ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ট্রাম্পের বিশেষ ক্ষমায় মুক্তি পেয়ে দেশে ফিরলেন হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট


ট্রাম্পের বিশেষ ক্ষমায় মুক্তি পেয়ে দেশে ফিরলেন হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট

 মাদক পাচারের অভিযোগে যুক্তরাষ্ট্রে ৪৫ বছরের কারাদণ্ড ভোগ করছিলেন হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট হুয়ান অরলান্ডো হার্নান্দেজ। গত বছর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে ক্ষমা করার পর রোববার তিনি নিজ দেশে ফিরেছেন।

রাজধানী তেগুসিগালপার কাছে পালমেরোলা বিমানবন্দরে হার্নান্ধেজ একটি ব্যক্তিগত বিমানে করে পৌঁছান। সেখানে তার পরিবার ও সমর্থকরা তাকে স্বাগত জানান বলে এএফপির সাংবাদিকরা জানিয়েছেন।

অভিযোগ রয়েছে, শতাধিক সমর্থকের সমাবেশে হার্নান্ধেজ ট্রাম্পের ক্ষমার জন্য তাকে ধন্যবাদ জানিয়ে বলেন, 'বিশ্বের সবচেয়ে ভালো তথ্য জানা প্রেসিডেন্ট বলেছেন—আমি বিষয়টি পর্যালোচনা করেছি, আমার দল ও আমি বিস্তারিতভাবে পর্যালোচনা করেছি; এখানে ভয়াবহ অন্যায় হয়েছে। এটি একটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়রানি এবং বিচারব্যবস্থাকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে।'

আরও পড়ুন: আরব দলগুলোর সঙ্গে জোট গঠনকে লজ্জাজনক বললেন নেতানিয়াহু

আগামী ৩ আগস্ট আদালতে হাজির হওয়ার কথা রয়েছে হার্নান্ধেজের। তার বিরুদ্ধে জালিয়াতি ও অর্থপাচারের অভিযোগ রয়েছে, যা তিনি অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন যে, তিনি এখনও 'হয়রানির শিকার' হচ্ছেন।

অভিযোগ রয়েছে, নিজের প্রথম প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণার অর্থ জোগাতে তিনি সরকারি তহবিলের ২০ লাখ ডলার সরিয়ে নিয়েছিলেন। স্বেচ্ছায় আদালতে হাজির হওয়ার বিষয়ে সম্মত হওয়ার পর একজন বিচারক তার বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত করেছেন।

-যুক্তরাষ্ট্রে মাদক পাচার মামলায় দণ্ড-

হার্নান্ধেজ ২০১৪ থেকে ২০২২ সাল পর্যন্ত মধ্য আমেরিকার দেশ হন্ডুরাসের নেতৃত্ব দেন। কিন্তু ক্ষমতা ছাড়ার পরপরই তার বামপন্থি উত্তরসূরি জিওমারা কাস্ত্রোর সরকার তাকে যুক্তরাষ্ট্রে মাদক পাচারের অভিযোগ মোকাবিলার জন্য প্রত্যর্পণ করে। ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের একটি আদালত তাকে দোষী সাব্যস্ত করে। আদালতের অভিযোগ ছিল, মেক্সিকোর কুখ্যাত মাদক সম্রাট হোয়াকিন ‘এল চাপো’ গুজমানসহ বিভিন্ন মাদক চক্রের সঙ্গে যোগসাজশ করে তিনি কলম্বিয়ায় উৎপাদিত শত শত টন কোকেন যুক্তরাষ্ট্রে পাচারে সহায়তা করেছেন।

আরও পড়ুন: নায়ক মান্নার গাড়িতে আগুন, গ্রেফতার দুজন কারাগারে

তবে, হন্ডুরাসের গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনের কয়েক দিন আগে আকস্মিকভাবে ট্রাম্প হার্নান্ধেজকে ক্ষমা করে দেন। এই সময় ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন যে, তার ঘনিষ্ঠ মিত্র ও রক্ষণশীল প্রার্থী নাসরি আসফুরা নির্বাচনে জয়ী না হলে হন্ডুরাসকে দেওয়া সহায়তা বন্ধ করা হতে পারে।

ট্রাম্পের এই হস্তক্ষেপ হন্ডুরাসে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। কাস্ত্রো ও তার মিত্ররা নির্বাচনে বিদেশি হস্তক্ষেপের অভিযোগ তোলেন। শেষ পর্যন্ত আসফুরাই নির্বাচনে জয়ী হন।

সম্প্রতি লাতিন আমেরিকায় মাদক পাচারকারীদের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান শুরু করা ট্রাম্পের বিরুদ্ধে এই ক্ষমার ঘটনায় দ্বিচারিতার অভিযোগ ওঠে। ওই অভিযানে মাদক চক্রের সঙ্গে যুক্ত বলে সন্দেহ করা নৌযানে হামলা চালানো হয়েছিল।

ক্ষমা ঘোষণার সময় ট্রাম্প দাবি করেছিলেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন হার্নান্ধেজকে 'ফাঁসিয়েছে'। হার্নান্ধেজের এক সমর্থক ইভা আমাদোর বলেন, 'তাকে ফিরে পেয়ে আমরা খুবই আনন্দিত ও উচ্ছ্বসিত।' এই সময় তার হাতে ট্রাম্পকে ধন্যবাদ জানানো একটি ব্যানার ছিল।

আরও পড়ুন: লুলার বিজয়ে ট্রাম্প প্রশাসনের জন্য বড় ধাক্কা, ভূরাজনীতির নতুন সমীকরণ

-সম্পূর্ণ দায়মুক্তি’ নিয়ে দেশে ফেরা-

হার্নান্ধেজ আগে বলেছিলেন, তিনি 'কোনো নির্বাচনী আকাঙ্ক্ষা ছাড়াই' দেশে ফিরছেন। ২০১৭ সালে তার পুনর্নির্বাচন ব্যাপক বিতর্কের মুখে পড়ে। প্রথমে দেশটির সুপ্রিম কোর্টের একটি সিদ্ধান্তের কারণে তিনি সাংবিধানিক নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও পরপর দুই মেয়াদে ক্ষমতায় থাকার সুযোগ পান। পরে ভোটে ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠে।

নির্বাচন-পরবর্তী বিক্ষোভ দমনে হার্নান্ধেজের নির্দেশে অভিযান চালানো হয় এবং প্রায় ৩০ জন নিহত হন। আইন বিশ্লেষক জোয়াকিন মেহিয়া এএফপিকে বলেন, ‘এসব অপরাধের জন্য কোনো শাস্তি ছাড়াই এবং সম্পূর্ণ দায়মুক্তি নিয়ে তার ফিরে আসা ভুক্তভোগীদের প্রতি বড় ধরনের আঘাত।’

 

আরও পড়ুন: রূপপুরের প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৭ সেন্ট হতে পারে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘প্রতিরোধ ছাড়া আর কোন পথ নেই’, হিজবুল্লাহর প্রশংসা করছেন খামেনি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

০২:১২ পি.এম


‘প্রতিরোধ ছাড়া আর কোন পথ নেই’, হিজবুল্লাহর প্রশংসা করছেন খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে ইসরায়েলের বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণ করার জন্য প্রশংসা করেছেন। তিনি বলেন, হিজবুল্লাহর দীর্ঘদিনের প্রতিরোধ বিশ্বের নিপীড়িত মানুষের জন্য একটি অনুপ্রেরণা হয়ে উঠেছে। একসঙ্গে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যাওয়া ছাড়া আর কোনো পথ নেই। রবিবার, ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয় থেকে প্রকাশিত একটি বিবৃতিতে এই কথাগুলি বলা হয়েছে। পরে, ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম প্রেস টিভি বিবৃতিটি প্রকাশ করে। বিবৃতি অনুযায়ী, হিজবুল্লাহর কমান্ডার এবং যোদ্ধাদের পাঠানো আনুগত্যের একটি চিঠির জবাবে এই বার্তা দেন আয়াতুল্লাহ খামেনি। খামেনি বলেন, ইসরায়েল এবং তার মিত্রদের 'নৃশংস আগ্রাসনের' বিরুদ্ধে হিজবুল্লাহ অটলভাবে দাঁড়িয়ে আছে। তিনি উল্লেখ করে বলেন, 'আজ বিশ্বের অনেক জাতি যুক্তরাষ্ট্র সরকার এবং জায়নবাদী শাসনের অত্যাচার ও নিপীড়নে ক্লান্ত। তারা মানুষের জীবন ও ভবিষ্যৎ ধ্বংস করছে। তাই, প্রতিরোধ ছাড়া সামনে এগোনোর আর কোনো পথ নেই।' তিনি আরও বলেন, হিজবুল্লাহর দীর্ঘকালীন সংগ্রাম বিশ্বের স্বাধীনতাকামী মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা। এই সংগ্রাম অন্যায় ও আধিপত্যবাদের বিরুদ্ধে যুদ্ধে মানুষকে উৎসাহিত করছে। খামেনি হিজবুল্লাহর কমান্ডার ও যোদ্ধাদের ধৈর্য, ত্যাগ এবং সহনশীলতারও প্রশংসা করেন। তার ভাষ্য, তাদের এই অঙ্গীকার ইসলামী মূল্যবোধ, ধর্মীয় আদর্শ এবং ইরানের ইসলামী বিপ্লবের প্রতিষ্ঠাতা ইমাম রুহুল্লাহ খোমেনির উত্তরাধিকারের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ইরান হিজবুল্লাহর যোদ্ধাদের সমর্থন ও সুরক্ষাকে নিজেদের কৌশলগত দায়িত্ব হিসেবে বিবেচনা করে। প্রেস টিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, খামেনি দাবি করেন, বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নীতির বিরুদ্ধে অসন্তোষ বাড়ছে। তিনি বলেন, 'জিহাদ ও প্রতিরোধ ছাড়া সামনে এগোনোর আর কোনো পথ নেই।' তিনি আশা প্রকাশ করেন, অবশেষে, প্রতিরোধ আন্দোলনেরই বিজয় হবে। এছাড়া, লেবাননের জনগণের দৃঢ়তারও প্রশংসা করেন খামেনি। বিশেষ করে দক্ষিণ লেবাননের মানুষের ত্যাগকে তিনি হিজবুল্লাহর প্রতিরোধ আন্দোলন টিকিয়ে রাখার অন্যতম প্রধান শক্তি বলে উল্লেখ করেন। তিনি পুনরায় বলেন, হিজবুল্লাহর যোদ্ধাদের রক্ষা করা ইরানের কৌশলগত অগ্রাধিকার। বিবৃতিতে খামেনি বলেন, লেবাননের ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করা এবং ইসরায়েলের সামরিক অভিযান সম্পূর্ণ ও নিঃশর্তভাবে বন্ধ করা—এই দুটি বিষয়কে ইরান যেকোনো যুদ্ধবিরতি বা সমঝোতার প্রধান শর্ত হিসেবে দেখে। হিজবুল্লাহর সাবেক মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরাল্লাহসহ নিহত সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান ইরানের সর্বোচ্চ নেতা। তিনি বলেন, তাদের আত্মত্যাগের কারণেই হিজবুল্লাহ একটি ছোট সংগঠন থেকে শক্তিশালী আন্দোলনে পরিণত হয়েছে। এর ফলে ইসলামী বিশ্বে লেবাননের মর্যাদাও বেড়েছে বলে তিনি মন্তব্য করেন। বার্তা শেষে তিনি হিজবুল্লাহর যোদ্ধা, সংগঠনের প্রবীণ সদস্য, বাস্তুচ্যুত মানুষ এবং নিহত সদস্যদের পরিবারের জন্য দোয়া করেন। একই সাথে, তিনি তাদের চূড়ান্ত সাফল্যের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। প্রেস টিভির খবরে বলা হয়েছে, এই বার্তাটি ছিল হিজবুল্লাহর সদস্যদের পাঠানো একটি আনুগত্যের চিঠির জবাব। সেই চিঠিতে হিজবুল্লাহর সদস্যরা খামেনিকে আশ্বস্ত করেন যে তারা সংগঠনের প্রতি আনুগত্য বজায় রাখবেন এবং বিজয় অর্জনের লক্ষ্যে লড়াই চালিয়ে যাবেন। এদিকে, একই দিনে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল আজিজ বিন সালেহ আল খুলাইফি টেলিফোনে লেবাননের উপপ্রধানমন্ত্রী তারেক মিত্রির সঙ্গে কথা বলেন। ফোনালাপে দুই নেতা দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা করেন। পাশাপাশি, লেবাননে বাস্তুচ্যুত মানুষের সংকট মোকাবেলার বিষয়েও মতবিনিময় করেন। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক্সে এক পোস্টে জানান, লেবানন সরকারের বিভিন্ন উদ্যোগ এবং বাস্তুচ্যুত মানুষদের নিরাপদ ও সম্মানjonকভাবে নিজ এলাকায় ফিরিয়ে নেওয়ার পরিবেশ তৈরির বিষয়টি আলোচনায় গুরুত্ব পেয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, কাতার লেবাননের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা এবং দেশটির নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার প্রচেষ্টায় আগের মতোই সমর্থন দিয়ে যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অসচ্ছল বিচারপ্রার্থীদের জন্য ৩৫৭ কোটি টাকা ক্ষতিপূরণ আদায়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

০২:১২ পি.এম


অসচ্ছল বিচারপ্রার্থীদের জন্য ৩৫৭ কোটি টাকা ক্ষতিপূরণ আদায়

দেশের ৬৪ জেলায় অসচ্ছল বিচারপ্রার্থীদের জন্য ৩৫৬ কোটি ৮৬ লাখ ১৫ হাজার ২৩৭ টাকা ক্ষতিপূরণ আদায় হয়েছে, যা জাতীয় আইনগত সহায়তা সংস্থা (লিগ্যাল এইড) এর মাধ্যমে করা হয়েছে।

সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ২০০৯ সাল থেকে ২০২৬ সালের মে মাস পর্যন্ত আইনগত সহায়তা কার্যক্রমের বিস্তারিত চিত্র প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, প্রথমে জেলা পর্যায়ে অসচ্ছল জনগণের জন্য এই সেবা শুরু হয়। পরে সুপ্রিম কোর্টের লিগ্যাল এইড অফিস, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেল এবং দেশের কারাগারগুলোতেও এই সেবা সম্প্রসারণ করতে একটি পরিকল্পনা নেওয়া হয়।

অসচ্ছল বিচারপ্রার্থীদের জন্য প্রি ও পোস্ট-কেসে মোট ৩৬৩ কোটি ৮৯ লাখ ২৭ হাজার ১৫৩ টাকা ক্ষতিপূরণ আদায় করা হয়েছে। এর মধ্যে, ৬৪ জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ৩৫৬ কোটি ৮৬ লাখ ১৫ হাজার ২৩৭ টাকা আদায় হয়েছে। ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে আদায় হয়েছে ৭ কোটি ৩ লাখ ১১ হাজার ৯১৬ টাকা।

২০০৯ সাল থেকে মে ২০২৬ পর্যন্ত, লিগ্যাল এইডের মাধ্যমে সরকারি খরচে আইনি সহায়তা পাওয়া উপকারভোগীর সংখ্যা ১৪ লাখ ৮৭ হাজার ৬৬৩ জনে পৌঁছেছে।

এই মুহূর্তে, দেশের ৬৪টি জেলা লিগ্যাল এইড অফিস, সুপ্রিম কোর্টের লিগ্যাল এইড অফিস, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেল এবং সরকারী আইনি সহায়তার জন্য জাতীয় হেল্পলাইন কল সেন্টার (টোল ফ্রি-১৬৬৯৯) এর মাধ্যমে এই সেবা প্রদান করা হচ্ছে।

অর্থনৈতিকভাবে অসচ্ছল এবং অসমর্থ বিচারপ্রার্থীদের বিনা খরচে আইনি সহায়তা দিতে ‘আইনগত সহায়তা প্রদান আইন’-এর অধীনে সরকারি খরচে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থা উক্ত কার্যক্রম পরিচালনা করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি’ লেখা পিলার উদ্ধার, এলাকায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্য

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

০২:১৩ পি.এম


‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি’ লেখা পিলার উদ্ধার, এলাকায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্য

সুনামগঞ্জে ‘ইস্ট ইন্ডিয়া ১৮১৮’ লেখা একটি ম্যাগনেট জাতীয় লোহার সীমানা পিলার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রোববার (২৬ জুলাই) দুপুরে শাল্লা উপজেলার ১ নম্বর আটগাঁও ইউনিয়নের দৌলতপুর গ্রামের রূপ মিয়ার বাড়ি থেকে পিলারটি উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্র থেকে জানা গেছে, শনিবার (২৫ জুলাই) রাত ১০টার দিকে দৌলতপুর গ্রামে রূপ মিয়ার বাড়িতে মাদকবিরোধী অভিযান চালায় স্থানীয় কিছু যুবক। এই অভিযানের সময় মাদক খোঁজাখুঁজির প্রক্রিয়া চলাকালীন লক্ষ্য করা হয় যে, তার বাড়িতে একটি ম্যাগনেট জাতীয় সীমানা পিলারের মতো দেখতে লোহার বস্তু রয়েছে।

পিলারের এক পাশে দুটো তার এবং গায়ে খোদাই করে লেখা রয়েছে ‘ইস্ট ইন্ডিয়া ১৮১৮’ ইংরেজিতে। রাতের মধ্যে এটি উদ্ধার করে গ্রামের এক ঘরে হেফাজতে রাখা হয়েছে। পরে রোববার সকালে স্থানীয়রা শাল্লা থানা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে শাল্লা থানার উপপরিদর্শক (এসআই) ইমাম আরেফিনের নেতৃত্বে পুলিশের একটি টিম লোহার পিলারটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-অতিরিক্ত দায়িত্ব) শওকত আলী গণমাধ্যমকে বলেন যে, পিলারটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে এবং পিলারটিতে খোদাই করা ‘ইস্ট ইন্ডিয়া ১৮১৮’ লেখা রয়েছে। ধারণা করা হচ্ছে, এটি ভারতীয় সীমানা প্রাচীরের পিলার হতে পারে।

তিনি আরও জানান, এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশে পুষ্টি উন্নয়নে নতুন দিগন্ত, নেসলে ও বিসিএসআইআরের যৌথ উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

০২:১৫ পি.এম


বাংলাদেশে পুষ্টি উন্নয়নে নতুন দিগন্ত, নেসলে ও বিসিএসআইআরের যৌথ উদ্যোগ

নেসলে বাংলাদেশ পিএলসি ২৩ জুলাই ২০২৬ তারিখে ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত FICCI এফডিআই সম্মেলন ২০২৬-এ বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) সঙ্গে তাদের যৌথ উদ্যোগের উদ্ভাবন তুলে ধরেছিল।

এই অংশীদারত্ব বাংলাদেশের পুষ্টি উন্নয়ন এবং ভবিষ্যৎ মানবসম্পদ গঠনে দুই প্রতিষ্ঠানের যৌথ অঙ্গীকারের প্রতিফলন।

এই সহযোগিতার মাধ্যমে পুষ্টিগ্রো+ (PUSHTIGROW+) নামে একটি সিরিয়ালভিত্তিক মাইক্রোনিউট্রিয়েন্ট পুষ্টি সমাধান তৈরি করা হয়েছে, যা ৫ বছর ও তদূর্ধ্ব শিশুদের জন্য উপযোগী।

নেসলে বাংলাদেশ ও বিসিএসআইআরের যৌথ প্রচেষ্টায় তৈরি এই পুষ্টি সমাধান দৈনন্দিন উপকারী ঘরে রান্না করা খাবারে সহজেই মিশিয়ে খাওয়া যায়। এতে রয়েছে প্রোবায়োটিক, আয়রন, জিংক এবং প্রয়োজনীয় ভিটামিন, যা শিশুদের জন্য পুষ্টি ঘাটতি পূরণে সহায়তা করবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি এবং অন্যান্য বিশিষ্ট অতিথি নেসলে বাংলাদেশের প্যাভিলিয়ন পরিদর্শন করেন এবং এই উদ্ভাবনী পুষ্টি সমাধানের প্রশংসা করেন।

বিসিএসআইআরের চেয়ারম্যান ডা. সামিনা আহমেদ বলেন, ‘বিসিএসআইআরের বৈজ্ঞানিক দক্ষতা এবং নেসলের বৈশ্বিক পুষ্টিবিষয়ক অভিজ্ঞতার সমন্বয়ের মাধ্যমে আমরা বাংলাদেশের উন্নয়ন সক্ষমতাকে আরো শক্তিশালী করেছি। এমন সহযোগিতা বেসরকারি ও সরকারি খাতের অংশীদারত্বের মাধ্যমে আমাদের জন্য দীর্ঘমেয়াদি ইতিবাচক প্রভাব সৃষ্টি করতে পারে।’

এই যৌথ উদ্যোগ সম্পর্কে নেসলে বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক দীপাল আবেউইক্রেমা বলেন, ‘বিসিএসআইআরের সঙ্গে আমাদের যৌথ উদ্যোগের ফসল হলো পুষ্টিগ্রো+ যা দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় পুষ্টির সাশ্রয়ী সমাধান এবং মাইক্রোনিউট্রিয়েন্ট ঘাটতি মোকাবেলার ক্ষেত্রে আমাদের অঙ্গীকারের প্রতিফলন।’

তিনি আরো বলেন, ‘টেকসই ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিতে বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে অবদান রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’

বাংলাদেশ যখন অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়নের পথে এগিয়ে, তখন নেসলে বাংলাদেশ জাতীয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে বিজ্ঞানভিত্তিক ও উদ্ভাবনী সমাধান নিয়ে কাজ করতে অঙ্গীকারবদ্ধ। এসব উদ্যোগ মানুষের জীবনমান উন্নয়ন, মানবসম্পদ বিকাশ এবং দেশের মানুষের জন্য দীর্ঘমেয়াদি ইতিবাচক মূল্য সৃষ্টি করতে সহায়তা করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%