বিভিন্ন অংশ জরাজীর্ণ হয়ে পড়েছে। দ্বিতীয় তলার ছাদে ভাঙন ধরেছে। দেয়াল ও ছাদের ফাঁকে গাছপালা জন্মেছে। কোথাও খসে পড়ছে ইট ও সুরকি। ভবনের দেয়ালের বিভিন্ন অংশে এখনো লেগে আছে একাত্তরের গুলির ক্ষত। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় স্থাপনাটির ভবিষ্যৎ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

বাগালীর শেওড়া গ্রামের বাসিন্দা আমজেদ হোসেন জানান, মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর দোসররা কান্তরাম জমিদারবাড়িতে হামলা চালিয়ে ব্যাপক লুটপাট করে। সেই হামলার সাক্ষ্য বহন করছে বাড়ির দেয়ালে থাকা অসংখ্য গুলির চিহ্ন। পাঁচ দশকের বেশি সময় পেরিয়ে গেলেও দেয়ালের সেই ক্ষত আজও মুছে যায়নি।

তিনি বলেন, অযত্ন আর অবহেলায় ঐতিহাসিক স্থাপনাটি এখন প্রায় ধ্বংসের দ্বারপ্রান্তে। সংস্কার নেই, সংরক্ষণের উদ্যোগ নেই, নেই প্রত্নতাত্ত্বিক স্বীকৃতির দৃশ্যমান কোনো তৎপরতা।

স্থানীয় বাসিন্দারা জানান, কান্তরাম জমিদারবাড়ি কেবল একটি পুরোনো ভবন নয়; এটি কয়রার আঞ্চলিক ইতিহাস, জমিদারি ব্যবস্থার স্মৃতি এবং মুক্তিযুদ্ধের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন। অথচ প্রচার-প্রচারণা ও সরকারি উদ্যোগের অভাবে স্থাপনাটি লোকচক্ষুর আড়ালে রয়ে গেছে।

তাদের আশঙ্কা, দেয়ালের গুলির ক্ষত হয়তো ইতিহাসের সাক্ষ্য হয়ে থাকবে, কিন্তু ছাদ ও দেয়াল ভেঙে গেলে হারিয়ে যাবে ইতিহাসের এই গুরুত্বপূর্ণ বস্তুগত নিদর্শন। ধ্বংসস্তূপে পরিণত হওয়ার আগেই বাড়িটির ঐতিহাসিক গুরুত্ব নিরূপণ করে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মাধ্যমে সংরক্ষণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের খুলনা ও বরিশাল বিভাগের আঞ্চলিক পরিচালক মহিদুল ইসলাম বলেন, ভবনটি ইতিহাসসমৃদ্ধ বা ঐতিহাসিক গুরুত্বসম্পন্ন হলে এটি সংরক্ষণের যে প্রক্রিয়া রয়েছে, সে প্রক্রিয়ায় অবশ্যই তারা এগিয়ে আসবেন। তবে ভবনটির প্রত্নতাত্ত্বিক বৈশিষ্ট্য কেমন, তা সরেজমিনে পরিদর্শন না করলে বোঝা যাবে না।

তিনি বলেন, খুব শিগগিরই ভবনটি পরিদর্শন করে এর ঐতিহাসিক গুরুত্ব যাচাই করা হবে। এরপর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বগুড়ায় প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর ঘিরে উৎসবের আমেজ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪৫ পি.এম


বগুড়ায় প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর ঘিরে উৎসবের আমেজ

বগুড়ায় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সম্ভাব্য সফরকে কেন্দ্র করে নতুন করে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ খবরের ফলে জেলাজুড়ে আনন্দ ও উচ্ছ্বাসের পরিবেশ বিরাজ করছে। বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রিয় নেতাকে বরণ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। একই সাথে, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে জেলার দীর্ঘদিনের প্রত্যাশিত উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়নের নতুন স্বপ্ন দেখছেন সাধারণ মানুষ। সব মিলিয়ে, প্রধানমন্ত্রীর সম্ভাব্য আগমন রাজনৈতিক উচ্ছ্বাসের পাশাপাশি উন্নয়ন প্রত্যাশার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে বগুড়ায়।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, চলতি মাসের শেষ দিকে অথবা ডিসেম্বরের প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া সফরে আসতে পারেন। সফরের সময় জেলার একাধিক গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে রয়েছে করতোয়া নদী খনন, সিরাজগঞ্জ-বগুড়া রেলপথ নির্মাণ এবং বগুড়া বিমানবন্দরে ড্রোন কারখানা স্থাপনের উদ্যোগ। সংশ্লিষ্টরা মনে করছেন, দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশার সাথে যুক্ত এসব প্রকল্প বাস্তবায়িত হলে বগুড়ার যোগাযোগ, শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনীতিতে নতুন গতি সঞ্চার হবে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম সম্প্রতি বগুড়ায় এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফরের বিষয়টি তুলে ধরেন। তিনি জানান, চলতি মাসের শেষ দিকে অথবা আগামী মাসের প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রী বগুড়ায় আসার সম্ভাবনা রয়েছে। এ সময় করতোয়া নদী খনন ও সিরাজগঞ্জ-বগুড়া রেলপথ নির্মাণ প্রকল্পের উদ্বোধন করা হবে। পাশাপাশি, বগুড়া বিমানবন্দরে ড্রোন কারখানা স্থাপনের ভিত্তিপ্রস্তর স্থাপনসহ আরও কয়েকটি উন্নয়ন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধনের পরিকল্পনা রয়েছে।

