ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

পশ্চিম তীরের টেল গ্রাম ধ্বংসের আহ্বান জানালেন ইসরায়েলি অর্থমন্ত্রী


পশ্চিম তীরের টেল গ্রাম ধ্বংসের আহ্বান জানালেন ইসরায়েলি অর্থমন্ত্রী

পশ্চিম তীরের টেল গ্রামের ধ্বংসের আহ্বান জানাচ্ছেন ইসরায়েলি নেতারা। দেশটির অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ টেল, ইরাক বুরিন ও বেইত ফুরিক গ্রামগুলোকে সম্পূর্ণরূপে ধ্বংস করার জন্য প্রকাশ্যে আহ্বান করেছেন।

ফিলিস্তিনিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবির প্রেক্ষিতে তিনি বলেন, এই জনপদগুলোকে ইসরায়েলি সেনাবাহিনীর চালানো ধ্বংসযজ্ঞের পর নাবলুস ও তুলকারমের শরণার্থী শিবিরগুলোর মতো বানিয়ে দিতে হবে। স্মোট্রিচ গত শুক্রবার এক বক্তব্যে এ বিষয়ে বলেছেন, সেখানকার ফিলিস্তিনিদের সরিয়ে দেওয়ার প্রয়োজন। একই সঙ্গে তিনি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি আহ্বান জানান যে, ফিলিস্তিনি কর্তৃপক্ষের আওতা থেকে এলাকাটি পুরোপুরি নিজেদের আওতায় নিতে হবে।

এই ঘটনার প্রেক্ষাপটে দেখা যাচ্ছে, পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারী ও উগ্রপন্থী রাজনৈতিক নেতাদের সহিংস বক্তব্য এবং তাণ্ডব আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। অর্থমন্ত্রীর পাশাপাশি ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভিরও একই ধরনের বক্তব্য দিয়েছেন। তিনি বলেন, ‘প্রত্যেক ইহুদি হত্যার জন্য শত্রুপক্ষকে ভূমি ও ঘরবাড়ি হারাতে হবে।’ সেখানকার পরিস্থিতি গাজা উপত্যকার মতো পশ্চিম তীরে ফিলিস্তিনি শহরগুলো নিশ্চিহ্ন করার নীতির দিকে এগোচ্ছে।

আরও পড়ুন: পাকিস্তান-আফগান সীমান্তে তালেবানের হামলায় ১ নিহত, ৫ আহত

স্মোট্রিচের রিলিজিয়াস জায়োনিজম পার্টির সদস্য জভি সুকোটও একই বার্তা দিয়েছেন। তিনি চ্যানেল ফোরটিন নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, টেল গ্রামটিকে ‘ধ্বংসস্তূপে পরিণত করতে হবে’। তিনি তার ফেসবুক পেজে ‘প্রতিশোধ’ ক্যাপশন সহ একটি কালো স্ক্রিনের ছবি পোস্ট করেছেন।

কেন এই পরিস্থিতি? সম্প্রতি, সশস্ত্র ইসরায়েলি দখলদাররা টেল গ্রামে হামলা চালায়, যা থেকে উত্তেজনা শুরু হয়। ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করে, সাইফি নামের একটি পরিবারের একজন সদস্য এক ইসরায়েলি বসতি স্থাপনকারীর কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নিয়ে গুলি করে হত্যা হয়। ওই ঘটনার পর, ইসরায়েলি বাহিনীর গুলিতে একই পরিবারের চার সদস্য নিহত হয়েছেন।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০১৬ সাল থেকে ইসরায়েলি বাহিনীর গুলিতে অন্তত ৮৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে অন্তত ২১ জন সরাসরি ইসরায়েলের দখলদারদের হাতে প্রাণ হারিয়েছেন। পশ্চিম তীরে প্রায় সাড়ে ৭ লাখ ইসরায়েলি দখলদার রয়েছে। আন্তর্জাতিক আইনে এই বসতিগুলো অবৈধ হলেও, উগ্রপন্থী বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের জমি দখল, জলপাই বাগান ধ্বংস, বাড়িঘর ও মসজিদে অগ্নিসংযোগ এবং সরাসরি গুলি চালানোর মতো কর্মকাণ্ড চালিয়ে আসছে।

আরও পড়ুন: রিজভী: বিদ্যুৎখাতে লুটপাটের জন্য ইনডেমনিটি দিয়েছিল আওয়ামী সরকার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রোগী নিয়ে অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালক পলাতক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

০২:০৮ পি.এম


রোগী নিয়ে অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালক পলাতক

ঝালকাঠির নলছিটিতে রোগী নিয়ে ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে গেছে। 

দুর্ঘটনাটি ঘটেছে সোমবার (২৭ জুলাই) সকালে বরিশাল-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কের রায়াপুর এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঝালকাঠি সদর থেকে রোগীকে ঢাকা নিয়ে যাওয়ার জন্য একটি বেসরকারি অ্যাম্বুলেন্সে উঠানো হয়েছিল। পথে রায়াপুর এলাকায় পৌঁছালে অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গাছে সজোরে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়।

খবর পাওয়া মাত্র পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে রোগী এবং তার স্বজনদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে পাঠায়।

রোগীর ভাতিজা মতিন রহমান বলেন, তার চাচা ফজলুল হক নিয়মিত চিকিৎসার জন্য ঝালকাঠি থেকে ঢাকার একটি হাসপাতালে যাতায়াত করেন। সোমবারও তিনি চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছিলেন। দুর্ঘটনায় তার একটি পা ভেঙে গেছে। বর্তমানে ঝালকাঠি সদর হাসপাতাল থেকে তাকে অন্য একটি অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে।

আহত ফজলুল হক ঝালকাঠি সদর উপজেলার পালবাড়ি এলাকার বাসিন্দা।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্সের চালক পালিয়ে গেছেন। অ্যাম্বুলেন্সটি উদ্ধারের কাজ চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

একটি চাকরির পদের বিপরীতে আসছে পাঁচ-ছয় লাখ আবেদন: মির্জা ফখরুল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

০২:১০ পি.এম


একটি চাকরির পদের বিপরীতে আসছে পাঁচ-ছয় লাখ আবেদন: মির্জা ফখরুল

দেশে শিক্ষিত বেকারের সংখ্যা প্রায় চার কোটি। বর্তমানে, একটি চাকরির পদের বিপরীতে পাঁচ থেকে ছয় লাখ পর্যন্ত আবেদন জমা পড়ছে। কিন্তু দেশের মধ্যে সে পরিমাণ কর্মসংস্থানের সুযোগ নেই।

রবিবার রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কথা বলেন।

তিনি বলেন, এখন অফিস সহকারী পদের মতো চাকরিতেও হাজার হাজার আবেদন জমা পড়ছে। চাকরির বাজারে এই তীব্র প্রতিযোগিতা শিক্ষার্থীদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার ‘ক্রিয়েটিভ ইকোনমি’ তথা সৃজনশীল অর্থনীতি গড়ে তোলার উদ্যোগ নিয়েছে।

তিনি আরো বলেন, সৃজনশীল অর্থনীতির মাধ্যমে কামার, কুমার, তাঁতি, শিল্পী, খেলোয়াড়সহ সকল পেশার মানুষের কর্মসংস্থানের সুযোগ বাড়ানো হবে। একই সঙ্গে দক্ষতা উন্নয়ন ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থাও করা হচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সরকার ইতিমধ্যে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদ মওকুফ করেছে এবং দেশব্যাপী ‘কৃষক কার্ড’ চালু করেছে।

মাহদী আমিন উল্লেখ করেন, সরকার কৃষি উৎপাদন বৃদ্ধি, পচনশীল পণ্যের সংরক্ষণ, সরবরাহব্যবস্থা জোরদারে স্থানীয় বাজার নিয়ন্ত্রণ ও রপ্তানি বাড়াতে কাজ করছে। একই সঙ্গে, তরুণ উদ্যোক্তা ও শিক্ষার্থীদের গবেষণা এবং উদ্ভাবনী কার্যক্রমে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আবদুল লতিফ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মো. বেলাল হোসেন, কোষাধ্যক্ষ মুহাম্মদ আবুল বাশার, জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য সানজিদা ইসলাম এবং মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অস্ট্রেলিয়াজুড়ে মোবাইলে জরুরি সতর্কবার্তা, হঠাৎ বেজে ওঠার কারণ জানাল কর্তৃপক্ষ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

