০৫:৩০ পি.এম
নরসিংদী শহরের বাসাইল রেলগেট এলাকায় হাইভোল্টেজ বিদ্যুৎ সঞ্চালন লাইনের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আগুনে পুড়ে অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকাল ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে বাসাইল রেলগেট এলাকায় একটি বিদ্যুতের খুঁটিতে আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা। পরে ঘটনাস্থলে গিয়ে খুঁটির নিচে এক যুবকের আগুনে পুড়ে যাওয়া মরদেহ পড়ে থাকতে দেখেন তাঁরা। স্থানীয়দের ধারণা, ওই যুবক বিদ্যুতের খুঁটিতে উঠে হাইভোল্টেজ সঞ্চালন লাইনের তার চুরির চেষ্টা করছিলেন। এ সময় বিদ্যুৎ সংযোগ চালু থাকায় তার কাটতে গিয়ে আগুনের সূত্রপাত হয় এবং তিনি দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
নরসিংদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) নজরুল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। নিহত যুবকের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন