০১:৪৮ পি.এম
পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক আলহাজ মো. তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী আলহাজ ফরহাদ হোসেন আজাদ, এমপি।
রবিবার (৩০ আগস্ট) রাত ১০টায় বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) চিকিৎসাধীন অবস্থায় পঞ্চগড়ের প্রবীণ রাজনীতিবিদ, পঞ্চগড় পৌরসভার পাঁচবারের নির্বাচিত সাবেক মেয়র, পঞ্চগড় জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, পঞ্চগড় পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ মো. তৌহিদুল ইসলাম ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তার মৃত্যুর খবর পেয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ দ্রুত হাসপাতালে উপস্থিত হন এবং মরহুমকে শেষবারের মতো দেখার পাশাপাশি তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা প্রদান করেন।
আরও পড়ুন: চট্টগ্রামে অপহরণ ও ডাকাতির মামলায় পুলিশ কনস্টেবলসহ গ্রেপ্তার ৪, উদ্ধার ৩ মোটরসাইকেল
এক শোকবার্তায় প্রতিমন্ত্রী উল্লেখ করেন, আলহাজ মো. তৌহিদুল ইসলাম ছিলেন পঞ্চগড়ের রাজনৈতিক অঙ্গনের একজন প্রবীণ, ত্যাগী, সাহসী ও জনসম্পৃক্ত নেতা। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির আদর্শ, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে দীর্ঘদিন নিষ্ঠা, সাহস ও আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, দলের দুঃসময়ে তৌহিদুল ইসলাম নেতাকর্মীদের পাশে ছিলেন এবং পঞ্চগড় জেলা বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করার ক্ষেত্রে তার ভূমিকা ছিল অপরিসীম। পঞ্চগড় জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং পঞ্চগড় পৌর বিএনপির আহ্বায়ক হিসেবে তার সাংগঠনিক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।
তিনি উল্লেখ করেন, দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখা, সাংগঠনিক কর্মকাণ্ডকে গতিশীল করা এবং গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে তৌহিদুল ইসলামের সক্রিয় ভূমিকা পঞ্চগড় বিএনপির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তার রাজনৈতিক প্রজ্ঞা, অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং মানুষের প্রতি গভীর ভালোবাসা তাকে সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষের কাছে একজন গ্রহণযোগ্য ও জনপ্রিয় নেতায় পরিণত করেছিল।
জনপ্রতিনিধি হিসেবেও তৌহিদুল ইসলাম অত্যন্ত সফল ছিলেন উল্লেখ করে ফরহাদ হোসেন আজাদ বলেন, পঞ্চগড় পৌরসভার মেয়র হিসেবে পাঁচবার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হওয়া তার জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা এবং মানুষের প্রতি দায়বদ্ধতার উজ্জ্বল প্রমাণ। পৌরবাসীর সেবা, এলাকার উন্নয়ন এবং সাধারণ মানুষের কল্যাণে তার দীর্ঘদিনের অবদান পঞ্চগড়বাসী শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
আরও পড়ুন: টেকনাফে বিজিবির পৃথক অভিযানে সাড়ে ৪ লাখ ইয়াবা উদ্ধার
শোকবার্তায় প্রতিমন্ত্রী তার ব্যক্তিগত সম্পর্কের কথাও স্মরণ করেন। তিনি বলেন, তৌহিদুল ইসলাম তার কাছে শুধু একজন প্রবীণ রাজনৈতিক সহযোদ্ধা ছিলেন না; তিনি ছিলেন দীর্ঘ রাজনৈতিক পথচলার একজন অত্যন্ত ঘনিষ্ঠ মানুষ, বড় ভাই, বিশ্বস্ত সহকর্মী ও আপনজন। রাজনৈতিক জীবনের বিভিন্ন সংকট, সংগ্রাম ও গুরুত্বপূর্ণ সময়ে তার পরামর্শ, সহযোগিতা, আন্তরিকতা ও ভালোবাসা তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবেন।
তৌহিদুল ইসলামের চলে যাওয়া তার জন্য ব্যক্তিগতভাবেও অত্যন্ত বেদনাদায়ক বলে উল্লেখ করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী।
তিনি বলেন, আলহাজ মো. তৌহিদুল ইসলামের মৃত্যুতে পঞ্চগড় জেলা বিএনপি একজন অভিজ্ঞ ও পরীক্ষিত নেতাকে হারিয়েছে। একই সঙ্গে পঞ্চগড়ের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।
তার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, দলের প্রতি আনুগত্য, সাংগঠনিক অবদান, জনসেবা এবং মানুষের ভালোবাসায় অর্জিত গ্রহণযোগ্যতা তাকে পঞ্চগড়ের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় করে রাখবে বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী।
আরও পড়ুন: ধর্ম যার যার, রাষ্ট্র সবার’-আলফাডাঙ্গা সদর ইউনিয়নে পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান কামরুল ইসলাম দাউদের
পানি সম্পদ প্রতিমন্ত্রী মরহুমের রুহের মাগফেরাত কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন তার জীবনের সকল ভুলত্রুটি ক্ষমা করে তাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন