ঢাকা শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৯শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ইং ২৯শে কার্তিক, ১৪৩২বাং

রামপালে বিএনপি নেতার পদত্যাগ দাবিতে বিক্ষোভ, চাঁদাবাজি ও ঘের দখলের অভিযোগ


রামপালে বিএনপি নেতার পদত্যাগ দাবিতে বিক্ষোভ, চাঁদাবাজি ও ঘের দখলের অভিযোগ

বাগেরহাটের রামপালের ভোজপাতিয়া ইউনিয়নের বিএনপির সভাপতি আল-আমিনের পদত্যাগের দাবিতে স্থানীয় হাজার হাজার মানুষ বিক্ষোভ ও সমাবেশ করেছেন। শনিবার (১৪ নভেম্বর) দুপুরে ভোজপাতিয়ার বেতকাটা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এই বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভকারীদের অভিযোগ হলো, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আল-আমিন এবং তাঁর অনুসারীরা এলাকায় চাঁদাবাজি, ঘের দখল, লুটপাট, মারধর এবং বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছেন। এসব কর্মকাণ্ডের ফলে অনেক মানুষ এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন। এমনকি তাঁর নির্যাতন থেকে স্থানীয় হিন্দু নারীরাও রেহাই পাননি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

তাদের দাবি, এলাকায় মাছের ঘের পরিচালনা কিংবা দখল নিতে হলে আল-আমিনকে চাঁদা দিতে হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে নির্যাতন ও হয়রানি নেমে আসে। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত, দখল করা ঘের প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া, অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ইউনিয়ন বিএনপির সভাপতির পদ থেকে আল-আমিনের পদত্যাগ দাবি করেন তাঁরা।

আরও পড়ুন: মানসম্পন্ন শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থা নিশ্চিতের আহ্বান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর

বিক্ষোভকারীরা এই বিষয়ে স্থানীয় প্রতিমন্ত্রী লায়ন ড. ফরিদুল ইসলামের জোর হস্তক্ষেপ কামনা করেন। অন্যদিকে, স্থানীয় বিএনপির একাধিক নেতা অভিযোগ করেন, আল-আমিনের কর্মকাণ্ড দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। তাঁর বিরুদ্ধে ওঠা নানা অভিযোগের কারণে অনেক পরিবার নিঃস্ব হয়ে পড়েছে। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত কেউ বিএনপির নেতৃত্বে থাকতে পারেন না বলেও মন্তব্য করেন তাঁরা। আল-আমিনের পদত্যাগ দাবি করে তাঁরা জানান, তাঁর একটি অনুসারী বাহিনী রয়েছে, যারা এলাকায় চাঁদাবাজি ও বিশৃঙ্খলা সৃষ্টি করছে বলে অভিযোগ রয়েছে।

ভুক্তভোগীরা জানান, এনামুল হক প্রিন্স, ফরিদ সরদার, আল আমিন ফকির, খোকন শেখ, মতি সরদার, সাইফুল শেখসহ যাদের বিরুদ্ধে ঘের দখল ও মাছ লুটের অভিযোগ করা হয়েছে, তা আদৌ সত্য নয়। বরং আল-আমিন তাঁর বিগত দিনের অপকর্ম ঢাকতে সাংবাদিকদের কাছে উল্টো অভিযোগ করেছেন। বিক্ষোভ সমাবেশে ভুক্তভোগীসহ সহস্রাধিক মানুষ অংশ নেন। অভিযোগের বিষয়ে আল-আমিনের সাথে কথা বলার চেষ্টা করেও তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৬ বছর বিনা বেতনে দায়িত্ব পালন করা মুয়াজ্জিন সৈয়দ আলীকে আবেগঘন বিদায়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:২১ পি.এম


১৬ বছর বিনা বেতনে দায়িত্ব পালন করা মুয়াজ্জিন সৈয়দ আলীকে আবেগঘন বিদায়

ঝালকাঠি পৌর শহরের পূর্ব চাঁদকাটি বাইতুস সালাম জামে মসজিদের দীর্ঘদিনের মুয়াজ্জিন সৈয়দ আলীকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়েছে মসজিদ পরিচালনা কমিটি ও মুসল্লিদের পক্ষ থেকে।

শুক্রবার (১৪ নভেম্বর) জুমার নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এ সময় ইমাম, মুয়াজ্জিন ও মুসল্লিদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে মসজিদ কমিটি ও মুসল্লিদের পক্ষ থেকে সৈয়দ আলীকে বিভিন্ন উপহারসামগ্রী প্রদান করা হয়। বক্তারা তার দীর্ঘদিনের দায়িত্ব পালন ও মসজিদের প্রতি আন্তরিকতার কথা স্মরণ করে তার অবদানের প্রশংসা করেন।

মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব জানান, সৈয়দ আলী ২০১১ সালে এলজিইডি অধিদপ্তর থেকে অবসরে যাওয়ার পর থেকে বিনা পারিশ্রমিকে এই মসজিদে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে আসছিলেন। ১৬ বছর ধরে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের পর বার্ধক্যজনিত কারণে তিনি দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে মসজিদ কমিটির কাছে আবেদন করেন। তার দীর্ঘদিনের অবদান স্মরণীয় করে রাখতে কমিটির পক্ষ থেকে এ বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তিনি আরও জানান, সৈয়দ আলীর স্থলাভিষিক্ত হিসেবে নতুন একজনকে মুয়াজ্জিনের দায়িত্ব দেওয়া হয়েছে। তবে সম্মান ও শ্রদ্ধার নিদর্শন হিসেবে শারীরিকভাবে সুস্থ থাকা সাপেক্ষে তাকে আজীবন এ মসজিদে আজান দেওয়ার অনুরোধ জানিয়েছে কমিটি।

আলোচনা সভায় বক্তব্য দেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফারুক মিয়া, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব, মিয়া বাড়ির দারুল কায়েম মাদ্রাসার সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর আলমগীর হোসেন, মসজিদের জমিদাতা ও কমিটির উপদেষ্টা মো. চান মিয়া, সাবেক উপজেলা শিক্ষা অফিসার দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল মতিন, মসজিদের সাবেক সভাপতি মো. সোবহান মিয়া, সাবেক সাধারণ সম্পাদক মো. গোলাম মাওলা মুন্সী এবং মিলন হোসেন মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠান শেষে সৈয়দ আলীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জিম শেষে গরম পানিতে গোসলের অভ্যাস কতটা নিরাপদ?

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:২২ পি.এম


জিম শেষে গরম পানিতে গোসলের অভ্যাস কতটা নিরাপদ?

জিম বা ব্যায়াম করার পর শরীর ঘেমে যায় এবং শরীরের তাপমাত্রা বৃদ্ধি পায়। ক্লান্তি দূর করতে অনেকেই গরম পানিতে গোসল করতে পছন্দ করেন। যদিও এটি কিছু মানুষের কাছে আরামদায়ক মনে হয়, তবে ব্যায়ামের পরপরই গরম পানিতে গোসল করা শরীরের জন্য কতটা নিরাপদ, তা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ব্যায়ামের পর শরীরে কী ঘটে

ব্যায়ামের সময় পেশির কার্যক্রমের ফলে শরীরে তাপ উৎপন্ন হয়। শরীরের তাপমাত্রা স্বাভাবিক রাখতে ঘামের উৎপাদন ঘটে। ব্যায়াম শেষ হওয়ার পরেও কিছু সময় শরীরের তাপমাত্রা বেশি থাকতে পারে। এই কারণে, ব্যায়ামের পরপরই গরম পানিতে গোসল করলে শরীর আরও অস্বস্তির অনুভূতি করতে পারে।

গরম পানিতে গোসলের প্রভাব

হালকা গরম পানিতে গোসল করলে শরীর আরাম পেতে পারে এবং পেশির ক্লান্তি ও অস্বস্তি কিছুটা কম অনুভূত হতে পারে। তবে অতিরিক্ত গরম পানিতে গোসল করার ফলে শরীরের তাপমাত্রা আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এতে মাথা ঘোরা, দুর্বল লাগা কিংবা অস্বস্তি হতে পারে। বিশেষ করে যখন শরীর ব্যায়ামের ধকল কাটিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরছে, তখন অতিরিক্ত গরম পানি এড়িয়ে চলা উচিত।

ঠাণ্ডা পানিতে গোসল কি বেশি উপকারী

ব্যায়ামের পর গোসলের জন্য খুব ঠাণ্ডা পানি ব্যবহার করতেই হবে, এমন কোনো নিয়ম নেই। স্বাভাবিক তাপমাত্রার পানি বেশির ভাগ মানুষের জন্য আরামদায়ক হতে পারে। আবার হালকা কুসুম গরম পানিও ব্যবহার করা যেতে পারে। তবে অতিরিক্ত ঠাণ্ডা বা গরম পানি ব্যবহারের প্রয়োজন নেই। কোন তাপমাত্রার পানি আরামদায়ক হবে, তা ব্যক্তির শারীরিক অবস্থা ও ব্যায়ামের ধরনের ওপর নির্ভর করে।

গোসলের আগে যা করবেন

ব্যায়াম শেষ করেই গোসল করতে না গিয়ে কিছুক্ষণ বিশ্রাম নেওয়া ভালো। এই সময় ধীরে হাঁটাহাঁটি বা হালকা স্ট্রেচিং করে শরীরকে স্বাভাবিক অবস্থায় ফিরতে সাহায্য করা যেতে পারে। ঘামের কারণে শরীরে পানির ঘাটতি হলে পানি পান করা উচিত। শ্বাস-প্রশ্বাস ও শরীরের তাপমাত্রা স্বাভাবিক হওয়ার পর গোসল করা যেতে পারে।

গোসলের সময় অতিরিক্ত গরম পানি এড়িয়ে চলুন। মাথা ঘোরা, দুর্বল লাগা বা বমি বমি ভাব হলে গোসল না করে আগে বিশ্রাম নিন। যদি এমন অস্বস্তি কম না হয়, তবে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।

কোন তাপমাত্রার পানি বেছে নেবেন

জিম বা ব্যায়ামের পর গোসলের জন্য স্বাভাবিক তাপমাত্রার পানি কিংবা হালকা কুসুম গরম পানি ব্যবহার করা যেতে পারে। তবে ব্যায়াম শেষ হওয়ার পর শরীরকে কিছুটা বিশ্রাম দেওয়া জরুরি। মূল লক্ষ্য হওয়া উচিত শরীরের তাপমাত্রা স্বাভাবিক হতে দেওয়া এবং গোসলের সময় আরাম বজায় রাখা।

তাহলে, ব্যায়ামের পর গরম পানিতে গোসল একেবারে নিষিদ্ধ নয়। তবে অতিরিক্ত গরম পানি ব্যবহার না করে শরীরের অবস্থা বুঝে গোসল করাই নিরাপদ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কর্মজীবী মায়ের সন্তানের সেবা নিশ্চিতে আইন পরিবর্তন হবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:২৩ পি.এম


কর্মজীবী মায়ের সন্তানের সেবা নিশ্চিতে আইন পরিবর্তন হবে

কর্মজীবী মায়েদের সন্তানদের জন্য নিরাপদ ও মানসম্মত সেবা নিশ্চিত করার উদ্দেশ্যে ‘শিশু দিবাযত্ন কেন্দ্র আইন, ২০২১’ কে যুগোপযোগী করে প্রয়োজনীয় পরিবর্তন আনার কথা জানিয়েছেন নারী ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

মন্ত্রী বলেন, “জনগণের জন্য যা কল্যাণকর, সরকার তাই করতে চায়।” তিনি আরও উল্লেখ করেন, নারীদের শিক্ষা গ্রহণের ক্ষেত্রে সকল প্রতিবন্ধকতা দূর করার জন্য বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

আজ শনিবার রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত দুই দিনব্যাপী ‘ন্যাশনাল চাইল্ড কেয়ার সামিট ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের উচ্চশিক্ষার সুযোগ অবারিত করতে নির্বাচনী ইশতেহারে স্নাতকোত্তর পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার অঙ্গীকার করেছেন। পাশাপাশি কর্মজীবী মায়েরা যেন নিশ্চিন্তে ও স্বাচ্ছন্দ্যে তাঁদের পেশাগত দায়িত্ব পালন করতে পারেন, সে লক্ষ্যে ইশতেহারের ঘোষণা অনুযায়ী কর্মক্ষেত্রে ডে-কেয়ার সেন্টার নির্মাণ এবং পর্যায়ক্রমে এর সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে।

চলমান কার্যক্রমের ধারাবাহিকতায় আগামী বছরের মধ্যেই দেশের চাইল্ড কেয়ার ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য উন্নতি ঘটবে বলে তিনি আশা প্রকাশ করেন।

রাষ্ট্রের মৌলিক দায়িত্বের কথা উল্লেখ করে জাহিদ হোসেন বলেন, নাগরিকদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করাই রাষ্ট্রের অন্যতম প্রধান কাজ। যেকোনো জনকল্যাণমূলক ও ভালো কাজে সরকার প্রয়োজনীয় আর্থিক ও নীতিগত সহায়তা প্রদান করবে। তবে তা সফলভাবে বাস্তবায়নের দায়িত্ব সবার। এ বিষয়ে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে বক্তারা জানান, বাংলাদেশের নারীদের কর্মক্ষেত্রে প্রবেশের অন্যতম প্রধান অন্তরায় মানসম্মত চাইল্ড কেয়ার বা শিশু দিবাযত্ন কেন্দ্রের অভাব। তাঁদের উপস্থাপিত পরিসংখ্যান অনুযায়ী, শহরের প্রতি ১০ জন নারীর মধ্যে চারজনই চাইল্ড কেয়ার সুবিধার অভাবে কর্মক্ষেত্রে প্রবেশ করতে পারেন না। এ পরিস্থিতি মোকাবেলায় দ্রুত মানসম্মত ডে-কেয়ার সেন্টারের সংখ্যা বাড়ানোর আহ্বান জানান তাঁরা।

অনুষ্ঠানে মন্ত্রী অতিথি ও অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। পরে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নিয়ে বাংলা একাডেমি প্রাঙ্গণে চাইল্ড কেয়ারবিষয়ক বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

অনুষ্ঠানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ ফারহাত আনোয়ার, বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর জ্যঁ পেম, ব্র্যাকের ঊর্ধ্বতন কর্মকর্তারা, দেশি-বিদেশি প্রতিনিধি, বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) প্রতিনিধি এবং নারী ও শিশু অধিকারকর্মীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অনু মালিক: ভাইরাল গান কালজয়ী হতে পারে না

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:২৩ পি.এম


অনু মালিক: ভাইরাল গান কালজয়ী হতে পারে না

সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে, কোনো গান জনপ্রিয় হতে খুব বেশি সময় লাগছে না। কখনো কখনো কয়েক ঘণ্টার মধ্যে, আবার কখনো কয়েক দিনের মধ্যে একটি গান ছড়িয়ে পড়ে। তবে বলিউডের বর্ষীয়ান সংগীত পরিচালক অনু মালিক মনে করেন, অনলাইন মাধ্যমে দ্রুত জনপ্রিয়তা পেলেই সেই গানকে সফল বা কালজয়ী বলা যায় না। তার মতে, একটি গানকে দীর্ঘদিন শ্রোতার মনে বাঁচিয়ে রাখতে হলে সুরের পাশাপাশি কথাতেও আবেগ ও গভীরতা থাকতে হবে।

অনু মালিক সংগীতজগতে পাঁচ দশকেরও বেশি সময় কাটিয়েছেন। এই দীর্ঘ অভিজ্ঞতার আলোকে, বর্তমান সময়ে গানের পরিবর্তিত ধরন এবং সংগীত নির্মাণে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার নিয়ে তার মতামত রয়েছে।

তিনি উল্লেখ করেন, সংগীত তৈরিতে এআই সহায়ক ভূমিকা রাখতে পারে, তবে এটি মানুষের সৃজনশীলতার বিকল্প হতে পারে না। এই প্রযুক্তি মূলত পূর্বে তৈরি হওয়া সুর ও গানের ধরন অনুকরণ করে। নির্দিষ্ট সুরকারের ধাঁচে গান কিংবা কোনো গীতিকারের লেখার মতো কথা তৈরি করতে বললে, এআই সেই ধরনের আবহ তৈরি করতে সক্ষম। কিন্তু একেবারে নতুন ও মৌলিক কিছু সৃষ্টির ক্ষেত্রে মানুষের সৃজনশীলতার সঙ্গে এর তুলনা চলে না।

সংগীত পরিচালকদের উদ্দেশ্যে তার পরামর্শ হলো, প্রযুক্তিকে কাজের সহায়ক হিসেবে ব্যবহার করা উচিত। তবে এর ওপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়া যাবে না। এআই যেন কখনো শিল্পীর নিজস্ব সৃজনশীলতাকে নিয়ন্ত্রণ করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

বর্তমান সময়ের গান নিয়ে নিজের পর্যবেক্ষণ তুলে ধরে অনু মালিক বলেন, “কোনো গান সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লেই তা কালজয়ী হয়ে যায় না।” শ্রোতার মনে দীর্ঘদিনের জন্য জায়গা করে নিতে গেলে সুরের পাশাপাশি গানের কথাতেও আবেগ ও গভীরতা থাকতে হবে।

তিনি মনে করেন, এখন গান তৈরির ক্ষেত্রে শব্দ ও সংগীতের আবহের ওপর তুলনামূলক বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। চলছে নানা ধরনের পরীক্ষা-নিরীক্ষাও। তবে এসবের মধ্যে অনেক সময় গানের কথার গুরুত্ব আড়ালে চলে যাচ্ছে। অথচ শ্রোতারা একটি ভালো গান দীর্ঘদিন মনে রাখেন মূলত তার কথা ও আবেগের কারণে। যে গান মানুষের হৃদয় ছুঁতে পারে, সময়ের সঙ্গে টিকে থাকে সেই গানই।

এদিকে, নতুন প্রজন্মের শিল্পী ও সুরকারদের তার পুরোনো গান নতুন আঙ্গিকে পরিবেশন করতেও উপভোগ করেন অনু। তরুণেরা তার সৃষ্টিকে নিজেদের মতো করে ব্যাখ্যা করছেন এবং নতুন সংগীতায়োজনে তুলে ধরছেন। প্রজন্মের পর প্রজন্ম তার সুরের প্রতি আগ্রহ দেখাচ্ছে—এ বিষয়টিকে নিজের জন্য আনন্দ ও গর্বের বলে মনে করেন এই সংগীত পরিচালক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১২ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%