ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

শিশুকে মাটিতে আছাড় মেরে হত্যার দায়ে ইতালি প্রবাসী জাহাঙ্গীর আলমের যাবজ্জীবন


শিশুকে মাটিতে আছাড় মেরে হত্যার দায়ে ইতালি প্রবাসী জাহাঙ্গীর আলমের যাবজ্জীবন

চট্টগ্রামের সন্দ্বীপে পাঁচ বছরের শিশু আলী হোসেনকে মাটিতে আছাড় মেরে হত্যার ঘটনায় আদালত জাহাঙ্গীর আলম নামে এক ইতালি প্রবাসীকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন। আদালত একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করারও নির্দেশ দিয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কাজী আব্দুল হান্নান এ রায় প্রদান করেন। মামলায় ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ এবং প্রায় এক বছরের বিচারিক কার্যক্রম শেষে এই রায় ঘোষণা করা হয়।

মামলার সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১৭ সেপ্টেম্বর সকালে সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পেলিশ্যার বাজার ও উচ্চার বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে আলীকে তুলে মাটিতে আছাড় মারার অভিযোগ ওঠে ইতালি প্রবাসী মো. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে। এতে শিশুটির মাথায় গুরুতর আঘাত লাগে এবং তার মুখ ও কান দিয়ে রক্তক্ষরণ শুরু হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে নেয়া হলে শিশুটি পথেই মারা যায়।

আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শিশুটির বাবা আবু তাহেরের সঙ্গে অভিযুক্ত জাহাঙ্গীর আলমের পূর্ববিরোধ ছিল। ওই বিরোধের জের ধরে শিশুটির ওপর হামলার অভিযোগ ওঠে।

শিশু আলী হোসেন হত্যার ঘটনায় দায়ের করা মামলার বিচারিক কার্যক্রম শেষে আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ম্যাক্স গ্রুপের উদ্যোগে ৩৫তম জাতীয় সাঁতার প্রতিযোগিতা শুরু কাল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং

০৬:২৯ পি.এম


ম্যাক্স গ্রুপের উদ্যোগে ৩৫তম জাতীয় সাঁতার প্রতিযোগিতা শুরু কাল

ঢাকা, ২৭ অক্টোবর, ২০২৬ : বাংলাদেশ সাঁতার ফেডারেশনের উদ্যোগে ম্যাক্স গ্রুপ আগামীকাল থেকে ৩৫তম জাতীয় সাঁতার প্রতিযোগিতা শুরু করতে যাচ্ছে। এই প্রতিযোগিতা মিরপুরের সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে চারদিনব্যাপী চলবে, যা ৩১ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে।

এবারের প্রতিযোগিতায় মোট ৪৯টি ইভেন্টে ৪৭০ জন পুরুষ এবং ১০২ জন নারী সাঁতারু, মিট অফিসিয়ালসহ মোট ৮০০ জন অংশগ্রহণ করবেন।

জাতীয় সাঁতার, ডাইভিং এবং ওয়াটারপোলো প্রতিযোগিতার আয়োজন উপলক্ষে মঙ্গলবার বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ)’র সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল টুর্নামেন্টের বিস্তারিত তুলে ধরেন। এ সময় যুগ্ম সম্পাদক ও টুর্নামেন্ট কমিটির আহবায়ক সেলিম মিয়া, কোষাধ্যক্ষ রেজাউল হোসেন বাদশা এবং ম্যাক্স গ্রুপের প্রতিনিধি ইব্রাহিম খলিল পলাশ উপস্থিত ছিলেন।

ওয়ার্ল্ড এ্যাকোয়াটিক্সের নতুন নিয়ম অনুযায়ী, গত বছর থেকে পুরুষ বিভাগে ৮০০ মিটার ফ্রি স্টাইল, মহিলা বিভাগে ১৫০০ মিটার ফ্রি স্টাইল, ৪ ১০০ মিটার মিক্সড ফ্রি স্টাইল রিলে (পুরুষ ও মহিলা) এবং ৪ ১০০ মিটার মিক্সড মিডলে রিলে (পুরুষ ও মহিলা) অন্তর্ভুক্ত করা হয়েছে। এ কারণে সাঁতারের মোট ৪২টি ইভেন্ট অনুষ্ঠিত হবে।

এছাড়া মহিলাদের জন্য ৩টি ডাইভিং ইভেন্টসহ ডাইভিংয়ে মোট ৬টি ইভেন্ট এবং ওয়াটার পোলোসহ এবারের প্রতিযোগিতায় সব মিলিয়ে ৪৯টি ইভেন্ট অনুষ্ঠিত হবে।

নতুন সংযোজন হিসেবে এবছর বুদ্ধি প্রতিবন্ধী ও শারীরিক প্রতিবন্ধী সাঁতারুদের জন্য একটি প্রদর্শনী সাঁতার ইভেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে।

নতুন জাতীয় রেকর্ড সৃষ্টি করা সাঁতারুদের জন্য ৫ হাজার টাকা আর্থিক পুরস্কারের ঘোষণা দিয়েছে ফেডারেশন।

সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক আমিনুল হক দেওয়ান সজল জানিয়েছেন, বুধবার সকাল সাড়ে ৮টায় প্রতিযোগিতা শুরু হবে। তবে এদিন বিকেল ৩টায় আনুষ্ঠানিক উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। উদ্বোধনী অনুষ্ঠানে সাঁতার ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়া অনুষ্ঠানে বগুড়া-৬ (সদর) আসনের এমপি রেজাউল করিম বাদশা এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ও সাঁতার ফেডারেশনের সহ সভাপতি ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীরও উপস্থিত থাকবেন।

আগামী ৩১ অক্টোবর শনিবার সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খাঁন, জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) জাহেদ পারভেজ চৌধুরী, এবং ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর।

ইলেকট্রনিক স্কোর বোর্ড সম্পর্কে ফেডারেশনের সাধারণ সম্পাদক জানান, স্কোর বোর্ডটি কয়েক বছর আগে বসানো হয়েছিল, কিন্তু বর্তমানে এটি অকার্যকর। এই বিষয়টি নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদ ও সংশ্লিষ্ট ক্রীড়া কর্তৃপক্ষ অবগত রয়েছে। মিরপুর সুইমিং কমপ্লেক্স একটি আন্তর্জাতিক ভেন্যু হিসেবে পরিচিত। এই ভেন্যুতে স্কোর বোর্ড ছাড়া আন্তর্জাতিক সাঁতার প্রতিযোগিতা আয়োজন করা সম্ভব নয়। আশা করা হচ্ছে, ক্রীড়া প্রশাসন বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে ব্যবস্থা নেবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঘূর্ণিঝড় ‘অর্ণব’ শক্তি বাড়াচ্ছে, ১২ ঘণ্টায় হতে পারে ‘অতি তীব্র’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং

০৬:৩০ পি.এম


ঘূর্ণিঝড় ‘অর্ণব’ শক্তি বাড়াচ্ছে, ১২ ঘণ্টায় হতে পারে ‘অতি তীব্র’

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘অর্ণব’ ক্রমাগত শক্তি বাড়াচ্ছে। ভারতীয় আবহাওয়া দফতরের বিশ্লেষণ অনুযায়ী, আগামী ১২ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়টি তীব্র থেকে অতি তীব্র আকার ধারণ করতে পারে।

ভোর সাড়ে ৫টার তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড়টি অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম থেকে ২৬০ কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ-পূর্বে, ওড়িশার গোপালপুর থেকে ৩৮০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে।

স্থানীয় আবহাওয়াবিদদের মতে, ঘূর্ণিঝড়টি পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে এটি খানিক বাঁক নিয়ে উত্তর-পশ্চিম দিকে এগোবে। বুধবার (২৮ অক্টোবর) সকালে অন্ধ্রপ্রদেশ এবং পুদুচেরীর ইয়ানাম উপকূলের বাপটলা এবং বিশাখাপত্তনমের মধ্যবর্তী এলাকায় স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে ‘অর্ণব’র। আছড়ে পড়ার সময় অন্ধ্র উপকূলে ঘণ্টায় ১১৫-১২৫ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। ঝোড়ো হাওয়ার সর্বোচ্চ গতিবেগ ১৪০ কিলোমিটার হতে পারে।

এখন পর্যন্ত অন্ধ্রের চারটি জেলায় ঝড়বৃষ্টি শুরু হয়ে গেছে। এই জেলাগুলি হলো- অনকাপল্লী, শ্রীকাকুলম, বিশাখাপত্তনম এবং বিজয়নগরম। উদ্ধারকাজে গতি আনতে কাকীনাডা, কোনাসীমা, রাজামুন্দ্রি, এলুরু, মছলিপত্তনম এবং নাকাপল্লীর মতো স্থানে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) একাধিক দল মোতায়েন করা হয়েছে। উদ্ধারকারী দল ইয়ানাম, কৃষ্ণা এবং বিশাখাপত্তনমেও মোতায়েন করা হয়েছে।

এদিকে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে মঙ্গল এবং বুধবার অন্ধ্রে ৫৩টি ট্রেন বাতিল করা হয়েছে। এর ফলে বিজয়ওয়াড়া, রাজামুন্দ্রি, কাকীনাডা এবং বিশাখাপত্তনমের মধ্যে সংযোগ রক্ষাকারী একাধিক ট্রেনের পরিষেবা এই দু’দিন পাওয়া যাবে না। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ৮টি ট্রেন বাতিল করা হয়েছে ওড়িশাতেও। উল্লেখযোগ্য ট্রেনগুলোর মধ্যে রয়েছে বিশাখাপত্তনম-কোরাপুট প্যাসেঞ্জার এবং বিশাখাপত্তনম-কিরন্ডুল প্যাসেঞ্জার। যাত্রীদের সুবিধার্থে বিশাখাপত্তনমে বিশেষ কন্ট্রোল রুম খুলেছে দক্ষিণ উপকূলীয় রেলওয়ে।

মূলত অন্ধ্র লাগোয়া দক্ষিণ ওড়িশায় ঘূর্ণিঝড়ের সবচেয়ে বেশি প্রভাব পড়বে। বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়েছে গঞ্জাম, গজপতি, রায়গড়া, মালকানগিরি, কোরাপুট এবং নবরংপুর জেলায়। এই ছয় জেলায় মঙ্গল এবং বুধবার সমস্ত স্কুল-কলেজ, অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ রাখা হচ্ছে। আবহাওয়া পরিস্থিতি বিশ্লেষণ করে মঙ্গল এবং বুধবার সমস্ত স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে আন্দামান ও নিকোবর প্রশাসন। আপৎকালীন পরিস্থিতি মোকাবিলার জন্য ওড়িশা রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং এনডিআরএফ-এর সদস্যরা মোতায়েন থাকবেন। নিচু এবং বিপদসঙ্কুল এলাকা থেকে ইতিমধ্যেই বাসিন্দাদের ত্রাণশিবিরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝিঁ বিপর্যয় মোকাবিলার প্রস্তুতি খতিয়ে দেখার জন্য আট মন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন। তারা ভিন্ন ভিন্ন স্থানে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

‘অর্ণব’র প্রভাব পশ্চিমবঙ্গ উপকূলেও পড়তে চলেছে। উপকূল সংলগ্ন জেলাগুলিতে ভারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সেই সঙ্গে বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে। ঘূর্ণিঝড়ের কারণে উপকূল সংলগ্ন সমুদ্র উত্তাল হতে পারে। মৎস্যজীবীদের জন্য আলিপুর আবহাওয়া দফতর বিশেষ সতর্কতা জারি করেছে। পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড় ‘অর্ণবের’ প্রভাবে পশ্চিমবঙ্গের উপকূল সংলগ্ন সমুদ্র মঙ্গলবার থেকে উত্তাল হতে শুরু করবে। ঢেউ ‘অতি উত্তাল’ হয়ে উঠতে পারে। তাই বৃহস্পতিবার পর্যন্ত সমুদ্রে মৎস্যজীবীদের গতিবিধি নিয়ন্ত্রণ করা হয়েছে।

মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া ও হুগলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বুধবার ভারি বৃষ্টি (৭ থেকে ১১ সেন্টিমিটার) হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। এই চার জেলায় ঝোড়ো হাওয়ার বেগ থাকবে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও ঝোড়ো হাওয়া বইবে, সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি। বৃহস্পতি এবং শুক্রবার ভারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায়। বর্ষণের কারণে পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস।

ঘূর্ণিঝড়ের কারণে উপকূলীয় অঞ্চলে ভারি বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়াও গভীর নিম্নচাপ ও পূর্ণিমার কটালের কারণে নদী ও সমুদ্রে জলোচ্ছ্বাসের শঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে দক্ষিণ ২৪ পরগনার নামখানা-সহ উপকূলীয় অঞ্চলের ফ্রেজারগঞ্জ উপকূল থানা, গঙ্গাসাগর কোষ্টাল থানা, গোবর্ধনপুর কোষ্টাল থানার পক্ষ থেকে এলাকাবাসীকে সতর্ক করতে মাইকে প্রচার শুরু হয়েছে। মৎস্যজীবীদের জন্য সমুদ্রে মাছ ধরতে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সমুদ্রে মাছ ধরতে যাওয়ার সকল মৎস্যজীবীদের নিরাপদ স্থানে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। দুর্যোগ মোকাবিলার জন্য সাগর, নামখানা-সহ উপকূলীয় এলাকায় সিভিল ডিফেন্সের কর্মীদের মোতায়েন করা হয়েছে।

উপকূলবর্তী না হওয়া সত্ত্বেও ঘূর্ণিঝড়ের প্রভাব বিহার এবং উত্তর প্রদেশেও পড়তে পারে। পূর্ব উত্তর প্রদেশ এবং বিহারে ভারি বর্ষণের পূর্বাভাস রয়েছে। এই বিষয়ে দুই রাজ্যকে সতর্ক করেছেন ক্যাবিনেট সচিব টিভি সোমনাথন।

সূত্র: আনন্দবাজার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাকসুদ কামাল ও জাফর ইকবালসহ পাঁচজনকে আত্মসমর্পণে বিজ্ঞপ্তির নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং

০৬:৩১ পি.এম


মাকসুদ কামাল ও জাফর ইকবালসহ পাঁচজনকে আত্মসমর্পণে বিজ্ঞপ্তির নির্দেশ

জুলাই বিপ্লবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য অধ্যাপক মাকসুদ কামাল এবং শাবিপ্রবির সাবেক অধ্যাপক জাফর ইকবালসহ পাঁচজনকে আত্মসমর্পণের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই নির্দেশনা প্রদান করে।

এর আগে, গত ২০ সেপ্টেম্বর, আসামিদের বিরুদ্ধে প্রসিকিউশনের দেওয়া অভিযোগ গ্রহণ করে ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। আজ সকালে এই মামলার তিন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

প্রসিকিউটর মইনুল করিম বলেন, "আগেই পাঁচ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের ঠিকানায় গিয়ে খুঁজে পায়নি। পরে আসামিদের আত্মসমর্পণ করতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেওয়া হয়েছে।"

মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের ১ জুলাই থেকে শুরু হওয়া বৈষম্যবিরোধী আন্দোলন দমনে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল করিম শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতসহ অন্যান্য নেতাকর্মীরা তৎপর হয়ে ওঠেন।

অভিযোগে আরও বলা হয়েছে, ১৩ জুলাই আসামি জামাল উদ্দিন মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের সভাপতি ও মুখপাত্র হিসেবে এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মুক্তিযুদ্ধ মঞ্চের সমাবেশে বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের রাজাকারের বংশধর, পরাজিত অপশক্তি, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধবিরোধী ট্যাগ দিয়ে তাদের দমনে বল প্রয়োগের উসকানি ও প্ররোচনা দেন। জামাল উদ্দিন আন্দোলনকারী শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাবিরোধী ট্যাগ দিয়ে সমূলে উৎপাটন করে বঙ্গোপসাগরে ডুবিয়ে মারার ঘোষণা দেন। অপরদিকে সাবেক বিচারপতি মানিক বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের দমনের লক্ষ্যে উদ্দেশ্যমূলকভাবে পাকিস্তানপন্থী এবং স্বাধীনতাবিরোধী আখ্যা দিয়ে উসকানি ও প্ররোচনা প্রদান করেন।

অভিযোগের বিবরণীতে উল্লেখ করা হয়েছে, শিক্ষার্থীদের রাজাকার ট্যাগ দিয়ে জাফর ইকবাল লেখেন, "ঢাকা বিশ্ববিদ্যালয় আমার বিশ্ববিদ্যালয়, আমার প্রিয় বিশ্ববিদ্যালয়। তবে আমি মনে হয় আর কোনো দিন এই বিশ্ববিদ্যালয়ে যেতে চাইব না। ছাত্রছাত্রীদের দেখলেই মনে হবে, এরাই হয়তো সেই রাজাকার। আর যে কদিন বেঁচে আছি, আমি কোনো রাজাকারের মুখ দেখতে চাই না। একটাই তো জীবন। সেই জীবনে আবার কেন নতুন করে রাজাকারদের দেখতে হবে?" এভাবে তিনি শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনের পক্ষে না নিয়ে তাদের রাজাকার ট্যাগ দিয়ে নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ করে তাদের দমনের উসকানি দেন।

এছাড়া ভিসি মাকসুদ কামাল আন্দোলনের সময় ছাত্রলীগের সঙ্গে মিটিং করে আন্দোলন দমনের পরামর্শ দেন। তিনি শেখ হাসিনার সঙ্গে কথোপকথনের মধ্যে আন্দোলনকারীরা খুব বেড়ে গেছে উল্লেখ করে ব্যবস্থা নেওয়ার কথা বলেন।

অভিযোগে আরও বলা হয়েছে, আসামিদের উসকানি, প্ররোচনা, নির্দেশনা ও অংশগ্রহণের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা করা হয়। এতে সানজিদা আহমেদ তন্বিসহ প্রায় ৩০০ জন শিক্ষার্থী গুরুতর আহত হন। এ ছাড়া ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ঢাবি ক্যাম্পাস ও পার্শ্ববর্তী নিউমার্কেট, নীলক্ষেত, সায়েন্স ল্যাব ও ইডেন কলেজ এলাকায় গুলি করে শাজাহান, খালিদ হাসান সাইফুল্লাহ, সাইদুল ইসলাম শোভন ও মো. আব্দুল ওয়াদুদ শাওন শিকদারকে হত্যা এবং ১৫ জনসহ আরও অনেককে গুরুতর জখম করা হয়। এর মাধ্যমে হত্যার চেষ্টা, নির্যাতন এবং অন্যান্য অমানবিক আচরণের মাধ্যমে আসামিরা মানবতাবিরোধী অপরাধ সংঘটন করেন।

আসামি বিচারপতি মানিক, আ.ক.ম. জামাল উদ্দিন ও সৈকত বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। বাকিরা পলাতক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আওয়ামী লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই : জামায়াত আমির

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং

০৬:৩১ পি.এম


আওয়ামী লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই : জামায়াত আমির

সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান জানিয়েছেন, আওয়ামী লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে কোনো বাধা নেই।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে জামায়াতে ইসলামী কর্তৃক আয়োজিত আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন, যা পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয়।

শফিকুর রহমান উল্লেখ করেন, ‘আওয়ামী লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাঁধা নেই৷ তবে দোষীদের বিচার এ দেশের মাটিতে হতেই হবে।’

তিনি আওয়ামী লীগকে একটি ফ্যাসিস্টদের ক্লাব হিসেবে উল্লেখ করে বলেন, ‘মিথ্যা মামলা দিয়ে জামায়াত নেতৃবৃন্দকে হত্যার ফলাফল আওয়ামী লীগকে অবশ্যই ভোগ করতে হবে৷’

জামায়াতের আমির নতুন কোনো ফ্যাসিবাদের হাতে বাংলাদেশকে ইজারা না দেওয়ার বিষয়ে হুঁশিয়ারি দেন।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, ‘চব্বিশের চেতনা বাস্তবায়নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে বর্তমান সরকার। ফ্যাসিবাদের পথে হেঁটে আওয়ামী লীগের পরিণতির দিকেই এগোচ্ছে বিএনপি।’

এদিকে, জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম মন্তব্য করেন, ‘ইতিহাস সাক্ষী, বিএনপি সরকারে এলে বারবার ব্যার্থতার পরিচয় দেয়৷ বিএনপি এখন আওয়ামী লীগ সাজার চেষ্টা করছে।’

তিনি আরও বলেন, ‘যারাই জামায়াতকে নিশ্চিহ্ন করার চেষ্টা করেছে, তারাই ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে। জামায়াত কচুপাতার পানি নয়। দেশের গণমানুষের আদর্শিক দল।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%