০১:৪৫ পি.এম
দুর্গা পূজার আগমনে বড় পর্দায় ফিরে আসছেন দেব ও শুভশ্রী গাঙ্গুলি। এই জুটির নতুন সিনেমা ‘দেশু ৭’ নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
সিনেমাটি মুক্তির জন্য এখনও বেশ কিছু সময় বাকি থাকলেও, ইতোমধ্যে প্রিমিয়ারের ৭ হাজার গোল্ডেন টিকিট বিক্রি হয়ে গেছে।
আরও পড়ুন: ঢাকায় জরুরি অবতরণে এয়ার অ্যাম্বুলেন্সের দরজা খুলে গেল, রোগীর মৃত্যু
সোমবার (৩১ আগস্ট) দেব ও শুভশ্রীকে নিয়ে ফেসবুক লাইভের পাশাপাশি সিনেমাটির টিজারও প্রকাশিত হয়েছে।
ঠিক দুপুর ১২টা ১৭ মিনিটে মুক্তি পায় ‘দেশু ৭’-এর টিজার। টিজার প্রকাশের পর থেকেই সিনেমাটির গল্প, দেব ও শুভশ্রীর রসায়ন এবং ছবির নাম নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
টিজারে দেবের চরিত্রের নামও ‘দেব’ দেখা গেছে। গল্পে দুই প্রেমিকার বিচ্ছেদ ও পুনর্মিলনের ইঙ্গিত রয়েছে। বহু বছর আগে আলাদা হয়ে যাওয়া দুই মানুষের পরিস্থিতির কারণে আবারও একে অপরের কাছে ফিরে আসার কাহিনী ফুটে উঠেছে। ফলে দেব ও শুভশ্রীর ব্যক্তিগত জীবনের সঙ্গে সিনেমার গল্পের কিছু মিল খুঁজে পাচ্ছেন দর্শকের একটি অংশ।
আরও পড়ুন: বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিশি’ নির্বাচিত হয়েছে ভিজিআইকে উৎসবে
টিজারে দেবকে অ্যাকশন চরিত্রে দেখা গেছে। কখনো দুই হাতে বন্দুক নিয়ে লড়াই করছেন, আবার কখনো জ্বলন্ত বোতল থেকে সিগারেটে আগুন ধরাচ্ছেন। অন্যদিকে, শুভশ্রীর সঙ্গে তাঁর রোমান্সও দর্শকদের নজর কেড়েছে। লাদাখের ধূসর প্রাকৃতিক পরিবেশে দুই তারকার উপস্থিতি টিজারে একটি আলাদা আবহ তৈরি করেছে।
টিজারের শুরুতেই শুভশ্রীর কণ্ঠে শোনা যায়, ‘তুমি কে? আমি যে দেবকে চিনতাম তুমি তো সে নও’!
এরপর শুরু হয় দেবের অ্যাকশন।
আরও পড়ুন: গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের আদেশ স্থগিত
দেব ও শুভশ্রীর পাশাপাশি টিজারে অনির্বাণ ভট্টাচার্যের উপস্থিতিও দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছে। টিজারে যতবার তাঁকে দেখা গেছে, ততবারই রহস্য আরও ঘনীভূত হয়েছে।
টিজারের শেষদিকে শুভশ্রীকে বলতে শোনা যায়, ‘তুমি ফিরে যাও দেব’। দেব জবাবে বলেন, ‘এবার ফিরলে একা ফিরব না। তোমাকে নিয়ে ফিরব’।
টিজার প্রকাশের সঙ্গে একটি লাইন পোস্ট করা হয়েছে—‘পেয়েও পেলাম না, হারিয়েও হারালাম না’।
আরও পড়ুন: বাংলাদেশে অবকাঠামো ও শিল্প খাতে বিনিয়োগে আগ্রহী সিঙ্গাপুর
সিনেমা মুক্তির নয় মাস আগে ৭ হাজার গোল্ডেন টিকিট বিক্রি হওয়াকে ঘিরে দেব উচ্ছ্বসিত। ফেসবুক লাইভে এই প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘২ ঘণ্টার মধ্যে ৭ হাজার টিকিট বিক্রি করেছি। তখনো ছবির টাইটেল ঠিক ছিল, না গল্প। এখনো আমাদের কাছে অনুরোধ আসে আরও গোল্ডেন টিকিটের ব্যবস্থা করতে। আমরা নিজেরাও জানি না কেন দর্শকরা আমাদের এত ভালোবাসে। আমরা ভাগ্যের চক্রে আলাদা হয়ে গিয়েছি বলে ভালোবাসে। নাকি আমরা এমন কিছু ভালো কাজ করেছি তার জন্য সবাই ভালোবাসে। আমার এই পুরো সময়টায় একটাই ভয় ছিল, তাঁদের সেই ভরসা যেন নষ্ট না হয়।’
‘দেশু ৭’-এ দেব ও শুভশ্রীর পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অনির্বাণ ভট্টাচার্য, রজতাভ দত্ত, সুস্মিতা রায়, ইধিকা পাল, কাঞ্চন মল্লিক ও অপরাজিতা আঢ্যকে।
টিজার প্রকাশের পর সিনেমার নাম ‘দেশু ৭’ই রাখা হয়েছে। তবে এই নামটি চূড়ান্ত কি না, তা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। কারণ শুরুতে সিনেমাটির নাম নির্ধারণ করা হয়নি। পরে দেব-শুভশ্রীর জুটির সপ্তম সিনেমা হিসেবে ‘দেশু সেভেন’ নামটি আলোচনায় আসে।
ফেসবুক লাইভে ছবির নাম প্রসঙ্গে দেব বলেন, ‘যখন আমরা অ্যানাউন্স করেছিলাম সাবজেক্ট ছিল না। টাইটেল কী দেব। আমাদের এদিকে কিছু অ্যানাউন্স করতে হত। তখন আমাকে আমার টিম বলেছিল, তোমাদের জুটি দেশু-তো থাকবেই হ্যাশট্যাগে, সাত নম্বর ছবি যখন দেশু সেভেন করে দাও। এরপর আমাদের এডিটর একটা ভিডিও বানায় দেশু সাতের। আমরা এখনও ওই লোগোটাই ফলো করছি। এখন দেশু সেভেন শব্দটা এমনভাবে ছড়িয়ে গিয়েছে, আমরা অনেক ভেবে দেখলাম যাই টাইটেল নিয়ে আসি এর উপর যেতে পারব না।’
আরও পড়ুন: বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণে অর্থ আত্মসাত: ইনু ও হাছানসহ ৮ জনের বিরুদ্ধে মামলা
ফলে আপাতত ‘দেশু ৭’ নামেই সিনেমাটি এগোচ্ছে। তবে মুক্তির আগে শেষ মুহূর্তে নাম বদলানো হয় কি না, সেটাই এখন দেখার বিষয়। সবকিছু ঠিক থাকলে আগামী ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে আসবে দেব-শুভশ্রীর এই বহুল প্রতীক্ষিত সিনেমা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন