ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প


আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন যে, প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেলের যুক্তরাষ্ট্র ত্যাগ করে যুক্তরাজ্যে ফিরে যাওয়ার সিদ্ধান্তে তিনি সন্তুষ্ট। একইসাথে, তিনি এই দম্পতির রাজপরিবারের প্রতি আচরণের সমালোচনা করেছেন।

 

ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হ্যারি ও মেগানের যুক্তরাজ্যে ফিরে যাওয়ার বিষয়ে জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘আমি এতে খুশি। আমি তাদের ভক্ত ছিলাম না। আমার মনে হয়েছে, তারা রাজপরিবারের সঙ্গে অত্যন্ত অসম্মানজনক আচরণ করেছেন।’

আরও পড়ুন: ভারত-চীন সম্পর্কের বরফ গলছে, তবে উদ্বেগ রয়ে গেছে

কিছুটা রসিকতার সুরে ট্রাম্প বলেন, 

তিনি আরও বলেন, যদি তিনি রাজা হতেন, তাহলে হ্যারি ও মেগানকে আবার যুক্তরাজ্যে ফিরে আসার অনুমতি দিতেন না।

 

ট্রাম্পের ভাষ্যমতে, ‘হয়তো আমি একটু আলাদা। আমি তাদের ফিরিয়ে নিতাম না।’

আরও পড়ুন: সুইজারল্যান্ডের প্রতি বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের

তিনি আরো বলেন, ‘আমি হ্যারি ও মেগানের ভক্ত নই এবং রাজপরিবারের প্রতি তাদের আচরণ আমার কাছে অত্যন্ত অসম্মানজনক মনে হয়েছে।’

মেগানের আচরণের সমালোচনা করে ট্রাম্প বলেন, তিনি মনে করেন, প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ এবং রাজা তৃতীয় চার্লসের প্রতি মেগান ভীষণ অসম্মানজনক আচরণ করেছেন।

 

ট্রাম্প বলেন, ‘আমি তার আচরণ পছন্দ করিনি। আমার মনে হয়েছে, তিনি রানি ও রাজা চার্লসের প্রতি ভীষণ অসম্মানজনক ছিলেন।’

আরও পড়ুন: এস এম জিলানী: গুপ্ত ও ফ্যাসিস্টরা নতুন চক্রান্ত শুরু করেছে

প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল আগস্টে যুক্তরাজ্যে ফিরে গেছেন। যুক্তরাজ্যে ফিরে তারা তাদের সন্তানদের ব্রিটিশ স্কুলে ভর্তি করেছেন। ধারণা করা হচ্ছে, তারা লন্ডনের বাইরে রাজপরিবারের সঙ্গে সরাসরি সম্পর্ক নেই, এমন একটি বাড়িতে বসবাস করবেন।

 

হ্যারি ও মেগান ২০২০ সালে রাজপরিবারের জ্যেষ্ঠ সদস্যের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর পর যুক্তরাষ্ট্রে চলে যান। এরপর থেকে রাজপরিবারের সঙ্গে তাদের সম্পর্ক নিয়ে বিভিন্ন সময়ে আলোচনা ও বিতর্ক হয়েছে।

যুক্তরাজ্যে ফিরে গেলেও প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল রাজপরিবারের আনুষ্ঠানিক দায়িত্বে ফিরছেন না। বর্তমানে তাদের এমন কোনো পরিকল্পনা নেই। তবে তাদের যুক্তরাজ্যে ফিরে আসায় ভবিষ্যতে তারা আবারও রাজপরিবারের কোনো দায়িত্বে ফিরতে পারেন, এমন সম্ভাবনা তৈরি হয়েছে।

আরও পড়ুন: গোলাম মোস্তফা: ২০০৬ সালের ২৮ অক্টোবর গণতন্ত্রের বিরুদ্ধে ফ্যাসিবাদের সূচনা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য হ্যারি ও মেগান যুক্তরাজ্যে ফেরার পর এ বিষয়ে তার প্রথম মন্তব্য। রাজপরিবারের কর্মরত সদস্যের দায়িত্ব ছাড়ার প্রায় ছয় বছর পর তারা যুক্তরাজ্যে ফিরেছেন। দায়িত্ব ছাড়ার পর তারা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মন্টেসিটোতে বসবাস করছিলেন।

রাজপরিবারের অন্য সদস্যদের সঙ্গে হ্যারি-মেগানের আচরণ নিয়ে এর আগে ট্রাম্প সমালোচনা করেছেন। তবে চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রে হ্যারির অভিবাসন-সংক্রান্ত আইনি অবস্থান নিয়ে বিতর্কের মধ্যেও তাকে দেশ থেকে বহিষ্কারের সম্ভাবনা নাকচ করে দেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্রভিত্তিক রক্ষণশীল গবেষণা প্রতিষ্ঠান হেরিটেজ ফাউন্ডেশন অভিযোগ করেছিল, অভিবাসনসংক্রান্ত নথিতে হ্যারি অবৈধ মাদক ব্যবহারের বিষয়ে মিথ্যা তথ্য দিয়ে থাকতে পারেন অথবা তিনি বিশেষ সুবিধা পেয়ে থাকতে পারেন। প্রতিষ্ঠানটি হ্যারির অভিবাসন-সংক্রান্ত নথি প্রকাশের দাবিতে মার্কিন সরকারের বিরুদ্ধে মামলা করে। তবে গত বছরের সেপ্টেম্বরে এক বিচারক রায় দেন, অন্য যেকোনো ব্যক্তির মতো হ্যারিও তার ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষার অধিকার রাখেন।

হ্যারিকে যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে দেওয়ার বিষয়ে ট্রাম্প তখন বলেছিলেন, এ নিয়ে তার কোনো আগ্রহ নেই। তিনি বলেছিলেন, ৪০ বছর বয়সী হ্যারির এমনিতেই স্ত্রী মেগানকে নিয়ে যথেষ্ট সমস্যা রয়েছে। মেগান সম্পর্কে ট্রাম্প তখনও নেতিবাচক মন্তব্য করেন।

আরও পড়ুন: দেশি মাছের প্রাকৃতিক উৎপাদন বাড়াতে পরিকল্পনা নেওয়া হয়েছে: মৎস্যমন্ত্রী

যুক্তরাজ্যে ফিরে হ্যারি ও মেগান রাজপরিবারের কর্মরত সদস্য না হয়ে আগের মতোই বেসরকারি ব্যক্তি হিসেবে থাকবেন। তাদের নিজেদের ইচ্ছার সঙ্গেও এটি সামঞ্জস্যপূর্ণ। তাদের নিরাপত্তাব্যবস্থা নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে নিরাপত্তাব্যবস্থায় কোনো পরিবর্তন আনার কথাও ঘোষণা করা হয়নি।

হ্যারি এর আগে বলেছিলেন, পুলিশের নিরাপত্তা ছাড়া যুক্তরাজ্যে স্ত্রী ও সন্তানদের নিয়ে ফিরে আসাকে তিনি নিরাপদ মনে করবেন না। এই পুলিশি নিরাপত্তা পাওয়ার জন্য তিনি কয়েক বছর ধরে আইনি লড়াইও করেছেন।

এদিকে হ্যারি ও মেগান ক্যালিফোর্নিয়ার মন্টেসিটো এবং পর্তুগালে থাকা তাদের বাড়িগুলোও রেখে দিয়েছেন। মেগান তার লাইফস্টাইল ব্র্যান্ড ‘অ্যাজ এভার’-এর কার্যক্রমও চালিয়ে যাচ্ছেন।

ডোনাল্ড ট্রাম্প নিজেকে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের ভালো বন্ধু মনে করেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের মধ্যে ট্রাম্পই একমাত্র ব্যক্তি, যিনি দুইবার যুক্তরাজ্যে রাষ্ট্রীয় সফর করেছেন। ব্রিটিশ রাজপরিবারের প্রতি তার আগ্রহের পেছনে প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের প্রতি তার শ্রদ্ধার ভূমিকা রয়েছে বলে মনে করা হয়।

আরও পড়ুন: শাহজালালে ১৫৩ ফ্লাইট বাতিল, আটকা ২২,৬৩৬ যাত্রী

ট্রাম্প রানি এলিজাবেথের সঙ্গে দুইবার দেখা করেছিলেন। তবে রাজপরিবারের সদস্য হওয়ার আগে মেগান মার্কেল ট্রাম্পের তীব্র সমালোচনা করেছিলেন। তিনি ট্রাম্পকে ‘নারীবিদ্বেষী’ এবং ‘বিভেদ সৃষ্টিকারী’ হিসেবে বর্ণনা করেছিলেন।

২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে হ্যারি ও মেগানের একটি ভিডিও বার্তা নিয়েও আলোচনা হয়। ওই ভিডিওতে তারা মার্কিন ভোটারদের ‘বিদ্বেষমূলক বক্তব্য, ভুল তথ্য ও অনলাইনের নেতিবাচকতা প্রত্যাখ্যান’ করার আহ্বান জানিয়েছিলেন।

যদিও তারা সরাসরি কোনো প্রার্থীকে সমর্থনের কথা বলেননি, ওই সময় তাদের বক্তব্যকে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের প্রতি সমর্থনের ইঙ্গিত হিসেবে দেখা হয়েছিল। মেগান ওই নির্বাচনকে তার জীবনের ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন’ বলে উল্লেখ করেছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৩৫ পি.এম


ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান মন্তব্য করেছেন, ‘সমাজে ন্যায়বিচার, সমতা, মানবাধিকার ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ নিশ্চিত হলেই কেবল টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব।' তিনি একই সঙ্গে নারীর নেতৃত্বকে শান্তি বিনির্মাণে এগিয়ে নিতে বৈশ্বিক প্রচেষ্টা আরও জোরদারের আহ্বান জানিয়েছেন।

 

বুধবার (২ সেপ্টেম্বর) জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ‘শান্তির সংস্কৃতিবিষয়ক কর্মসূচির উচ্চ পর্যায়ের ফোরাম’-এ বক্তব্য প্রদানকালে রাষ্ট্রদূত আইরিন খান নারীর নেতৃত্ব জোরদারে তিনটি অগ্রাধিকারের কথা তুলে ধরেন।

তিনি উল্লেখ করেন, শান্তি প্রক্রিয়ার প্রতিটি পর্যায়ে নারীর পূর্ণ, সমান ও অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন। কিশোরী ও তরুণ নারীদের নেতৃত্ব বিকাশে বিনিয়োগের ওপরও তিনি গুরুত্বারোপ করেন, বিশেষ করে ডিজিটাল প্রযুক্তিতে প্রবেশাধিকার ও ডিজিটাল স্বাক্ষরতা বাড়ানোর বিষয়টিতে। সংঘাত প্রতিরোধ, মানবিক সহায়তা, কমিউনিটির সহনশীলতা, সামাজিক সংহতি ও শান্তি বিনির্মাণে নারী-নেতৃত্বাধীন সংগঠনগুলোকে টেকসই ও লক্ষ্যভিত্তিক সহায়তা দেওয়ার ওপরও তিনি গুরুত্ব দেন।

রাষ্ট্রদূত আইরিন খান বলেন, ‘নারী, শান্তি ও নিরাপত্তা’ এজেন্ডা থাকা সত্ত্বেও শান্তি প্রক্রিয়ায় নারীর প্রতিনিধিত্ব এখনো পর্যাপ্ত নয়। এমনকি নারীরা প্রায়ই তাদের জীবন ও ভবিষ্যৎ-সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় উপেক্ষিত থাকেন।

 

তিনি শান্তির সংস্কৃতি গড়ে তুলতে নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। এ সময় জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশি নারী শান্তিরক্ষীদের অবদানের পাশাপাশি তৃণমূলসহ দেশের নাগরিক সমাজে মানবাধিকার ও টেকসই উন্নয়ন এগিয়ে নিতে নারী নেতৃত্বের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও তুলে ধরেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হুমকি, নতুন করে হামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৫১ পি.এম


ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হুমকি, নতুন করে হামলা

কয়েক সপ্তাহের মধ্যে সবচেয়ে তীব্র লড়াইয়ের পর বুধবার ইরান ও যুক্তরাষ্ট্র একে অপরকে হুমকি প্রদান করেছে। এই পরিস্থিতির ফলে যুদ্ধ শুরুর ছয় মাসে মধ্যপ্রাচ্যে দুই চিরশত্রুর মধ্যে অচলাবস্থা আরও গভীর হয়ে উঠেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের বাহিনী গত রাতে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ‘খুবই বড় ধরনের হামলা’ চালিয়েছে। তিনি উল্লেখ করেন, তারা চাইলে ‘যেকোনো সময় আবারও’ হামলা চালানোর জন্য প্রস্তুত রয়েছে।

এ খবর তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি জানায়।

ইরানের নিরাপত্তা বিভাগের প্রধান জানিয়েছেন, ফেব্রুয়ারির শেষের দিকে ইসলামি প্রজাতন্ত্রটির ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা দিয়ে শুরু হওয়া এই যুদ্ধে ইরান ‘নতুন কৌশল’ গ্রহণ করেছে।

সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজায়ি এক্সে লিখেছেন, ‘যুদ্ধক্ষেত্রে, কূটনীতিতে এবং অর্থনৈতিক অবরোধ মোকাবিলায় ইরানের নতুন কৌশল আপনার ভিত্তি ধ্বংস করে দেবে—খুব শিগগিরই তা দেখতে পাবেন।’

ওয়াশিংটন ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে। পাশাপাশি দেশটির মিত্রদের ওপর নিষেধাজ্ঞার হুমকিও দেওয়া হয়েছে।

জ্বালানি বিষয়ক মন্ত্রী ক্রিস রাইট বুধবার বলেছেন, ইরানের অর্থনৈতিক অংশীদারদের লক্ষ্যবস্তু করে নিষেধাজ্ঞা বাড়ানোর পরিকল্পনা ‘সর্বোচ্চ পর্যায়ের চাপ’ সৃষ্টি করবে।

ট্রাম্প বুধবার পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ তেল পরিবহনপথ হরমুজ প্রণালীর নাম পরিবর্তন করে ‘ট্রাম্প প্রণালী’ রাখার কথা বলেছেন। উল্লেখ্য, তেহরান গত ছয় মাস ধরে কার্যত এই জলপথটি বন্ধ করে রেখেছে। তবে পরে ট্রাম্প জানান, তিনি বিষয়টি গুরুত্বের সঙ্গে বলেননি।

ট্রাম্প ট্রুথ সোশ্যালে এক পোস্টে বলেন, ‘এখন যেহেতু এটি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে, তাহলে কি হরমুজ প্রণালীর নাম পরিবর্তন করে ট্রাম্প প্রণালী রাখা উচিত?’

মঙ্গলবার ইরানের বিভিন্ন স্থানে ব্যাপক মার্কিন বোমাবর্ষণের পর ইরান জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, বাহরাইন এবং ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে মার্কিন ঘাঁটিতে হামলা চালায়।

ইরানি রেড ক্রিসেন্ট জানিয়েছে, ইরানের দক্ষিণাঞ্চলে একটি বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হামলায় চারজন নিহত এবং ৫০ জনের বেশি আহত হয়েছেন। নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে। এ ঘটনায় তেহরান ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই এক্সে লিখেছেন, ‘এই অবৈধ যুদ্ধের সত্যতা এবং যুদ্ধাপরাধের প্রকৃত চেহারা সিরিক অঞ্চলে দেখা যাচ্ছে। সেখানে আমেরিকার ব্যর্থতা আড়াল করার মরিয়া চেষ্টার অংশ হিসেবে একটি বিয়ের অনুষ্ঠানে নির্মমভাবে বোমা হামলা চালানো হয়েছে।’

মার্কিন সামরিক বাহিনী সরাসরি এ ঘটনার বিষয়ে কোনো মন্তব্য করেনি।

মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) মুখপাত্র টিম হকিন্স বলেছেন, ‘ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মতো যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী কখনো বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করে না।’

-‘শয়তানের মতো আচরণ’-

ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাকের গালিবাফ বিয়ের অনুষ্ঠানে হামলার ঘটনায় ওয়াশিংটনের তীব্র সমালোচনা করেছেন। তিনি যুক্তরাষ্ট্রকে ‘শয়তান’ বলে অভিহিত করেন।

তিনি এক্সে লিখেছেন, ‘কোনো শক্তি যদি শয়তানের মতো আচরণ করে, শয়তানের মতো লক্ষ্যবস্তু বেছে নেয় এবং শয়তানের মতো হত্যা করে, তাহলে সে শয়তান।’

রোববার ওয়াশিংটন ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানোর পর সর্বশেষ লড়াই শুরু হয়। এটি ছিল কয়েক সপ্তাহের মধ্যে ইরানে যুক্তরাষ্ট্রের প্রথম জানা হামলা।

এরপর ইরানি বাহিনী জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন সেনাদের লক্ষ্য করে হামলা চালায়। এ ছাড়া দু’টি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনা ঘটে। এসব হামলার দায় কেউ স্বীকার করেনি। সৌদি আরবের একটি জাহাজ চলাচলকারী কোম্পানি জানিয়েছে, এতে দুই ফিলিপিনো নাবিক নিহত হয়েছেন।

ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালীতে ইরানের সমুদ্র মাইন পেতে রাখার চেষ্টা এবং জর্ডানের একটি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার জবাবে যুক্তরাষ্ট্র এসব হামলা চালিয়েছে।

নতুন করে যুদ্ধ শুরু হওয়ায় ইরানিরা দুঃখ প্রকাশ করেছেন।

স্বনির্ভর ব্যবসায়ী ৫০ বছর বয়সী হোসেইন মোয়াজ্জামি হামলার ঘটনা ‘সত্যিই খুব কষ্টদায়ক’ বলে মন্তব্য করেন।

তিনি বলেন, ‘আমি আশা করি, তারা সবাই আবার আলোচনার টেবিলে ফিরবে। কারণ, এতে শুধু ইরানের জনগণই দুর্ভোগে পড়ছে। আমেরিকানরা পৃথিবীর অন্য প্রান্তে রয়েছে। তাদের কিছুই হচ্ছে না।’

ইরান সরকারের একটি অ্যাকাউন্ট থেকে প্রকাশিত ভিডিওতে সিরিকে বিয়ের অনুষ্ঠানস্থলে যুক্তরাষ্ট্রের হামলার পর ধ্বংসাবশেষ ও ক্ষয়ক্ষতি দেখা যায়। ভিডিওতে পেছনে মানুষের চিৎকারের শব্দও শোনা যায়।

রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক ভিডিওতে কনে’র বাবা এবং হামলায় ক্ষতিগ্রস্ত ভবনটির মালিক আলী মাল্লাহী বলেন, ‘এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। আল্লাহকে ধন্যবাদ, হতাহতের সংখ্যা আরও বেশি হয়নি।’

২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানে হামলার মধ্য দিয়ে যুদ্ধ শুরু হয়। ওই হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন।

এরপর হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় একটি ভঙ্গুর যুদ্ধবিরতি ভেঙে পড়ে। এর আগে বিশ্বের এক-পঞ্চমাংশ তেল এই প্রণালীর মধ্য দিয়ে পরিবহন করা হতো।

এদিকে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, সেপ্টেম্বরের মাঝামাঝি শুরু হতে যাওয়া ইহুদিদের গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসবের সময়ে ইরান হামলা চালালে ইসরাইল ‘প্রচণ্ড শক্তি’ দিয়ে জবাব দিতে প্রস্তুত।

ইসরাইলি সংবাদমাধ্যমগুলোর আয়োজিত এক সম্মেলনে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, ‘এখন পর্যন্ত তারা আমাদের ছাড়া পুরো অঞ্চলে হামলা চালাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডুবোচরে প্রায় ৩০০ যাত্রীসহ ফেরি আটকে ছিল ৯ ঘণ্টা ফেরিতে আটকে থাকা যাত্রীদের জন্য প্রয়োজনীয় খাদ্য ও সুপেয় পানি পৌঁছে দেন স্থানীয় বিভিন্ন দলের নেতাকর্মীরা।

আন্তর্জাতিক ডেস্ক

আমিনুল ইসলাম রিয়াদ সন্দ্বীপ চট্টগ্রাম প্রতিনিধি

বৃহস্পতিবার, ৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৫৪ পি.এম


ডুবোচরে প্রায় ৩০০ যাত্রীসহ ফেরি আটকে ছিল ৯ ঘণ্টা  ফেরিতে আটকে থাকা যাত্রীদের জন্য প্রয়োজনীয় খাদ্য ও সুপেয় পানি পৌঁছে দেন স্থানীয় বিভিন্ন দলের নেতাকর্মীরা।

ডুবোচরে প্রায় ৩০০ যাত্রীসহ ফেরি আটকে ছিল ৯ ঘণ্টা ফেরিতে আটকে থাকা যাত্রীদের জন্য প্রয়োজনীয় খাদ্য ও সুপেয় পানি পৌঁছে দেন স্থানীয় বিভিন্ন দলের নেতাকর্মীরা।

চট্টগ্রামের সন্দ্বীপ চ্যানেলের ডুবোচরে আটকে থাকা ‘ফেরি কপোতাক্ষ’ ভোর ৪টার দিকে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়ার উদ্দেশে যাত্রা শুরু করে, যা প্রায় ৯ ঘণ্টা পর ফেরিঘাটে পৌঁছায়। অতিরিক্ত জোয়ারের কারণে ফেরিতে থাকা বাস নামাতে আরো প্রায় চার ঘণ্টা অপেক্ষা করতে হয়।

দীর্ঘ এ সময় অপেক্ষা ও নির্ঘুম রাত কাটানোর ফলে ফেরিতে প্রায় ৩০০ যাত্রী চরম দুর্ভোগের সম্মুখীন হন।

গতকাল বুধবার সন্ধ্যা ৬টার দিকে সন্দ্বীপের গুপ্তচরা থেকে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া যাওয়ার পথে ফেরিটি ডুবোচরে আটকে পড়ে, যা দিবাগত রাত ২টা ৪৫ মিনিটে পুনরায় যাত্রা শুরু করে। রাত সাড়ে ৪টার দিকে বাঁশবাড়িয়া ফেরিঘাটে পৌঁছালেও অতিরিক্ত জোয়ারের কারণে বাস ও ব্যক্তিগত গাড়ি ফেরি থেকে নামানো সম্ভব হয়নি, চালকরা এ তথ্য নিশ্চিত করেছেন। এসব যানবাহনে শতাধিক যাত্রী ছিলেন।

এ সময় ফেরীতে প্রায় ৩০০ জন যাত্রীসহ পণ্যবাহী ট্রাক ও ব্যক্তিগত কিছু গাড়ি ছিল।

যাত্রীদের অভিযোগ, ফেরি থেকে যানবাহন ও যাত্রী ওঠানামার সুবিধার্থে হাই ওয়াটার ঘাটের অবকাঠামো নির্মাণ করা হলেও তা এখনও চালু হয়নি। ফলে জোয়ারের সময় ফেরি ঘাটে পৌঁছালেও যাত্রী ও যানবাহন নামানো সম্ভব হচ্ছে না। পরে আজ বৃহস্পতিবার ভোরে ফেরি বাঁশবাড়িয়া ঘাটে পৌঁছালে কিছু যাত্রী লাল বোটে নামেন।