০২:১১ পি.এম


অস্ট্রেলিয়াজুড়ে মোবাইলে জরুরি সতর্কবার্তা, হঠাৎ বেজে ওঠার কারণ জানাল কর্তৃপক্ষ

সোমবার দুপুরে আচমকাই অস্ট্রেলিয়াজুড়ে লাখ লাখ নাগরিকের মোবাইল ফোন, স্মার্টওয়াচ ও ট্যাবলেটে একযোগে উচ্চ শব্দে বেজে ওঠে জরুরি সাইরেন। একই সঙ্গে প্রায় ১০ সেকেন্ড ধরে ডিভাইসগুলোতে প্রবল কম্পন শুরু হয়। আকস্মিক এই ঘটনায় ক্ষণস্থায়ীভাবে দেশজুড়ে সাধারণ মানুষের মধ্যে কিছুটা উৎকণ্ঠা সৃষ্টি হয়। তবে স্ক্রিনে ভেসে ওঠা বার্তায় স্পষ্ট করে জানানো হয়, এটি ছিল দেশটির নতুন জাতীয় জরুরি সতর্কতা ব্যবস্থা ‘অসঅ্যালার্ট’-এর প্রথম দেশব্যাপী পরীক্ষামূলক প্রয়োগ।

স্থানীয় সময় সোমবার (২৭ জুলাই) দুপুর দুইটায় অস্ট্রেলিয়ার প্রতিটি সময় অঞ্চলে একযোগে এই পরীক্ষা কার্যকরী করা হয়। নিউ সাউথ ওয়েলস, ভিক্টোরিয়া ও কুইন্সল্যান্ডে এটি দুপুর দুইটা, দক্ষিণ ও নর্দার্ন টেরিটরিতে দুপুর দেড়টা এবং পশ্চিম অস্ট্রেলিয়ায় দুপুর ১২টায় বার্তাটি পৌঁছায়। তবে, পর্দায় পরিষ্কারভাবে উল্লেখ ছিল—এটি একটি পরীক্ষামূলক বার্তা এবং এটি নিয়ে আতঙ্কিত হয়ে কারো কোনো পদক্ষেপ নেওয়ার প্রয়োজন নেই।

ফেডারেল সরকারের ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (নেমা) জানিয়েছে, আগামী অক্টোবর থেকে অসঅ্যালার্ট আনুষ্ঠানিকভাবে চালু হওয়ার পরিকল্পনা রয়েছে। বর্তমান খুদে বার্তাভিত্তিক (এসএমএস) সতর্কতা ব্যবস্থার পরিবর্তে নতুন এই ব্যবস্থা সেল ব্রডকাস্ট প্রযুক্তি ব্যবহার করতে চলেছে। এর ফলে মোবাইল নেটওয়ার্কে অতিরিক্ত চাপ থাকলেও নির্দিষ্ট এলাকার বিপুলসংখ্যক ডিভাইসে দ্রুত এবং নির্ভরযোগ্যভাবে সতর্কবার্তা পৌঁছানো সম্ভব হবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, দাবানল, বন্যা, ঘূর্ণিঝড়, সুনামি, জননিরাপত্তাজনিত হুমকি, জৈব নিরাপত্তা সংকট এবং জনস্বাস্থ্যসংক্রান্ত জরুরি পরিস্থিতিতে এই ব্যবস্থার মাধ্যমে তাৎক্ষণিক সতর্কবার্তা প্রদান করা হবে। প্রয়োজন অনুযায়ী প্রায় ১৬০ মিটার পর্যন্ত নির্দিষ্ট এলাকায় লক্ষ্যভিত্তিকভাবে বার্তা পাঠানোর ক্ষমতাও থাকবে এই প্রযুক্তির।

