শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং
১০:৫৬ পি.এম
ইংলিশ নারী ফুটবল লিগে (ডব্লিউএসএল) হতাশাজনক শুরু করার পর আর্সেনালের প্রধান কোচ রেনে স্লেগার্স তাঁর দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। তিনি ক্লাবটির সঙ্গে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে সম্পর্কের ইতি টেনেছেন। প্রায় দুই বছরের দায়িত্ব পালনের পর আর্সেনাল তাঁর বিদায়ের ঘোষণা দিয়েছে।
চলতি মৌসুমে ১১ ম্যাচ শেষে আর্সেনাল ১৫ পয়েন্ট নিয়ে ডব্লিউএসএল টেবিলের ষষ্ঠ স্থানে অবস্থান করছে। শীর্ষে থাকা চেলসির চেয়ে তারা ১২ পয়েন্ট পিছিয়ে রয়েছে। ঘরের মাঠে এখন পর্যন্ত লিগে কোনো জয় পায়নি দলটি। মৌসুমের শুরুতে শিরোপার অন্যতম দাবিদার হিসেবে বিবেচিত হলেও প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স প্রদর্শন করতে পারেনি তারা।
২০২৩ সালের সেপ্টেম্বরে ইয়োনাস আইডেভালের সহকারী কোচ হিসেবে আর্সেনালে যোগ দেন স্লেগার্স। ২০২৪ সালের অক্টোবরে আইডেভাল পদত্যাগ করার পর তিনি অন্তর্বর্তীকালীন প্রধান কোচের দায়িত্ব গ্রহণ করেন। তাঁর অধীনে আর্সেনাল সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১১ ম্যাচে অপরাজিত ছিল—যেখানে ১০ জয় এবং এক ড্র ছিল। সেই সাফল্যের ধারাবাহিকতায় পরের বছরের জানুয়ারিতে তিনি স্থায়ীভাবে প্রধান কোচের দায়িত্ব পান।
স্লেগার্সের কোচিংয়ে আর্সেনাল নারী দল ওই মৌসুমে উয়েফা নারী চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতে। ফাইনালে বার্সেলোনাকে পরাজিত করে ১৮ বছর পর ক্লাবকে দ্বিতীয় ইউরোপীয় শিরোপা এনে দেন তিনি। পাশাপাশি ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত প্রথম ফিফা উইমেনস চ্যাম্পিয়নস কাপেও দলকে চ্যাম্পিয়ন করেন স্লেগার্স।
কিন্তু সাফল্যের এই অধ্যায়ের পর চলতি মৌসুমে দলের পারফরম্যান্সে বড় ধস দেখা দেয়। আর্সেনালের নারী ফুটবল বিভাগের পরিচালক ক্লেয়ার হুইটলি জানিয়েছেন, স্লেগার্সের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্তটি সহজ ছিল না। তাঁর ভাষায়, "নিষ্ঠা ও প্রতিশ্রুতির সঙ্গে দলকে নেতৃত্ব দিয়েছেন স্লেগার্স। চ্যাম্পিয়নস লিগ ও প্রথম ফিফা চ্যাম্পিয়নস কাপ জয়ে তাঁর অবদান ক্লাবের ইতিহাসে স্থায়ী হয়ে থাকবে।" তবে প্রত্যাশার তুলনায় ফলাফল খারাপ হওয়ায় পরিবর্তন প্রয়োজন বলে মনে করেছে ক্লাব।
গত জানুয়ারিতে স্লেগার্স তিন বছরের চুক্তিতে সই করেছিলেন। মোট ৯০ ম্যাচে আর্সেনালের দায়িত্ব পালন করেছেন তিনি। এর মধ্যে ৫৮ জয়, ১৫ ড্র এবং ১৭ হার রয়েছে। জয়ের হার ৬৪.৪ শতাংশ। তাঁর অধীনে সব প্রতিযোগিতা মিলিয়ে আর্সেনাল ২০৫ গোল করেছে, বিপরীতে হজম করেছে ৮২ গোল।
তবে চলতি মৌসুমের পরিসংখ্যানই তাঁর বিদায়ের পেছনে বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। ১১ ম্যাচে ১৫ পয়েন্ট আর্সেনালের ডব্লিউএসএল ইতিহাসে এই পর্যায়ে দ্বিতীয় সর্বনিম্ন সংগ্রহ। এর চেয়ে খারাপ শুরু হয়েছিল কেবল ২০১৪ সালে, যখন প্রথম ১১ ম্যাচে দলটি ১৪ পয়েন্ট পেয়েছিল।
শেষ ছয় ম্যাচে আর্সেনাল ১৪১টি শট নিয়েও গোল করতে পেরেছে মাত্র চারটি। শট থেকে গোলের হার ২.৮ শতাংশ, যা ডব্লিউএসএলে ক্লাবটির ইতিহাসে সর্বনিম্ন এবং চলতি মৌসুমে লিগের সব দলের মধ্যে সবচেয়ে কম। ঘরের মাঠে টানা ছয় ম্যাচ ড্র করার রেকর্ডও গড়েছে দলটি। ওয়েস্ট হ্যামের বিপক্ষে গোলশূন্য ড্র ম্যাচটিই স্লেগার্সের শেষ ম্যাচ হয়ে দাঁড়িয়েছে।
আর্সেনাল স্লেগার্সের উত্তরসূরি নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে। অন্তর্বর্তীকালীন সময়ে দলের দায়িত্ব পালন করবেন সহকারী কোচ মেলিসা ক্লার্ক-রিড। আন্তর্জাতিক বিরতির পর ১১ ডিসেম্বর এভারটনের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ দিয়ে মাঠে ফিরবে দলটি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রধান ফটকের সামনে ঘটে যাওয়া ককটেল বিস্ফোরণের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করেছে। শুক্রবার (২৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের সময় কুবির প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এই বিস্ফোরণের ফলে এক রিকশাচালক এবং এক শিক্ষার্থী আহত হন। পরে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার কর্মকর্তা মোহাম্মদ ছাদেক হোসেন মজুমদার বাদী হয়ে সদর দক্ষিণ মডেল থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩ ধারায় মামলাটি নথিভুক্ত করা হয়েছে।
মামলার বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসির মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন বলেন, ‘এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করতে বৃহস্পতিবার রাতেই আমরা থানায় মামলা করেছি। পুলিশও ইতিমধ্যে তাদের তদন্ত কার্যক্রম শুরু করেছে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজশাহীর কৃষি, শিল্প ও ব্যবসা-বাণিজ্যের সম্ভাবনাকে কাজে লাগাতে ঋণ বিতরণে কার্যকর উদ্যোগ নেওয়ার তাগিদ দিয়েছেন ব্যবসায়ী, উদ্যোক্তা ও শিক্ষাবিদরা। তাদের মতে, উত্তরাঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা থাকা সত্ত্বেও কৃষিঋণ বিতরণে লক্ষ্যমাত্রা অর্জিত হচ্ছে না। একই সঙ্গে ব্যবসা সম্প্রসারণে ঋণের সুদহার, নীতিসহায়তা ও আর্থিক প্রণোদনাকে আরো বাস্তবসম্মত করার প্রয়োজন রয়েছে। তারা স্থানীয় অর্থনীতির চাহিদা ও উদ্যোক্তাদের সমস্যাকে গুরুত্ব দিয়ে মুদ্রানীতি প্রণয়নের আহ্বান জানান।
শুক্রবার ২০২৬-২৭ অর্থবছরের তৃতীয় ত্রৈমাসিকের (জানুয়ারি-মার্চ ২০২৭) মুদ্রানীতি প্রণয়নের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের রাজশাহী অফিসে আয়োজিত মতবিনিময় সভায় এসব মতামত উঠে আসে। বাংলাদেশ ব্যাংকের রাজশাহী অফিস ও প্রধান কার্যালয়ের মনিটারি পলিসি ডিপার্টমেন্ট যৌথভাবে এ সভার আয়োজন করে।
সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্বাহী পরিচালক ড. ইমাম আবু সাঈদ এবং মনিটারি পলিসি ডিপার্টমেন্টের পরিচালক ড. মোহাম্মদ মনিরুল ইসলাম সরকার। সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংক, রাজশাহী অফিসের নির্বাহী পরিচালক মুহাম্মদ বদিউজ্জামান দিদার।
সভায় রাজশাহী বিভাগের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সরকারি প্রতিষ্ঠানের নির্বাহী, ব্যাংকার, ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক এবং বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের আঞ্চলিকপ্রধানরা অংশ নেন।
বিশেষভাবে আমন্ত্রিত অতিথি রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, জেলায় কৃষির ব্যাপক সম্ভাবনা থাকা সত্ত্বেও কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা যথাযথভাবে অর্জিত হচ্ছে না। উত্তরবঙ্গের কৃষি খাতের সম্ভাবনা কাজে লাগাতে ঘোষিত ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি।
প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি গভর্নর ড. হাবিবুর রহমান বলেন, মুদ্রানীতি প্রণয়নের মূল উদ্দেশ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা। রাজশাহী অঞ্চলে রেশম, আম, মৎস্যসহ কৃষির বিভিন্ন খাতে উল্লেখযোগ্য উৎপাদন হচ্ছে। এসব খাতের উৎপাদন ও অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরো গতিশীল করতে বাস্তবসম্মত ও কার্যকর মুদ্রানীতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি বলেন, ২০২৬-২৭ অর্থবছরের তৃতীয় ত্রৈমাসিকের মুদ্রানীতি প্রণয়নে এ অঞ্চলের অংশীজনদের মতামত বিশেষ গুরুত্ব পাবে। সরকারের রাজস্বনীতির সঙ্গে সমন্বয় রেখে একটি বাস্তবসম্মত মুদ্রানীতি প্রণয়নে বিভিন্ন অংশীজনের অভিজ্ঞতা ও পরামর্শ বিবেচনা করা হবে। এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের ঘোষিত প্রণোদনা প্যাকেজগুলোও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্বাহী পরিচালক ড. ইমাম আবু সাঈদ দেশের অর্থনীতির বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি জাতীয় অর্থনীতিতে রাজশাহী অঞ্চলের অবদান ও সম্ভাবনার বিষয়েও আলোকপাত করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মানিকগঞ্জে আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল এবং অবস্থান কর্মসূচি আয়োজন করেছে।
শুক্রবার (২৭ নভেম্বর) এনসিপির সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলামের নেতৃত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণের সামনে গিয়ে শেষ হয়। এরপর সেখানে অবস্থান কর্মসূচি পালন করেন দলের নেতাকর্মীরা।
অবস্থান কর্মসূচির সময় এনসিপির নেতারা বক্তব্য রাখেন। বক্তারা আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে দেশে গণতন্ত্র, আইনের শাসন ও জননিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। তাঁরা একই সঙ্গে যেকোনো ধরনের সহিংসতা ও নৈরাজ্য প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এ কর্মসূচিতে এনসিপির স্থানীয় পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চট্টগ্রামের মিরসরাইয়ে ছেলের বিয়ের জন্য পাত্রী দেখে ফেরার সময় সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে হেলাল উদ্দিন (৫০) নামের এক ব্যক্তি নিহত হন। তিনি ছিলেন অটোরিকশাটির চালক। এই ঘটনায় তাঁর পরিবারের আরও চার সদস্য আহত হয়েছেন, তবে তাৎক্ষণিকভাবে তাঁদের নাম জানা যায়নি।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের গোপীনাথপুর পাক্কার মাথা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে হেলাল উদ্দিন তাঁর পরিবারের সদস্যদের নিয়ে বারইয়ারহাট থেকে আবুরহাটে ছেলের বিয়ের জন্য পাত্রী দেখতে যান। পাত্রী দেখা শেষে তিনি সিএনজিচালিত অটোরিকশা চালিয়ে বাড়ি ফিরছিলেন। গোপীনাথপুর পাক্কার মাথা এলাকায় পৌঁছালে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালে পড়ে যায়। এ সময় অটোরিকশার নিচে চাপা পড়ে গুরুতর আহত হন হেলাল উদ্দিন। তাঁর পরিবারের আরও চার সদস্যও আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক হেলাল উদ্দিনকে মৃত ঘোষণা করেন। আহত অন্য চারজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ফারিয়া শিল্পী জানান, দুর্ঘটনায় আহত পাঁচজনকে হাসপাতালে আনা হয়। তাঁদের মধ্যে হেলাল উদ্দিনের পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করা হয়েছে। অন্য চারজনের মধ্যে কেউ হাতে, কেউ পায়ে আঘাত পেয়েছেন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ছেলের বিয়ের জন্য পাত্রী দেখে ফেরার পথে সিএনজিচালিত অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে এই দুর্ঘটনা ঘটে। হেলাল উদ্দিনের মরদেহ থানায় রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