গতকাল সন্ধ্যায় ফেরিটি ডুবোচরে আটকে পড়ার পর যাত্রীদের মধ্যে আতঙ্ক ও উৎকণ্ঠা দেখা দেয়। এ সময় বিশেষ নিরাপত্তার জন্য সীতাকুণ্ড থানার এসআই নজরুলের নেতৃত্বে পুলিশের একটি দল বাঁশবাড়িয়া ঘাটে উপস্থিত ছিল।

এদিকে ফেরিতে প্রয়োজনীয় খাদ্য ও সুপেয় পানির সংকটের খবর ছড়িয়ে পড়লে রাত ৯টার পর যাত্রীদের জন্য শুকনো খাবার পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। গভীর রাতে চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সংসদ সদস্য মোস্তফা কামাল পাশার পৃষ্ঠপোষকতায় বিএনপির নেতাকর্মীরা প্রায় ৫০০ মানুষের জন্য রান্না করা খাবার ও সুপেয় পানি ফেরিতে নিয়ে যান।

এর আগে সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেন ফেরিতে গিয়ে আটকে থাকা যাত্রীদের খোঁজখবর নেন।

এদিকে ফেরিতে থাকা স্বজনদের নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠায় রাত কাটান তাদের পরিবারের সদস্যরা। সন্দ্বীপের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিদারুল আলম বলেন, ‘আমার মেয়েকে ফেরিতে পাঠিয়ে সারা রাত উৎকণ্ঠার মধ্যে কাটিয়েছি।’

বিআইডাব্লিউটিএ-এর উপপরিচালক (পোর্ট অফিসার) নয়ন শীল জানান, সকাল সাড়ে ৮টার দিকে ভাটা শুরু হলে যাত্রী ও যানবাহনগুলো ফেরি থেকে নামতে পারবে বলে আশা করা হচ্ছে।

তিনি আরো বলেন, ‘পর্যাপ্ত ড্রেজিংয়ের বিষয়ে আমরা কথা বলব। পল্টুনের ব্যবস্থা করা হলে হাই ওয়াটার ঘাট চালু করা সম্ভব হবে। তখন অতিরিক্ত জোয়ারের সময়ও ফেরি থেকে যাত্রী ও যানবাহন নামাতে এ ধরনের সমস্যা হবে না।’

এর আগে ২০২৫ সালের ১৪ অক্টোবর একই স্থানে নাব্যতার কারণে ফেরিটি আটকে গিয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেত্রকোণায় আগুনে ৬টি দোকানের ক্ষতি ২০ লক্ষ টাকা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৫৭ পি.এম


নেত্রকোণায় আগুনে ৬টি দোকানের ক্ষতি ২০ লক্ষ টাকা

কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের পাঁচগাঁও বাজারে আজ ভোরে একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যেখানে অন্তত ৬টি কাপড়ের দোকান সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এতে আনুমানিক ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিস এবং স্থানীয় সূত্রে জানা যায়, ভোর ৪টা ৫৫ মিনিটে মো. কামাল হোসেনসহ অন্যান্য ব্যবসায়ীদের টিন শেড কাপড়ের দোকানগুলোতে হঠাৎ করে আগুনের সূত্রপাত ঘটে। কাপড়ের মতো দাহ্য পদার্থ থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কলমাকান্দা ফায়ার স্টেশনের দু’টি ইউনিট ১৩ কিলোমিটার দুর্গম পথ পাড়ি দিয়ে ভোর ৫টা ২৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়।

কলমাকান্দা ফায়ার স্টেশনের সাব-অফিসার মো. আশরাফুল ইসলামের নেতৃত্বে ১২ জন ফায়ার ফাইটারের একটি দল আধা ঘণ্টার চেষ্টায় সকাল ৬টার দিকে আগুন সম্পূর্ণরূপে নির্বাপণ করতে সক্ষম হয়।

তিনি আরও জানান, প্রাথমিক ধারণা অনুযায়ী বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। দ্রুত পদক্ষেপ গ্রহণের ফলে বাজারের অন্যান্য দোকানপাট রক্ষা করা সম্ভব হয়েছে এবং সেখান থেকে অন্তত ১০ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%