মোঃ শরীফ উদ্দিন ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৬:৩১ পি.এম
সাংবাদিক নিহারেন্দু চক্রবর্তী ধর্ম-বর্ণের বিভেদ ভুলে সম্প্রীতির একটি অনন্য উদাহরণ স্থাপন করেছেন। তিনি, একজন হিন্দু ধর্মাবলম্বী হয়েও, ইসলাম ধর্ম ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন। এই সাংবাদিক মহানবী (সা.)-এর প্রশংসায় জনপ্রিয় নাত ‘ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলোরে দুনিয়ায়, আয়রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়’ পরিবেশন করে মুসলিমদের হৃদয়ে এক বিশেষ স্থান করে নিয়েছেন।
সম্প্রতি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে নাতটি পরিবেশন করেন। এই সময় তিনি পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মুসলিম সম্প্রদায়ের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানান এবং মহানবী (সা.)-এর জীবন, আদর্শ ও মানবতার শিক্ষার প্রতি সম্মান প্রদর্শন করেন।
নিহারেন্দু চক্রবর্তীর কণ্ঠে নাতটি শুনে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক মুসলিম শ্রোতা প্রশংসা করেন। ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধার এমন প্রকাশকে ইতিবাচকভাবে দেখছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
নাত পরিবেশনের সময় নিহারেন্দু চক্রবর্তী মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার কথা তুলে ধরেন। তাঁর পরিবেশনায় ফুটে ওঠে ধর্মীয় সম্প্রীতি, মানবিকতা এবং একে অপরের ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান প্রদর্শনের বার্তা।
তিনি বলেন, "ধর্ম মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য নয়; বরং মানুষের মধ্যে ভালোবাসা, মানবিকতা ও শান্তির শিক্ষা দেয়।" মহানবী হযরত মুহাম্মদ (সা.) মানবতার জন্য যে শান্তি, ন্যায় ও কল্যাণের শিক্ষা রেখে গেছেন, তা সবার জন্য অনুকরণীয় বলেও তিনি উল্লেখ করেন।
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তাঁর এই শুভেচ্ছা ও নাত পরিবেশনকে সামাজিক সম্প্রীতির একটি সুন্দর দৃষ্টান্ত হিসেবে দেখছেন স্থানীয়রা। বিশেষ করে একজন ভিন্ন ধর্মাবলম্বী হয়েও অন্য ধর্মের প্রতি সম্মান ও ভালোবাসা প্রকাশ করায় তাঁর এই উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তাঁর লাইভের ভিডিওতে দেখা যায়, তিনি অত্যন্ত আন্তরিকতার সঙ্গে ‘ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ’ নাতটি পরিবেশন করছেন। তাঁর কণ্ঠে নাতটি শুনে অনেকেই আবেগাপ্লুত হন এবং কমেন্টে তাঁর প্রশংসা করেন।
নিহারেন্দু চক্রবর্তীর এমন উদ্যোগে আবারও উঠে এসেছে বাংলাদেশের চিরাচরিত ধর্মীয় সম্প্রীতির চিত্র—যেখানে নিজ নিজ ধর্ম পালন করার পাশাপাশি অন্যের ধর্ম ও বিশ্বাসের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের সংস্কৃতি দীর্ঘদিনের।
স্থানীয় মুসল্লিরা বলেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধার এমন দৃষ্টান্ত সমাজে আরও ছড়িয়ে পড়া প্রয়োজন। একজন হিন্দু সাংবাদিকের কণ্ঠে মহানবী (সা.)-এর প্রশংসায় নাত পরিবেশন নিঃসন্দেহে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির একটি সুন্দর বার্তা বহন করে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মাদারীপুরের কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ উল আরেফীনের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) কালকিনি উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌরসভার নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান তালুকদার খোকন। তিনি বক্তব্যে বিদায়ী ইউএনও সাইফ উল আরেফীনের প্রশাসনিক দক্ষতা, সততা ও সাধারণ মানুষের প্রতি দায়িত্বশীলতার প্রশংসা করেন।
এ সময় এমপি খোকন বলেন, “সাইফ উল আরেফীনের মতো একজন দক্ষ, সৎ ও জনবান্ধব কর্মকর্তাকে ভবিষ্যতে জেলা প্রশাসক হিসেবে দেখতে চাই।” তিনি বিদায়ী ইউএনওর কর্মময় জীবনের সফলতা কামনা করেন এবং ভবিষ্যৎ দায়িত্বে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কালকিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সাবেক সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সী এবং ডাসার উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ইউএনও সাইফ উল আরেফীন কালকিনিতে দায়িত্ব পালনকালে প্রশাসনিক কার্যক্রমের পাশাপাশি সাধারণ মানুষের সমস্যা ও জনস্বার্থের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে দেখেছেন। তাঁর সততা, দক্ষতা ও আন্তরিকতার কারণে তিনি স্থানীয় মানুষের আস্থা অর্জন করেছেন।
অনুষ্ঠানে উপজেলা ও পৌরসভার নাগরিক সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। পরে বিদায়ী ইউএনও সাইফ উল আরেফীনের হাতে স্মারক সম্মাননা তুলে দেওয়া হয়।
শেষে ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় বিদায়ী ইউএনওকে সংবর্ধনা জানান স্থানীয় নাগরিক সমাজের প্রতিনিধিরা। এ সময় অনেকের আবেগঘন বক্তব্য ও স্মৃতিচারণে অনুষ্ঠানটি এক বিনম্র ও হৃদয়স্পর্শী পরিবেশে পরিণত হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মাত্র দেড় দিনেই শেষ হয়েছে ম্যাকাই টেস্ট। যেখানে বাংলাদেশের হয়ে শরিফুল ইসলাম ও অজিদের পক্ষে বোলিং আগুন ঝরিয়েছেন মিচেল স্টার্ক। আর সেই পারফরম্যান্সের কারণে আইসিসি থেকে সুখবর পেয়েছেন দুই বাঁহাতি পেসার।
বুধবার (২৬ আগস্ট) পুরুষদের টেস্ট ফরম্যাটে ব্যক্তিগত র্যাঙ্কিং হালনাগাদ করেছে আইসিসি। যেখানে ক্যারিয়ারে প্রথমবার টেস্টের এক নম্বর বোলার হয়েছেন স্টার্ক। অজি গতিতারকা দুই ধাপ এগিয়ে এখন নম্বর ওয়ান।
ম্যাকাইতে দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট নিয়ে দুই নম্বরে নামিয়ে দিলেন জাসপ্রিত বুমরাহকে। একইভাবে এক ধাপ নেমে তিনে ম্যাট হেনরি। অজি অধিনায়ক প্যাট কামিন্সও দুই ইনিংসে ৩ উইকেট করে ৬টি শিকার ধরেন। এক ধাপ এগিয়ে টেস্ট র্যাঙ্কিংয়ে তার অবস্থান চতুর্থ।
ম্যাকাইতে ৭ উইকেট নিয়ে বাংলাদেশি পেসার হিসেবে বিদেশের মাটিতে সেরা ফিগার পাওয়া শরিফুল এগিয়েছেন ১৭ ধাপ। ক্যারিয়ারের সর্বোচ্চ ৪০৩ রেটিং পয়েন্ট নিয়ে তার বর্তমান অবস্থান ৫৭তম। তবে তাইজুল ইসলাম ২ ধাপ (১৩তম), হাসান মাহমুদ ৯ ধাপ (৪৭তম), তাসকিন আহমেদ ২ ধাপ (৫১তম) করে পিছিয়েছেন।
টেস্টে বোলারদের র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন ইংল্যান্ডের ওলি রবিনসন (১৫ ধাপ এগিয়ে ১১তম), জশ টাং (১৬ ধাপ এগিয়ে ১৭তম), জফরা আর্চার (৬ ধাপ এগিয়ে ৪০তম), শ্রীলঙ্কার আসিথা ফার্নান্দো (৫ ধাপ এগিয়ে ১৫তম) ও প্রবাথ জয়সুরিয়া (৫ ধাপ এগিয়ে ১৬তম) ভারতের মানব সুথার (২৮ ধাপ এগিয়ে ৪৮তম) ও পাকিস্তানের আলি উসমান (৩০ ধাপ এগিয়ে ৬৭তম)।
ব্যাট হাতে আলো ছড়াতে না পারায় টেস্ট ব্যাটারদের র্যাঙ্কিংয়ে পিছিয়েছেন বাংলাদেশের লিটন দাস (৬ ধাপ পিছিয়ে ৩৪তম), মুমিনুল হক (৫ ধাপ পিছিয়ে ৩৬তম), মেহেদি হাসান মিরাজ (৪ ধাপ পিছিয়ে ৬৩তম), সাদমান ইসলাম (৭ ধাপ পিছিয়ে ৬৫তম)।
তবে মুশফিকুর রহিম ১ ধাপ এগিয়ে ১৭তম এবং নাজমুল হোসেন শান্ত ২০তম অবস্থানে অপরিবর্তিত আছেন। টেস্ট ব্যাটারদের র্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষ তিনে যথাক্রমে আছেন— হ্যারি ব্রুক, জো রুট ও স্টিভ স্মিথ। ২ ধাপ এগিয়ে রাচিন রবীন্দ্র ষষ্ঠ, ৬ ধাপ এগিয়ে ঋষভ পান্ত সপ্তম ও ৩ ধাপ এগিয়ে ড্যারিল মিচেল নবম হয়েছেন।
শ্রীলঙ্কার হয়ে তিন ইনিংসে পঞ্চাশোর্ধ রান করা সোনাল দিনুশা ৪৯ ধাপ এগিয়ে হয়েছেন ৫৪তম। টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন নেই। শীর্ষ তিনে যথাক্রমে— রবীন্দ্র জাদেজা, মার্কো জানসেন ও মেহেদি মিরাজ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কক্সবাজারের উখিয়ার পালংখালী সীমান্তে অভিযানে দুই লাখ পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার বিকালে উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্রে জানা গেছে, উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধীনের পালংখালী বিওপির টহলদল মধ্যরাতে ফারির বিলের গুর্জাখাল রুবেলের ঘের এলাকায় কয়েকজন ব্যক্তির সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে। টহলদল দেখতে পায়, মিয়ানমার থেকে ৬ ব্যক্তি পোটলা হাতে বাংলাদেশে প্রবেশ করছেন। এ সময় তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারিরা হাতে থাকা পোটলাগুলো ফেলে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।
পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ওই পোটলা থেকে বায়ুরোধী প্যাকেটে মোড়ানো প্রায় দুই লাখ পিস ইয়াবা উদ্ধার করে।
লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, উদ্ধার করা ইয়াবার সঙ্গে জড়িত মাদক কারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি ও তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
থাই ভিসা আবেদন আগামী এক দিনের জন্য বন্ধ থাকবে।
আগামী ৩০ আগস্ট (রবিবার) থাই ভিসা আবেদন প্রক্রিয়া বন্ধ থাকবে, যা ই-ভিসা অ্যাপ্লিকেশন পোর্টাল ও পেমেন্ট সিস্টেমের কারিগরি আপডেটের কারণে হচ্ছে। ঢাকার থাই দূতাবাস বুধবার (২৬ আগস্ট) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য প্রকাশ করেছে।
দূতাবাস জানায়, পরবর্তী দিন সোমবার ৩ আগস্ট থেকে উভয় পরিষেবা পুনরায় চালু হবে।
এছাড়া, দূতাবাস জানায়, ৩১ আগস্ট থেকে পাঁচ বছর মেয়াদি থাইল্যান্ডের ডিটিভি ভিসার জন্য আবেদন করতে হলে প্রার্থীদের নিজ দেশের স্থায়ী ঠিকানার প্রমাণপত্র এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট জমা দিতে হবে। উভয় ভাষায়, মূল ভাষা এবং ইংরেজিতে অনুবাদ করা কপিগুলি জমা দিতে হবে।
ডিটিভি ভিসা হল একটি মাল্টিপল এন্ট্রি ভিসা, যা থাইল্যান্ডের বিভিন্ন ক্যাটাগরির মানুষের জন্য দীর্ঘ সময় অবস্থানের জন্য প্রদান করা হয়।
ভিসা ফি প্রদান করার আগে ডিটিভির আবেদনের জন্য রয়্যাল থাই দূতাবাসের অনুমোদন প্রয়োজন। এই ভিসার জন্য আবেদন করা যায় কাজের উদ্দেশ্যে, মুয়ে থাই কোর্স, থাই রান্নার ক্লাস, ক্রীড়া প্রশিক্ষণ, গুরুতর এবং নিবিচ্ছিন্ন চিকিৎসা, সেমিনার এবং সংগীত উৎসবে অংশগ্রহণের জন্য। ডিটিভি ভিসা হোল্ডারের স্বামী বা স্ত্রী এবং নির্ভরশীল সন্তান (যাদের বয়স ২০ বছরের কম) এই ভিসার জন্য আবেদন করতে পারবেন।
ডিটিভি ভিসা প্রতি হোল্ডারকে প্রতি প্রবেশে ১৮০ দিনের জন্য থাইল্যান্ডে থাকার অনুমতি দেয়।
হোল্ডার প্রতি এন্ট্রির জন্য একবারের জন্য থাকার সময়কাল বাড়াতে পারবেন, তবে তা ১৮০ দিনের বেশি হতে পারবে না (সর্বাধিক অবস্থান ১৮০ দিন + প্রতি এন্ট্রি ১৮০ দিন হবে)। ভিসা বৈধ থাকা অবস্থায় হোল্ডার যতবার প্রয়োজন ততবার থাইল্যান্ডে প্রবেশ করতে পারবেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