ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

টঙ্গীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ মিছিল


টঙ্গীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ মিছিল

নাজমুল হোসেন মন্ডলের নেতৃত্বে নেতাকর্মীদের ঢল, স্লোগানে মুখর টঙ্গীর রাজপথবাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরের টঙ্গীতে বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব নাজমুল হোসেন মন্ডলের নেতৃত্বে আয়োজিত মিছিলে বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে টঙ্গীর রাজপথ ছিল সরব ও মুখরিত।
মিছিলটি টঙ্গীর চোরাগালি এলাকা থেকে শুরু হয়ে স্টেশন রোডে গিয়ে শেষ হয়। মিছিলে নেতাকর্মীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। এ সময় বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো মিছিলের পরিবেশ।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আনন্দ মিছিলে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে টঙ্গীর রাজপথে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। মিছিলের নেতৃত্ব দেন টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব নাজমুল হোসেন মন্ডল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেতানিয়াহুর জোটের আসন ৫৪, বিরোধীদের ৪৭, আরব দলের ১৯

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

০৫:১১ পি.এম


নেতানিয়াহুর জোটের আসন ৫৪, বিরোধীদের ৪৭, আরব দলের ১৯

ইসরাইলের পার্লামেন্ট নির্বাচনের ফলাফলে ৪০ লাখের বেশি ভোট গণনার পর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট এগিয়ে রয়েছে। বুধবার সকালে দেশটির নির্বাচন কমিশনের প্রকাশিত হিসাব অনুযায়ী, নেতানিয়াহুর জোট ৫৪টি আসন পেতে পারে। অন্যদিকে, তাকে ক্ষমতা থেকে সরাতে চাওয়া বিরোধী জোট ৪৭ আসন পেতে পারে। আরব দলগুলো সম্মিলিতভাবে ১৯টি আসন পেতে পারে।

তবে সরকার গঠনের জন্য ইসরাইলের ১২০ আসনের পার্লামেন্ট নেসেটে প্রয়োজন ৬১ আসন। ফলে কোনো জোটই এককভাবে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে না পারায় সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।

নেতানিয়াহুর জোটে কোন দল কত আসন পেতে পারে, সে বিষয়ে নির্বাচন কমিশনের হিসাব অনুযায়ী, নেতানিয়াহুর লিকুদ পার্টি ২৭টি আসন পেতে পারে। এ ছাড়া ইউনাইটেড তোরাহ জুডাইজম ৭টি, শাস ৭টি, ইতামার বেন-গভিরের ওজমা ইয়েহুদিত ৭টি এবং রিলিজিয়াস জায়নিস্ট পার্টি ৬টি আসন পেতে পারে। সব মিলিয়ে নেতানিয়াহুর জোটের সম্ভাব্য আসনসংখ্যা দাঁড়াচ্ছে ৫৪টি।

অন্যদিকে, বিরোধী জোটের মধ্যে গাদি আইজেনকটের ইয়াশার পার্টি ২১টি, নাফতালি বেনেট ও ইয়ার লাপিদের নেতৃত্বাধীন বি’ইয়াখাদ ১১টি, ইয়ার গোলানের ডেমোক্র্যাটস পার্টি ৮টি এবং আভিগদর লিবারম্যানের ইসরাইল বেইতেনু ৭টি আসন পেতে পারে। এই চার দলের মোট আসনসংখ্যা ৪৭।

আরব দলগুলোর আসন ১৯, সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকার সম্ভাবনা রয়েছে। নির্বাচন কমিশনের সর্বশেষ হিসাব অনুযায়ী, আরব দলগুলোর মধ্যে জয়েন্ট লিস্ট ১৩টি এবং মানসুর আব্বাসের নেতৃত্বাধীন রা’আম ৬টি আসন পেতে পারে। সব মিলিয়ে তাদের আসনসংখ্যা ১৯।

এই ফলাফল আরব দলগুলোকে সরকার গঠনের আলোচনায় গুরুত্বপূর্ণ অবস্থানে নিয়ে আসতে পারে। তবে নেতানিয়াহুবিরোধী জোটের অধিকাংশ নেতা আরব দলগুলোকে সঙ্গে নিয়ে সরকার গঠনের বিরোধিতা করেছেন। ডেমোক্র্যাটস পার্টির নেতা ইয়ার গোলান এ বিষয়ে তুলনামূলকভাবে নমনীয় অবস্থানে রয়েছেন।

ঐকমত্যের সরকার, নাকি আবার নির্বাচন

নেতানিয়াহু ও আইজেনকটকে নিয়ে জাতীয় ঐকমত্যের সরকার গঠনের সম্ভাবনা আপাতত কম। আইজেনকট স্পষ্ট করে দিয়েছেন, এমনকি পর্যায়ক্রমে প্রধানমন্ত্রী হওয়ার ব্যবস্থা থাকলেও তিনি নেতানিয়াহুর অধীনে কাজ করতে রাজি নন। বিরোধী জোটের অন্য নেতারাও নেতানিয়াহুর নেতৃত্বে সরকারে যোগ দেওয়ার বিরোধিতা করেছেন।

আইজেনকট আরও বলেছেন, বিরোধী জোটের মধ্যে যে দলের আসন সবচেয়ে বেশি হবে, সেই দলের নেতাকে প্রধানমন্ত্রী পদের প্রার্থী করা উচিত। তবে এ বিষয়ে জোটের মধ্যে এখনো কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি।

নির্বাচনের ফলাফলে এমন একটি সংখ্যালঘু সরকার গঠনের সম্ভাবনাও দেখা যাচ্ছে, যা ৬১ আসনের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা ছাড়াই পার্লামেন্টে আস্থা ভোটে জয়ী হতে পারে। তবে এ ক্ষেত্রে আরব দলগুলোর সমর্থনের ওপর নির্ভর করা নিয়ে বিরোধীদের মধ্যে আপত্তি রয়েছে।

রাজনৈতিক দলগুলো সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হলে ইসরাইলে আবারও নির্বাচন হতে পারে।

বুথফেরত জরিপে কী দেখা গিয়েছিল

মঙ্গলবার রাতে ইসরাইলের ১১, ১২ ও ১৩ নম্বর টেলিভিশন চ্যানেলের বুথফেরত জরিপে কোনো পক্ষকেই স্পষ্ট বিজয়ী হিসেবে দেখানো হয়নি। তিনটি জরিপেই নেতানিয়াহুর জোট ও তাকে ক্ষমতা থেকে সরাতে চাওয়া বিরোধী জোট—উভয় পক্ষকেই ৬১ আসনের কম পেতে দেখা যায়।

মঙ্গলবারের জরিপে নেতানিয়াহুর জোট ৫১ থেকে ৫২টি এবং বিরোধী জোট ৪৯ থেকে ৫১টি আসন পেতে পারে বলে ধারণা করা হয়েছিল। বুধবার সকালে কিছু জরিপে নেতানিয়াহুর জোটের আসনসংখ্যা ৫৩ থেকে ৫৭-এর মধ্যে দেখানো হয়।

লিকুদ পার্টির আসনসংখ্যা ২৭ থেকে ২৮ এবং আইজেনকটের ইয়াশার পার্টির আসনসংখ্যা ২১-এর কাছাকাছি থাকবে বলে ধারণা করা হয়েছে।

বুথফেরত জরিপের সঙ্গে অতীতে চূড়ান্ত ফলাফলের পার্থক্য দেখা গেছে। তাই ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত এসব হিসাবকে সম্ভাব্য ফল হিসেবেই বিবেচনা করতে হবে।

ভোট পড়েছে ৭৭ দশমিক ৭ শতাংশ

কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, মঙ্গলবার রাত ১০টায় ভোট গ্রহণ শেষ হওয়ার সময় ভোটার উপস্থিতি ছিল ৭৭ দশমিক ৭ শতাংশ। ২০২২ সালের নির্বাচনের তুলনায় এ হার ৭ দশমিক ১ শতাংশ বেশি।

এদিকে, নির্বাচনে অংশ নেওয়া ডানপন্থী ছোট দল পিপল অব ইসরাইল এবং দ্য রিজার্ভিস্টস-ইকোনমিক পার্টি প্রয়োজনীয় ৩ দশমিক ২৫ শতাংশ ভোটের সীমা অতিক্রম করতে পারবে না বলে বুথফেরত জরিপে পূর্বাভাস দেওয়া হয়েছে। এই দলগুলো আসন না পেলে নেতানিয়াহুর জোটের সংখ্যাগরিষ্ঠতা অর্জনের হিসাব আরও জটিল হতে পারে।

বিরোধীদের বিজয় দাবি

মঙ্গলবার রাতে বুথফেরত জরিপ প্রকাশের পর আইজেনকট ও বিরোধী জোটের অন্য নেতারা নিজেদের বিজয়ী দাবি করেন। তাদের বক্তব্য, জনগণ নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে রায় দিয়েছে।

তেল আবিবে নিজের দলের সদর দপ্তরে দেওয়া বক্তব্যে আইজেনকট বলেন, নেতানিয়াহুর সরকারকে সরিয়ে দেওয়া এবং নতুন নির্বাচন এড়ানো প্রয়োজন।

তিনি ইসরাইলের নিরাপত্তা প্রতিষ্ঠানের কর্মকর্তাদের উদ্দেশে বলেন, প্রধানমন্ত্রী যেন জাতীয় নিরাপত্তাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে না পারেন, সে বিষয়ে তাদের সতর্ক থাকতে হবে।

বিরোধী নেতা ইয়ার লাপিদও নেতানিয়াহুর জোটের পরাজয় হয়েছে বলে দাবি করেন। তার ভাষ্য, জনসাধারণ নেতানিয়াহুর সরকারকে ক্ষমতা ছাড়ার বার্তা দিয়েছে।

ডেমোক্র্যাটস পার্টির চেয়ারম্যান ইয়ার গোলান বলেন, ফলাফল ইসরাইলে সরকার পরিবর্তনের ঐতিহাসিক সুযোগ তৈরি করেছে। ব্যবধান দূর করে অংশীদারদের সঙ্গে কাজ করতে তারা প্রস্তুত বলেও জানান তিনি।

ইসরাইলের দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী নেতানিয়াহু মোট ১৯ বছরেরও বেশি সময় ধরে দেশটির সরকারপ্রধানের দায়িত্বে রয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেতানিয়াহু ও গাদি আইজেনকোটের ৫টি জাতীয় নিরাপত্তা নীতিতে একমত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

০৫:১২ পি.এম


নেতানিয়াহু ও গাদি আইজেনকোটের ৫টি জাতীয় নিরাপত্তা নীতিতে একমত

ইসরাইলের পার্লামেন্ট নির্বাচনে ক্ষমতা ধরে রাখার লড়াইয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোটের মধ্যে চলমান তীব্র রাজনৈতিক বাগযুদ্ধের মধ্যে, দেশটির জাতীয় নিরাপত্তা এবং কৌশলগত মৌলিক নীতিগুলোর ক্ষেত্রে উভয়ের মধ্যে রয়েছে গভীর সাদৃশ্য। যদিও দল দুটির মতাদর্শিক অবস্থান আপাতদৃষ্টিতে ভিন্ন মনে হচ্ছে, ফিলিস্তিন সংকট, হামাস নির্মূল, ইরান নীতি এবং আরব দলগুলোর সঙ্গে সরকার গঠনের প্রশ্নে নেতানিয়াহু এবং আইজেনকোট মূলত একই মুদ্রার এপিঠ-ওপিঠ।

আন্তর্জাতিক বিশ্লেষক এবং ভূরাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ব্যক্তি নেতানিয়াহুর দুর্নীতি এবং প্রশাসনিক ব্যর্থতার কারণে ইসরাইলের অভ্যন্তরীণ রাজনীতি বিভক্ত হলেও, যেসব মৌলিক নীতিতে দুই নেতার মধ্যে পূর্ণ মতৈক্য বিদ্যমান, সেগুলো নিম্নরূপ:

১. আরব দলগুলোর সঙ্গে সরকার গঠনে অস্বীকৃতি

নির্বাচনোত্তর সরকার গঠনের জটিল সমীকরণে পার্লামেন্টের আরব দলগুলোর সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠলেও, নেতানিয়াহু এবং আইজেনকোট উভয়েই আরব আইনপ্রণেতাদের ওপর নির্ভর করে সরকার গঠনের সম্ভাবনা সরাসরি নাকচ করেছেন। নেতানিয়াহু দাবি করেন, আরবদের সমর্থনে গঠিত সরকার জাতীয় বৈধতা হারাবে; অন্যদিকে, আইজেনকোটও নির্বাচনি প্রচারণায় স্পষ্টভাবে জানিয়েছেন, তিনি আরব দলগুলোর সঙ্গে জোট বেঁধে সরকার পরিচালনা করবেন না।

২. ফিলিস্তিন রাষ্ট্র গঠনের বিরোধিতা (দ্বি-রাষ্ট্র সমাধান নাকচ)

আন্তর্জাতিক মহলের পক্ষ থেকে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার তাগিদ থাকলেও, নেতানিয়াহুর মতোই আইজেনকোটও ফিলিস্তিনিদের জন্য পৃথক সার্বভৌম রাষ্ট্রের ঘোর বিরোধী। আইজেনকোট ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে দ্বি-রাষ্ট্র সমাধানভিত্তিক পৃথক রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাবকে ‘অবাস্তব কল্পনা’ বলে প্রকাশ্যে অভিহিত করেছেন। ফলে, নেতানিয়াহুর পতন হলেও ফিলিস্তিনের স্বাধিকার প্রশ্নে ইসরাইলের রাষ্ট্রীয় অবস্থানের কোনো ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা নেই।

৩. হামাস নির্মূল ও গাজায় সামরিক আধিপত্য

গাজায় সামরিক আগ্রাসনের ক্ষেত্রে আইজেনকোট কোনোভাবেই নমনীয় নন। ২০০৮ সালে বৈরুতে বেসামরিক অবকাঠামো গুঁড়িয়ে দেওয়ার আক্রমণাত্মক ‘দাহিয়াহ ডকট্রিন’-এর অন্যতম রূপকার ছিলেন এই সাবেক সেনাপ্রধান। গাজায় হামাসের শাসন সম্পূর্ণরূপে নির্মূল করতে নেতানিয়াহুর মতোই কঠোর সামরিক অভিযানের পক্ষে তিনি। নেতানিয়াহু ‘পূর্ণাঙ্গ বিজয়ের’ কথা বলছেন, আর আইজেনকোটের দাবি—আগামী ১৮ মাসের মধ্যে গাজা থেকে হামাসের কর্তৃত্ব সম্পূর্ণ নিঃশেষ করতে হবে।

৪. ইরানের পারমাণবিক কর্মসূচি রুখে দেওয়া

মধ্যপ্রাচ্যে ইসরাইলের অস্তিত্বের প্রধান হুমকি হিসেবে ইরানকে বিবেচনা করার ক্ষেত্রে নেতানিয়াহু এবং আইজেনকোট সম্পূর্ণ একমত। ইরান যেন কোনো অবস্থাতেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে, সে জন্য দেশটিতে প্রয়োজনে সামরিক অভিযান পরিচালনা এবং তেহরান-সমর্থিত আঞ্চলিক প্রক্সি গোষ্ঠীগুলোকে নিষ্ক্রিয় রাখার প্রশ্নে আইজেনকোটের অবস্থান নেতানিয়াহুর নীতিমালারই হুবহু প্রতিফলন।

