০৯:৪৫ এম
‘আমাদের বাঁচান ভাই, দম বন্ধ হয়ে আসছে।’ জীবনের শেষ মুহূর্তে সহকর্মীদের কাছে এমন আকুতি জানালেও শেষ পর্যন্ত রক্ষা পেলেন না স্পেনপ্রবাসী বাংলাদেশি ইউসুফ হাসান আলিফ (২৭)। স্পেনের রাজধানী মাদ্রিদে একটি বাইসাইকেল গ্যারেজে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডে প্রাণ হারান এই তরুণ।
রোববার (৩০ আগস্ট) মাদ্রিদের আরগানজুয়েলা জেলার মেট্রো পালস দে লা ফ্রন্তেরা এলাকার কাইয়ে কানারিয়াস ১৭ নম্বর সড়কের একটি বাইসাইকেল গ্যারেজে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত ইউসুফ হাসান আলিফ গাজীপুরের কাপাসিয়া উপজেলার আব্দুল মোতালিব ও রহিমা খাতুনের সন্তান। ভাগ্যের পরিবর্তনের আশায় তিনি কিছুদিন আগে স্পেনে পাড়ি দেন। দেশটির নতুন নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পর মাত্র দুই দিন আগে তিনি কাজের অনুমতি বা ওয়ার্ক পারমিট লাভ করেন।
আরও পড়ুন: ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘটে মরদেহ পরিবহনে বিপাকে স্বজনরা, রোগীরাও ভোগান্তিতে
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, প্রতিদিনের মতো ফুড ডেলিভারির কাজে ব্যবহৃত সাইকেলটি নিতে গ্যারেজে যান আলিফ। এ সময় হঠাৎ একটি ইলেকট্রিক বাইসাইকেলের ব্যাটারি বিস্ফোরিত হয় এবং মুহূর্তেই গ্যারেজে আগুন ছড়িয়ে পড়ে। এতে আলিফসহ তার দুই সহকর্মী অগ্নিদগ্ধ হন।
আগুনের তীব্রতা ও ধোঁয়ায় গ্যারেজের ভেতরে আটকা পড়ে তারা শ্বাসকষ্টে ভুগছিলেন। শেষ মুহূর্তে সহকর্মীদের কাছে ‘আমাদের বাঁচান ভাই, দম বন্ধ হয়ে আসছে’ বলে আকুতি জানান আলিফ। তবে তাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।
স্থানীয় জরুরি সমন্বয় কেন্দ্র মাদ্রিদ সিটি কাউন্সিলের ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার ফাইটাররা গ্যারেজে জমে থাকা বিষাক্ত গ্যাস বের করে দেন। নতুন করে অগ্নিকাণ্ডের ঝুঁকি এড়াতে গ্যারেজে থাকা অন্যান্য ইলেকট্রিক বাইসাইকেলও বাইরে সরিয়ে নেওয়া হয়।
পরে ঘটনাস্থলেই চিকিৎসকরা ইউসুফ হাসান আলিফকে মৃত ঘোষণা করেন। অগ্নিকাণ্ডে দগ্ধ তার অপর দুই সহকর্মীকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: ইসরাইলের নির্বাচনে ভোটার উপস্থিতি ৭৭.৭ শতাংশ, ১৯৯৯ সালের পর সর্বোচ্চ
মাত্র দুই দিন আগে ওয়ার্ক পারমিট পাওয়ার পর নতুন জীবনের স্বপ্ন দেখছিলেন আলিফ। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সেই স্বপ্ন পূরণের আগেই মাদ্রিদের ভয়াবহ অগ্নিকাণ্ডে নিভে গেল গাজীপুরের এই তরুণের জীবন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন