ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

পুলিশ ও সাংবাদিক পরিচয়ে ঘরে ঢুকে চাঁদা দাবি, গ্রেপ্তার ২


পুলিশ ও সাংবাদিক পরিচয়ে ঘরে ঢুকে চাঁদা দাবি, গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের হালিশহর থানার শ্যামলী আবাসিক এলাকার একটি বাসায় ৫ ব্যক্তি প্রথমে ‘পুলিশ’ পরিচয়ে প্রবেশ করেন। এরপর তল্লাশির নামে ভয়ভীতি দেখালে তাদের পরিচয়পত্র দেখাতে বলা হয়।

 

তখন ওই প্রতারকরা নিজেদের ‘সাংবাদিক’ দাবি করে বাসায় ‘অসামাজিক কার্যকলাপ চলে’ বলে অপবাদ দেয় এবং এক লাখ টাকা চাঁদা দাবি করে। এক পর্যায়ে পরিবারের সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে তিন প্রতারক পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে দুই প্রতারককে গ্রেপ্তার করে।

আরও পড়ুন: রাজশাহীতে সাঁওতাল শিশুদের মাতৃভাষায় শিক্ষাদান দেখে মুগ্ধ নরওয়ের প্রতিনিধি দল

এ ঘটনায় বুধবার (২ সেপ্টেম্বর) হালিশহর থানায় মামলা দায়ের হয়েছে।

 

গ্রেপ্তার দুজন হলেন সাখাওয়াত হোসেন (৪০) ও মো. মাইনউদ্দিন (৪৬)। মামলার অপর তিন পলাতক আসামি হলেন মো. জাহিদ (৩০), মো. মোস্তাফিজ (৩৬) এবং বাবুল (৩৬)।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন মণ্ডল কালের কণ্ঠকে বলেন, অভিযুক্তরা প্রথমে পুলিশ পরিচয়ে বাসায় প্রবেশ করে। পরে নারী সদস্যরা তাদের পরিচয় নিশ্চিত করতে বললে নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদা আদায়ের চেষ্টা চালায়।

আরও পড়ুন: লক্ষ্মীপুরে মাটি ব্যবসায়ী খোরশেদ আলমকে গুলি করে হত্যা

 

পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করেছে। ওয়াকিটকিসহ মোবাইলফোন জব্দ করা হয়েছে। পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান জোরদার করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ৫৫ বছর বয়সী ভুক্তভোগী নারী তার দুই পুত্রবধূকে নিয়ে বাসায় অবস্থান করছিলেন। পুরুষ সদস্যরা কাজের সূত্রে বাইরে থাকার সুযোগে ওই পাঁচ ব্যক্তি বাসায় ঢুকে নিজেদের পুলিশ পরিচয়ে তল্লাশি শুরু করেন।

 

আরও পড়ুন: শরীয়তপুর সদরেই কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি স্থানীয়দের

তাদের আচরণ সন্দেহজনক মনে হলে পরিচয়পত্র দেখতে চাওয়া হয়। তখন নিজেদের ‘সাংবাদিক’ দাবি করে ওই চক্রটি জানায়, ঘরে অসামাজিক কার্যকলাপের খবর পেয়ে তারা এসেছেন।

এক পর্যায়ে তারা মুঠোফোনে ওই তিন নারীর ভিডিও ধারণ শুরু করেন এবং তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। ভুক্তভোগী নারী বাসাটি নিজের বলে পরিচয় দিলেও চক্রটি হুমকি-ধমকি দিতে থাকে। টাকা দিতে অস্বীকৃতি জানালে আসামিরা ঘরে ভাঙচুর চালান। এ সময় নারীদের চিৎকারে স্থানীয় প্রতিবেশীরা এগিয়ে এলে চক্রটি তাদের সঙ্গেও দুর্ব্যবহার করে। পরবর্তীতে ৯৯৯-এ কল করা হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালানোর চেষ্টা করলে সাখাওয়াত ও মাইনউদ্দিনকে আটক করা হয়।

 

আরও পড়ুন: টঙ্গীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ মিছিল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রতিটি শিশুর কার্যকর শেখাই হবে প্রাথমিক শিক্ষার সর্বোচ্চ অগ্রাধিকার : ববি হাজ্জাজ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:২৮ পি.এম


প্রতিটি শিশুর কার্যকর শেখাই হবে প্রাথমিক শিক্ষার সর্বোচ্চ অগ্রাধিকার : ববি হাজ্জাজ

যশোর, ২ সেপ্টেম্বর, ২০২৬ : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উল্লেখ করেছেন যে, প্রাথমিক শিক্ষা ব্যবস্থার প্রতিটি সিদ্ধান্তের কেন্দ্রে শিশু এবং তার শেখার প্রক্রিয়াকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। বিদ্যালয়ের ভবন ও অবকাঠামো উন্নয়ন ছাড়াও, প্রতিটি শিশুর কার্যকর শেখা, প্রয়োজনীয় দক্ষতা, আত্মবিশ্বাস এবং বাস্তব জীবনের উপযোগী সক্ষমতা নিশ্চিত করাই হবে প্রাথমিক শিক্ষার মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, শিশুরা কী শিখছে, কতটা শিখছে এবং সেই শেখা বাস্তবে প্রয়োগ করতে পারছে কি না, তা নিয়মিত যাচাই ও মূল্যায়নের মাধ্যমে শিক্ষার গুণগত মানোন্নয়ন করা হবে।

যশোর পিটিআই অডিটোরিয়ামে ‘বাংলাদেশের প্রাথমিক শিক্ষায় শ্রেণি কার্যক্রম পরিচালনা, মনিটরিং, জবাবদিহিতা ও প্রশাসনিক কাঠামোর সংস্কার’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আজ এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, প্রাথমিক শিক্ষার লক্ষ্য শুধুমাত্র বই পড়ানো নয়, বরং প্রতিটি শিশুর জ্ঞান, দক্ষতা ও আত্মবিশ্বাস নিশ্চিত করা। পড়াশোনার পাশাপাশি শিশুদের নিজের কথা স্পষ্টভাবে বলা ও যোগাযোগের সক্ষমতা যাচাইয়ের জন্য ‘স্পিকিং টেস্ট’ চালু করা হবে।

তিনি বলেন, ‘আমরা এমন একটি প্রাথমিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চাই, যেখানে প্রতিটি শিশু শিখবে, নিজের কথা বলতে পারবে এবং ভবিষ্যতের জন্য আত্মবিশ্বাসী হয়ে উঠবে।’

শিক্ষক সংকট প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, আগামী এক বছরের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩০ হাজারের অধিক সহকারী শিক্ষক নিয়োগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষক সংকট নিরসন, শ্রেণি কার্যক্রম আরও কার্যকর করা এবং প্রতিটি শিশুর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় সংখ্যক যোগ্য ও দক্ষ শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

ববি হাজ্জাজ উল্লেখ করেন, শিক্ষার গুণগত মানোন্নয়নে পর্যাপ্ত শিক্ষক নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার।

প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষা-ভাবনা ও নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতির আলোকে একটি কার্যকর, মানসম্মত ও শিশুকেন্দ্রিক প্রাথমিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার কাজ করছে। প্রধানমন্ত্রী বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এবং বিশেষ করে প্রাথমিক শিক্ষা নিয়ে যে স্বপ্ন জাতির সামনে তুলে ধরেছেন, তা বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, ‘আমরা এমন একটি প্রাথমিক শিক্ষা ব্যবস্থা চাই, যেখানে প্রতিটি শিশু শুধু বিদ্যালয়ে যাবে না, কার্যকরভাবে শিখবে। শিশুর জ্ঞান, দক্ষতা, আত্মবিশ্বাস ও ভবিষ্যতের জন্য প্রস্তুত হয়ে ওঠাই হবে আমাদের কাজের সবচেয়ে বড় অর্জন।’

জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. মতিয়ার রহমান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মো. মাসুদ হোসেন এবং প্রাথমিক শিক্ষা খুলনা বিভাগীয় উপপরিচালক, ড. মো. শফিকুল ইসলাম।

এছাড়া অনুষ্ঠানে খুলনা বিভাগের সব জেলার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, পিটিআই সুপারিনটেনডেন্ট, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবং সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসাররা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানের সমর্থনে ‘ক্ষুধার্ত হাঙরের’ দাঁতভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি পুতিনের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:২৯ পি.এম


ইরানের সমর্থনে ‘ক্ষুধার্ত হাঙরের’ দাঁতভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি পুতিনের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানকে সমর্থন জানিয়ে ইউক্রেন যুদ্ধকে আরো তীব্র করার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি জানিয়েছেন, যদি কেউ রাশিয়াকে গ্রাস করার চেষ্টা করে, তাহলে তাকে ‘দাঁতভাঙা জবাব’ দেওয়া হবে।

 

পুতিন কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) বৈঠকে অংশগ্রহণের সময় সাংবাদিকদের সঙ্গে এই মন্তব্য করেন। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান সংঘাতের প্রেক্ষিতে তেহরানের প্রতি মস্কোর সমর্থন অব্যাহত রাখার কথাও বলেছেন।

তিনি জানান, ইউক্রেন যুদ্ধের বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের সঙ্গে কাজ করতে তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন। পুতিন বলেন, “আমরা যাদের ভালোভাবে চিনি এবং সাধারণভাবে যাদের ওপর আস্থা রাখি, তাদের সঙ্গে কাজ করতে পুরোপুরি স্বাচ্ছন্দ্যবোধ করি।”জানাচ্ছে, ইউক্রেন গত কয়েক মাস ধরে রাশিয়ার তেল শোধনাগার, জাহাজ ও অন্যান্য অবকাঠামোতে দূরপাল্লার হামলা চালাচ্ছে। এসব হামলার ফলে রাশিয়ার বিভিন্ন অঞ্চলে জ্বালানি সরবরাহে সংকট সৃষ্টি হয়েছে এবং অর্থনীতিতে চাপ বেড়েছে বলে দাবি করেছে মস্কো।

পুতিন দাবি করেন, গত ৪০ দিনে ইউক্রেনের হামলায় রাশিয়ার প্রায় ১০০টি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে রাশিয়ার অর্থনীতির যে ক্ষতি হয়েছে, তা দেশটির মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ১ শতাংশের সমান।

 

এর প্রতিক্রিয়ায় রাশিয়া ইউক্রেনে হামলা বৃদ্ধি করেছে। নতুন ধরনের জেটচালিত ড্রোন ব্যবহার করে হামলা চালানোর পাশাপাশি রাজধানী কিয়েভ এবং কৃষ্ণসাগরীয় বন্দরগুলোকে লক্ষ্যবস্তু করা হচ্ছে। এর ফলে ইউক্রেনের শস্য রপ্তানি হুমকির মুখে পড়েছে।

পুতিন বলেন, ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় ব্যাপক হামলা চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। তার দাবি, রাশিয়ার হামলার ফলে ইউক্রেনের কৃষিপণ্য রপ্তানি বাধাগ্রস্ত হচ্ছে এবং দেশটি আর্থিক সংকটের ঝুঁকিতে রয়েছে।

 

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির রাশিয়ায় বেসামরিক বিমান চলাচল অনিরাপদ হয়ে পড়ার মন্তব্যের জবাবে পুতিন ইউক্রেনের ড্রোন হামলাকে ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ’ বলে আখ্যায়িত করেন।

কূটনৈতিক গোয়েন্দা তৎপরতা

পুতিন সিআইএর পরিচালক জন র‍্যাটক্লিফের মস্কো সফরের বিষয়েও আলোচনা করেন। তিনি বলেন, স্নায়ুযুদ্ধের উত্তেজনাপূর্ণ সময়েও যুক্তরাষ্ট্র ও রাশিয়ার গোয়েন্দা সংস্থার প্রধানদের মধ্যে সরাসরি যোগাযোগ ছিল। তবে বর্তমানে এ ধরনের যোগাযোগ ‘কিছুটা হলেও স্থগিত’ রয়েছে বলে জানান তিনি।

র‍্যাটক্লিফের মস্কো সফরের কয়েক দিন পর উইটকফ ও কুশনারের সঙ্গে কাজ করার বিষয়ে পুতিনের মন্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ওয়াশিংটন ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে আলোচনার পথে আনতে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে।

এদিকে চলতি মাসের শেষ দিকে রাশিয়ায় অনুষ্ঠেয় পার্লামেন্ট নির্বাচনের পর নতুন করে সেনা নিয়োগ বা বাধ্যতামূলক সামরিক নিয়োগের আশঙ্কা তৈরি হয়েছে। তবে পুতিন এ ধরনের আশঙ্কাকে ‘আজেবাজে কথা’ বলে উড়িয়ে দিয়েছেন।

ইরানের পাশে থাকার ঘোষণা

এসসিও বৈঠকের ফাঁকে পুতিন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করেন। সেখানে তিনি জানান, ইরানের জাতীয় স্বার্থ রক্ষায় দেশটির জনগণের ‘সাহস ও দৃঢ়তার’ প্রতি রাশিয়ার সমর্থন অব্যাহত থাকবে।

পুতিন পেজেশকিয়ানকে বলেন, “এ কঠিন সময়ে আপনাদের যে সহায়তা প্রয়োজন, তা দেওয়ার চেষ্টা করছি আমরা। এ বিষয়ে আপনার সঙ্গে আমাদের আলোচনা হয়েছে এবং প্রয়োজনীয় পণ্যও আমরা সরবরাহ করছি।”

প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে ইসরায়েলের সঙ্গে মিলে যুক্তরাষ্ট্র ইরানে হামলা শুরু করার পর থেকেই তেহরানের প্রতি সমর্থন জানিয়ে আসছে মস্কো। পারস্য উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাসহ বিভিন্ন বিষয়ে গোয়েন্দা তথ্য রাশিয়া ইরানকে দিয়েছে বলেও

উল্লেখ করা হয়েছে। এদিকে কয়েক সপ্তাহের যুদ্ধবিরতির পর চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরান আবারও পরস্পরের ওপর হামলা শুরু করেছে।

হাঙরের ক্ষুধা ও দাঁতভাঙা জবাব

এর আগে রাশিয়ায় শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে এক বৈঠকে ইউক্রেনের সঙ্গে যুদ্ধের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পুতিন মেরুভালুক ও ঘাতক তিমির উদাহরণ দিয়েছিলেন। পরে কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এ বক্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে পুতিন বলেন, সোভিয়েত আমলে পশ্চিমা দেশগুলোকে ‘সাম্রাজ্যবাদের হাঙর’ হিসেবে বর্ণনা করা হতো। যদি কেউ খাদ্যশৃঙ্খলে আমাদের নিচে নামিয়ে দিতে চায়, আমাদের গিলে খেতে বা গ্রাস করতে চায়, তাহলে তারা দাঁতভাঙা জবাব পেতে পারে।

পুতিন আরো বলেন, “এসব হাঙরের ক্ষুধা ও দাঁত দ্রুত বাড়লেও রাশিয়া তার জবাব দিতে প্রস্তুত।”

একই সঙ্গে ইউক্রেনের সঙ্গে আলোচনার প্রসঙ্গে তিনি বলেন, “আমি এ বিষয়টির প্রতি দৃষ্টি আকর্ষণ করতে চাই যে তারাই আমাদের সঙ্গে আবার আলোচনা শুরু করতে চাইছে, ব্যক্তিগত বৈঠকের অনুরোধ করছে।” তবে এরপরই তিনি বলেন, “সন্ত্রাসীদের সঙ্গে আলোচনা হয় না।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্যাব ফরিদপুরের বিতর্কিত সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল আলম পারভেজের হাসপাতাল সিলগালা, ১৫ হাজার টাকা জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

ফরিদপুর প্রতিনিধি

বুধবার, ২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৩২ পি.এম


ক্যাব ফরিদপুরের বিতর্কিত সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল আলম পারভেজের হাসপাতাল সিলগালা, ১৫ হাজার টাকা জরিমানা

ফরিদপুরে ভোক্তা অধিকার সংগঠন ক্যাবের জেলা শাখার বিতর্কিত সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত সৈয়দ নাজমুল আলম পারভেজের মালিকানাধীন ‘আজকের সারাদেশ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’ সিলগালা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। প্রয়োজনীয় অনুমোদন ও বৈধ কাগজপত্র না থাকা এবং স্বাস্থ্যসেবায় বিভিন্ন অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটিকে সিলগালা করার পাশাপাশি ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাদিরদী বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই পরিচালিত হচ্ছে—এমন অভিযোগের পাশাপাশি রোগীদের ত্রুটিপূর্ণ স্বাস্থ্যসেবা দেওয়ার অভিযোগও ওঠে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষ দেখা দেয়। পরে বিভিন্ন গণমাধ্যমে প্রতিষ্ঠানটির অনিয়ম ও অব্যবস্থাপনা নিয়ে প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসে।

এরই পরিপ্রেক্ষিতে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রকিবুল হাসানের নির্দেশনায় এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব্বির আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিতে অভিযান চালায়।

অভিযানকালে প্রতিষ্ঠানের বৈধ কাগজপত্র ও অনুমোদন যাচাই করা হয়। এ সময় প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতিসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় ‘আজকের সারাদেশ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’ সিলগালা করে দেওয়া হয় এবং কর্তৃপক্ষকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

জানা গেছে, ভোক্তা অধিকার সংগঠন ক্যাব ফরিদপুরের বিতর্কিত সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল আলম পারভেজ প্রতিষ্ঠানটির উদ্যোক্তা ও ব্যবস্থাপনা পরিচালক। আতিয়ার রহমান নামের আরও একজন ব্যক্তি প্রতিষ্ঠানটির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন বলে জানা যায়। অভিযোগ রয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই প্রায় এক বছর আগে কাদিরদী বাজারে প্রতিষ্ঠানটি চালু করা হয়।

প্রতিষ্ঠানটি চালুর পর থেকেই এর চিকিৎসাসেবা, ব্যবস্থাপনা ও অনুমোদন নিয়ে বিভিন্ন প্রশ্ন ওঠে। স্থানীয়দের অভিযোগ, প্রয়োজনীয় অবকাঠামো ও বৈধ অনুমোদনের বিষয়টি নিশ্চিত না করেই প্রতিষ্ঠানটিতে রোগীদের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছিল। এসব অভিযোগের বিষয়ে প্রশাসনের অভিযান ও পরবর্তী ব্যবস্থা নেওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন কয়েকজন।

অভিযানের বিষয়ে জানতে চাইলে বোয়ালমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব্বির আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রয়োজনীয় কাগজপত্র ও অনুমোদন না থাকাসহ বিভিন্ন অনিয়মের কারণে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে ক্যাব ফরিদপুরের বিতর্কিত সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল আলম পারভেজের বিরুদ্ধে আর্থিক লেনদেন ও চেক প্রতারণাসহ একাধিক মামলা থাকার কথাও বিভিন্ন সূত্রে জানা গেছে। কয়েকটি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে তার কারাভোগের তথ্য পাওয়া গেছে বলেও দাবি সংশ্লিষ্টদের। এ ছাড়া অর্থ লেনদেনসংক্রান্ত আরও কয়েকটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলে জানা গেছে।

স্বাস্থ্যসেবার মতো স্পর্শকাতর খাতে প্রয়োজনীয় অনুমোদন ছাড়া কোনো প্রতিষ্ঠান পরিচালনার সুযোগ থাকা উচিত নয় বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল। তাদের দাবি, শুধু জরিমানা ও সিলগালা নয়, প্রতিষ্ঠানটি কীভাবে দীর্ঘ সময় ধরে অনুমোদনহীনভাবে পরিচালিত হলো এবং এর পেছনে কারও দায়িত্বে অবহেলা ছিল কি না—তা খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হোক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাসপাতালে ভর্তি ‘প্রেমালু’ অভিনেত্রী

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৩২ পি.এম


হাসপাতালে ভর্তি ‘প্রেমালু’ অভিনেত্রী

দক্ষিণী অভিনেত্রী মমিতা বাইজু অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি তীব্র জ্বর ও শরীর ব্যথায় ভুগছেন।

চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, অভিনেত্রীকে আপাতত সম্পূর্ণ বিশ্রামে থাকতে হচ্ছে। এর ফলে, তার অস্ট্রেলিয়া সফরের পরিকল্পনাও বাতিল করতে হয়েছে এই সপ্তাহে।

মমিতা, যিনি ‘প্রেমালু’ ও ‘জানা নায়গন’-এর মতো সিনেমায় অভিনয় করে পরিচিতি পেয়েছেন, অস্ট্রেলিয়ায় একটি ওনাম উদ্‌যাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা ছিল। এই অনুষ্ঠানটি আগামী ৫ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, যার নাম ‘লেনড্যাক্সিস ক্লাইড ওনাম ২০২৬’।

 

তবে, মমিতার শারীরিক অসুস্থতার কারণে নির্ধারিত সময়ে অস্ট্রেলিয়া যাওয়া সম্ভব হচ্ছে না। এই পরিস্থিতিতে, ক্লাইড মালয়ালি অ্যাসোসিয়েশন অনুষ্ঠানটি স্থগিত করেছে। অভিনেত্রীর টিম এবং অনুষ্ঠানস্থলের কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে নতুন তারিখ নির্ধারণের কাজ চলছে।

এদিকে, আয়োজকদের পক্ষ থেকে প্রকাশিত একটি ভিডিওতে অস্ট্রেলিয়ায় তাঁর জন্য অপেক্ষায় থাকা দর্শকদের উদ্দেশে কথা বলেছেন মমিতা।

 

ভিডিওতে তিনি জানান, বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মমিতা বাইজু বলেন, “দুর্ভাগ্যবশত, নির্ধারিত তারিখে আমি সেখানে উপস্থিত থাকতে পারছি না। আমি বর্তমানে একটি হাসপাতালে চিকিৎসাধীন আছি। যদি কোনোভাবে সম্ভব হতো, আমি অবশ্যই আসতাম, কিন্তু ডাক্তাররা আমাকে সম্পূর্ণ বিশ্রাম নিতে পরামর্শ দিয়েছেন।”

অনুষ্ঠানে উপস্থিত হতে না পারার জন্য হতাশা প্রকাশ করেছেন অভিনেত্রী।

 

তবে, শারীরিক পরিস্থিতির কারণে অস্ট্রেলিয়া সফর বাতিল করা ছাড়া তাঁর সামনে আর কোনো উপায় ছিল না বলেও জানান তিনি।

এর আগে, ক্লাইড মালয়ালি অ্যাসোসিয়েশন মমিতাকে অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে ঘোষণা করেছিল। তাঁকে ঘিরে ওনাম উদ্‌যাপনের প্রস্তুতিও চলছিল জোরেশোরে। শেষ মুহূর্তে তাঁর সফর বাতিল হওয়ায় নির্ধারিত সময়ে অনুষ্ঠান আয়োজন না করে সেটি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় আয়োজকরা।

মমিতা আয়োজক ও তাঁর সঙ্গে দেখা করার অপেক্ষায় থাকা সবাইকে দুঃখ প্রকাশ করে বলেন, “আমি ক্লাইড পরিবারের সাথে দেখা করতে আসতে চাই। আমি সবার কাছে ক্ষমা চাইছি। এই পরিস্থিতির কারণেই আমাকে অনুষ্ঠানটি বাতিল করতে হয়েছে। আশা করি, এটি অন্য কোনো সময়ে সম্ভব হবে।”

আয়োজকরা জানিয়েছেন, মমিতার টিমের সঙ্গে আলোচনা এবং অনুষ্ঠানস্থলের প্রাপ্যতা নিশ্চিত হওয়ার পরই নতুন তারিখ ঘোষণা করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%