এখনও পরীক্ষার সময় সব ডিভাইসে সতর্কবার্তা পৌঁছাতে পারেনি। নেমা জানিয়েছে, এটিকে পরীক্ষার ব্যর্থতা হিসেবে দেখা উচিত নয়। পুরোনো বা অসামঞ্জস্যপূর্ণ ডিভাইস, সফটওয়্যার হালনাগাদ না থাকা, মোবাইল নেটওয়ার্কের সীমাবদ্ধতা, ডিভাইস বন্ধ থাকা, বিমান মোড চালু থাকা কিংবা স্থানীয় টেলিযোগাযোগ টাওয়ারে সাময়িক সমস্যার কারণে কিছু ব্যবহারকারী বার্তাটি নাও পেতে পারেন।

এর আগে চলতি বছরের জুন মাসে অস্ট্রেলিয়ার নয়টি এলাকায় সীমিত পরিসরে অসঅ্যালার্টের পরীক্ষা চালানো হয়েছিল। এবারের দেশব্যাপী পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে অক্টোবরে পূর্ণাঙ্গভাবে সেবা চালুর আগে বিভিন্ন ডিভাইস, নেটওয়ার্ক এবং অঞ্চলে ব্যবস্থাটির কার্যকারিতা মূল্যায়ন করা হবে।

বাস্তব জরুরি পরিস্থিতিতে অসঅ্যালার্টের বার্তায় ঘটনার ধরন, ক্ষতিগ্রস্ত এলাকা, ঝুঁকির মাত্রা, করণীয়, বার্তাপ্রেরণকারী সংস্থা এবং বিস্তারিত তথ্যের উৎস উল্লেখ থাকবে। গুরুত্বপূর্ণ সতর্কবার্তা মোবাইল ফোন সাইলেন্ট বা ‘ডু নট ডিস্টার্ব’ মোডে থাকলেও বিশেষ শব্দের মাধ্যমে ব্যবহারকারীর দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাম্পের বিশেষ ক্ষমায় মুক্তি পেয়ে দেশে ফিরলেন হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

০২:১১ পি.এম


ট্রাম্পের বিশেষ ক্ষমায় মুক্তি পেয়ে দেশে ফিরলেন হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট

 মাদক পাচারের অভিযোগে যুক্তরাষ্ট্রে ৪৫ বছরের কারাদণ্ড ভোগ করছিলেন হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট হুয়ান অরলান্ডো হার্নান্দেজ। গত বছর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে ক্ষমা করার পর রোববার তিনি নিজ দেশে ফিরেছেন।

রাজধানী তেগুসিগালপার কাছে পালমেরোলা বিমানবন্দরে হার্নান্ধেজ একটি ব্যক্তিগত বিমানে করে পৌঁছান। সেখানে তার পরিবার ও সমর্থকরা তাকে স্বাগত জানান বলে এএফপির সাংবাদিকরা জানিয়েছেন।

অভিযোগ রয়েছে, শতাধিক সমর্থকের সমাবেশে হার্নান্ধেজ ট্রাম্পের ক্ষমার জন্য তাকে ধন্যবাদ জানিয়ে বলেন, 'বিশ্বের সবচেয়ে ভালো তথ্য জানা প্রেসিডেন্ট বলেছেন—আমি বিষয়টি পর্যালোচনা করেছি, আমার দল ও আমি বিস্তারিতভাবে পর্যালোচনা করেছি; এখানে ভয়াবহ অন্যায় হয়েছে। এটি একটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়রানি এবং বিচারব্যবস্থাকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে।'

আগামী ৩ আগস্ট আদালতে হাজির হওয়ার কথা রয়েছে হার্নান্ধেজের। তার বিরুদ্ধে জালিয়াতি ও অর্থপাচারের অভিযোগ রয়েছে, যা তিনি অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন যে, তিনি এখনও 'হয়রানির শিকার' হচ্ছেন।

অভিযোগ রয়েছে, নিজের প্রথম প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণার অর্থ জোগাতে তিনি সরকারি তহবিলের ২০ লাখ ডলার সরিয়ে নিয়েছিলেন। স্বেচ্ছায় আদালতে হাজির হওয়ার বিষয়ে সম্মত হওয়ার পর একজন বিচারক তার বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত করেছেন।

-যুক্তরাষ্ট্রে মাদক পাচার মামলায় দণ্ড-

হার্নান্ধেজ ২০১৪ থেকে ২০২২ সাল পর্যন্ত মধ্য আমেরিকার দেশ হন্ডুরাসের নেতৃত্ব দেন। কিন্তু ক্ষমতা ছাড়ার পরপরই তার বামপন্থি উত্তরসূরি জিওমারা কাস্ত্রোর সরকার তাকে যুক্তরাষ্ট্রে মাদক পাচারের অভিযোগ মোকাবিলার জন্য প্রত্যর্পণ করে। ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের একটি আদালত তাকে দোষী সাব্যস্ত করে। আদালতের অভিযোগ ছিল, মেক্সিকোর কুখ্যাত মাদক সম্রাট হোয়াকিন ‘এল চাপো’ গুজমানসহ বিভিন্ন মাদক চক্রের সঙ্গে যোগসাজশ করে তিনি কলম্বিয়ায় উৎপাদিত শত শত টন কোকেন যুক্তরাষ্ট্রে পাচারে সহায়তা করেছেন।

তবে, হন্ডুরাসের গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনের কয়েক দিন আগে আকস্মিকভাবে ট্রাম্প হার্নান্ধেজকে ক্ষমা করে দেন। এই সময় ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন যে, তার ঘনিষ্ঠ মিত্র ও রক্ষণশীল প্রার্থী নাসরি আসফুরা নির্বাচনে জয়ী না হলে হন্ডুরাসকে দেওয়া সহায়তা বন্ধ করা হতে পারে।

ট্রাম্পের এই হস্তক্ষেপ হন্ডুরাসে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। কাস্ত্রো ও তার মিত্ররা নির্বাচনে বিদেশি হস্তক্ষেপের অভিযোগ তোলেন। শেষ পর্যন্ত আসফুরাই নির্বাচনে জয়ী হন।

সম্প্রতি লাতিন আমেরিকায় মাদক পাচারকারীদের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান শুরু করা ট্রাম্পের বিরুদ্ধে এই ক্ষমার ঘটনায় দ্বিচারিতার অভিযোগ ওঠে। ওই অভিযানে মাদক চক্রের সঙ্গে যুক্ত বলে সন্দেহ করা নৌযানে হামলা চালানো হয়েছিল।

ক্ষমা ঘোষণার সময় ট্রাম্প দাবি করেছিলেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন হার্নান্ধেজকে 'ফাঁসিয়েছে'। হার্নান্ধেজের এক সমর্থক ইভা আমাদোর বলেন, 'তাকে ফিরে পেয়ে আমরা খুবই আনন্দিত ও উচ্ছ্বসিত।' এই সময় তার হাতে ট্রাম্পকে ধন্যবাদ জানানো একটি ব্যানার ছিল।

-সম্পূর্ণ দায়মুক্তি’ নিয়ে দেশে ফেরা-

হার্নান্ধেজ আগে বলেছিলেন, তিনি 'কোনো নির্বাচনী আকাঙ্ক্ষা ছাড়াই' দেশে ফিরছেন। ২০১৭ সালে তার পুনর্নির্বাচন ব্যাপক বিতর্কের মুখে পড়ে। প্রথমে দেশটির সুপ্রিম কোর্টের একটি সিদ্ধান্তের কারণে তিনি সাংবিধানিক নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও পরপর দুই মেয়াদে ক্ষমতায় থাকার সুযোগ পান। পরে ভোটে ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠে।

নির্বাচন-পরবর্তী বিক্ষোভ দমনে হার্নান্ধেজের নির্দেশে অভিযান চালানো হয় এবং প্রায় ৩০ জন নিহত হন। আইন বিশ্লেষক জোয়াকিন মেহিয়া এএফপিকে বলেন, ‘এসব অপরাধের জন্য কোনো শাস্তি ছাড়াই এবং সম্পূর্ণ দায়মুক্তি নিয়ে তার ফিরে আসা ভুক্তভোগীদের প্রতি বড় ধরনের আঘাত।’

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%