৫. জায়নবাদী অগ্রাধিকার ও লেবানন নীতি

উভয় নেতাই ইসরাইলকে কঠোর ‘জায়নবাদী রাষ্ট্র’ হিসেবে টিকিয়ে রাখার ওপর জোর দেন। লেবাননের হিজবুল্লাহর বিরুদ্ধে সীমান্ত নিরাপত্তা অক্ষুণ্ণ রাখতে চরম সামরিক বলপ্রয়োগের নীতিতে আইজেনকোট এবং নেতানিয়াহুর মধ্যে কোনো মতপার্থক্য নেই।

বিশ্লেষকদের অভিমত, নির্বাচনে নেতানিয়াহুর বিরুদ্ধে জয়-পরাজয়ের মধ্য দিয়ে তেল আবিবের ক্ষমতার মুখ হয়তো বদলাতে পারে, কিন্তু মধ্যপ্রাচ্য, যুদ্ধ এবং ফিলিস্তিনি ভূখণ্ড ঘিরে ইসরাইলের আগ্রাসী মৌলিক নিরাপত্তা নীতিগুলো অপরিবর্তিতই থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দক্ষিণ আফ্রিকায় গ্যাস সংকটে ২ হাজার মেগাওয়াট বিদ্যুৎ দরপত্র বাতিল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

০৫:২২ পি.এম


দক্ষিণ আফ্রিকায় গ্যাস সংকটে ২ হাজার মেগাওয়াট বিদ্যুৎ দরপত্র বাতিল

গ্যাস সরবরাহ নিশ্চিত করতে ব্যর্থ হওয়ার কারণে দক্ষিণ আফ্রিকায় গ্যাসভিত্তিক ২ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের দরপত্র প্রক্রিয়া কোনো দরদাতা নির্বাচন ছাড়াই বাতিল করা হয়েছে। বুধবার দক্ষিণ আফ্রিকার জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রণালয় এই তথ্য প্রকাশ করেছে।

দীর্ঘ সময় অপেক্ষার পর, গত মে মাসে দেশটির স্বাধীন বিদ্যুৎ উৎপাদনকারী দপ্তর চারটি দরপত্র পেয়েছিল। এসব প্রস্তাবে মোট ২ হাজার ৮৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা ছিল।

দক্ষিণ আফ্রিকার জ্বালানি ও বিদ্যুৎমন্ত্রী এক বিবৃতিতে উল্লেখ করেছেন, দরপত্রের শর্ত অনুযায়ী, প্রস্তাবদাতাদের গ্যাস সরবরাহ নিশ্চিত করার প্রমাণ উপস্থাপন করতে হয়েছিল। কিন্তু তারা তা দিতে সক্ষম হননি। এর ফলে কোনো দরদাতাকে নির্বাচিত করা সম্ভব হয়নি।

দক্ষিণ আফ্রিকা তার অধিকাংশ প্রাকৃতিক গ্যাস প্রতিবেশী দেশ মোজাম্বিক থেকে আমদানি করে থাকে। তবে বর্তমানে দেশটিতে গ্যাসের সরবরাহ হ্রাস পাচ্ছে। এতে দক্ষিণ আফ্রিকার শিল্পকারখানায় গ্যাস সরবরাহের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। কয়েক বছরের মধ্যে মোজাম্বিকের গ্যাসের মজুত ও সরবরাহ শেষ হয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

আফ্রিকার সবচেয়ে উন্নত অর্থনীতির দেশ হিসেবে দক্ষিণ আফ্রিকা কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের ওপর নির্ভরতা কমানোর চেষ্টা করছে। এই লক্ষ্যে বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের ব্যবহার বাড়ানোর পরিকল্পনা গ্রহণ করেছে দেশটি।

এই পরিকল্পনার অংশ হিসেবে, দক্ষিণ আফ্রিকা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির জন্য প্রথম টার্মিনাল নির্মাণ করছে। এই প্রকল্পে যুক্তরাষ্ট্রের জ্বালানি কোম্পানি এক্সনমোবিল এবং দেশটির বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান এসকম প্রধান গ্রাহক হিসেবে যুক্ত রয়েছে।

তবে, পরবর্তী দফায় গ্যাস কেনার জন্য কবে দরপত্র আহ্বান করা হবে, সে বিষয়ে সরকার এখনও কিছু জানায়নি। দরপত্র প্রক্রিয়া সফল না হলেও, বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের ব্যবহার বাড়ানোর পরিকল্পনা থেকে দক্ষিণ আফ্রিকা সরে আসেনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এশিয়ান গেমসের স্বর্ণজয়ী অ্যাথলেট নীরাজ যাদবের রহস্যজনক মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

০৫:২৩ পি.এম


এশিয়ান গেমসের স্বর্ণজয়ী অ্যাথলেট নীরাজ যাদবের রহস্যজনক মৃত্যু

ভারতীয় প্যারা-অ্যাথলেটিক্সের কিংবদন্তি নীরাজ যাদবের মৃত্যুর ঘটনা আত্মহত্যার অভিযোগে উঠে এসেছে। ৪২ বছর বয়সী এই অ্যাথলেটের মৃতদেহ গত মঙ্গলবার দিল্লির নিজ বাসভবন থেকে উদ্ধার করে পুলিশ। প্রাথমিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, বিষ খেয়ে আত্মহনন ঘটেছে। তবে, মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত করা হয়নি।

নীরাজের দেহ ময়নাতদন্তের জন্য বুধবার দিল্লির গুরু তেগ বাহাদুর (জিটিবি) হাসপাতালে পাঠানো হয়েছে। ভারতীয় প্যারা অ্যাথলেটিক্স দলের প্রধান কোচ এস সত্যনারায়ণ বিষয়টি নিশ্চিত করেছেন।

টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে এস সত্যনারায়ণ জানান, নীরাজ আত্মহত্যা করেছেন বলে তিনি জানতে পেরেছেন। তবে, মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে এখনও কোনো নিশ্চিত তথ্য নেই।

এফ ৫৫ বিভাগে প্রতিযোগিতা করা নীরাজ সম্প্রতি আইচি-নাগোয়া এশিয়ান প্যারা গেমসে অংশ নিতে পারেননি। ডোপিং সাসপেনশনের কারণে প্রতিযোগিতা থেকে বাদ পড়ার পর তিনি মানসিক চাপের মধ্যে ছিলেন বলে জানা গেছে।

সত্যনারায়ণ বলেন, ‘ঠিক কী কারণে এমন সিদ্ধান্ত নিয়েছেন আমি অনুমান করতে চাই না। একজন ক্রীড়াবিদকে জীবনের উত্থান-পতন সমানভাবে গ্রহণ করতে হয়। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে নীরাজ চরম সিদ্ধান্ত নিয়েছে।’

ভারতের অন্যতম সফল প্যারা অ্যাথলিট হিসেবে পরিচিত নীরাজ ২০১৮ সালে জাকার্তায় এশিয়ান প্যারা গেমসে জ্যাভলিনে সোনা জিতেছিলেন। এরপর ২০২৩ সালের এশিয়ান প্যারা গেমসে জ্যাভলিন এবং ডিসকাস, দুই ইভেন্টেই সোনা জেতেন।

নীরাজ সাত বছর বয়সে পোলিও পরবর্তী পক্ষাঘাতে আক্রান্ত হন। প্রথমে হুইলচেয়ার টেনিসে হাতেখড়ি হলেও, পরে প্যারা অ্যাথলেটিক্সে চলে আসেন। সেখানে আন্তর্জাতিক মঞ্চে তিনি নিজের পরিচিতি তৈরি করেন। কিন্তু শেষ পর্যন্ত এই স্বর্ণজয়ীর মর্মান্তিক পরিণতি ঘটলো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%