০৮:২৬ পি.এম
দেশের প্রথম মাল্টিপ্লেক্স সিনেমা হল স্টার সিনেপ্লেক্স আগামীকাল ৮ অক্টোবর ২২ বছরের পথচলা পূর্ণ করতে যাচ্ছে। এই বিশেষ দিনটি উদ্যাপন করার জন্য প্রতিষ্ঠানটি দর্শকদের জন্য একটি আকর্ষণীয় অফার ঘোষণা করেছে। যে কোনো সিনেমার একটি টিকিট ক্রয়ের মাধ্যমে আরেকটি টিকিট বিনামূল্যে পাওয়া যাবে।
স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ৮ অক্টোবর প্রতিষ্ঠানটির যেকোনো শাখায় কাউন্টার থেকে যে কোনো সিনেমার একটি টিকিট কেনার পর সঙ্গে আরেকটি টিকিট বিনামূল্যে পাওয়া যাবে। তবে, এই অফারটি শুধুমাত্র ওই এক দিনের জন্য প্রযোজ্য।
এছাড়া, দর্শকদের জন্য আরও একটি পুরস্কার জেতার সুযোগ রয়েছে। এজন্য স্টার সিনেপ্লেক্সের ফেসবুক পেজে যেতে হবে। সেখানে দর্শকদের স্টার সিনেপ্লেক্সে সিনেমা দেখার সবচেয়ে সুন্দর স্মৃতি শেয়ার করে একটি বিনামূল্যের মুভি ভাউচার জেতার সুযোগ রয়েছে।
আরও পড়ুন: জয়ের বাবার সঙ্গে স্পিকারের পুরোনো ছবি, ভক্তদের মন্তব্য ‘এবার জমি নিশ্চিত’
২২ বছর পূর্তি উপলক্ষে দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রতিষ্ঠানটির মুখপাত্র মেসবাহ উদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘এই পথচলা নিঃসন্দেহে আনন্দের। সময়ের সঙ্গে অনেক নতুনত্ব আসে। সেটি যখন মানুষ ভালোভাবে গ্রহণ করে তখনই তার সার্থকতা তৈরি হয়। স্টার সিনেপ্লেক্স আজ যে জায়গায় এসেছে তার পেছনে মূল শক্তি দর্শকদের ভালোবাসা। দর্শকরা সঙ্গে ছিলেন বলেই এই পথচলা সার্থক হয়েছে। এজন্য দর্শকদের প্রতি আমাদের অশেষ কৃতজ্ঞতা।’
তিনি আরও বলেন, ‘ভালো সিনেমার জন্য দর্শকরা সব সময় উদগ্রীব থাকেন। শুধু বিদেশি ছবির ওপর নির্ভরতা নয়, আমরা চাই আমাদের দেশে নিয়মিতভাবে ভালো ভালো ছবি নির্মিত হোক। বাংলাদেশের সিনেমা দেখার জন্য সব সময় হলে ভিড় লেগে থাকুক।’
২০০৪ সালের ৮ অক্টোবর যাত্রা শুরু করে দেশের প্রথম মাল্টিপ্লেক্স সিনেমা হল স্টার সিনেপ্লেক্স। এর মাধ্যমে দেশের দর্শকদের সিনেমা দেখার অভিজ্ঞতায় বড় পরিবর্তন আসে। সুপরিসর হল, নান্দনিক পরিবেশ ও আধুনিক প্রযুক্তিসম্পন্ন শব্দব্যবস্থাসহ নানা সুবিধা নিয়ে অল্প সময়েই দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে প্রতিষ্ঠানটি।
স্টার সিনেপ্লেক্সের হাত ধরে পরিবার নিয়ে সিনেমা হলে যাওয়ার সংস্কৃতিও নতুন করে জনপ্রিয়তা পায়। পাশাপাশি আন্তর্জাতিক মুক্তির দিনেই হলিউডের সিনেমা দেখার সুযোগ তৈরি হয় বাংলাদেশের দর্শকদের জন্য। অনেক সময় টিকিটের জন্য ভোর থেকেই দর্শকদের দীর্ঘ সারিতে দাঁড়ানোর দৃশ্য দেখা যায়। আবার কোনো কোনো সিনেমার টিকিট মুক্তির এক সপ্তাহ আগেই অনলাইনে বিক্রি শেষ হওয়ার ঘটনাও ঘটেছে।
আরও পড়ুন: আব্বাসউদ্দীনের ভাওয়াইয়া গান নিয়ে উৎসবের আয়োজন করবে সরকার: সংস্কৃতিমন্ত্রী
বর্তমানে ঢাকার বসুন্ধরা সিটি শপিং মল, সীমান্ত সম্ভার ধানমণ্ডি, এসকেএস টাওয়ার মহাখালী, সামরিক জাদুঘর, সনি স্কয়ার মিরপুর, সেন্টার পয়েন্ট উত্তরা ও সীমান্ত টাওয়ার নারায়ণগঞ্জে স্টার সিনেপ্লেক্সের শাখা রয়েছে। ঢাকার বাইরে চট্টগ্রামের বালি আর্কেড ও ফিনলে স্কয়ারেও রয়েছে প্রতিষ্ঠানটির শাখা।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, চলতি বছর বগুড়া ও রাজশাহীতে নতুন শাখা চালুর প্রক্রিয়াও চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন