ঢাকা শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ইং ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

রোহিঙ্গা প্রত্যাবাসনে আরাকান আর্মির গুরুত্বপূর্ণ ভূমিকা


রোহিঙ্গা প্রত্যাবাসনে আরাকান আর্মির গুরুত্বপূর্ণ ভূমিকা

মিয়ানমারের জান্তা সরকারের জেনারেলরা ২০১৭ সালে দাবি করেছিলেন যে, তাদের সৈন্যরা রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করছেন। ৯ বছর ধরে তারা বিশ্বকে একই কথা বলে আসছেন। তবে ১৯ নভেম্বর আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) তাদের এই সাফাই ধোপে টেকেনি, আদালত তাদের দাবি নাকচ করে দিয়েছে।

আদালত ১৫ জন বিচারকের সমন্বয়ে ৯ বনাম ৬ ভোটে মিয়ানমারকে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত গণহত্যার জন্য দায়ী করেছে। আইসিজের ইতিহাসে কোনো রাষ্ট্রের বিরুদ্ধে এ ধরনের রায় এটিই প্রথম। বিচারকেরা স্বীকার করেছেন, ‘আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি’ (আরসা) নিরাপত্তা চৌকিগুলোতে হামলা চালিয়েছিল। কিন্তু হাজার হাজার বেসামরিক নাগরিককে হত্যা, ব্যাপক হারে ধর্ষণ, শিশুদের ওপর সহিংসতা এবং রোহিঙ্গা গ্রামগুলো পরিকল্পিতভাবে ধ্বংস করার ঘটনাকে শুধু ‘বিদ্রোহ দমনের’ অংশ হিসেবে ব্যাখ্যা করা যায় না।

আদালত মিয়ানমারকে নির্দেশ দিয়েছে, তারা যেন বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের সুযোগ নিশ্চিত করে, তাদের হারানো সম্পত্তি ফিরিয়ে দেয় বা তার ক্ষতিপূরণ প্রদান করে। এছাড়া যেসব ক্ষতি আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব নয়, তার জন্য ভুক্তভোগীদের উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। এই নৃশংসতার সময় সামরিক বাহিনীর নেতৃত্বে ছিলেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট জেনারেল মিন অং হ্লাইং। তার সরকারের একজন মুখপাত্র আইসিজের রায়কে ‘অন্যায্য’ বলে অভিহিত করেছেন।

আরও পড়ুন: সানায় হামলার জবাবে রিয়াদ লক্ষ্য করে ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা

তবে এই রায় একটি বড় প্রশ্ন সামনে নিয়ে এসেছেÑযে অঞ্চলে একসময় রোহিঙ্গা পরিবারগুলো বসবাস করত, সেখানে তাদের পুনর্বাসনে আদালতের নির্দেশগুলো কে বাস্তবায়ন করবে? এর একটি উত্তর লুকিয়ে আছে রাখাইন জাতিগোষ্ঠীর সশস্ত্র সংগঠন ‘আরাকান আর্মি’র (এএ) কাছে, যার রাজনৈতিক শাখা ‘ইউনাইটেড লিগ অব আরাকান’ (ইউএলএ) বর্তমানে রাখাইন রাজ্যের অধিকাংশ এলাকা নিয়ন্ত্রণ করছে।

‘আরাকান আর্মি’র প্রধান সোয়ান ম্রাত নাইং রোহিঙ্গাদের ফিরে আসার বিষয়ে ইতিবাচক মনোভাব পোষণ করেন। ২০২২ সালে তিনি বলেছেন, শরণার্থীদের নিজ ভূমিতে ফিরে আসায় তার কোনো আপত্তি নেই। ২০২৪ সালেও তিনি নীতিগতভাবে রোহিঙ্গাদের নিরাপদ ও স্বেচ্ছামূলক প্রত্যাবর্তনের প্রতি সমর্থন জানিয়েছেন এবং চলতি বছরের মে মাসে রোহিঙ্গাদের ফিরে আসার উপযোগী পরিবেশ তৈরির কথা বলেছেন। আইসিজের রায় আরাকান আর্মির জন্য তাদের কথার বাস্তবায়ন করার সুযোগ তৈরি করে দিয়েছে।

পুরোনো কৌশল

মিয়ানমারের সামরিক বাহিনী দীর্ঘকাল ধরে রাখাইন বৌদ্ধ এবং রোহিঙ্গা মুসলমানদের মধ্যে অবিশ্বাসের সুযোগ কাজে লাগিয়েছে। তারা একটি জনগোষ্ঠীকে নিরাপত্তার জন্য হুমকি হিসেবে চিত্রিত করে তাদের ওপর আক্রমণকে জাতি, ধর্ম ও মাতৃভূমি রক্ষার অজুহাত হিসেবে উপস্থাপন করেছে। উগ্রবাদী গোষ্ঠীগুলোর হামলাকে তারা নিজেদের কর্মকাণ্ডের যৌক্তিক ভিত্তি হিসেবে ব্যবহার করেছে, যার মাশুল দিতে হয়েছে পুরো রোহিঙ্গা জনগোষ্ঠীকে।

আরও পড়ুন: সৌদি আরব ও হুতিদের রাজধানীতে পাল্টাপাল্টি হামলা

আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) গণহত্যার অভিপ্রায়ের প্রমাণ মূল্যায়নের সময় কয়েক দশক ধরে চলা বৈষম্যমূলক আইন এবং রোহিঙ্গাদের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ বক্তব্যের বিষয়গুলো বিবেচনায় নিয়েছে। সামরিক অভ্যুত্থানের পরও সেই পুরোনো কৌশল টিকে আছে। সামরিক বাহিনী জোরপূর্বক রোহিঙ্গা পুরুষদের আরাকান আর্মির বিরুদ্ধে লড়াইয়ে নামিয়েছে।

অন্যদিকে, আরসা ও রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের মতো রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলো আরাকান আর্মির বিরুদ্ধে লড়াই করছে, যা বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে অবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। এর ফলে সাধারণ রোহিঙ্গা ও রাখাইন বেসামরিক নাগরিকরা এখনো চরম মূল্য দিচ্ছেন। ২০১৭ সালে যেখানে রোহিঙ্গাদের ওপর নৃশংসতা চালানো হয়েছিল, এর বেশিরভাগ এলাকা এখন আর সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে নেই। রাখাইনের ১৭টি টাউনশিপের মধ্যে মংডু, বুথিডংসহ ১৪টিই বর্তমানে আরাকান আর্মির দখলে।

আইসিজের রায় রাষ্ট্র হিসেবে মিয়ানমারের ওপর বাধ্যবাধকতা তৈরি করে, আরাকান আর্মির ওপর নয়। তবে, সামরিক বাহিনীর নিয়ন্ত্রণমুক্ত এলাকাগুলোতে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের ফিরে আসা এবং তাদের সম্পত্তি পুনরুদ্ধারের বিষয়টি নির্ভর করবে বর্তমানে ওই অঞ্চল পরিচালনাকারী কর্তৃপক্ষের সহযোগিতার ওপরÑঅর্থাৎ বর্তমানে এই এলাকা নিয়ন্ত্রণকারী আরাকান আর্মির ওপর।

এত বড় ও বৈচিত্র্যময় জনগণের শাসনভার সামলানোর ক্ষেত্রে আরাকান আর্মি অনেকটাই নতুন। ২০১৭ সালে সামরিক বাহিনী যে নির্মূল অভিযান চালিয়েছে, তার সঙ্গে আরাকান আর্মি জড়িত ছিল না। এটি তাদের সামনে সুযোগ তৈরি করেছে, যেন তারা সামরিক জেনারেলদের অতীত কর্মকাণ্ড থেকে শিক্ষা নিতে পারে। তবে এর অর্থ এই নয় যে, তাদের নিজেদের কর্মকাণ্ডের জন্য তারা দায়মুক্তি পাবে।

আরও পড়ুন: আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠানো হচ্ছে কানাডার পুতিন খাবার

রায়ের পর আরাকান আর্মির মুখপাত্র খাইং থুখা বার্মিজ গণমাধ্যমকে বলেছেন, তাদের গোষ্ঠী ‘সত্য ও ন্যায়বিচারের’ পক্ষে এবং তারা রাখাইনের স্বার্থেই কাজ করবে। তার এই বক্তব্যে রোহিঙ্গাদের প্রত্যাবাসন বা গণহত্যার জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়ে কোনো সুনির্দিষ্ট পদক্ষেপের উল্লেখ নেই। কিছু আশাব্যঞ্জক ঘটনা ঘটেছে। ইউএলএ/এএ প্রশাসন স্থানীয় প্রশাসনিক ও উপদেষ্টা পর্যায়ে মুসলিম বাসিন্দাদের অন্তর্ভুক্ত করেছে এবং মংডুতে একটি ঐতিহাসিক মসজিদ অনেক বছর বন্ধ থাকার পর ২০২৫ সালের সেপ্টেম্বরে আবার খুলে দেওয়া হয়েছে। তবে এই পদক্ষেপগুলো রোহিঙ্গাদের সমান অধিকার নিশ্চিত করার সমতুল্য নয়।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক কার্যালয় জানিয়েছে, আরাকান আর্মির নিয়ন্ত্রণে থাকা এলাকায় রোহিঙ্গাদের নির্বিচারে আটক, জোরপূর্বক নিয়োগ, যৌন সহিংসতা এবং সম্পত্তি দখলের মতো গুরুতর নির্যাতন চালাচ্ছে। মানবাধিকার সংস্থাগুলো আরাকান আর্মির বিরুদ্ধে রোহিঙ্গা বেসামরিক নাগরিকদের ওপর হামলার অভিযোগও তুলেছে। তবে আরাকান আর্মি এসব অভিযোগ অস্বীকার করেছে। তারা অভিযোগ অস্বীকার করলেই রোহিঙ্গা জনগোষ্ঠী বা আন্তর্জাতিক সম্প্রদায় সন্তুষ্ট হবে না। সংগঠনটির উচিত হবে বিশ্বাসযোগ্য ও নিরপেক্ষ তদন্তকে স্বাগত জানানো।

এখানে আরেকটি বিষয় হলোÑআরাকান আর্মি সাধারণত রোহিঙ্গাদের ‘মুসলিম’ হিসেবে অভিহিত করে থাকে, আবার তাদের কোনো কোনো নেতা ‘বাঙালি’ শব্দটিও ব্যবহার করেন। অথচ এই জনগোষ্ঠীর নিজস্ব পরিচয়কে তারা স্বীকৃতি দিচ্ছে না। ‘রোহিঙ্গা’ নামটিকে স্বীকৃতি দিলেই যে নাগরিকত্বের সমস্যার সমাধান হয়ে যাবে, তা নয়। কিন্তু এই নামটি অস্বীকার করা মানে হলো বর্জনের চর্চাকেই পুনরায় উসকে দেওয়া যা এই সংকটকে গভীর ও দীর্ঘস্থায়ী করেছে। আরাকান আর্মি রাখাইনের বৈধ শাসক হিসেবে স্বীকৃতি চায়। কিন্তু শুধু সামরিক জয় দিয়ে এই স্বীকৃতি পাওয়া সম্ভব নয়। তাদের প্রমাণ করতে হবে, রাখাইনের বৌদ্ধ ধর্মাবলম্বী, রোহিঙ্গা এবং অন্যান্য সংখ্যালঘু গোষ্ঠী তাদের শাসনাধীন এলাকায় কোনো বৈষম্য বা ভয়ভীতি ছাড়াই বসবাস করতে পারে।

যা কার্যকর হতে পারে

আরও পড়ুন: ইরান নৌবাহিনীকে অত্যাধুনিক প্রতিরক্ষা সরঞ্জামে সজ্জিত করবে

আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত মিয়ানমারের সামরিক সরকারকে রোহিঙ্গা সংকট সমাধানের একমাত্র কর্তৃপক্ষ হিসেবে গণ্য বন্ধ করা। বাংলাদেশ জানিয়েছে, রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে তারা সেনাবাহিনী সমর্থিত সরকার এবং আরাকান আর্মি উভয় পক্ষের সঙ্গেই যোগাযোগ রাখছে। ২০ নভেম্বর বাংলাদেশের একজন প্রতিমন্ত্রী রয়টার্সকে বলেছেন, ঢাকা আশা করছে ১২ থেকে ১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসনের পথ তৈরি করা সম্ভব হবে।

কিন্তু একটি রাজনৈতিক সময়সূচি কখনোই মাঠপর্যায়ের বাস্তব পরিস্থিতির বিকল্প হতে পারে না। বিমান হামলার মুখে থাকা, দারিদ্র্য ও বিধ্বস্ত অর্থনীতির সঙ্গে লড়াইরত যুদ্ধকালীন কোনো প্রশাসনের পক্ষে আগামীকালই ১০ লাখের বেশি শরণার্থীকে গ্রহণ করার প্রত্যাশা করা যুক্তিসংগত নয়। আবার, যুদ্ধাবস্থা, স্থলমাইন, ক্ষুধা এবং চলাচলের ওপর বিধিনিষেধ থাকা অবস্থায় শরণার্থীদের কোনো পরীক্ষামূলক প্রত্যাবাসন প্রক্রিয়ায় ঠেলে দেওয়াও উচিত নয়। জাতিসংঘের মতে, নিরাপদ, স্বেচ্ছামূলক ও টেকসই প্রত্যাবাসনের জন্য প্রয়োজনীয় পরিবেশ এখনো তৈরি হয়নি।

তবে, ‘আরাকান আর্মি’ চাইলে এখনই কিছু পদক্ষেপ নিতে পারে। তারা রোহিঙ্গাদের অধিকারের প্রতি শ্রদ্ধা প্রদর্শন এবং তাদের ঘরবাড়ি ও সম্পত্তি রক্ষা করতে পারে, স্বাধীন মানবিক পর্যবেক্ষণের সুযোগ দিতে পারে এবং নিজেদের বাহিনীর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর বিষয়ে বিশ্বাসযোগ্য তদন্তকে স্বাগত জানাতে পারে। অন্যদিকে, বাংলাদেশ, রোহিঙ্গা প্রতিনিধি, জাতিসংঘ এবং অন্য আন্তর্জাতিক অংশীদাররা ভবিষ্যতে প্রত্যাবাসনের প্রস্তুতির বিষয়ে ‘আরাকান আর্মি’র সঙ্গে কাজ করতে পারে। রোহিঙ্গা সম্প্রদায়কে শুরু থেকেই এই প্রক্রিয়ায় যুক্ত করতে হবে, তাদের ওপর যেন এমন কোনো চুক্তি চাপিয়ে দেওয়া না হয়, যা অন্যরা আলোচনা করে ঠিক করেছে।

‘আরাকান আর্মি’ নিজে থেকে রোহিঙ্গাদের মিয়ানমারের নাগরিকত্ব দিতে পারে না। তবে তারা রোহিঙ্গাদের পরিচিতিকে স্বীকৃতি প্রদান, তাদের অধিকারের প্রতি সম্মান প্রদর্শন এবং তাদের সুরক্ষায় নিজেদের সদিচ্ছা প্রমাণ করতে পারে। অন্যদিকে, প্রত্যাবাসন ইস্যুতে আন্তর্জাতিক সম্পৃক্ততার অর্থ এই নয় যে, রোহিঙ্গারা স্বয়ংক্রিয়ভাবে আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়ে যাবে। তবে এর মাধ্যমে ‘আরাকান আর্মি’ যাচাইযোগ্য পদক্ষেপ গ্রহণ করে রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারে। এতে তাদের উত্তরাধিকারসূত্রে সামরিক জান্তার পদ্ধতিগুলো গ্রহণ করতে হবে না।

আরও পড়ুন: আত্মহত্যায় সহায়তার উদ্দেশ্যে বিষ বিক্রেতার জন্য ২৫ বছরের কারাদণ্ড চাইলেন কানাডার প্রসিকিউটররা

আরাকান আর্মির প্রধান ‘সোয়ান ম্রাত নাইং’ ইতোমধ্যেই জানিয়েছেন, তিনি রোহিঙ্গাদের ফিরে আসাকে সমর্থন করেন। এখন সংগঠনটির সামনে এটি দেখানোর সুযোগ এসেছে যে, তারা ভিন্নভাবে শাসনকার্য পরিচালনা করতে সক্ষম। তাদের বৈধতার দাবি শুধু শরণার্থীদের প্রত্যাবাসনের প্রতিশ্রুতির ওপর ভিত্তি করে গড়ে ওঠা উচিত নয়। বরং রোহিঙ্গাদের সঙ্গে তারা কেমন আচরণ করছে, এর ওপর ভিত্তি করেই তাদের বৈধতা নির্ধারিত হওয়া উচিত।

এশিয়া টাইমস অবলম্বনে মোতালেব জামালী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যক্ষ্মা চিকিৎসাসেবা প্রকল্প জটিলতা ও জনবল সংকটে হুমকির মুখে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

১২:৩১ পি.এম


যক্ষ্মা চিকিৎসাসেবা প্রকল্প জটিলতা ও জনবল সংকটে হুমকির মুখে

রাজশাহী বিভাগে যক্ষ্মা (টিবি) পরিস্থিতি নীরবে ভয়াবহ রূপ নিয়েছে। যদিও সরকারি পর্যায়ে আধুনিক প্রযুক্তির মাধ্যমে যক্ষ্মা নিয়ন্ত্রণের দাবি জোরালো, মাঠপর্যায়ের চিত্র সম্পূর্ণ বিপরীত। গত পাঁচ বছরে এই বিভাগে যক্ষ্মা রোগী শনাক্তের হার উদ্বেগজনকভাবে প্রায় ৩৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে ডায়াগনস্টিক কিট, জিন এক্সপার্ট কিট ও এক্স-রে ফিল্মের সংকট কমলেও, স্বাস্থ্য সহকারী ও ল্যাব টেকনোলজিস্টদের ব্যাপক শূন্যতা এবং প্রকল্প জটিলতায় গোটা চিকিৎসাসেবা হুমকির মুখে পড়েছে।

জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির (এনটিপি) তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, রাজশাহী বিভাগে ২০২১ সালে প্রতি এক লাখ জনসংখ্যায় যক্ষ্মা শনাক্তের হার ছিল ১৩৫ জন, যা ২০২৫ সালে বেড়ে দাঁড়িয়েছে ১৮১ জনে। পরিসংখ্যান অনুযায়ী, শনাক্ত হওয়া রোগীর সংখ্যা বছরে বছরে বৃদ্ধি পাচ্ছে। ২০২১ সালে ২৭ হাজার ৯৫৪ জন, ২০২৩ সালে ২৯ হাজার ৮০৬ জন, ২০২৪ সালে ৩৪ হাজার ৩৫ জন এবং ২০২৫ সালে তা আরো বেড়ে ৩৫ হাজার ৯৬২ জনে দাঁড়িয়েছে। মাত্র চার বছরের ব্যবধানে নতুন রোগী বেড়েছে প্রায় আট হাজার। গত বছরের পরিসংখ্যানে দেখা যায়, শনাক্ত হওয়া মোট রোগীর মধ্যে ফুসফুসের যক্ষ্মায় আক্রান্ত রোগীই সর্বাধিক ২৩ হাজার ২৩৪ জন, যা প্রায় ৬৫ শতাংশ।

বিভাগের আটটি জেলার মধ্যে ২০২৫ সালের তথ্য পর্যালোচনা করলে শনাক্তের সংখ্যায় সবচেয়ে নাজুক অবস্থায় দেখা যায় বগুড়া ও রাজশাহী জেলাকে। বগুড়ায় ৪৭ হাজার জিন পরীক্ষায় ৪৪৪৮ জন (৯.৪৯ শতাংশ), সিরাজগঞ্জে ৩৯ হাজার ১১২টি পরীক্ষায় ৩৫২৩ (৯.০১%), রাজশাহীতে ৪৬ হাজার ৪৯৪টি পরীক্ষায় ৪০১৩ (৮.৬৩%), নাটোরে ২৫ হাজার ৩৬০টি পরীক্ষায় ২২৩৮ (৮.৮২%), নওগাঁয় ৩২ হাজার ৬১৮টি পরীক্ষায় ২৩৬১ জন (৭.২৪%) এবং পাবনায় ৩১ হাজার ৪৭২টি পরীক্ষার বিপরীতে ২১০২ জন (৬.৬৮%) যক্ষ্মা রোগী শনাক্ত হয়েছে।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তরের তথ্যমতে, গত বছরে ৩৫ হাজার ৯৬২ জন নতুন রোগী চিকিৎসার আওতায় আসেন এবং সাধারণ যক্ষ্মায় চিকিৎসার সাফল্যের হার ৯৩.৫%। তবে সবচেয়ে বড় ভীতি ছড়াচ্ছে ড্রাগ রেজিস্ট্যান্ট বা সাধারণ ওষুধে নিরাময় হয় না এমন যক্ষ্মা (ডিআর-টিবি)। গত বছর শনাক্ত হওয়া ১৪০ জন ডিআর-টিবি রোগীর মধ্যে মাত্র ১২৩ জন সুস্থতার পর্যায়ে পৌঁছেছেন এবং সাতজন মারা গেছেন। বাকিদের মধ্যে চিকিৎসা থেকে ড্রপ আউট হয়েছেন পাঁচজন এবং দুজন চিকিৎসা নিচ্ছেন।

পরিসংখ্যানে দেখা যায়, ২০২১-২০২৫ সালের মধ্যে রাজশাহী বিভাগে ডিআর-টিবিতে আক্রান্ত হয়ে ৭০ জন প্রাণ হারিয়েছেন। এদিকে সরকারের লক্ষ্যমাত্রা যেখানে প্রতি লাখে ২২১ জন রোগী শনাক্ত করা, সেখানে বর্তমান হার মাত্র ১৮১ জন। অর্থাৎ প্রতি লাখে ৪০ জন করে পুরো বিভাগে বছরে প্রায় ১০ হাজার সম্ভাব্য যক্ষ্মা রোগী শনাক্তের বাইরে থেকে যাচ্ছেন। সবচেয়ে আশঙ্কাজনক বিষয় হলো, শিশুদের যক্ষ্মা শনাক্তের হার লক্ষ্যমাত্রার চেয়ে অনেক নিচে—মাত্র ৪.৭৪%।

অনুসন্ধানে জানা যায়, চিকিৎসা ও রোগ নির্ণয় ব্যবস্থা ভেঙে পড়ার মূলে রয়েছে দুই স্তরের তীব্র জনবল সংকট। প্রথমত, রাজশাহী বিভাগে স্বাস্থ্য সহকারীর মোট ২৬৬৬টি অনুমোদিত পদের মধ্যে ১২২১টি পদই বর্তমানে শূন্য পড়ে আছে, যার ফলে মাঠপর্যায়ে রোগীদের ফলো-আপ এবং নিয়মিত ওষুধ সেবন তদারকির চেইন প্রায় অকার্যকর হয়ে পড়েছে।

দ্বিতীয়ত, আন্তর্জাতিক সংস্থা গ্লোবাল ফান্ডের অর্থায়নে ২০২১-২২ সাল থেকে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত মেডিকেল টেকনোলজিস্টরা যক্ষ্মা নির্ণয়ে মূল ভূমিকা পালন করলেও ২০২৫ সালের ডিসেম্বরে অর্থায়ন বন্ধ হয়ে যাওয়ায় ল্যাবগুলো চরম সংকটে পড়েছে। এই দক্ষ জনবলকে সরকারের ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজালের (ডিপিপি) আওতায় নেওয়ার উদ্যোগ একনেকে নীতিগত অনুমোদন পেলেও এখনো প্রশাসনিক অনুমোদন ও প্রজেক্ট ডিরেক্টর (পিডি) নিয়োগ হয়নি। ফলে অনিশ্চয়তার মধ্যেও মানবিক দিক বিবেচনা করে এই টেকনোলজিস্টরা গত ৮-১০ মাস ধরে সম্পূর্ণ বিনা বেতনে সেবা দিয়ে যাচ্ছেন।

সারা দেশে চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত এই জনবল ১০ লাখ ৬০ হাজার জিন এক্সপার্ট, চার লাখ এক্স-রে এবং ৮১ হাজার ৬০০ জন নতুন যক্ষ্মা রোগী শনাক্ত করেছেন বলে জানা গেছে।

যক্ষ্মা (টিবি) চিকিৎসা কার্যক্রম ও ল্যাব টেকনোলজিস্টদের সংকট নিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক রাজশাহী বক্ষব্যাধি হাসপাতালের এক কর্মকর্তা বলেন, তীব্র জনবল ও সেবা সংকট যক্ষ্মা রোগ নির্ণয়ে জাতীয় পর্যায়ে কেন্দ্রীয়ভাবে একটি এনটিআরএল এবং আঞ্চলিক পর্যায়ে পাঁচটি আরটিআরএল চালু থাকলেও, মাঠপর্যায়ের পেরিফেরাল ল্যাবগুলোতে তীব্র জনবল সংকট রয়েছে। বিশেষ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মেডিকেল কলেজ হাসপাতাল এবং জেলা সদর হাসপাতালের টিবি সেন্টারগুলোতে স্বাস্থ্য অধিদপ্তর থেকে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত মেডিকেল টেকনোলজিস্টদের পদের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এই সংকট চরম আকার ধারণ করার সম্ভাবনা রয়েছে।

উল্লেখযোগ্যসংখ্যক কর্মীর মেয়াদ গত বছরের ডিসেম্বরে এবং বাকিদের মেয়াদ গত সেপ্টেম্বরে শেষ হয়ে যায়। এছাড়া আঞ্চলিক পর্যায়ে পাঁচটি আরটিআরএলের মেয়াদ শেষ হবে ডিসেম্বরে।

মানবিক বিবেচনা ও কর্মীদের মানবিক অবস্থা তুলে ধরে তিনি বলেন, ভবিষ্যৎ চাকরি ও নীতিনির্ধারকদের মৌখিক আশ্বাসের ওপর আস্থা রেখে টেকনোলজিস্টরা গত ৮-১০ মাস ধরে সম্পূর্ণ বিনা বেতনে কাজ করে যাচ্ছেন। কর্মবিরতি বা আন্দোলনে গেলে প্রান্তিক যক্ষ্মা রোগীদের চিকিৎসাসেবা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে—এই মানবিক দিক বিবেচনা করে তারা সেবা অব্যাহত রেখেছেন।

মাঠপর্যায়ের বাস্তব চিত্র তুলে ধরে রাজশাহীর পবা পেরিফেরিতে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট আরিফুল ইসলাম আমার দেশকে বলেন, প্রকল্পের চুক্তির মেয়াদ শেষ হয়ে গেলেও মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের মৌখিক আশ্বাসের ওপর ভরসা রেখে আমরা প্রায় ১০ মাস ধরে সম্পূর্ণ বিনা বেতনে নিয়মিত দায়িত্ব পালন করে যাচ্ছি। কেবল রাজশাহী নয়, সারা দেশের চিত্রই একই রকম। তিনি আরো বলেন, সিভিল সার্জনের মাধ্যমে তাদের স্বপদে বহাল রাখার আশ্বাস দেওয়া হয়েছিল। তবে দাপ্তরিক নিয়মনীতি ও জটিলতার কারণে তা এখনো পুরোপুরি কার্যকর না হওয়ায় তারা আশাবাদী হলেও পুরোপুরি অনিশ্চয়তা কাটাতে পারছেন না।

রোগ নির্ণয় ও চিকিৎসা সরঞ্জামের বিষয়ে তিনি বলেন, মাঝখানে টিবি ডায়াগনোসিস পদ্ধতির কার্টিজের সংকট দেখা দিলেও বর্তমানে তা সহনীয় পর্যায়ে এসেছে এবং প্রয়োজনীয় ওষুধেরও কোনো ঘাটতি নেই। তবে ডিপিপি অনুমোদনের পর নতুন কর্মী নিয়োগ না দিয়ে তাদের বহাল রাখার জোর দাবি জানান এই টেকনোলজিস্ট। তার মতে, তারা বিগত ৫-৭ বছর ধরে এই খাতে কর্মরত এবং ইতোমধ্যে একাধিকবার উচ্চতর প্রশিক্ষণ পেয়েছেন। ফলে নতুন কর্মী নিয়োগ দিলে সরকারের যে বাড়তি অর্থ ও প্রশিক্ষণ ব্যয়ের প্রয়োজন হতো, অভিজ্ঞ কর্মীদের রেখে দিলে সেটা সাশ্রয় হবে।

সার্বিক সংকট নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের বিশেষজ্ঞ ও অতিরিক্ত প্রধান চিকিৎসক ডা. নাজিব ওয়াদুদ বলেন, নতুন সুবিধা বাড়ানো তো দূরের কথা, অনুমোদিত শূন্যপদ পূরণ না হওয়া এবং প্রয়োজনীয় কিট ও সরঞ্জামের ঘাটতির কারণেই চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অতিদ্রুত এগুলোর ব্যবস্থা না করলে অদূর ভবিষ্যতে বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে।

স্বাস্থ্য খাতের বর্তমান চ্যালেঞ্জ ও যক্ষ্মা নিয়ন্ত্রণ পরিস্থিতি নিয়ে টিবি গবেষক ও রাজশাহী বক্ষব্যাধি হাসপাতালের কনসালট্যান্ট ডা. মোহাম্মদ জান্নাতুন রায়হান বলেন, অভিজ্ঞ মেডিকেল টেকনোলজিস্টের অভাব এবং প্রকল্পভিত্তিক কর্মীদের অনিশ্চিত পরিস্থিতির কারণে মাঠপর্যায়ে নিয়মিত চিকিৎসাসেবা দিতে গিয়ে চরম বেগ পেতে হচ্ছে। অবশ্য বিষয়টি সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অত্যন্ত ইতিবাচক।

প্রযুক্তিগত অগ্রগতি সত্ত্বেও জাতীয় লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ডা. রায়হান। তিনি সতর্ক করে বলেন, ২০৩৫ সালের মধ্যে ‘জিরো টিবি’ অর্জনের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, তার তুলনায় আমরা এখনো বেশ পিছিয়ে আছি।

রাজশাহী বিভাগীয় যক্ষ্মা বিশেষজ্ঞ ডা. মো. সাইফুল ইসলাম আমার দেশকে বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী, প্রতি লাখ জনসংখ্যায় ২২১ জন যক্ষ্মা রোগী থাকার কথা থাকলেও দেশে বর্তমানে এই শনাক্তের হার প্রায় ১৭০ জনের কাছাকাছি। ফলে প্রায় ১৫-২০ শতাংশ সম্ভাব্য রোগী এখনো শনাক্তের বাইরে (‘মিসিং) থেকে যাচ্ছেন।

মূলত ভৌগোলিক দুর্গম চরাঞ্চল, সীমান্তবর্তী এলাকা এবং কারাগারের মতো সংবেদনশীল স্থানে রোগীদের সহজে ট্র্যাকিং করা কঠিন হওয়ায় এই ঘাটতি তৈরি হয়। যক্ষ্মা অত্যন্ত সংক্রামক, তাই আক্রান্ত ব্যক্তিরা চিকিৎসার বাইরে থাকলে তাদের হাঁচি-কাশির মাধ্যমে পরিবার ও সমাজে রোগটি দ্রুত ছড়িয়ে পড়ার উচ্চ ঝুঁকি সৃষ্টি হয়। তবে শনাক্তের ক্ষেত্রে চ্যালেঞ্জ থাকলেও চিকিৎসায় সাফল্যের হার অত্যন্ত আশাব্যঞ্জক বলে জানান এই টিবি বিশেষজ্ঞ।

তিনি উল্লেখ করেন, কঠিন প্রকৃতির ড্রাগ রেজিস্ট্যান্ট যক্ষ্মা বা ডিআর-টিবির ক্ষেত্রে চিকিৎসায় সাফল্যের হার দাঁড়িয়েছে ৮৫-৮৭%। গত বছরের পরিসংখ্যান অনুযায়ী, রাজশাহী বিভাগে চিহ্নিত ১৪০ জন ডিআর-টিবি রোগীর মধ্যে ১২৩ জনই সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন এবং সাতজন মারা গেছেন।

তবে মাঠপর্যায়ের এই সংকটের বিপরীতে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. হাবিবুর রহমান বলেন, বিভাগে বর্তমানে কোনো কিট সংকট নেই। ৮-১৬ মডিউলে ল্যাবগুলোতে নিরবচ্ছিন্ন পরীক্ষা চলছে। মাঠপর্যায়ে রোগীদের নিয়মিত ওষুধ সেবন নিশ্চিত করতে ডাইরেক্টলি অবজারভড ট্রিটমেন্ট ব্যবস্থা জোরদার করা হয়েছে। রাজশাহী বিভাগের কেস নোটিফিকেশন রেট জাতীয় গড়ের চেয়েও ভালো।

জনবল সংকট নিরসনে কাজ চলমান জানিয়ে তিনি বলেন, শূন্যপদ পূরণে মন্ত্রণালয়ের মাধ্যমে বিভিন্ন জেলায় নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

অন্যদিকে গ্লোবাল ফান্ডের মেয়াদ শেষ এবং সরকারি ডিপিপি চালুর বিষয়ে তার জানা নেই বলে মন্তব্য করেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নতুন জেমস বন্ডকে পছন্দ ট্রাম্পের, গোপনে খুঁজলেন রাজনৈতিক পরিচয়

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

১২:৩২ পি.এম


নতুন জেমস বন্ডকে পছন্দ ট্রাম্পের, গোপনে খুঁজলেন রাজনৈতিক পরিচয়

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিনন্দন জানিয়েছেন ব্রিটিশ অভিনেতা রবার্ট প্যাটিনসনকে নতুন জেমস বন্ড হিসেবে নির্বাচিত হওয়ার জন্য। তবে অভিনন্দনের পাশাপাশি, তিনি অভিনেতার রাজনৈতিক মতাদর্শের প্রতি আগ্রহ প্রকাশ করেছেন। ট্রাম্প প্যাটিনসন রক্ষণশীল কি না, তা জানার জন্য নিজের এক সহকারীর সহায়তা নেন।

সম্প্রতি ওভাল অফিসে দ্য নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে, ট্রাম্প প্যাটিনসন সম্পর্কে মন্তব্য করেন। অভিনেতার প্রশংসা করে তিনি বলেন, “তাকে দেখতে ভালো লাগে। তার জন্য শুভকামনা রইল।”

তবে, এই মন্তব্যের আগে, ট্রাম্প প্যাটিনসনের রাজনৈতিক অবস্থান সম্পর্কে নিশ্চিত হতে চান। এজন্য তিনি নাতালি নামের এক সহকারীকে ডেকে অভিনেতার বিষয়ে তথ্য জানতে চান। এ সময় প্যাটিনসনের ব্যক্তিগত ও রাজনৈতিক অবস্থান সংক্রান্ত বিভিন্ন তথ্য, এমনকি তাঁর পুরোনো এক্স পোস্টের প্রিন্ট কপিও ট্রাম্পের সামনে উপস্থাপন করা হয়। সহকারী অভিনেতা সম্পর্কে ইতিবাচক ধারণা দিলে, ট্রাম্প মন্তব্য করেন, “যারা আমাকে পছন্দ করে, আমি সবসময় তাদের পছন্দ করি।”

নতুন জেমস বন্ড সিনেমা নিয়ে ইতিমধ্যে বেশ কিছু তথ্য প্রকাশিত হয়েছে। আমাজন এমজিএম স্টুডিওস জানায়, ফ্র্যাঞ্চাইজিটির পরবর্তী ছবিতে বন্ডের চরিত্রে অভিনয় করবেন রবার্ট প্যাটিনসন। সিনেমাটি পরিচালনা করবেন ডেনিস ভিলনুভ। চিত্রনাট্য লিখছেন স্টিভেন নাইট। প্রযোজনার দায়িত্বে রয়েছেন অ্যামি প্যাসকেল ও ডেভিড হেইম্যান। নির্বাহী প্রযোজক হিসেবে যুক্ত আছেন তানিয়া লাপোয়ান্ত।

এদিকে, প্যাটিনসন বড় পর্দায় ব্যস্ত সময় পার করছেন। এ বছর ক্রিস্টোফার নোলানের দ্য ওডিসিতে অভিনয় করেছেন তিনি। আগামী মাসে মুক্তির অপেক্ষায় থাকা ডিউন: পার্ট থ্রিতেও তাঁকে দেখা যাবে। এসব কাজের ব্যস্ততা পেরিয়ে, এবার নতুন চ্যালেঞ্জ হিসেবে জেমস বন্ডের চরিত্রে নিজেকে প্রস্তুত করছেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরান নৌবাহিনীকে অত্যাধুনিক প্রতিরক্ষা সরঞ্জামে সজ্জিত করবে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

১২:৩২ পি.এম


ইরান নৌবাহিনীকে অত্যাধুনিক প্রতিরক্ষা সরঞ্জামে সজ্জিত করবে

ইরানের প্রতিরক্ষামন্ত্রী মেহেরদাদ আখলাঘি জানিয়েছেন, নৌবাহিনীকে সর্বাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে সজ্জিত করা হবে। শনিবার জাতীয় নৌবাহিনী দিবস উপলক্ষে তিনি এই মন্তব্য করেন।

বার্তায় তিনি উল্লেখ করেন, দেশীয় নৌপ্রযুক্তির উন্নয়ন, প্রতিরক্ষা সরঞ্জামে আধুনিকীকরণ এবং প্রতিরক্ষা উৎপাদন ও সহায়তা অবকাঠামোকে শক্তিশালী করতে প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রতিশ্রুতিবদ্ধ।

আখলাঘি বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনী গৌরবোজ্জ্বল ইতিহাসের ধারাবাহিকতায় দেশের সমুদ্রসীমার নিরাপত্তা রক্ষা এবং জাতীয় নিরাপত্তা ও স্বার্থ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই বাহিনী দেশের প্রতিরক্ষা ও সামুদ্রিক নিরাপত্তায় কার্যকর উপস্থিতির মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

তিনি আরও বলেন, সমুদ্রের কৌশলগত গুরুত্ব এবং অঞ্চলের সংবেদনশীল পরিস্থিতির প্রেক্ষাপটে নৌবাহিনীর যুদ্ধ ও পরিচালন সক্ষমতা এবং ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনীর সঙ্গে সমন্বয় দেশের প্রতিরক্ষাশক্তি ও প্রতিরোধ সক্ষমতার ভিত্তি হিসেবে কাজ করছে।

সশস্ত্র বাহিনীর সাহসী কমান্ডারদের নিষ্ঠা এবং সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ ও খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কৌশলগত দিকনির্দেশনায় নৌবাহিনীর প্রস্তুতি ও সক্ষমতা আরও জোরদার করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

আখলাঘি বলেন, প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি এবং সশস্ত্র বাহিনীকে নিরবচ্ছিন্ন সহায়তা প্রদান প্রতিরক্ষা ও সশস্ত্র বাহিনীর রসদ মন্ত্রণালয়ের অন্যতম কৌশলগত দায়িত্ব।

তিনি জানান, দেশের বৈজ্ঞানিক, শিল্প ও প্রযুক্তিগত সক্ষমতাকে কাজে লাগিয়ে নৌবাহিনীর সামর্থ্য বৃদ্ধি, দেশীয় ও অত্যাধুনিক প্রযুক্তির উন্নয়ন, পরিচালনগত চাহিদা পূরণ এবং প্রতিরক্ষা উৎপাদন ও সহায়তা অবকাঠামো শক্তিশালী করার কার্যক্রম জোরদারভাবে এগিয়ে নেওয়া হচ্ছে।

সূত্র: বার্তা সংস্থা মেহের

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিউইয়র্কে ৫০ ডলারে জীবন বদলে দিয়েছেন নাহিদ খান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

১২:৩৩ পি.এম


নিউইয়র্কে ৫০ ডলারে জীবন বদলে দিয়েছেন নাহিদ খান

নাহিদ খান নামক একজন ব্যক্তি মাত্র ৫০ ডলার নিয়ে নিউইয়র্কে আসেন জীবন পরিবর্তনের স্বপ্ন নিয়ে; কিন্তু বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশের এই ব্যস্ত শহরে এসে যেন তিনি পড়েন এক অন্ধকারে। পরিচিত আত্মীয়-পরিজন, ‘গ্যারান্টার’ কেউ নেই তার। ফলে তিনি কাজ পাচ্ছেন না। অপরিচিত কাউকে কাজ দিলে টাকা-পয়সা চুরি করে পালিয়ে যাওয়ার আশঙ্কায় ভুগছেন তিনি। রাস্তার পাশে কখনো ঘুমিয়ে, কখনো দিনের পর দিন অভুক্ত থেকে, এমন কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে শুরু হয় নাহিদ খানের জীবন।

তবে সময়ের সাথে পরিবর্তন এসেছে। হাডসন নদীর পানি অনেক দূর গড়িয়েছে। নিউইয়র্কের প্রকৃতির রূপও পরিবর্তিত হয়েছে। প্রতিটি মৌসুমে গাছে গাছে পাতার রঙের পরিবর্তন ঘটেছে, ঠিক তেমনি নাহিদ খানও বদলে নিয়েছেন তার ভাগ্য। মাত্র ৫০ ডলারের পুঁজি এখন মিলিয়ন ডলারের ঘরে পৌঁছেছে। একের পর এক ব্যবসা গড়ে তুলেছেন। যিনি একদিন ‘চুরি’র ভয়ে কাজ পেতেন না, তিনি এখন অসহায় নতুন লোকদের বিনা গ্যারান্টিতে কাজ দেন। নিউইয়র্কের জ্যাকসন হাইটসের বাংলাদেশি অধ্যুষিত ৩৭ এভিনিউ ও ৭৪ স্ট্রিটের প্রাণকেন্দ্রে তার দুটি বিখ্যাত রেস্টুরেন্ট রয়েছে। পাশাপাশি আরেকটি চালুর কাজও চলছে। বর্তমানে তার প্রতিষ্ঠানে অন্তত ৭০ জন কর্মী কাজ করছেন।

একসময় নিজে খাবার না পেয়ে কষ্টে কাটানো নাহিদ এখন প্রতিরাতে অপেক্ষাকৃত স্বল্প দামে তার রেস্টুরেন্টে খাবার বিক্রি করেন। রাত ১০টা বাজলেই তার রেস্টুরেন্টে লম্বা লাইন পড়ে যায়। মানবিক ব্যবসার কারণে জ্যাকসন হাইটসে তিনি এখন সফল উদ্যোক্তা, যাকে সবাই মামা নাহিদ বলে ডাকে। আশপাশের অন্যান্য রেস্টুরেন্টের তুলনায় তার রেস্টুরেন্টে খাবারের দাম কম রাখায় সাধারণ মানুষের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয়। যেখানে অন্য রেস্টুরেন্টে এক প্লেট কাচ্চি বিরিয়ানি ১৮ থেকে ২০ ডলারে বিক্রি হয়, সেখানে মামা নাহিদের প্রতিষ্ঠানে কাচ্চি বিরিয়ানি পাওয়া যায় মাত্র ১২ ডলারে। দেশি ভাত, মাছ ও মাংসের খাবারের প্যাকেজ ৯-১০ ডলারে পাওয়া যায়। তার দোকানে আসা কাস্টমারদের মতে মামা নাহিদের আচরণ যেমন চমৎকার, তেমনি খাবারের স্বাদও অসাধারণ, ফলে দূর-দূরান্ত থেকে মানুষ এখানে খেতে আসেন।

নাহিদ খান নিজে রান্না করেন, যা বাড়তি শেফের বেতন ও মার্জিন যোগ না করেই কম দামে খাবার বিক্রির পেছনের গল্প তুলে ধরে। তিনি জানান, ব্যবসা করতে হবে, আবার কম লাভের মার্জিনে মানুষকে খাওয়াতেও হবে। শুধুমাত্র মুনাফা করাই তার লক্ষ্য নয়। মানুষের সেবা করা, মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা থেকেই তিনি এ ব্যবসা ও সহযোগিতা চালিয়ে যাচ্ছেন। তার কাছে মানুষের উপকার ও সহযোগিতা করাটাই ব্যবসা এবং এক ধরনের ইবাদত।

ফ্রেশ বেকারি অ্যান্ড সুইটসসহ তার প্রতিষ্ঠানে প্রতিদিন নিত্যনতুন ও তাজা খাবারের সমাহার থাকে। প্রতি শুক্রবার ও রবিবার বিশেষভাবে কাচ্চি বিরিয়ানি ও তেহারি বিরিয়ানি রাখা হয়। সপ্তাহের অন্যান্য দিন একেক দিন একেকটি বিশেষ আইটেমসহ প্রতিদিন তাজা খাবার সরবরাহ করা হয়। সবচেয়ে বড় বিষয় হলো, এখানে শতভাগ হালাল খাবার পরিবেশন করা হয়। হালাল সার্টিফায়েড মাংস দিয়ে প্রতিটি রান্না সম্পন্ন করা হয়। ফলে নাহিদ খানের রেস্টুরেন্টের খাবার বাংলাদেশিদের কাছে অপ্রতিদ্বন্দ্বী।

নাহিদ খান নিজেই তার কাজ করেন। কেউ না থাকলে নিজের প্রতিষ্ঠানের পরিচ্ছন্নতার কাজও করেন নিজে। তিনি বলেন, ‘বড়লোকি করি না, নিজের কাজ নিজে করি, কোনো কাজই আমার কাছে ছোট নয়।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%