মোঃ শরীফ উদ্দিন: ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৫:৪২ পি.এম
হবিগঞ্জের মাধবপুর উপজেলার কাশিমনগরে আগামীকাল ১৫ নভেম্বর অনুষ্ঠিতব্য ধর্মীয় মাহফিলকে কেন্দ্র করে উত্তেজনা ও আলোচনা সৃষ্টি হয়েছে। মাহফিলে মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরীসহ বিশিষ্ট আলেম-ওলামাদের আমন্ত্রণ জানানো হয়েছে। তবে মাহফিল বন্ধে একটি উগ্রবাদী গোষ্ঠী বাধা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে।
জানা গেছে, ঐতিহ্যবাহী খান্দুরা দরবার শরীফের উদ্যোগে আহলে সুন্নাত ওয়াল জামাতের সদস্যদের ব্যবস্থাপনায় এ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরীর। এছাড়াও তাহেরী ওয়ালিউল্লাহ আশেকীসহ বিভিন্ন বিশিষ্ট আলেম-ওলামাকে আমন্ত্রণ জানানো হয়েছে।
এদিকে মাহফিল আয়োজনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বাধা সৃষ্টি ও আপত্তিকর মন্তব্যের একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওগুলোতে মাহফিল এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে বিরূপ মন্তব্য করতে দেখা গেছে বলে অভিযোগ করেছেন সুন্নি মতাদর্শের অনুসারীরা। এসব ভিডিও ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।
ধর্মপ্রাণ সুন্নি জনতার অভিযোগ, ধর্মীয় মতাদর্শের ভিন্নতা থাকলেও কোনো ধর্মীয় অনুষ্ঠান বন্ধে চাপ সৃষ্টি, ব্যক্তিগত আক্রমণ কিংবা আপত্তিকর মন্তব্য গ্রহণযোগ্য নয়। তাঁদের মতে, মাহফিল আয়োজনের ক্ষেত্রে বাধা সৃষ্টি করা নাগরিক ও ধর্মীয় স্বাধীনতার পরিপন্থী।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সুন্নি জনতা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও অন্যান্য তথ্য-প্রমাণের ভিত্তিতে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। একই সঙ্গে মাহফিলের নিরাপত্তা নিশ্চিত করা এবং কোনো পক্ষের চাপের কাছে নতি স্বীকার না করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তাঁরা।
তাঁদের প্রত্যাশা, প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এবং শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় মাহফিল আয়োজনের সুযোগ নিশ্চিত করবে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোলপ্লাজায় সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর এবং ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় মৃত একজন আওয়ামী লীগ নেতাকে আসামি করা হয়েছে।
বীর মুক্তিযোদ্ধা এবং কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল হক সামচু ঢালী ২৯ মার্চ মৃত্যুবরণ করেন। কিন্তু ঘটনার প্রায় সাড়ে সাত মাস পর, ৯ নভেম্বরের ঘটনার প্রেক্ষিতে দায়ের করা মামলায় তাকে ২১৯ নম্বর আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
মৃত ব্যক্তিকে মামলার আসামি করার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মামলার আসামিদের তালিকা কিভাবে প্রস্তুত করা হয়েছে, সে বিষয়েও প্রশ্ন উঠেছে।
জহিরুল হক সামচু ঢালী মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ঢালীকান্দি এলাকার মৃত ইসমাইল ঢালীর পুত্র ছিলেন। তিনি কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতেন। পাশাপাশি তিনি একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে পরিচিত ছিলেন।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, সামচু ঢালী ২৯ মার্চ মারা যান। অথচ তার মৃত্যুর সাড়ে সাত মাস পর ৯ নভেম্বর রাতে পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোলপ্লাজায় অবরোধ, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় তাকে আসামি করা হয়েছে।
জানা গেছে, ৯ নভেম্বর দিবাগত রাত দেড়টার দিকে শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোলপ্লাজার সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় লাঠিসোঁটা ও লগি-বৈঠা নিয়ে একদল লোক সড়কে অবস্থান নেন। একপর্যায়ে কয়েকটি যানবাহনে হামলা ও ভাঙচুর করা হয় এবং একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
এ ঘটনায় প্রায় এক ঘণ্টা টোল আদায় বন্ধ থাকে। সেতুর দুই প্রান্তে অসংখ্য যানবাহন আটকা পড়ে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় ১২ নভেম্বর পদ্মা সেতু দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) আকরাম হোসেন বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, মামলায় ২৫১ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরো ৬০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে। এজাহারের ২১৯ নম্বরে মৃত জহিরুল হক সামচু ঢালীর নাম অন্তর্ভুক্ত রয়েছে।
মৃত্যুর সাড়ে সাত মাস পর একজন ব্যক্তিকে এ ধরনের মামলায় আসামি করার বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা তৈরি হয়েছে। মামলার এজাহার তৈরির সময় আসামিদের পরিচয় ও ঘটনার সঙ্গে তাদের সংশ্লিষ্টতা যাচাই করা হয়েছিল কি না, সে প্রশ্নও উঠেছে।
এদিকে, মৃত ব্যক্তিকে মামলার আসামি করার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর আলোচনা-সমালোচনা এবং ব্যঙ্গ-বিদ্রুপ শুরু হয়েছে। একটি পোস্টে ব্যঙ্গ করে লেখা হয়েছে, "দলের প্রতি সামচু ঢালীর নিবেদন এতটাই বেশি যে আন্দোলন দেখে কবরে শুয়ে থাকতে পারেননি; উঠে এসে অবরোধ ও ককটেল বিস্ফোরণে অংশ নিয়েছেন।" মামলার বাদী তাকে স্বচক্ষে এসব কর্মকাণ্ড করতে দেখেই আসামি করেছেন বলেও বিদ্রুপ করা হয়েছে।
সামচু ঢালীর ছেলে নাজমুল হক ঢালী বলেন, "আমার বাবা গত ২৯ মার্চ মারা গেছেন। অথচ অত্যন্ত বিস্ময়কর বিষয় হলো, মৃত্যুর পরও তাকে একটি মামলার আসামি করা হয়েছে। এ ঘটনায় কী বলব, ভাষা খুঁজে পাচ্ছি না। যারা প্রকৃত অপরাধী, তাদের আইনের আওতায় আনা হোক। এ নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। তবে একজন মৃত ব্যক্তিকে কিভাবে মামলার আসামি করা হলো, সেটিই আমাদের প্রশ্ন।"
নাজমুল হক আরো বলেন, "আমি সরকারের কাছে আবেদন জানাই, বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করে এ মিথ্যা মামলা প্রত্যাহারের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।"
এ বিষয়ে মামলার বাদী পদ্মা সেতু দক্ষিণ থানার উপপরিদর্শক আকরাম হোসেন বলেন, "আমি শুধু নামেই মামলার বাদী। আসামিদের নামগুলো আমাকে দেওয়া হয়েছে। কারা কী করছে, বিষয়টি আপনারা বুঝতেই পারছেন। আসামির বাড়ি শিবচরে, অথচ আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি না। সেখান থেকেই নামগুলো এসেছে। কিভাবে নামগুলো এসেছে, তা আপনারা বুঝতেই পারছেন।"
জানতে চাইলে পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুস সালাম বলেন, "মামলায় এতসংখ্যক আসামির মধ্যে দু-একটি নাম ভুলবশত অন্তর্ভুক্ত হতে পারে। তদন্তে কারও বিরুদ্ধে অভিযোগের সত্যতা না পাওয়া গেলে বা ভুলক্রমে নাম অন্তর্ভুক্ত হওয়ার প্রমাণ মিললে তাদের বাদ দেওয়ার সুযোগ রয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিদেশি বিনিয়োগের বৃদ্ধি ও সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধনের উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে, এমনটি জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে, রাজধানীর এক হোটেলে আইন মন্ত্রণালয় ও ইউএনডিপির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত বাণিজ্যিক আদালত সংস্কারবিষয়ক অংশীজন পরামর্শ সভায় তিনি এ তথ্য তুলে ধরেন।
অ্যাটর্নি জেনারেল মন্তব্য করেন যে, দেশের বিভিন্ন স্থানে ৭৫টি বাণিজ্যিক আদালতের প্রয়োজন নেই। নতুন আইন প্রণয়ন করলেই হবে না, বরং আইনের কার্যকর বাস্তবায়নও অত্যন্ত জরুরি।
পরামর্শ সভায় ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিগেজ বলেন, পুঁজি বা অবকাঠামোর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো, অনুকূল বিনিয়োগ পরিবেশ তৈরি করতে আইনের শাসনের ওপর বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনা।
তিনি আরও বলেন, বিরূপ পরিস্থিতির সৃষ্টি হলে বিনিয়োগকারীরা যেন বিচারব্যবস্থার ওপর নির্ভর করতে পারেন, সে বিষয়টি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