ঢাকা রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ইং ৩০শে কার্তিক, ১৪৩২বাং

বগুড়ায় প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর ঘিরে উৎসবের আমেজ


বগুড়ায় প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর ঘিরে উৎসবের আমেজ

বগুড়ায় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সম্ভাব্য সফরকে কেন্দ্র করে নতুন করে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ খবরের ফলে জেলাজুড়ে আনন্দ ও উচ্ছ্বাসের পরিবেশ বিরাজ করছে। বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রিয় নেতাকে বরণ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। একই সাথে, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে জেলার দীর্ঘদিনের প্রত্যাশিত উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়নের নতুন স্বপ্ন দেখছেন সাধারণ মানুষ। সব মিলিয়ে, প্রধানমন্ত্রীর সম্ভাব্য আগমন রাজনৈতিক উচ্ছ্বাসের পাশাপাশি উন্নয়ন প্রত্যাশার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে বগুড়ায়।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, চলতি মাসের শেষ দিকে অথবা ডিসেম্বরের প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া সফরে আসতে পারেন। সফরের সময় জেলার একাধিক গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে রয়েছে করতোয়া নদী খনন, সিরাজগঞ্জ-বগুড়া রেলপথ নির্মাণ এবং বগুড়া বিমানবন্দরে ড্রোন কারখানা স্থাপনের উদ্যোগ। সংশ্লিষ্টরা মনে করছেন, দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশার সাথে যুক্ত এসব প্রকল্প বাস্তবায়িত হলে বগুড়ার যোগাযোগ, শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনীতিতে নতুন গতি সঞ্চার হবে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম সম্প্রতি বগুড়ায় এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফরের বিষয়টি তুলে ধরেন। তিনি জানান, চলতি মাসের শেষ দিকে অথবা আগামী মাসের প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রী বগুড়ায় আসার সম্ভাবনা রয়েছে। এ সময় করতোয়া নদী খনন ও সিরাজগঞ্জ-বগুড়া রেলপথ নির্মাণ প্রকল্পের উদ্বোধন করা হবে। পাশাপাশি, বগুড়া বিমানবন্দরে ড্রোন কারখানা স্থাপনের ভিত্তিপ্রস্তর স্থাপনসহ আরও কয়েকটি উন্নয়ন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধনের পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন: নগরকান্দায় সাংবাদিক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন, গ্রেপ্তার ও ডিলারশিপ বাতিলের দাবি

প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফরকে ঘিরে বগুড়ার মানুষের প্রত্যাশা প্রধানত উন্নয়নকে কেন্দ্র করে। দীর্ঘদিন ধরে নানা সম্ভাবনা থাকা সত্ত্বেও, গুরুত্বপূর্ণ অবকাঠামোগত উন্নয়নে পিছিয়ে ছিল উত্তরাঞ্চলের অন্যতম প্রাচীন এই জেলা। বিশেষ করে, করতোয়া নদীর নাব্যতা ফিরিয়ে আনা, রেল যোগাযোগ সম্প্রসারণ এবং বিমানবন্দরকে ঘিরে শিল্পায়নের উদ্যোগকে বগুড়ার ভবিষ্যৎ অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছেন স্থানীয়রা। এসব প্রকল্প বাস্তবায়িত হলে শুধু বগুড়া নয়, আশপাশের জেলাগুলোর যোগাযোগ ও ব্যবসা-বাণিজ্যেও ইতিবাচক প্রভাব পড়বে।

এদিকে, প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে জেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। তাকে বরণ করে নিতে সাংগঠনিক প্রস্তুতি ও বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা চলছে। দলীয় নেতাকর্মীদের কাছে এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ, তারেক রহমান শুধু বিএনপির চেয়ারম্যান কিংবা দেশের প্রধানমন্ত্রী নন, তিনি বগুড়ারই সন্তান। ফলে, তার নিজ জেলায় আগমনকে ঘিরে রাজনৈতিক আবেগের পাশাপাশি রয়েছে দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের আকাঙ্ক্ষা।

বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, "প্রধানমন্ত্রী তারেক রহমানের বগুড়ায় আগমনকে ঘিরে পুরো জেলাজুড়ে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। তিনি শুধু আমাদের দলের চেয়ারম্যান ও দেশের প্রধানমন্ত্রী নন, তিনি বগুড়ার সন্তান। এই জেলার মানুষের সঙ্গে তার আত্মিক সম্পর্ক রয়েছে। দীর্ঘদিন ধরে বগুড়ার মানুষ উন্নয়ন ও নাগরিক সুযোগ-সুবিধার ক্ষেত্রে প্রত্যাশিত অগ্রগতি থেকে বঞ্চিত হয়েছেন। প্রধানমন্ত্রী নিজ জেলার উন্নয়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক। তার এই সফরকে ঘিরে আমরা আশাবাদী।"

তিনি আরো বলেন, "বগুড়ার উন্নয়নে যেসব বড় প্রকল্প হাতে নেওয়া হচ্ছে, সেগুলো বাস্তবায়িত হলে জেলার চেহারা পাল্টে যাবে। করতোয়া নদী খনন, সিরাজগঞ্জ-বগুড়া রেলপথ নির্মাণ এবং বিমানবন্দরে ড্রোন কারখানা স্থাপনের উদ্যোগ বগুড়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব প্রকল্পের মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে, ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে এবং বগুড়া উত্তরাঞ্চলের অন্যতম অর্থনৈতিক কেন্দ্রে পরিণত হওয়ার সুযোগ পাবে। আমরা দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রস্তুত রয়েছি।"

আরও পড়ুন: ডেপুটি স্পিকারের অর্থায়নে সোমেশ্বরী নদীতে কাঠের সেতু উদ্বোধন শিক্ষার্থীদের হাতে

প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফরের আগে বগুড়ার উন্নয়ন পরিকল্পনায় আরো একটি গুরুত্বপূর্ণ অগ্রগতির কথা জানিয়েছেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তার তথ্য অনুযায়ী, জেলার সাতটি সংসদীয় আসনের উন্নয়নে প্রায় ২ হাজার ৭০০ কোটি টাকার বিভিন্ন প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদিত হয়েছে। পাশাপাশি, বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ইতিমধ্যে জাতীয় সংসদে উত্থাপিত হয়েছে। আইনটি পাস ও কার্যকর হলে পরিকল্পিত নগরায়ণ, শিল্পায়ন, অবকাঠামো উন্নয়ন এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

সংশ্লিষ্টদের মতে, প্রধানমন্ত্রীর এই সম্ভাব্য সফর কেবল আনুষ্ঠানিক উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং বগুড়ার উন্নয়ন সম্ভাবনাকে জাতীয় পর্যায়ে আরো গুরুত্ব দেওয়ার একটি সুযোগ হতে পারে। দীর্ঘদিনের প্রত্যাশিত প্রকল্পগুলোর বাস্তবায়ন শুরু হলে উত্তরাঞ্চলের অর্থনৈতিক মানচিত্রে বগুড়ার অবস্থান আরো শক্তিশালী হতে পারে। তাই নেতাকর্মীদের কাছে এই সফর যেমন আবেগ ও আনন্দের, তেমনি বগুড়াবাসীর কাছে এটি উন্নয়নের নতুন অধ্যায়ের অপেক্ষা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আড়াইহাজারে ১৯ বেসরকারি হাসপাতালের ১৫টিরই লাইসেন্স নবায়ন নেই

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪৬ পি.এম


আড়াইহাজারে ১৯ বেসরকারি হাসপাতালের ১৫টিরই লাইসেন্স নবায়ন নেই

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ১৯টি বেসরকারি হাসপাতালের মধ্যে ১৫টির লাইসেন্স নবায়ন হয়নি। নারায়ণগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের তৈরি করা তালিকায় উপজেলায় ১৫টি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক এবং ৪টি প্যাথলজি বা ডায়াগনস্টিক প্রতিষ্ঠানকে লাইসেন্সধারী হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে তালিকায় থাকা একাধিক প্রতিষ্ঠানের সর্বশেষ লাইসেন্স নবায়নের বছর ২০২২-২৩, ২০২৩-২৪ ও ২০২৪-২৫ উল্লেখ করা রয়েছে।

এদিকে, ২০২৬ সালের ২৬ অক্টোবর নারায়ণগঞ্জের সিভিল সার্জন কার্যালয় থেকে জারি করা এক নির্দেশনায় বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের লাইসেন্স গ্রহণ এবং মেয়াদোত্তীর্ণ লাইসেন্স নবায়ন ছাড়া কোনো বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ব্লাড ব্যাংক ও সংশ্লিষ্ট স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান পরিচালনা করা যাবে না।

নির্দেশনায় আরও উল্লেখ করা হয়েছে, এই আদেশ অমান্যকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত আইন ও বিধিবিধান অনুযায়ী কঠোর প্রশাসনিক ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, আড়াইহাজার উপজেলার যে সকল হাসপাতালের লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণের তালিকায় রয়েছে- এ টু জেড ডিজিটাল হাসপাতাল সর্বশেষ লাইসেন্স (২০২৩-২০২৪), আই হসপিটাল এন্ড ফ্যাকো সেন্টার (২০২০-২০২১), মা ও শিশু হসপিটাল (২০২১-২০২২), সেন্ট্রাল হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার (২০২৩-২০২৪), ফয়সাল হসপিটাল (২০২৩-২০২৪), জনসেবা হাসপাতাল এন্ড ল্যাব (২০২২-২০২৩), নুরজাহান হাসপাতাল (২০২৩-২০২৪), পপুলেশন হেলথ রিসার্চ অ্যান্ড ট্রেনিং সোসাইটি ক্লিনিক (২০২৩-২০২৪), প্রবাসী হাসপাতাল (২০২৪-২০২৫), কনফিডেন্ট মেডিক্যাল সেন্টার (২০২৩-২০২৪), আড়াইহাজার পপুলার হসপিটাল এবং আড়াইহাজার ইসলামিয়া কেয়ার হসপিটাল।

এদিকে, তালিকার বাইরে আড়াইহাজার উপজেলা এলাকার প্রবাসী কল্যাণ হাসপাতালের কোনো লাইসেন্স বা অনুমোদনের তথ্য পাওয়া যায়নি। সম্প্রতি এই হাসপাতালটিতে চিকিৎসায় অবহেলার অভিযোগও সামনে এসেছে। গত ৫ অক্টোবর সন্তান প্রসবের পর অতিরিক্ত রক্তক্ষরণে নারগিস আক্তার (৩৫) নামে এক প্রসূতির মৃত্যু হয়েছিলো। পরিবারের অভিযোগ ছিলো, সময়মতো প্রয়োজনীয় চিকিৎসা না পাওয়ায় তাঁর মৃত্যু হয়েছে।

আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) আরিফুল ইসলাম বলেন, ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পাওয়ার পর থেকে জেলা সিভিল সার্জন কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী বেসরকারি হাসপাতালগুলোর কার্যক্রমের নিয়মিত খোঁজখবর নিচ্ছি। প্রতিটি বেসরকারি হাসপাতাল পরিদর্শন করে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হবে। স্বাস্থ্যসেবার মান বজায় রাখতে এবং সরকারি বিধিবিধান প্রতিপালনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হচ্ছে।

নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. এস এম সাখাওয়াত হোসেন বলেন, নারায়ণগঞ্জের সব বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে স্বাস্থ্য অধিদপ্তরের বিধি-বিধান মেনে পরিচালনা করতে হবে। কোনো প্রতিষ্ঠানের লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, প্রযোজ্য অনুমোদন কিংবা ফার্মেসির বৈধ ড্রাগ লাইসেন্স না থাকলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে পরিদর্শনের মাধ্যমে অনিয়ম শনাক্ত করে প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদের নির্দেশনা দেওয়া হচ্ছে। রোগীদের নিরাপত্তা ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাকিস্তানে সেনা অভিযানে ২৮ সন্ত্রাসী নিহত, অস্ত্র জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪৬ পি.এম


পাকিস্তানে সেনা অভিযানে ২৮ সন্ত্রাসী নিহত, অস্ত্র জব্দ

পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়ায় সন্ত্রাসী সংগঠনের ২৮ জন সক্রিয় সদস্যকে হত্যা করেছে দেশটির সশস্ত্র বাহিনী। তাদের দাবি, নিহত ব্যক্তিরা ভারতীয় মদতপুষ্ট সন্ত্রাসী হিসেবে চিহ্নিত হয়েছে।

আইএসপিআরের এক বিবৃতিতে জানানো হয়েছে, ১৩ নভেম্বর থেকে বেলুচ প্রদেশের কোলপুর, কর্দগাপ ও নুশকি-তে একাধিক নিরাপত্তা অভিযান পরিচালনা করছে সশস্ত্র উইং।

গতকাল শনিবার গভীর রাতে কোলপুরে অভিযান চালিয়ে ফিতনা আল হিন্দুস্তানের ৮ সদস্যকে হত্যা করা হয়। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়।

সেনাবাহিনী জানায়, বেলুচিস্তান-ভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সম্পূর্ণ নিষ্ক্রিয় করার আগ পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কলাপাড়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা বৃদ্ধি, তদন্ত চলছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪৭ পি.এম


কলাপাড়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা বৃদ্ধি, তদন্ত চলছে

পটুয়াখালীর কলাপাড়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে। শনিবার গভীর রাতে (১৪ নভেম্বর) বাসষ্ট্যান্ড সংলগ্ন চৌরাস্তা এলাকায় সর্বশেষ চুরির ঘটনা ঘটে। এই চুরির মূল্য ৯০ হাজার ২ শত ২৫ টাকা বলে জানা গেছে। পল্লীবিদ্যুত কলাপাড়া অফিসের সূত্রে জানা যায়, এটি ৬ হাজার ৩ শত ৫০ ভোল্টের ট্রান্সফরমার।

এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

পল্লীবিদ্যুত সমিতির কলাপাড়ার ডি.জি.এম আবদুর রহমান জানান, ১ জানুয়ারী থেকে এখন পর্যন্ত মহিপুর এবং কলাপাড়ায় মোট ২০টি ট্রান্সফরমার এবং ৭৮ মিটার ক্যাবল চুরি হয়েছে। এই চুরির আনুমানিক মূল্য ২৪ লাখ টাকা।

কলাপাড়া থানার পুলিশ উপ-পরিদর্শক মো.জাকির হোসেন এ বিষয়ে জানান, সংঘবদ্ধ একটি চোর চক্র একের পর এক এসব চুরি ঘটাচ্ছে। তিনি উল্লেখ করেন যে, বিষয়টি তদন্ত সাপেক্ষে গ্রেপ্তার করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কোর্টে উত্তেজিত আচরণের জন্য ক্ষমা চাইলেন আরিনা সাবালেঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪৭ পি.এম


কোর্টে উত্তেজিত আচরণের জন্য ক্ষমা চাইলেন আরিনা সাবালেঙ্কা

বেলারুশের টেনিস তারকা আরিনা সাবালেঙ্কা কোর্টে তাঁর উত্তেজিত আচরণ ও গালাগালির ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। ইউক্রেনের এলিনা সিতোলিনার কাছে ডব্লিউটিএ ফাইনালসে পরাজয়ের পর তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের আচরণের ব্যাখ্যা প্রদান করেন। সাবালেঙ্কার দাবি, তিনি সিতোলিনাকে উদ্দেশ্য করে কিছু বলেননি, বরং গ্যালারিতে উপস্থিত কয়েকজন দর্শকের আচরণে ক্ষুব্ধ হয়ে এমন প্রতিক্রিয়া দেখিয়েছিলেন।

শুক্রবার ইন্ডিয়ান ওয়েলসে মৌসুমের শেষ এই প্রতিযোগিতার ম্যাচে সাবালেঙ্কা সিতোলিনার কাছে ৬-৩, ৩-৬, ৬-১ গেমে পরাজিত হন। ম্যাচ চলাকালীন তাঁর উত্তেজিত প্রতিক্রিয়া ও গালাগালির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি দেখে অনেকে ধারণা করেন যে, সাবালেঙ্কার মন্তব্য সিতোলিনা কিংবা ইউক্রেনীয়দের উদ্দেশে ছিল। তবে শনিবার ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে সাবালেঙ্কা সেই ধারণা নাকচ করেন।

সাবালেঙ্কা লেখেন, “আমার মন্তব্য এলিনাকে উদ্দেশ্য করে ছিল না। কয়েকজন দর্শক আমার ভুলে আক্রমণাত্মকভাবে উল্লাস করছিলেন। এতে আমি হতাশ হয়ে মুহূর্তের আবেগে প্রতিক্রিয়া দেখিয়েছি।”

তিনি আরও বলেন, “আমার হতাশা প্রকাশের ধরনটি আরও ভালো হওয়া উচিত ছিল। যাঁদের মনে আঘাত দিয়েছি, তাঁদের কাছে আমি দুঃখিত। এলিনা দারুণ খেলেছে। টুর্নামেন্টের বাকি সময়ের জন্য তাকে শুভকামনা জানাই।”

ম্যাচ শেষে সাবালেঙ্কা সিতোলিনার সঙ্গে করমর্দন করেননি। তবে দুই খেলোয়াড়ের ব্যক্তিগত বিরোধের চেয়ে রাজনৈতিক বাস্তবতা এখানে বেশি গুরুত্বপূর্ণ। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে ইউক্রেনের খেলোয়াড়েরা রাশিয়া ও বেলারুশের খেলোয়াড়দের সঙ্গে ম্যাচ শেষে করমর্দন না করার অবস্থান নিয়েছেন। বেলারুশ রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র এবং ইউক্রেনে অভিযানের সময় দেশটি রুশ বাহিনীকে ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিয়েছিল।

সাবালেঙ্কার পোস্ট সম্পর্কে মন্তব্য করতে গিয়ে সিতোলিনা বলেন, ম্যাচে অনেক ইউক্রেনীয় সমর্থক উপস্থিত ছিলেন এবং তাঁরা স্বাভাবিকভাবেই তাঁকে সমর্থন করেছেন। তিনি জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে যুদ্ধ নিয়ে কখনো কখনো তাঁর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করা হয়।

সিতোলিনা বলেন, “আমি আশা করি, আমাদের মধ্যকার ম্যাচগুলোতে পারস্পরিক সম্মান বজায় থাকবে। আমার সমর্থক আছে, আরিনারও সমর্থক আছে। প্রত্যেকেরই উচিত একে অপরকে সম্মান করা।”

সাবালেঙ্কাকে হারিয়ে সিতোলিনা শনিবার সেমিফাইনালে লিন্ডা নোসকোভাকে ৬-২, ৬-১ গেমে পরাজিত করেন। ফলে রোববারের ফাইনালে তাঁর প্রতিপক্ষ রাশিয়ার তরুণ খেলোয়াড় মিরা আন্দ্রিভা। ১ কোটি ডলার প্রাইজমানির এই প্রতিযোগিতার ফাইনাল দিয়ে শেষ হবে ২০২৬ সালের ডব্লিউটিএ মৌসুম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%