প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফরকে ঘিরে বগুড়ার মানুষের প্রত্যাশা প্রধানত উন্নয়নকে কেন্দ্র করে। দীর্ঘদিন ধরে নানা সম্ভাবনা থাকা সত্ত্বেও, গুরুত্বপূর্ণ অবকাঠামোগত উন্নয়নে পিছিয়ে ছিল উত্তরাঞ্চলের অন্যতম প্রাচীন এই জেলা। বিশেষ করে, করতোয়া নদীর নাব্যতা ফিরিয়ে আনা, রেল যোগাযোগ সম্প্রসারণ এবং বিমানবন্দরকে ঘিরে শিল্পায়নের উদ্যোগকে বগুড়ার ভবিষ্যৎ অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছেন স্থানীয়রা। এসব প্রকল্প বাস্তবায়িত হলে শুধু বগুড়া নয়, আশপাশের জেলাগুলোর যোগাযোগ ও ব্যবসা-বাণিজ্যেও ইতিবাচক প্রভাব পড়বে।

এদিকে, প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে জেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। তাকে বরণ করে নিতে সাংগঠনিক প্রস্তুতি ও বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা চলছে। দলীয় নেতাকর্মীদের কাছে এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ, তারেক রহমান শুধু বিএনপির চেয়ারম্যান কিংবা দেশের প্রধানমন্ত্রী নন, তিনি বগুড়ারই সন্তান। ফলে, তার নিজ জেলায় আগমনকে ঘিরে রাজনৈতিক আবেগের পাশাপাশি রয়েছে দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের আকাঙ্ক্ষা।

বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, "প্রধানমন্ত্রী তারেক রহমানের বগুড়ায় আগমনকে ঘিরে পুরো জেলাজুড়ে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। তিনি শুধু আমাদের দলের চেয়ারম্যান ও দেশের প্রধানমন্ত্রী নন, তিনি বগুড়ার সন্তান। এই জেলার মানুষের সঙ্গে তার আত্মিক সম্পর্ক রয়েছে। দীর্ঘদিন ধরে বগুড়ার মানুষ উন্নয়ন ও নাগরিক সুযোগ-সুবিধার ক্ষেত্রে প্রত্যাশিত অগ্রগতি থেকে বঞ্চিত হয়েছেন। প্রধানমন্ত্রী নিজ জেলার উন্নয়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক। তার এই সফরকে ঘিরে আমরা আশাবাদী।"

তিনি আরো বলেন, "বগুড়ার উন্নয়নে যেসব বড় প্রকল্প হাতে নেওয়া হচ্ছে, সেগুলো বাস্তবায়িত হলে জেলার চেহারা পাল্টে যাবে। করতোয়া নদী খনন, সিরাজগঞ্জ-বগুড়া রেলপথ নির্মাণ এবং বিমানবন্দরে ড্রোন কারখানা স্থাপনের উদ্যোগ বগুড়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব প্রকল্পের মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে, ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে এবং বগুড়া উত্তরাঞ্চলের অন্যতম অর্থনৈতিক কেন্দ্রে পরিণত হওয়ার সুযোগ পাবে। আমরা দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রস্তুত রয়েছি।"

প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফরের আগে বগুড়ার উন্নয়ন পরিকল্পনায় আরো একটি গুরুত্বপূর্ণ অগ্রগতির কথা জানিয়েছেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তার তথ্য অনুযায়ী, জেলার সাতটি সংসদীয় আসনের উন্নয়নে প্রায় ২ হাজার ৭০০ কোটি টাকার বিভিন্ন প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদিত হয়েছে। পাশাপাশি, বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ইতিমধ্যে জাতীয় সংসদে উত্থাপিত হয়েছে। আইনটি পাস ও কার্যকর হলে পরিকল্পিত নগরায়ণ, শিল্পায়ন, অবকাঠামো উন্নয়ন এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

সংশ্লিষ্টদের মতে, প্রধানমন্ত্রীর এই সম্ভাব্য সফর কেবল আনুষ্ঠানিক উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং বগুড়ার উন্নয়ন সম্ভাবনাকে জাতীয় পর্যায়ে আরো গুরুত্ব দেওয়ার একটি সুযোগ হতে পারে। দীর্ঘদিনের প্রত্যাশিত প্রকল্পগুলোর বাস্তবায়ন শুরু হলে উত্তরাঞ্চলের অর্থনৈতিক মানচিত্রে বগুড়ার অবস্থান আরো শক্তিশালী হতে পারে। তাই নেতাকর্মীদের কাছে এই সফর যেমন আবেগ ও আনন্দের, তেমনি বগুড়াবাসীর কাছে এটি উন্নয়নের নতুন অধ্যায়ের অপেক্ষা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%