০২:৪৪ এম
দুর্নীতি দমন কমিশন (দুদক) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুটি গুরুত্বপূর্ণ চিকিৎসাযন্ত্র ক্রয়ের ক্ষেত্রে সরকারি অর্থের প্রায় সাড়ে ২৩ কোটি টাকার অপচয় ও অনিয়মের তথ্য পেয়েছে। চিকিৎসা সামগ্রী (এমএসআর) ক্রয় এবং অ্যাম্বুলেন্স ভাড়াসহ বিভিন্ন খাতে ব্যাপক অব্যবস্থাপনার প্রমাণও মিলেছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে এক ব্রিফিংয়ে দুর্নীতি দমন কমিশনের জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান এসব তথ্য প্রকাশ করেন। এর আগে সোমবার সকাল ১০টা থেকে শুরু হয়ে মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত অভিযানটি পরিচালিত হয়।
দুদক জানায়, ২০১৬-১৭ অর্থবছরে হাসপাতালের ক্যানসার ইউনিটের জন্য সাড়ে ১৪ কোটি টাকা ব্যয়ে লিনিয়ার এক্সিলারেটর আনা হলেও তা আজও বাক্সবন্দি অবস্থায় রয়েছে। একই অর্থবছরে কার্ডিওলজি বিভাগে আট কোটি ৮৮ লাখ টাকা ব্যয়ে ক্যাথল্যাব স্থাপন করা হলেও তা চালু করা হয়নি। প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ ও যন্ত্রপাতি চালু না করেই সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে পুরো অর্থ পরিশোধ করা হয়েছে।
আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে
দুদক কর্মকর্তা জানান, চিকিৎসা সামগ্রী (এমএসআর) ক্রয়ে নথিপত্রের সঙ্গে মজুতের ব্যাপক গরমিল পাওয়া গেছে। সিটিস্ক্যান ও এক্স-রে ফিল্ম সরবরাহ না করেই ঠিকাদারকে বিল পরিশোধের অভিযোগও উঠেছে। হাসপাতালের চালু অ্যাম্বুলেন্সগুলোর গত এক মাসের ভাড়ার কোনো অর্থ সরকারি কোষাগারে জমা হয়নি। রোগীদের হয়রানি এবং দালাল চক্রের মাধ্যমে বেসরকারি ক্লিনিকে পাঠানোর সত্যতাও পাওয়া গেছে।
দুদকের সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘অভিযানে সংগৃহীত সব রেকর্ডপত্র বিশ্লেষণ করে অনিয়মে জড়িতদের দায় নির্ধারণ করা হবে। তদন্ত প্রতিবেদন কমিশনের প্রধান কার্যালয়ে পাঠানো হবে এবং কমিশনের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক মানস কৃষ্ণ কুণ্ডু এ বিষয়ে জানতে চাইলে বলেন, ‘দুদক কর্মকর্তাদের চাহিদামতো সব তথ্য দিয়ে সহযোগিতা করা হয়েছে। যন্ত্রপাতি দুটি দীর্ঘদিন পড়ে থাকার বিষয়টি মন্ত্রণালয়কে জানানো হয়েছে। তবে অ্যাম্বুলেন্স ভাড়ার তথ্য সঠিক নয় এবং চিকিৎসা সামগ্রী ক্রয়ে কোনো অনিয়ম হয়েছে কি না, তা আমার জানা নেই।’
আরও পড়ুন: কুমিল্লায় রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন