ঢাকা শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৯শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ইং ২৯শে কার্তিক, ১৪৩২বাং

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে আপস হবে না: ডা. শফিকুর রহমান


ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে আপস হবে না: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান মন্তব্য করেছেন, "জনগণ রক্ত দিয়ে ফ্যাসিবাদ তাড়িয়েছে, তারা নতুন কোনো ফ্যাসিবাদ কায়েম হতে দেবে না।" তিনি আরও বলেন, নতুন ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন তারা এবং ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারও সঙ্গে আপস করবেন না।

শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আয়োজিত যুব প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সম্মেলনের সভাপতিত্ব করেন কেন্দ্রীয় যুব বিভাগের সভাপতি ও সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এবং অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।

আরও পড়ুন: মানসম্পন্ন শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থা নিশ্চিতের আহ্বান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর

এছাড়া বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার।

সম্মেলনের সঞ্চালনা করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া। সম্মেলনে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাম্মদ জাহিদুর রহমান এবং অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান, ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির ড. হেলাল উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

ডা. শফিকুর রহমান উল্লেখ করেন, "এ জাতি বারবার অপশক্তির নির্যাতনের শিকার হয়েছে। প্রতিবারই অপশক্তিকে পরাজিত করে ঘুরে দাঁড়িয়েছে। ৩৬ জুলাই ঘটিয়েছে। ১ হাজার ৪০০ যুবক-যুবতীর রক্তের বিনিময়ে এ অর্জন এসেছে।" তিনি বলেন, আন্দোলনকারীরা পুরো রাষ্ট্রব্যবস্থার আমূল পরিবর্তন চেয়েছিলেন। তাঁরা সব ক্ষেত্রে ন্যায়বিচার, মানুষের মৌলিক অধিকার এবং ন্যায্যতার ভিত্তিতে রাষ্ট্রের নাগরিকদের সঙ্গে আচরণ নিশ্চিত করতে চেয়েছিলেন।

তিনি আরও বলেন, "জনআকাঙ্ক্ষা ও বিপ্লবীদের প্রত্যাশা ধারণ করে ২০২৪ সালের ৫ আগস্টের রক্তের প্রতি সম্মান জানিয়ে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়েছিল।" এতে ৩৩টি রাজনৈতিক দল অংশ নেয়। সেখানে জুলাই সনদ প্রণীত হয়। ঐকমত্যের ভিত্তিতে দুটি নির্বাচন হওয়ার কথা ছিল—একটি সরকার গঠনের জন্য, অন্যটি রাষ্ট্রের সংস্কার বা পুনর্গঠনের জন্য। কিন্তু নির্বাচিত হওয়ার পর বর্তমান সরকারি দল একটি মেনেছে, অন্যটি মানেনি। এভাবে প্রতারণা করে সংকট তৈরি করেছে।

আরও পড়ুন: শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে অধ্যাপক সলিমুল্লাহ খানের মন্তব্য

জামায়াত আমির বলেন, "তারা এ প্রতারণা মেনে নেবেন না, জাতিও মেনে নেবে না।" তিনি বিএনপিকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে হবে বলেও উল্লেখ করেন। তিনি বলেন, "সরকার এ দাবি পাশ কাটিয়ে সংবিধান সংশোধনের কথা বলছে।"

তিনি আরও বলেন, "সংবিধান সংশোধনের জন্য গণভোট হয়নি, ৭০ শতাংশ মানুষও এ বিষয়ে রায় দেয়নি।" বিএনপি গণতান্ত্রিক দল হয়ে থাকলে গণভোটের রায় উপেক্ষা করতে পারে না। কার্যত বিএনপি জনগণকে অপমান করছে এবং নির্বাচনী ব্যবস্থার ওপর আঘাত হানছে। এতে মানুষের আস্থার ভিত্তি ধ্বংস হচ্ছে।

ডা. শফিকুর রহমান বলেন, "ফ্যাসিবাদ একটি ভাইরাস।" বর্তমান সরকারের মধ্যে এর অনেক লক্ষণ দেখা যাচ্ছে। তিনি বলেন, "তাঁরা সাত দফা দাবি নিয়ে রাজপথে নেমেছেন।" বিভাগীয় পর্যায়ে সমাবেশ ও লংমার্চে জনগণের ব্যাপক সাড়া পেয়েছেন। তাঁদের দাবিগুলো কোনো নির্দিষ্ট দলের নয়, সাধারণ মানুষের। এসব দাবির মধ্যে রয়েছে ভোটাধিকার, চিকিৎসা ও স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার।

যুবসমাজের অবক্ষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করে জামায়াত আমির বলেন, "অনেক যুবক এখন মাদকের গডফাদার হয়ে উঠেছে।" তিনি বলেন, "স্কুলেও মাদক বিক্রি হচ্ছে।" এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে শিক্ষককে শিক্ষার্থীদের বলতে হচ্ছে, অন্তত স্কুলে যেন তারা মাদক সেবন না করে। পরিকল্পিতভাবে তরুণ ও যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: স্বাধীনতার ৫৫ বছরেও নগর ব্যবস্থাপনায় কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি

তিনি বলেন, "কিশোর গ্যাংয়ের উৎপাত শুধু শহরে সীমাবদ্ধ নেই, গ্রামেও ছড়িয়ে পড়েছে।" এটি সমাজের জন্য ভয়ংকর হুমকি। ব্যক্তি, দল ও গোষ্ঠীস্বার্থে যারা এসব অপরাধকে প্রশ্রয় দিয়েছে, তারাই মূলত দায়ী। ক্ষুদ্র স্বার্থে তারা দেশ ও জাতিকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে।

শিক্ষাব্যবস্থা নিয়েও সমালোচনা করেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, "শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে চর দখলের মতো দখল করা হচ্ছে।" তিনি অভিযোগ করেন, জোর করে উপাচার্য, অধ্যক্ষ ও প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে, যাঁদের দায়িত্ব পালনের ন্যূনতম যোগ্যতা নেই। স্কুল, কলেজ ও মাদরাসার পরিচালনা কমিটিগুলো দলীয় সন্ত্রাসী ও চাঁদাবাজদের হাতে তুলে দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, "দেশের ক্ষতি করতে সরকারকে আর এক মিনিটও সময় দিতে চান না তাঁরা।" জনগণ ঐক্যবদ্ধ হলে কোনো শক্তি বা অস্ত্রই কার্যকর থাকে না। তিনি চব্বিশের তরুণদের নিরস্ত্র আন্দোলনের কথাও স্মরণ করিয়ে দেন।

ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রত্যাশা তুলে ধরে জামায়াত আমির বলেন, "এমন সমাজ গড়তে চান তাঁরা, যেখানে কেউ কারও ওপর জুলুম করবে না।" তিনি বলেন, "সবার সম্মান ও নিরাপত্তার সঙ্গে বসবাস করবে।" ভালো কাজ প্রশংসিত হবে, অন্যায় ও অপরাধীরা নিন্দিত হবে। অল্প কিছু অপরাধী পুরো সমাজকে জিম্মি করে রেখেছে। এ অপরাধী চক্র ভেঙে দিতে হবে।

আরও পড়ুন: বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরা হলো না আবিরের, সড়ক দুর্ঘটনায় মৃত্যু

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, "সৎ নেতৃত্ব প্রতিষ্ঠায় আগামী স্থানীয় সরকার নির্বাচনে আর কোনো ভোটচোর, ডাকাত ও ইঞ্জিনিয়ারকে ছাড় দেওয়া হবে না।" এখন থেকেই প্রস্তুতি নিয়ে জনগণকে সংগঠিত করতে হবে। জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধের মাধ্যমে সব ষড়যন্ত্র মোকাবিলা করা হবে।

তিনি বলেন, "ধ্বংসের মুখে থাকা যুবসমাজকে নিয়ে দৃশ্যমান কার্যক্রম পরিচালনা করতে পারলেই যুব ও ক্রীড়া বিভাগের সফলতা আসবে।" তাঁদের বার্তা স্পষ্ট—কোনো অন্যায়ের কাছে মাথা নত করবেন না এবং অন্যায়কে মাথা তুলে দাঁড়াতে দেবেন না।

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, "ক্ষমতাসীন শাসক দল তরুণ সমাজকে চরিত্রহীনতা ও অনৈতিকতার দিকে ঠেলে দিয়ে জাতি গঠনের প্রধান শক্তি যুবসমাজকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে।" তিনি বলেন, "তরুণদের চাঁদাবাজি, টেন্ডারবাজি, ডিলারশিপ, ছিনতাই, কিশোর গ্যাং, ঘাট-হাট ও বস্তি দখল এবং মাদকাসক্তির দিকে ঠেলে দেওয়া হচ্ছে।" এতে তরুণ প্রজন্ম জাতি গঠনের চিন্তা, ঐক্য ও শক্তি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে।

তিনি বলেন, "লক্ষ মানুষের ত্যাগ ও রক্তের বিনিময়ে অর্জিত জুলাই সনদের ভিত্তিতে অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়ন না করে জাতিকে সংকটের দিকে ঠেলে দেওয়া হচ্ছে।" যে সংঘাত ও সহিংসতা থেকে দেশকে মুক্ত করে নতুন বাংলাদেশের পথে এগিয়ে নেওয়ার কথা ছিল, সরকার আবার মানুষকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। দেশ একদলীয় কর্তৃত্ববাদী শাসনের দিকে এগিয়ে যাচ্ছে।

আরও পড়ুন: রামপালে বিএনপি নেতার পদত্যাগ দাবিতে বিক্ষোভ, চাঁদাবাজি ও ঘের দখলের অভিযোগ

গোলাম পরওয়ার বলেন, "চাঁদাবাজি ও দখলদারির সংস্কৃতি থেকে যুবসমাজকে বের করে এনে নৈতিকতা ও আদর্শে গড়ে তুলতে চায় জামায়াত।" তরুণদের সমাজ পরিবর্তনের নেতৃত্ব দেওয়ার উপযোগী করে গড়ে তুলতেই দলটির যুব ও ক্রীড়া বিভাগ কাজ করছে।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, "ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ও সিটি করপোরেশন নির্বাচনে চাঁদাবাজি, মাস্তানি এবং বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে গড়ে ওঠা সিন্ডিকেট ভেঙে দিতে হবে।" স্থানীয় প্রতিনিধিত্ব তরুণদের হাতে তুলে দেওয়ার আহ্বান জানান তিনি।

জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, "বিপ্লব একটি হবে, সেটি হবে ইসলামী বিপ্লব।" তিনি সম্মেলনে উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে দেখা করতে ও সালাম জানাতে এসেছেন বলেও উল্লেখ করেন।

সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, "বাংলাদেশকে ন্যায় ও ইনসাফপূর্ণ, আধুনিক, মানবিক, সুন্দর ও শান্তির দেশ হিসেবে গড়ে তুলতে চায় জামায়াত।" একই সঙ্গে দেশকে চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। তিনি অভিযোগ করেন, "গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে কারসাজি ও ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে তাঁদের বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে।"

আরও পড়ুন: মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে স্বাস্থ্য খাতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর

সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেন, "২০২৪ সালে বাংলাদেশের যুবকেরা অবিস্মরণীয় ঘটনা ঘটিয়েছেন।" ওই আন্দোলনে ছাত্রদের পাশাপাশি কৃষক, শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং নারীরাও অংশ নেন। জামায়াতের তৃণমূল পর্যায়ের যুবশক্তিকে যোগ্য ও দক্ষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা বলেন, "বাংলাদেশ বর্তমানে ঐতিহাসিক চ্যালেঞ্জের মুখে রয়েছে।" তিনি অভিযোগ করেন, "বিভিন্ন সংকট মোকাবিলায় সরকার কার্যকর ব্যবস্থা নিতে পারেনি।" জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। শেখ হাসিনা দিল্লিতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বলেও দাবি করেন তিনি।

কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য নূরুল ইসলাম বুলবুল বলেন, "আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে।" জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নিতে সক্ষম এমন সরকার প্রতিষ্ঠা করতে হবে। যুবসমাজের নৈতিক ও চারিত্রিক সংকটের পাশাপাশি কর্মসংস্থানও বড় চ্যালেঞ্জ। সরকারি ও বেসরকারি উদ্যোগে প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের কর্মসংস্থানের উপযোগী করে তুলতে হবে।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, "২০২৪-পরবর্তী সময়ে মানুষের প্রত্যাশা ছিল দেশ সংস্কার হবে এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ে উঠবে।" কিন্তু দেশ আবার পুরোনো প্রাতিষ্ঠানিক ব্যবস্থার দিকে এগোচ্ছে বলে মনে হচ্ছে। রাজনৈতিক ও সামাজিক পরিবর্তন এবং গণতন্ত্রের আন্দোলনে যুবকদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে তরুণদের ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেন, "ফ্যাসিবাদের দোসররা নতুন করে ষড়যন্ত্র ও চক্রান্ত করছে।" বিএনপি সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর ব্যর্থতার কারণে তারা এ সুযোগ পাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে রায় কার্যকরের আহ্বান জানান তিনি।

সম্মেলনের সভাপতি ও কেন্দ্রীয় যুব বিভাগের সভাপতি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, "২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশ ফ্যাসিবাদী শাসনের কবলে ছিল।" সে সময় দেশের রাজনীতি গভীর অন্ধকারে নিমজ্জিত হয়েছিল। জামায়াতে ইসলামী অন্যায়ের সঙ্গে আপস করেনি, মাথা নত করেনি। আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতায় ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে কাজ করেছে দলটি।

তিনি বলেন, "জামায়াত তরুণদের বাংলাদেশের সামগ্রিক রাজনীতির দিকনির্দেশক হিসেবে দেখতে চায়।" সন্ত্রাস, মাদক ও অস্ত্রমুক্ত, মেধাবী, বুদ্ধিদীপ্ত ও সাহসী তরুণদের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চায় দলটি। শহর থেকে গ্রাম পর্যন্ত ছড়িয়ে থাকা তরুণদের সংগঠিত করে ভালোবাসা ও আন্তরিকতার সঙ্গে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। আগামীর বাংলাদেশ গঠনে সমাজের সর্বস্তরে যুব ও তরুণ নেতৃত্ব প্রতিষ্ঠায় জামায়াত কাজ করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাজ্যে যাত্রী কিশোরী হলেই 'ছক কষা' শুরু করতেন সাবেক বাসচালক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:২০ পি.এম


যুক্তরাজ্যে যাত্রী কিশোরী হলেই

যুক্তরাজ্যের গার্নসিতে এক সাবেক বাসচালককে ১৫ বছর ৬ মাসের কারাদণ্ড প্রদান করেছে আদালত। তিনি কিশোরীদের সঙ্গে পরিচয় গড়ে তুলে ধর্ষণ ও যৌন নিপীড়নের দায়ে দণ্ডিত হয়েছেন।

দণ্ডিত জেমস রবার্ট এডওয়ার্ড গিলবার্টের বয়স ২৬ বছর। তিনি ১৬ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণ এবং ১৫ বছর বয়সী দুই কিশোরীকে যৌন নিপীড়নের দায় স্বীকার করেছেন। এছাড়া, কর্মস্থলে এক নারীকে যৌন হয়রানির অভিযোগও তিনি গ্রহণ করেছেন।

আদালতে জানানো হয়েছে, ২০২৫ সালের এপ্রিল থেকে অক্টোবরের মধ্যে এসব অপরাধ সংঘটিত হয়। গিলবার্ট, যিনি বাসচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন, নিজের রুটে চলাচলকারী কিশোরীদের সঙ্গে পরিচিত হন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করেন। একপর্যায়ে, ১৬ বছর বয়সী এক কিশোরীর বিশ্বাস অর্জন করে, গিলবার্ট তাকে নিজের বাড়িতে নিয়ে তিন দফায় ধর্ষণ করেন। আরেক ১৫ বছর বয়সী কিশোরীকে বাস থেকে নামিয়ে জারবুর্গ এলাকায় নিয়ে যৌন নিপীড়ন করেন। তৃতীয় কিশোরীকে বাস থেকে নামানোর পর জোর করে আলিঙ্গন করতে বাধ্য করেন এবং তার ওপর যৌন নিপীড়ন চালান।

এছাড়া, কর্মস্থলে এক নারীর নিতম্বে চড় মারার অভিযোগও তিনি স্বীকার করেছেন।

রায় ঘোষণার সময় বিচারক ক্যাথরিন ফুকস মন্তব্য করেন, গিলবার্ট বাসচালক হিসেবে নিজের অবস্থান ও যাত্রীদের আস্থার অপব্যবহার করে কিশোরীদের লক্ষ্যবস্তু বানিয়েছিলেন। তার অপরাধের কারণে ভুক্তভোগীরা ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন এবং মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

ধর্ষণের দায়ে ১৫ বছর ৬ মাসের কারাদণ্ডের পাশাপাশি গিলবার্টকে ১০ বছরের বর্ধিত সাজা প্রদান করেছে আদালত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে পটুয়াখালীতে খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির মহাসম্মেলন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:২০ পি.এম


কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে পটুয়াখালীতে খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির মহাসম্মেলন

কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করার দাবিতে খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে একটি মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সকালে, খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি পটুয়াখালী জেলা শাখার সভাপতি শায়খুল হাদীস মাওঃ আব্দুল হক কাওসারীর সভাপতিত্বে সম্মেলনটি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমীর আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর দা.বা.। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র নায়েবে আমীর, আল্লামা আব্দুল আউয়াল পীর সাহেব (ডি আই টি, নারায়ণগঞ্জ)।

এছাড়া, বক্তব্য প্রদান করেন খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি, বাংলাদেশের নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ খলিলুর রহমান নেছারাবাদী পীর সাহেব, জামিয়াতুন নুর আল কাসেমিয়ার মোহতামীম ও শায়খুল হাদীস আল্লামা নাজমুল হাসান কাসেমী প্রমুখ।

বক্তারা এ সময় বলেন, কাদিয়ানীরা কাফের, এবং তাদের সমর্থকরা ও কাফের। হাদিসে উল্লেখ আছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, এরপর আর কোন নবী আসবেনা। কিন্তু কাদিয়ানী নিজেকে নবী বলে দাবি করে ইসলাম বিরোধী বিভিন্ন বক্তব্য প্রদান করে। মুসলিম জাতির ইমাম ও আকিদা রক্ষার জন্য কাদিয়ানীদের মুসলিম ঘোষণা করা প্রয়োজন। বিভিন্ন রাষ্ট্র ইতিমধ্যেই কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করেছে। তাই তারা বাংলাদেশ সরকারের কাছে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করার দাবি জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রামপালে বিএনপি নেতার পদত্যাগ দাবিতে বিক্ষোভ, চাঁদাবাজি ও ঘের দখলের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:২১ পি.এম


রামপালে বিএনপি নেতার পদত্যাগ দাবিতে বিক্ষোভ, চাঁদাবাজি ও ঘের দখলের অভিযোগ

বাগেরহাটের রামপালের ভোজপাতিয়া ইউনিয়নের বিএনপির সভাপতি আল-আমিনের পদত্যাগের দাবিতে স্থানীয় হাজার হাজার মানুষ বিক্ষোভ ও সমাবেশ করেছেন। শনিবার (১৪ নভেম্বর) দুপুরে ভোজপাতিয়ার বেতকাটা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এই বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভকারীদের অভিযোগ হলো, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আল-আমিন এবং তাঁর অনুসারীরা এলাকায় চাঁদাবাজি, ঘের দখল, লুটপাট, মারধর এবং বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছেন। এসব কর্মকাণ্ডের ফলে অনেক মানুষ এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন। এমনকি তাঁর নির্যাতন থেকে স্থানীয় হিন্দু নারীরাও রেহাই পাননি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

তাদের দাবি, এলাকায় মাছের ঘের পরিচালনা কিংবা দখল নিতে হলে আল-আমিনকে চাঁদা দিতে হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে নির্যাতন ও হয়রানি নেমে আসে। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত, দখল করা ঘের প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া, অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ইউনিয়ন বিএনপির সভাপতির পদ থেকে আল-আমিনের পদত্যাগ দাবি করেন তাঁরা।

বিক্ষোভকারীরা এই বিষয়ে স্থানীয় প্রতিমন্ত্রী লায়ন ড. ফরিদুল ইসলামের জোর হস্তক্ষেপ কামনা করেন। অন্যদিকে, স্থানীয় বিএনপির একাধিক নেতা অভিযোগ করেন, আল-আমিনের কর্মকাণ্ড দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। তাঁর বিরুদ্ধে ওঠা নানা অভিযোগের কারণে অনেক পরিবার নিঃস্ব হয়ে পড়েছে। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত কেউ বিএনপির নেতৃত্বে থাকতে পারেন না বলেও মন্তব্য করেন তাঁরা। আল-আমিনের পদত্যাগ দাবি করে তাঁরা জানান, তাঁর একটি অনুসারী বাহিনী রয়েছে, যারা এলাকায় চাঁদাবাজি ও বিশৃঙ্খলা সৃষ্টি করছে বলে অভিযোগ রয়েছে।

ভুক্তভোগীরা জানান, এনামুল হক প্রিন্স, ফরিদ সরদার, আল আমিন ফকির, খোকন শেখ, মতি সরদার, সাইফুল শেখসহ যাদের বিরুদ্ধে ঘের দখল ও মাছ লুটের অভিযোগ করা হয়েছে, তা আদৌ সত্য নয়। বরং আল-আমিন তাঁর বিগত দিনের অপকর্ম ঢাকতে সাংবাদিকদের কাছে উল্টো অভিযোগ করেছেন। বিক্ষোভ সমাবেশে ভুক্তভোগীসহ সহস্রাধিক মানুষ অংশ নেন। অভিযোগের বিষয়ে আল-আমিনের সাথে কথা বলার চেষ্টা করেও তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৬ বছর বিনা বেতনে দায়িত্ব পালন করা মুয়াজ্জিন সৈয়দ আলীকে আবেগঘন বিদায়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:২১ পি.এম


১৬ বছর বিনা বেতনে দায়িত্ব পালন করা মুয়াজ্জিন সৈয়দ আলীকে আবেগঘন বিদায়

ঝালকাঠি পৌর শহরের পূর্ব চাঁদকাটি বাইতুস সালাম জামে মসজিদের দীর্ঘদিনের মুয়াজ্জিন সৈয়দ আলীকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়েছে মসজিদ পরিচালনা কমিটি ও মুসল্লিদের পক্ষ থেকে।

শুক্রবার (১৪ নভেম্বর) জুমার নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এ সময় ইমাম, মুয়াজ্জিন ও মুসল্লিদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে মসজিদ কমিটি ও মুসল্লিদের পক্ষ থেকে সৈয়দ আলীকে বিভিন্ন উপহারসামগ্রী প্রদান করা হয়। বক্তারা তার দীর্ঘদিনের দায়িত্ব পালন ও মসজিদের প্রতি আন্তরিকতার কথা স্মরণ করে তার অবদানের প্রশংসা করেন।

মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব জানান, সৈয়দ আলী ২০১১ সালে এলজিইডি অধিদপ্তর থেকে অবসরে যাওয়ার পর থেকে বিনা পারিশ্রমিকে এই মসজিদে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে আসছিলেন। ১৬ বছর ধরে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের পর বার্ধক্যজনিত কারণে তিনি দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে মসজিদ কমিটির কাছে আবেদন করেন। তার দীর্ঘদিনের অবদান স্মরণীয় করে রাখতে কমিটির পক্ষ থেকে এ বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তিনি আরও জানান, সৈয়দ আলীর স্থলাভিষিক্ত হিসেবে নতুন একজনকে মুয়াজ্জিনের দায়িত্ব দেওয়া হয়েছে। তবে সম্মান ও শ্রদ্ধার নিদর্শন হিসেবে শারীরিকভাবে সুস্থ থাকা সাপেক্ষে তাকে আজীবন এ মসজিদে আজান দেওয়ার অনুরোধ জানিয়েছে কমিটি।

আলোচনা সভায় বক্তব্য দেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফারুক মিয়া, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব, মিয়া বাড়ির দারুল কায়েম মাদ্রাসার সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর আলমগীর হোসেন, মসজিদের জমিদাতা ও কমিটির উপদেষ্টা মো. চান মিয়া, সাবেক উপজেলা শিক্ষা অফিসার দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল মতিন, মসজিদের সাবেক সভাপতি মো. সোবহান মিয়া, সাবেক সাধারণ সম্পাদক মো. গোলাম মাওলা মুন্সী এবং মিলন হোসেন মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠান শেষে সৈয়দ আলীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১২ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%