০৪:৩৮ পি.এম
ঢাকা, ১৬ নভেম্বর, ২০২৬ : অস্ট্রেলিয়ার প্রধান রপ্তানি পণ্য লোহা আকরিকের বাণিজ্যে চীনের ‘কারসাজি’ অস্ট্রেলিয়ার অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে, এমন উদ্বেগ প্রকাশ করেছে অস্ট্রেলিয়া সরকার। সোমবার সরকার এ উদ্বেগের কথা জানায়।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
অস্ট্রেলিয়া বিশ্বের শীর্ষ লোহা আকরিক উৎপাদনকারী দেশ হিসেবে পরিচিত। গত বছর দেশটি ৯৪ কোটি ৪০ লাখ টন লোহা আকরিক রপ্তানি করেছে, যার প্রায় ৭৫ শতাংশই ইস্পাত তৈরির জন্য চীনে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকায় পৃথক দুটি বন্দুক হামলায় ১৭ জন নিহত
দুই দেশের মধ্যে রাজনৈতিক বিরোধ থাকলেও এই বাণিজ্য অব্যাহত ছিল। ২০২০ সালে করোনাভাইরাসের (কোভিড-১৯) উৎস অনুসন্ধানে আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানায় অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা। এর প্রতিক্রিয়ায় চীন প্রায় ২ হাজার কোটি অস্ট্রেলীয় ডলারের (১৩৫০ কোটি মার্কিন ডলার) অস্ট্রেলীয় কয়লা, ওয়াইন ও কৃষিপণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করে। তারপরও লোহা আকরিকের বাণিজ্য বন্ধ হয়নি।
তবে, অস্ট্রেলীয় উৎপাদকদের কাছ থেকে ইস্পাত তৈরির কাঁচামাল কম দামে কেনার উদ্দেশ্যে চীনের একটি কেন্দ্রীয় ক্রয় সংস্থা গঠন নিয়ে নতুন বাণিজ্যিক উত্তেজনা দেখা দিয়েছে।
এ বিষয়ে মন্তব্য জানতে চীনা দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কোনো জবাব দেয়নি।
অস্ট্রেলিয়ার সম্পদবিষয়ক মন্ত্রী ম্যাডেলিন কিং সোমবার বলেন, চায়না মিনারেলস রিসোর্সেস গ্রুপের (সিএমআরজি) কার্যক্রম আন্তর্জাতিক বাণিজ্যনীতির পরিপন্থী। চুক্তি নিয়ে আলোচনার সময় সংস্থাটি অস্ট্রেলীয় উৎপাদকদের পণ্য বিক্রিতে বাধা দেওয়ার চেষ্টা করছে বলে খবর পাওয়া গেছে।
আরও পড়ুন: হামাদান প্রদেশে ইরান ইসরাইলি ড্রোন ভূপাতিত করেছে
অস্ট্রেলিয়ার জাতীয় সম্প্রচারমাধ্যম এবিসিকে কিং বলেন, ‘ষাটের দশকে লোহা আকরিক রপ্তানি শুরু হওয়ার পর থেকে এটি আমাদের জাতীয় অর্থনীতির অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে।’
তিনি আরও বলেন, ‘যখন এই পণ্যের সবচেয়ে বড় ক্রেতা নিজেদের সুবিধামতো দাম কমানোর উদ্যোগ নেয়, তখন তা সরকারের জন্য উদ্বেগের বিষয় হয়ে দাঁড়ায়। কারণ, এর প্রভাব জাতীয় বাজেটের ওপরও পড়ে।’
কিং বলেন, ‘বাণিজ্যে এ ধরনের কারসাজি আমাদের দেশের জন্য ভালো নয়।’
এর আগে অস্ট্রেলিয়া সরকার বলেছিল, লোহা আকরিকের দাম ও সরবরাহ নিয়ে আলোচনা মূলত সংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর বাণিজ্যিক বিষয়।
আরও পড়ুন: রাষ্ট্রপতির আহ্বান: অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগের
তবে সোমবার কিং জানান, এ বিষয়ে অস্ট্রেলিয়ার লোহা আকরিক উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে তিনি আলোচনা করছেন।
২০২২ সালে চীনের লোহা আকরিক কেনার কার্যক্রম কেন্দ্রীয়ভাবে পরিচালনার লক্ষ্যে সিএমআরজি গঠন করা হয়। বর্তমানে চীন বিশ্বের সবচেয়ে বড় লোহা আকরিক ক্রেতা।
পূর্বাভাস অনুযায়ী, আগামী বছর অস্ট্রেলিয়ার লোহা আকরিক রপ্তানি থেকে আয় হতে পারে ১০ হাজার ৭০০ কোটি অস্ট্রেলীয় ডলার। তবে এর মূল্যমান চলতি বছরের তুলনায় ১০ শতাংশ কমতে পারে।
গত মাসে প্রকাশিত এক রপ্তানি পূর্বাভাসে অস্ট্রেলিয়ার শিল্প মন্ত্রণালয় জানায়, সিএমআরজির ক্রমবর্ধমান প্রভাব লোহা আকরিকের বাজারকাঠামোয় পরিবর্তন আনতে পারে। এর ফলে পণ্যের দাম নির্ধারণ নিয়ে দর-কষাকষিতেও প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
আরও পড়ুন: এআই দিয়ে নকল করে চাকরির পরীক্ষায় প্রথম, ১৬০ প্রশ্নের ১৫৯টির সঠিক উত্তর!
অস্ট্রেলিয়ার খনি কোম্পানি বিএইচপি ও রিও টিন্টো সম্প্রতি সিএমআরজির সঙ্গে চুক্তি করেছে। তবে আরেক খনি কোম্পানি ফোর্টেস্কু গত মাসে বিনিয়োগকারীদের জানিয়েছে, সিএমআরজির সঙ্গে আলোচনা চলতে থাকায় তাদের পণ্য বিক্রি ৩৯ লাখ টন কমেছে।
ফোর্টেস্কু আরও জানিয়েছে, আগামী ডিসেম্বরের মধ্যে আলোচনা শেষ না হলে তাদের খনি কার্যক্রমও ক্ষতিগ্রস্ত হতে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন